পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
গুম, বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৮ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- গুম, বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ-মানবজমিন
- জ্বালানি তেলের দাম আট মাসে সর্বনিম্ন -প্রথম আলো
- ষড়যন্ত্র করে কাউকে হত্যা করে ক্ষমতা পাওয়া যাবে না: ওবায়দুল কাদের–যুগান্তর।
-
গার্ডার দুর্ঘটনাতদন্তের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি নেই চীনের-কালের কণ্ঠ
- ডলারে অতিরিক্ত মুনাফা: ছয় ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ-দৈনিক ইত্তেফাক
- আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে : পরিকল্পনামন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- আদালতে সুকন্যা-স্বস্তি, অনুব্রত-কন্যা সহ ছ'জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার- দৈনিক আজকাল
- একাধিকবার তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! চাঞ্চল্যকর দাবি সৌগত রায়ের- দৈনিক সংবাদ প্রতিদিন
- কেউ ছাড়া পাবে না, সময়ে সব কিছু প্রমাণ হবে, আদালতে ঢোকার মুখে বললেন পার্থ-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি।
১. জাতির স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন- একথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তার এ বক্তব্য নিয়ে আপনি কী বলবেন?
২. অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা- এ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কী?
এবারে বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।
গুম, বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ-মানবজমিন
দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা আর পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। ঢাকা সফরের সমাপনী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট। চার দিনের বাংলাদেশ সফরের শেষদিন গতকাল বিকালে তিনি রাজধানীর একটি হোটেলে দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের মুখোমুখি হন। জনাকীর্ণ ওই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নানা ইস্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন- গুম, বিচারবহির্ভূত হত্যা এবং পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনাগুলোর স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। এ জন্য শক্তিশালী এবং গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনেরও পরামর্শ দেন তিনি। তবে ওই তদন্ত কমিশন বিচার বিভাগীয় বা কোন ফরমেটে হবে তা বাংলাদেশ কর্তৃপক্ষই ঠিক করবে মন্তব্য করে তিনি বলেন, অভিযোগগুলোর তদন্ত করলেই কেবল সত্য প্রতিষ্ঠিত হবে। এমনও হতে পারে যে, এর মধ্যে দু’একটি অভিযোগ অসত্য, সেটাও চিহ্নিত হওয়া জরুরি। তিনি বলেন, তদন্তে সত্য উন্মোচনের পর ব্যবস্থা নিতে হবে। এটাই সর্বজনীন মানবাধিকারের ধারণা।
ফের জেল হেফাজতে পার্থ এবং অর্পিতা- দৈনিক আজকাল
ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে দু’জনকে প্রয়োজনে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ এবং অর্পিতাকে পেশ করা হয়। পার্থর আইনজীবী জামিনের আবেদন করেন। বিরোধিতা করেন ইডির আইনজীবী। উভয়পক্ষের যুক্তি, পাল্টা যুক্তি শুনে বিচারক পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেন। দু’জনকেই ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য, পার্থর আইনজীবী জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবী জামিনের আবেদন করেননি। পার্থকে প্রেসিডেন্সিতে এবং অর্পিতাকে আলিপুর মহিলা সংশোধনাগারে রাখা হবে। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার প্রসঙ্গ তুলে তাঁর আইনজীবী জামিনের আর্জি করেন। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, হিমোগ্লোবিন কমে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। বেড়েছে ক্রিয়েটিনিন। শৌচাগারেও যেতে পারছেন না তিনি।
একাধিকবার তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! চাঞ্চল্যকর দাবি সৌগত রায়ের- দৈনিক সংবাদ প্রতিদিন
তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! বিধানসভা ভোটের আগে ও পরে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রবীণ তৃণমূল নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায় (Sougata Roy)। যদিও সৌগতর সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিলীপ। পালটা সৌগতকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
বৃহস্পতিবার দিলীপের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে সৌগত রায় বলেন, “আমি শুনেছিলাম দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে চান। বিধানসভা নির্বাচনের আগে ও পরে এ নিয়ে আলোচনা হয়। সেকথা আমার কানে এসেছিল।” সৌগতের এই দাবি সত্যি হলে, সেটা সত্যিই চমকপ্রদ। কারণ, বিধানসভা ভোটের আগে দিলীপবাবু (Dilip Ghosh) বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। বিধানসভার পরেও বেশি কিছুদিন ওই পদে ছিলেন তিনি। যদিও ঠিক কোন সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেটা স্পষ্ট নয় সৌগতর কথায়।
কেউ ছাড়া পাবে না, সময়ে সব কিছু প্রমাণ হবে, আদালতে ঢোকার মুখে বললেন পার্থ-আনন্দবাজার পত্রিকা
এসএসসি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে আবার তোলা হয়েছে আদালতে। বৃহস্পতিবার আদালতের প্রবেশপথে দাঁড়িয়ে পার্থের মন্তব্য, “কেউ ছাড়া পাবে না।” একটু থেমে তাঁর সংযোজন, “সময়ে সব কিছু প্রমাণ হবে।’’ যদিও ‘কেউ’ বলতে কাদের ইঙ্গিত করলেন প্রাক্তন মন্ত্রী, সময়ে কী প্রমাণ হবে, তা নিয়ে কোনও উচ্চবাচ্চ করেননি তিনি।
পার্থকে রাখা হয়েছে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে। অর্পিতাকে রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। বুধবার সেখানে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। এর পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে পার্থের জামিনের আবেদন করেন আইনজীবী। আদালতে তিনি জানান, পার্থের হিমোগ্লোবিন কম। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে। একা চলাফেলার ক্ষেত্রেও তাঁর অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।#
পার্সটুডে/বাবুুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।