আগস্ট ০৪, ২০২২ ১৫:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৪ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ৭ দিনের কর্মসূচি ঘোষণা/ নূরে আলমের জানাজায় কাঁদলেন ফখরুল-মানবজমিন
  • হিউম্যান মিল্ক ব্যাংকের দেড় কোটি টাকার যন্ত্রে জমছে ধুলা-প্রথম আলো
  • আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে, জাতি জানতে চায়: কাদের-যুগান্তরের আরেকটি শিরোনাম-নিষেধাজ্ঞা অমান্য করে ২ মেডিকেলে শিক্ষার্থী ভর্তি
  • মধুপুরে বাস ডাকাতি ও গণধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার-কালের কণ্ঠ
  • যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • স্বাধীনতা দিবসে লালকেল্লায় একযোগে হামলা চালাতে পারে লস্কর এবং জইশ, সতর্কবার্তা আইবির-সংবাদ প্রতিদিন
  • নিজেদের দেশে যুদ্ধ, ভারতে এসে বিয়ে সারলেন রাশিয়া-ইউক্রেনের যুগল  -আজকাল 
  • ইডির নজরে দক্ষিণ কলকাতার এক রিয়েল এস্টেট সংস্থা, যোগ থাকতে পারে পার্থ-অর্পিতার-আনন্দবাজার পত্রিকা

শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. জাতির স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন- একথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তার এ বক্তব্য নিয়ে আপনি কী বলবেন?

২. অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা- এ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কী?

এবারে বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।

'৭ দিনের কর্মসূচি ঘোষণা: নূরে আলমের জানাজায় কাঁদলেন ফখরুল' -শিরোনামে দৈনিক মানবজমিন পত্রিকা লিখেছে, পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজায় উপস্থিত হয়ে কাঁদলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সামনেই নিহত ছাত্রদল নেতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে এসে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সকাল ১১টায় জানাজা শুরু হওয়ার কথা থাকলেও হাসপাতাল থেকে লাশ আনতে দেরি হওয়ায় দুপুর সোয়া একটায় জানাজা শুরু হয়। জানাজার পূর্ব মুহূর্তে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিতার কাঁধে পুত্রের লাশ। এর চেয়ে বড় বেদনার, যন্ত্রণার আর কিছুই নেই। আমাদের ছেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে গুলি করা হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করা হত্যা করা হয়েছে ভোলা জেলার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে। আর ১৯ জন ঢাকায় বরিশালের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বলেন, আজকে এটা নতুন নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের একদলীয় শাসনকে পোক্ত করর জন্য আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে, হাজারো নেতাকর্মীদের হত্যা করেছে, ৩৫ লাখেরও বেশি নেতাকর্মীর নামে মামলা দিয়েছে।

হিউম্যান মিল্ক ব্যাংকের দেড় কোটি টাকার যন্ত্রে জমছে ধুলা-শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’-এর জন্য কেনা প্রায় দেড় কোটি টাকার পাস্তুরাইজিং মেশিন, অত্যাধুনিক ফ্রিজসহ বিভিন্ন যন্ত্রপাতিতে ধুলা জমেছে।

তিনজন মুসলিম দাতার (নাম প্রকাশে অনিচ্ছুক) দেওয়া টাকায় কেনা মেশিনগুলো তালাবদ্ধ ঘরে ফেলে রাখা হয়েছে। মিল্ক ব্যাংকের কারণে ভবিষ্যতে দুধমায়ের সন্তানদের সঙ্গে বিয়ে নিয়ে জটিলতা দেখা দিতে পারে, তার সমাধান সম্ভব কি না, এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মতামত পাওয়া না গেলে এ মিল্ক ব্যাংক চালু করা যাচ্ছে না।

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন দুধমা-সংক্রান্ত জটিলতা থাকায় এখনো কোনো মতামত দিতে পারছে না। মায়ের বুকের দুধ সংগ্রহ এবং অন্য নবজাতকদের খাওয়ানোর ক্ষেত্রে ইসলামি শরিয়াহর কোনো লঙ্ঘন না করে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করে এ ধরনের ব্যাংক করার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক অনুমতি না দিলেও মনোভাব ‘ইতিবাচক’ বলে বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মায়ের বুকের দুধ সংরক্ষণে হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগটি ঢাকা জেলার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) নবজাতক পরিচর্যাকেন্দ্র (স্ক্যানো) এবং নবজাতক আইসিইউর (এনআইসিইউ) নিজস্ব উদ্যোগ। বেসরকারি আর্থিক সহায়তায় ব্যাংকটি স্থাপন করা হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে ব্যাংকটি যাত্রা শুরুর আগে ব্যাংকের জনবলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যন্ত্রপাতি সব চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এখন আপাতত সবকিছুই থেমে আছে।

আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে, জাতি জানতে চায়: কাদের-শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে? জনগণ তা জানতে চায়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ২০১৮ সালে গণফোরামপ্রধান ড. কামালকে ইমাম মেনে ভুল করেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবেন বিএনপি এবং তার সহযোগীরা এ বিষয়ে নাকি একমত হয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, স্বপ্ন তো তারা বারবার দেখেন, গত নির্বাচনেও ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন, তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সঙ্গে জাতীয় তামাশা কিনা তা দেখা যাবে।

ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি তো নির্বাচন প্রক্রিয়াই বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।

তিনি বলেন, ঐক্যের নামে বিএনপি এবং তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ-বিদেশে চক্রান্ত করছে, তাদের এ চক্রান্ত প্রতিরোধ এবং প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত।

বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ।

জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং আছে, জনগণ যতদিন চাইবে ততদিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এমন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির চাওয়া না চাওয়ায় কোনো কিছু আসে যায় না।

এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডানা এল ওল্ডস।

মধুপুরে বাস ডাকাতি ও গণধর্ষণ : প্রধান আসামি গ্রেপ্তার-শীর্ষক খবরে কালের কণ্ঠ লিখেছে, টাঙ্গাইলের মধুপুরে বাসে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজা মিয়ার কালিহাতী উপজেলার হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, মধুপুরে বাসে গণধর্ষণ ও ডাকাতি ঘটনার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় রাজা মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, 'ঈগল পরিবহনের যে বাসটি ডাকাতের কবলে পড়ে, সেই বাসের চালককে সরিয়ে দিয়ে রাজা চালকের সিট দখল করে। গণধর্ষণ ও ডাকাতির সময়ে রাজা বাসটি চালাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় কে কে জড়িত ছিল রাজা পুলিশকে জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্ট চলছে। '

প্রসঙ্গত, মঙ্গলবার (২ আগস্ট) রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪-২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছলে সেখান থেকে ১০-১২ জনের ডাকাতদল যাত্রীবেশে ওই বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের বেঁধে ফেলে। এ সময় তারা বাসটির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক মিনিটের মধ্যে যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। এক পর্যায়ে তারা বাসের এক নারী যাত্রীকে ধর্ষণ করে। বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টা নিয়ন্ত্রণে রাখে তারা। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার নারী যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবারে কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।

স্বাধীনতা দিবসে লালকেল্লায় একযোগে হামলা চালাতে পারে লস্কর এবং জইশ, সতর্কবার্তা আইবির-শীর্ষক খবরে সংবাদ প্রতিদিন লিখেছে, দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) পালনের প্রস্তুতি চলছে। তার মধ্যেই দিল্লি পুলিশকে জঙ্গি হামলা নিয়ে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো। আইবি-র তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি হামলা চালাতে পারে লস্কর-ই-তইবা (Lashkar-E-Taiba), জইশ-ই-মহম্মদের (Jaish-E-Mohammad) মতো সংগঠনগুলি। লালকেল্লা সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্য়বস্থায় আরও কড়াকড়ি করতে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। সেই কথা মতোই লালকেল্লার নানা অংশে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে দিল্লি পুলিশ।

আইবির (Intelligence Bureau) তরফে একটি দশ পাতার রিপোর্ট পেশ করে জানিয়েছে, জইশ, লস্কর বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ১৫ আগস্টের আগেই হামলা করতে পারে। তাই লালকেল্লায় (Red Fort) প্রবেশের অনুমতি নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পুলিশকে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গি হামলায় মদত দিচ্ছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, বড় মাপের নেতাদের লক্ষ্য করে হামলা চালাতে নির্দেশ দেওয়া হচ্ছে জইশ এবং লস্কর জঙ্গিদের। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের জোগানও দিচ্ছে পাক সংস্থা, এমনটাই অনুমান কেন্দ্রীয় গোয়েন্দাদের। শুধু দিল্লি নয়, বড়সড় হামলা হতে পারে কাশ্মীরেও।

নিজেদের দেশে যুদ্ধ, ভারতে এসে বিয়ে সারলেন রাশিয়া-ইউক্রেনের যুগল- শীর্ষক খবরে আজকাল লিখেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামিরক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে চলছে গোলাবর্ষণ, রকেট-মিসাইল হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা। জীবন বাঁচাতে তারা প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এখনও অনিশ্চয়তায় দিন কাটছে সেখানকার বাসিন্দাদের।

ইউক্রেনবাসীর আপাতত রাগের কারণ রাশিয়া। তবে সেখানকার মানুষদের উপর নয়। রাগ পুতিনের নীতির উপর। আর এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও এক মেলবন্ধনের বার্তা দিলেন দুই দেশের যুগল।

সার্গেই নোভিকভ রাশিয়ার নাগরিক, যিনি কাজের সূত্রে থাকেন ইসরায়েলে। আর তার বান্ধবী ইউক্রেনের বাসিন্দা ইলোনা ব্রামোকা। দু’জনেই নিজেদের প্রেমকে পূর্ণতা দিলেন।  যুদ্ধ পরিস্থিতির কারণে এই বিয়ে ইউক্রেন বা রাশিয়ায় হয়নি। হয়েছে ভারতে। আর সেই বিয়ে ঘিরে ভারতের হিমাচলপ্রদেশে ধর্মশালাতে সাজ সাজ রব হয়। বিদেশি রীতিতে বিয়ে ও খাওয়া-দাওয়ার সঙ্গে চলে নাচ-গান। রীতি মেনে বিয়ে করে দুই দেশের নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছেন ইলোনা ও নোভিকভ। 

ইডির নজরে দক্ষিণ কলকাতার এক রিয়েল এস্টেট সংস্থা, যোগ থাকতে পারে পার্থ-অর্পিতার- শীর্ষক খবরে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বিনোদন সংস্থার পাশাপাশি রিয়েল এস্টেট সংস্থাতেও কি বিনিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়? আপাতত সেই উত্তরই খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের নজরে এ বার দক্ষিণ কলকাতার একটি রিয়েল এস্টেট সংস্থা। যদিও তাদের দাবি, এই সংস্থার সঙ্গে সরাসরি যোগ নেই পার্থ এবং অর্পিতার। তবে বেশ কিছু তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে, যা থেকে এই সংস্থার সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার যোগসূত্র পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই ইডির দাবি।

ইডি সূত্রের খবর, এই রিয়েল এস্টেট সংস্থার মেল আইডিতে রয়েছে ‘এআরপি’, এই তিনটি অক্ষর। অর্পিতা যে সব সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন, সেখানেও এ ধরনের মেল আইডি ব্যবহার করা হয়েছে। রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর পদে যিনি রয়েছেন, তাঁর সঙ্গেও যোগাযোগ রয়েছে অর্পিতার। বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করে যে সংস্থা তৈরি হয়েছিল, তার সঙ্গে এই রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টরের যোগ রয়েছে।

দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট বাড়িতে রয়েছে ওই রিয়েল এস্টেট সংস্থার দফতর। সেই ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকার বলেন, “২০১৩-১৪ সাল নাগাদ পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন এই ফ্ল্যাটে। আমার সঙ্গে কথা বলেন। আমার মাইনে কত, সে কথাও জিজ্ঞেস করেন। অর্পিতা দেবীও বেশ কয়েক বার ফ্ল্যাটে এসেছিলেন। ফ্ল্যাটের ঘর সাজানোর সময় এসেছিলেন তিনি। তবে ভিতরে কী হত, জানি না।’’

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।