আগস্ট ১৫, ২০২২ ১৩:৩১ Asia/Dhaka
  • বাড়ছে নিত্যপণ্যের দাম, দেখার কেউ নেই

প্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মার্কিন মুদ্রার জোর কোথা থেকে আসে –দৈনিক প্রথম আলো
  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক কালেরকণ্ঠ
  • শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ-ইত্তেফাক
  • শিক্ষাপ্রতিষ্ঠানেই টিকা পাবে শিশুরা : স্বাস্থ্যমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
  • বাড়ছে নিত্যপণ্যের দাম, দেখার কেউ নেই-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ·গাঁধী-নেহরুকে অপমান করে দেশের ইতিহাস বিকৃত করছে কেন্দ্র: মোদীর পাল্টা সনিয়া-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মহাত্মা গান্ধী, নেতাজি, আম্বেদকরের সঙ্গেই সাভারকরের নাম নিলেন প্রধানমন্ত্রী -দৈনিক আজকাল
  • দিদি জানে আমি নির্দোষ’, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে খুশি অনুব্রত-দৈনিক সংবাদ প্রতিদিন

 এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মার্কিন মুদ্রার জোর কোথা থেকে আসে –দৈনিক প্রথম আলো

বলা হচ্ছে, চলমান উচ্চ মূল্যস্ফীতি ডলারবাহিত। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই এর সূত্রপাত। করোনা মহামারি মোকাবিলায় মার্কিন সরকার সে দেশের জনগণকে বিপুল পরিমাণ প্রণোদনা দিয়েছে। এ অর্থের জোগান নিশ্চিত করতে তারা যেমন বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, তেমনি ফেডারেল রিজার্ভ বিপুল পরিমাণ মুদ্রা ছেপেছে। আর সেই ডলারের হাত ধরে মূল্যস্ফীতি দেশে দেশে ছড়িয়ে পড়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্র আগের কয়েক দশকের তুলনায় অনেক বেশি ডলার ছেপেছে—১৮ ট্রিলিয়ন বা ১৮ লাখ কোটি ডলার। অতিরিক্ত ডলারের কারণে সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে মূল্যস্ফীতি। অনেকের অভিযোগ, ইউক্রেনে যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি বিদেশে রপ্তানি করেছে। গোদের ওপর বিষফোড়ার মতো এসেছিল কোভিড বিপর্যয়। মন্দার কারণে গরিব দেশগুলোর রপ্তানি আয় কমে গিয়ে তাদের অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা সৃষ্টি হয়েছে। আর তাতে বাড়ছে ডলারের দাম, বাড়ছে আমদানি করা পণ্যের দাম। ফলে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাচ্ছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক কালেরকণ্ঠ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩৬ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। ১১টা ৫৫ মিনিটে জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল অনার গার্ড প্রদান করেন। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

বাড়ছে নিত্যপণ্যের দাম, দেখার কেউ নেই-দৈনিক যুগান্তর

জ্বালানি তেলের ‘আগুনে’ পুড়ছেন সাধারণ মানুষ। হু হু করে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। চাল-ডাল, তেল, মাছ-মাংস, পেঁয়াজ-মরিচসহ সব ধরনের সবজি কিনতে ক্রেতার নাভিশ্বাস। এর মধ্যে একদিনের ব্যবধানে আরও ৫ টাকা বেড়ে প্রতি হালি ডিম ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি আরও ১০ টাকা বেড়ে ঠেকেছে ২২০ টাকায়। আয়ের সঙ্গে ব্যয় সামলাতে না পেরে মানুষ এখন দিশেহারা। নিদারুণ কষ্টে আছেন তারা। সংসার সামলাতে হাত পড়েছে সঞ্চয়ে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা ইচ্ছেমতো প্রতিটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করলেও তা দেখার যেন কেউ নেই। মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের হুঁশিয়ারি কানেই নিচ্ছে না ব্যবসায়ীরা। মনিটরিং এবং সমন্বয়ের অভাবে সবকিছুর দাম পাগলা ঘোড়ার মতো বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়বে। তাই বাজার ও পরিবহণে শৃঙ্খলা ফেরাতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানেই টিকা পাবে শিশুরা : স্বাস্থ্যমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) শিক্ষাপ্রতিষ্ঠানেই টিকা দেয়া হবে । তিনি বলেন, শিশুদের এই টিকা কর্মসূচি পরিচালিত হবে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে। সেখানকার স্কুলগুলোতে আমরা টিকা দেবো। ইতোমধ্যেই কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে, শিশুরা যেন সঠিক সময়ে কেন্দ্রে এসে টিকা নেয়। টিকা কেন্দ্রে এসে যেন শিশুরা বসতে পারে সে ব্যবস্থা করতে হবে।

সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, দেশে ৫ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশু আছে। এই শিশুরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের হিসেবে নেয়া হয়েছে। ভাসমান হোক আর স্কুলে না পড়া শিশু হোক, সব শিশুই টিকা পাবে।#

গাঁধী-নেহরুকে অপমান করে দেশের ইতিহাস বিকৃত করছে কেন্দ্র: মোদীর পাল্টা সনিয়া-দৈনিক আনন্দবাজার পত্রিকা

স্বাধীনতা দিবসের ভাষণে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও রাজনৈতিক দলের নাম না করেই তিনি বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি পরিবারের জন্যই করা হয়। সেখানে দেশের স্বার্থ দেখা হয় না। মোদীর এই বক্তব্যের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গাঁধী একটি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, যদি কেউ মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরুর মতো স্বাধীনতা সংগ্রামের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে চায় তবে জাতীয় কংগ্রেস তা সহ্য করবে না। তবে সনিয়ার এই মন্তব্যও কোনও প্রতিক্রিয়া কি না, তা তিনি জানাননি।

দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন সনিয়া। তাতেই তিনি অভিযোগ করেন, কেন্দ্র তাঁদের রাজনৈতিক মতাদর্শের স্বার্থমূলক প্রচারের জন্য কংগ্রেসের নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। দেশের জন্য তাঁরা যা যা করছেন, সেই অবদানকে খাটো করে দেখাতে চাইছেন। তার পরই সনিয়া সরাসরি বলেন, ‘‘কংগ্রেস গাঁধী-নেহরু-আজাদ-প্যাটেলদের অপমান সহ্য করবে না।’’

মহাত্মা গান্ধী, নেতাজি, আম্বেদকরের সঙ্গেই সাভারকরের নাম নিলেন প্রধানমন্ত্রী -দৈনিক আজকাল

রীতি মেনে আজ স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই ভাষণেই মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাবাসাহেব আম্বেদকরের সঙ্গেই নাম করলেন বিনায়ক দামোদর সাভারকরের। ব্রিটিশ শাসন উচ্ছেদ করতে যাঁরা লড়েছিলেন তাঁদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন মোদি। তিনি বলেন, দেশের নাগরিকরা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, আম্বেদকর, বীর সাভারকরের কাছে কৃতজ্ঞ, তাঁরা কর্তব্যের পথে চলে প্রাণ দিয়েছিলেন। মোদি বলেন, ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন মঙ্গল পান্ডে, তাতিয়া টোপি, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আসফাকুল্লা খান, রামপ্রসাদ বিসমিল। ভারতের জনগণ এঁদের কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার জন্য যাঁরা লড়েছিলেন এবং দেশ গড়তে সাহায্য করেছিলেন তাঁদের সেলিব্রেট করার দিন হল স্বাধীনতা দিবস। এ প্রসঙ্গে তিনি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, এসপি মুকার্জি, এলবি শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জেপি নারায়ণ, আরএম লোহিয়া, বিনোবা ভাবে, নানাজি দেশমুখ এবং সুব্রমণিয়া ভারতীর নাম করেন।

দিদি জানে আমি নির্দোষ’, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে খুশি অনুব্রত-দৈনিক সংবাদ প্রতিদিন

রবিবার বেহালা থেকে অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। আর দলনেত্রীর এই বার্তা পেয়েই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। আইনজীবীকে জানালেন, “জানতাম দিদি পাশে থাকবেন।” 

বর্তমানে নিজাম প্যালেসই ঠিকানা অনুব্রত মণ্ডলের। সোমবার সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। এরপর আইনজীবী জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনেকটাই চাঙ্গা করেছে অনুব্রতকে। এদিন আইনজীবীর কাছে বীরভূমের ‘কেষ্ট’ দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নির্দোষ। পাশাপাশি জানান, তিনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে থাকবেন। ‘দিদি’ পাশে থাকায় খুশি অনুব্রত। ঁ

পার্সটুডে/বাবুল আখতার/১