আগস্ট ১৪, ২০২২ ১৩:৩৬ Asia/Dhaka
  • দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়: রিজভী

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মোমেনের ‘ফতোয়ায়’ তোলপাড়-মানবজমিন
  • সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী -প্রথম আলো
  • ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার–যুগান্তর।
  • আন্দোলনের নামে বাড়াবাড়ি জনদুর্ভোগ বাড়াবে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়: হাইকোর্টকে দুদক ও রাষ্ট্রপক্ষ-দৈনিক ইত্তেফাক
  • দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায় : রিজভী-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, শুভেচ্ছা জানালেন মমতা- দৈনিক আজকাল
  • সংবিধান উদ্ধৃত করে ঐক্যের বার্তা মমতার, আজ মধ্যরাতে ফেসবুক লাইভে আসবেন অভিষেক- দৈনিক সংবাদ প্রতিদিন  
  • স্বাধীনতার হীরক জয়ন্তীতে তেরঙ্গা আলোয় সাজবে ভারতের সব স্মৃতিসৌধ, কেন বাদ পড়বে তাজমহল-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. জাতির স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন- একথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তার এ বক্তব্য নিয়ে আপনি কী বলবেন?

২. অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা- এ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কী?

এবারে বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।

সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী -প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও বাংলাদেশে কমছে না ডলারের দাম বেশি হওয়ায়। এর ফলে দেশে আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এ ছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে। আজ রোববার সকালে রংপুর শহরে সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে। তাই সারা বিশ্বেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। ফলে সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।

আন্দোলনের নামে বাড়াবাড়ি জনদুর্ভোগ বাড়াবে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী চলমান মন্দার উল্লেখ করে বলেছেন, এ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে যেটি তাদেরও বোঝা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘অপজিশন সহ নানা জনে নানা কথা বলবে, এর সুযোগ নেয়ারও চেষ্টা করবে কিন্তু তারা যদি এসব বেশি করতে যায় তাহলে এর প্রভাবেইতো মানুষের কষ্ট আরো বাড়বে। এটাও তাদের বোঝা উচিত। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের আটটি বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় দেয়া ভাষণে আরো বলেন, ’পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ তাঁর সরকারের রয়েছে।

তিনি বলেন, ‘তারা আন্দোলন (বিএনপি) করে কতটুকু সফল হবে জানি না কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে দেশের জন্য আরো ক্ষতি হবে। কিন্তু সেটা আমরা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। ’

মোমেনের ‘ফতোয়ায়’ তোলপাড়-মানবজমিন

এমনিতেই নিত্যপণ্যের দাম ছিল চড়া। জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি চড়া বাজারে নতুন আগুন ছড়িয়েছে। নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ  মানুষের। এমন অবস্থার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ‘বেহেশত’ ফতোয়ায় তোলপাড় দেশজুড়ে। শুক্রবার সিলেটের এক অনুষ্ঠানে তিনি অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করে বলেছেন, বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। মন্ত্রীর এই বক্তব্য প্রচারের পর নিত্যপণ্যের দামে পিষ্ট মানুষের পক্ষ থেকে নানামুখী প্রতিক্রিয়া এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে নেতিবাচক ট্রলের। বিরোধী রাজনৈতিক নেতারাও মন্ত্রী মোমেনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। মন্ত্রীর এমন বক্তব্যে বিব্রত দলের অনেক নেতাকর্মীও। 

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয় উল্লেখ না করলেও গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তার এ বক্তব্য জনগণের সঙ্গে উপহাস।

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়: হাইকোর্টকে দুদক ও রাষ্ট্রপক্ষ-দৈনিক ইত্তেফাক

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার বিষয়ে সরকার নির্দিষ্ট তথ্য চায়নি বলে সুইস রাষ্ট্রদূতের দেয়া বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে দুদক ও রাষ্ট্রপক্ষ। রবিবার (১৪ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ দাবি করেন সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা। এ পর্যায়ে আদালত বলেন, আপনাদের উপস্থাপিত তথ্যের সাথে ওনার (রাষ্ট্রদূতের) দেয়া বক্তব্য যে সাংঘর্ষিক তার সত্যতা তো পাওয়া যাচ্ছে।

একপর্যায়ে আদালত দুদক ও রাষ্ট্রপক্ষকে তাদের আজকের উপস্থাপিত বক্তব্য এফিডেভিট আকারে দাখিলের নির্দেশ দিয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায় : রিজভী-দৈনিক নয়াদিগন্ত

বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়।

তিনি বলেন, দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। ব্যাংকগুলো খালি হয়ে গেছে, রিজার্ভ তলানীতে ঠেকেছে। গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতির কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়। বোরবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু দিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া-কানাডার সাথে তুলনা করে গলাবাজি করতো। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ হারিয়েছে। জ্বালানি, বিদ্যুৎ সঙ্কট, ডলারের বিপরীতে গত তিন মাস যাবত টাকার মানের ক্রমাগত পতন এবং রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি-দেশের অর্থনৈতিক গতিপথ নিয়ে জনগণকে উদ্বিগ্ন করে তুলছে।

সংবিধান উদ্ধৃত করে ঐক্যের বার্তা মমতার, আজ মধ্যরাতে ফেসবুক লাইভে আসবেন অভিষেক- দৈনিক সংবাদ প্রতিদিন  

রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। তার আগে রাত ১২টায় বার্তা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফেসবুক লাইভে আসবেন তিনি। এর আগে অবশ্য টুইটারে সংবিধান উদ্ধৃত করে একতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংবিধান উদ্ধৃত করে তৃণমূল সভানেত্রী লেখেন, “আমরা ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ভাষা, পোশাক ভিন্ন। তবুও আমরা এক।” তিনি আরও বলেন, “দেশের প্রতি আমাদের ভালবাসা আমাদের বেঁধে রেখেছে। দেশের প্রতি আমাদের পবিত্র বন্ধন আমাদের জোটবদ্ধ করে রেখেছে।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমরা ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। চলুন আমরা সকলে নতুন করে দেশের সঙ্গে যুক্ত হই। দেশকে রক্ষা করি।”

কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, শুভেচ্ছা জানালেন মমতা- দৈনিক আজকাল

কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি।

২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। আর্থিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রীদের পড়াশোনা যাতে টাকার অভাবে থেমে না যায়, সেই কারণেই বার্ষিক বৃত্তি এবং এককালীন বৃত্তি দিয়ে সাহায্য করা হয়ে তাদের। এই প্রকলের সাফল্য এসেছে  শুরু থেকেই। 

টাকার অভাবে ছাত্রীদের পড়াশোনা থমকে নেই। কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে গত কয়েকবছরে একাধিক পুরষ্কার পেয়েছে। ২০১৫ সালে স্কচ স্মার্ট গর্ভনেন্স পুরষ্কার পায় বাংলার কন্যাশ্রী। ২০১৭ সালে ইউনাইটেড নেশন সর্বোচ্চ জনসেবার পুরষ্কার দেয় কন্যাশ্রীকে।  ২০১৩ সালে প্রকল্পের সূচনার পর থেকেই ১৪ আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বাংলার প্রতিটি কন্যাকে আজ কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে তিনি লিখেছেন, বাংলার প্রতিটি মেয়ের ক্ষমতায়নের জন্যই কন্যাশ্রী প্রকল্পের সূচনা। কন্যাশ্রী দিবসে প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বালিকা, কিশোরীকে শুভেচ্ছা জনিয়েছেন তিনি। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন মুখ্যমন্ত্রী।# 

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।