পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১২ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- এই সংগ্রামে জনগণ অবশ্যই জয়ী হবে: ফখরুল --মানবজমিন
- জন্মদিন পালনের কথা বলে এনে নারী চিকিৎসককে খুন : র্যাব: কাদের -প্রথম আলো
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী: দৈনিক নয়াদিগন্ত
- আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না : কাদের-কালের কণ্ঠ
- শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার : শিক্ষামন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- স্বাধীনতার ৭৫ বছর পর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেতে চলেছে ফারাক্কা- দৈনিক আজকাল
- ‘স্পর্শকাতর মামলা যায় কয়েকজন নির্দিষ্ট বিচারপতির কাছে’, ‘সুপ্রিম অনাস্থা’য় বিতর্কিত মন্তব্য সিব্বলের- দৈনিক সংবাদ প্রতিদিন
- ইডিকে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনা করুন! সম্পত্তি বৃদ্ধি মামলায় কোর্টে ফিরহাদরা-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
জন্মদিন পালনের কথা বলে এনে নারী চিকিৎসককে খুন : র্যাব: কাদের -প্রথম আলো
পরিবারকে না জানিয়ে দুই বছর আগে জান্নাতুল নাঈম সিদ্দিককে বিয়ে করেছিলেন রেজাউল করিম রেজা। একাধিক নারীর সঙ্গে রেজাউলের সম্পর্ক রাখার বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। এর জেরেই পরিকল্পিতভাবে জান্নাতুলকে খুন করেন রেজাউল। ঘটা করে জন্মদিন পালনের কথা বলে আবাসিক হোটেলে এনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় তাঁকে। নারী চিকিৎসক জান্নাতুল নাঈম হত্যার ঘটনায় রেজাউলকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করে র্যাব। হত্যাকাণ্ডের সময় রেজাউলের পরিহিত রক্তমাখা গেঞ্জি, মোবাইল ও ব্যবহৃত ব্যাগ এবং নিহত নারীর ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার রাতে রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট এর আগে গত বুধবার রাতে রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন দেখা গেছে।
এই সংগ্রামে জনগণ অবশ্যই জয়ী হবে: ফখরুল --মানবজমিন
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণ যে লড়াই-সংগ্রাম করছে তাতে তারা অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ওটা তাদের পুরোনো কথা। বারবার তারা এসব কথা বলেছেন এবং পরাজিত হয়েছেন। এবারও দেশকে তাদের (আওয়ামী লীগ) হাত থেকে মুক্ত করবার জন্য যে সংগ্রাম চলছে তাতে জনগণ অবশ্যই জয়ী হবে।
আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না : কাদের-কালের কণ্ঠ
বিএনপি পরিকল্পিত ভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি তারা রাজপথ দখলের নামে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী: দৈনিক নয়াদিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করেছেন। আজ শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
চলমান সংকট নিরসনে কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে এ বিষয়ে ভাবছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত ‘শোক হোক শক্তি, কারিগরি শিক্ষাই মুক্তি’ শীর্ষক এ সেমিনারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
ইডিকে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনা করুন! সম্পত্তি বৃদ্ধি মামলায় কোর্টে ফিরহাদরা-আনন্দবাজার পত্রিকা
নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। গত সোমবার হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ওই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পার্টি করা হোক। আদালতের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা।
হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুক্রবার আর্জি জানান ওই তিন মন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে। নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় গত ৮ অগস্ট তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মামলায় ইডিকে যুক্ত করে আদালত। রাজ্যের নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাই কোর্টে ২০১৭ সালে দু'টি জনস্বার্থ মামলা দায়ের হয়। দুই মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী সেই সময় তৃণমূলের ১৯ জনের নামে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, ২০১১ থেকে ২০১৬— এই ৫ বছরে কী ভাবে এই ১৯ জনের সম্পত্তি এত বৃদ্ধি পেল? সম্পত্তির খতিয়ান হিসাবে দেখানো হয় নির্বাচন কমিশনে দেওয়া ওই নেতাদের হলফনামা।#