আগস্ট ০১, ২০২২ ১৬:৩৭ Asia/Dhaka
  • কথাবার্তা:  ডলারসংকট : চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ

প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • ভোলায় সরকার জানান দিয়েছে, তারা এভাবেই আন্দোলন দমন করবে: মির্জা ফখরুল –দৈনিক প্রথম আলো
  • বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : কাদেরের আহ্বান- দৈনিক নয়াদিগন্ত
  • নির্দোষ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না: ডিবি প্রধান হারুন-দৈনিক যুগান্তর
  • ডলারসংকট : চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ-দৈনিক কালেরকণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ·আমার নয়, আমার নয়, আমার নয়’! তা হলে কার ওই কোটি কোটি টাকা? পার্থকে প্রশ্ন ইডির
  • ·ভীতসন্ত্রস্ত সলমন! 'মুসেওয়ালা' করে দেওয়ার হুমকি পেতেই পেলেন বন্দুকের লাইসেন্স-দৈনিক আজকাল
  • খাদ্যসংকট মোকাবিলায় বড় পদক্ষেপ, শস্য নিয়ে ইউক্রেন থেকে রওনা দিল প্রথম জাহাজ-দৈনিক সংবাদ প্রতিদিন

 এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ভোলায় সরকার জানান দিয়েছে, তারা এভাবেই আন্দোলন দমন করবে: মির্জা ফখরুল –দৈনিক প্রথম আলো

ভোলায় পুলিশের গুলিতে নিহত আবদুর রহিম মাতবরের গায়েবানা জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে এই ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে, তারা নির্যাতন করে আন্দোলন দমন করতে চায়।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবদুর রহিম মাতবরের গায়েবানা জানাজা হয়। সেখানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

গতকাল রোববার ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিতে আবদুর রহিম মাতবর নিহত হন। সংঘর্ষে আহত হন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি। গতকাল বেলা ১১টার দিকে জেলা সদরের মহাজনপট্টিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এ সংঘর্ষ হয়।

 নির্দোষ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না: ডিবি প্রধান হারুন-দৈনিক যুগান্তর

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দোষ কাউকে গ্রেফতার কিংবা হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, আমরা পারিপার্শ্বিকতা, সাক্ষ্যপ্রমাণ ও আগে গ্রেফতারদের তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরই গ্রেফতার করেছি। আমি মনে করি অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

খ) বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, তখন আমরা সাশ্রয়ী হচ্ছি। এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি। লুটপাট তো বিএনপি করেছে। আমি দেখেছি- বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার। তাদের হাতে হারিকেনই থাকুক, আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। 

সোমবার (১ আগস্ট) কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় জনসংখ্যা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জনসংখ্যা এখন সাড়ে ১৬ কোটি। এই জনসংখ্যার হিসেবও কারো কারো পছন্দ হয় না। কেন? তাহলে তারা নিজেরাই সন্তান জন্ম দিক, আমরা খাবার দেবো। আমরা চাই, প্রতিটি পরিবার সুখী সমৃদ্ধ হবে। আমরা সে কাজটি করে যাচ্ছি।

সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : কাদেরের আহ্বান- দৈনিক নয়াদিগন্ত

সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ তারা দেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীকে আহবান জানাচ্ছি যে- তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না।

সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের জনগণের প্রতি এ আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, সারের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

ডলারসংকট : চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ-দৈনিক কালেরকণ্ঠ

ডলারসংকটের এই সময়ে চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়। গভর্নর তাদের বলেছেন, বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা যেন চীনা মুদ্রা রেনমিনবি (আরএমবি) ব্যবহার করতে পারেন, এ জন্য পরিপত্র জারি করা হবে।

ব্যবসায়ীরা জানান, ডলারের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে রুপিতে এবং চীনের সঙ্গে আরএমবিতে আমদানি-রপ্তানি বিল পরিশোধের উদ্যোগ নেওয়া গেলে মুদ্রাবাজারে স্বস্তি ফিরে আসবে।

ক) এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
আমার নয়, আমার নয়, আমার নয়’! তা হলে কার ওই কোটি কোটি টাকা? পার্থকে প্রশ্ন ইডির
রবিবারেই তিনি বলেছেন, তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার-করা ওই টাকা তাঁর নয়। তা হলে ওই টাকা কার? রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকাল থেকে লাগাতার এই প্রশ্ন করা শুরু করেছেন ইডির তদন্তকারীরা। দুপুর পর্যন্ত খবর, তাতে নিরুত্তর রয়েছেন পার্থ।

’’অসমর্থিত সূত্রের খবর, সোমবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে পার্থকে রবিবার প্রকাশিত বিভিন্ন ওয়েবসাইটের খবরের প্রিন্ট আউট এবং সোমবার প্রকাশিত বিভিন্ন খবরের কাগজে পার্থের বক্তব্যের কাটিং দেখিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, উদ্ধার-করা বিপুল পরিমাণের ওই টাকা যদি তাঁর না-হয়,তা হলে তা কার? তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, পার্থ সোমবার দুপুর পর্যন্ত ওই বিষয়ে নিরুত্তর থেকেছেন। এখন দেখার, তিনি বিষয়টি খোলসা করেন কি না। নাকি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে যেমন এড়িয়ে গিয়েছেন, তেমনই তদন্তকারীদের

খাদ্যসংকট মোকাবিলায় বড় পদক্ষেপ, শস্য নিয়ে ইউক্রেন থেকে রওনা দিল প্রথম জাহাজ-দৈনিক সংবাদ প্রতিদিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্যশস্যের অভাব। কারণ, বিশ্বের বহু দেশে খাদ্যশস্য রপ্তানি করে কিয়েভ। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলার জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক কোনও না কোনও সংকটের মুখে পড়েছে ১৬০ কোটি মানুষ। ইউক্রেনে যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে গোটা দেশ। এহেন পরিস্থিতিতে সোমবার শস্য নিয়ে ইউক্রেন থেকে রওনা দিয়েছে প্রথম জাহাজ।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এদিন কৃষ্ণসাগরের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য নিয়ে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজ ‘রাজোনি’। ইস্তানবুল হয়ে জাহাজটির গন্তব্য লিবিয়ার ত্রিপোলি বন্দর। আগামী দিনে ইউক্রেন থেকে এমন আরও পণ্যবাহী জাহাজ রওনা দেবে।” জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন ভুট্টা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পরিকাঠামো মন্ত্রী ওলেকসান্দ্র কুবরাকোভ।

ভীতসন্ত্রস্ত সলমন! 'মুসেওয়ালা' করে দেওয়ার হুমকি পেতেই পেলেন বন্দুকের লাইসেন্স-দৈনিক আজকাল

স্বস্তি নেই সলমনের।

একের পর এক প্রাণনাশের হুমকিতে জেরবার বলিউডের ভাইজান। প্রায় এক মাসের উপর ঘনঘন হুমকি চিঠি পেয়ে, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় তিনি। নিরাপত্তা বাড়ানোর জন্য আগেই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার জেরেই অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হল। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, প্রাণনাশের হুমকি পেয়েই অভিযোগ জানিয়েছিলেন তিনি। গত মাসে পুলিশ কমিশনারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সলমন। পুলিশের সদর দপ্তরে সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়। বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। সোমবার সলমনকে বন্দুক রাখার লাইসেন্স দিল মুম্বই পুলিশ। উল্লেখ্য, একটি কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করেই রোষের মুখে সলমন। পাঞ্জাবী সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন ও তাঁর বাবা। গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে, নিরাপত্তার কারণে বর্তমানে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন অভিনেতা।#

 পার্সটুডে/বাবুল আখতার/১