পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: কঠিন সময়ে পোশাকশিল্প-দৈনিক যুগান্তর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২২ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার ধারে-কাছেও নেই: মোমেন –দৈনিক মানবজমিন
- বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না: প্রধানমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
- সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ : কাদের- দৈনিক নয়াদিগন্ত
- কঠিন সময়ে পোশাকশিল্প-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- দিলীপে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট তলব শাহ, নড্ডার, অসন্তোষ সন্তোষেরও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
-
উনি কি ভাঙ খেয়েছেন? দলে যোগ নিয়ে সিসোদিয়ার অভিযোগের পালটা দিল বিজেপি -দৈনিক আজকাল
- তালিবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে-দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার ধারে-কাছেও নেই: মোমেন –দৈনিক মানবজমিন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দেয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে আমি ধারে কাছেও নাই। এগুলো ডাহা মিথ্যা। মন্ত্রী আরো বলেন, আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। আমি স্থিতিশীলতার কথা বলেছি। সবদিকে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমি এগুলো নিয়ে কথা বলেছি।এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।
বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না: প্রধানমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ দরিদ্র থাকবে সেটা আমি চাই না। ইতিমধ্যে সরকার দারিদ্রের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছে জানিয়ে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবের এই বাংলাদেশের সব মানুষ নিজের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে সেটাই আমি চাই। দেশে কোন ভূমিহীন বা গৃহহীন যেন না থাকে। ইতিমধ্যে হতদরিদ্র ভূমিহীন গৃহহীনদের মধ্যে বিনামূল্যে ঘর-বাড়ি করে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ সোমবার (২২ আগস্ট) সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভারে আয়োজিত বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন সহ আরো পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রও ভার্চুয়ালি যুক্ত ছিল। দক্ষ জনপ্রশাসন গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য উল্লেখ করে সরকার প্রধান বলেন, নবীন বিসিএস কর্মকর্তাদের দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। এসময় দেশবাসীকে উন্নত ও সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
কঠিন সময়ে পোশাকশিল্প-দৈনিক যুগান্তর
মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের অর্ডার বাতিল করছে যুক্তরাষ্ট্রের বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। টার্গেট, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান এবার শিক্ষার্থীদের ‘স্কুলে ফেরা’ মৌসুমে কাক্সিক্ষত পণ্য বিক্রি করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অবশ্য কী পরিমাণ অর্ডার বাতিল হয়েছে, তা হিসাব করতে পারেনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় চলতি অর্থবছরে ওয়ালমার্টের গুদামে অবিক্রীত পণ্য ২৬ শতাংশ বেড়েছে। সে তুলনায় বিক্রি বাড়েনি। এতে তারা বিপাকে পড়েছে। একই ধরনের সংকটে পড়েছে ওয়ালমার্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টার্গেট করপোরেশন। তাদের অবস্থা ওয়ালমার্টের চেয়েও খারাপ। এ পরিপ্রেক্ষিতে গার্মেন্ট মালিকরা বলছেন, তৈরি পোশাকশিল্প এখন চরম দুঃসময় কাটাচ্ছে। করোনার কারণে দুই বছর অর্ডার কম ছিল। এরপর ঘুরে দাঁড়ানোর সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বড় ধাক্কা দিয়েছে। এ যুদ্ধের নানামুখী প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির আঘাত মোকাবিলায় সবার আগে পোশাক কেনা কমিয়ে দিয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এসময় তিনি আরও জানান, ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ : কাদের- দৈনিক নয়াদিগন্ত
বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। অ্যান্টিবডি শতভাগ টিকা গ্রহীতার শরীরে পাওয়া গেলেও গড়ে কমে ১০৬৭৫ দশমিক ৭ এইউ/এমএল নেমে আসে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায় বলে এক অনুষ্ঠানে আজ সোমবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ জানায়, গত এক মাস প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণকারী ২২৩ জনের উপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ৬ মাস পর অ্যান্টিবডি কমতে থাকে। তাদের মধ্যে ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। এ সময় দুইজনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি। বুস্টার ডোজগ্রহীতাদের শরীরে অ্যান্টিবডি আবারো বৃদ্ধি পেয়েছে। এতে অ্যান্টিবডির মাত্রা ২০৮৭৮ এইউ/এমএল পর্যন্ত উঠে এসেছে। তবে ছয় মাস পরে তা কমে ১০৬৭৫ দশমিক ৭ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
দিলীপে ক্ষুব্ধ দিল্লি, সুকান্তদের কাছে রিপোর্ট তলব শাহ, নড্ডার, অসন্তোষ সন্তোষেরও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। সে কারণে সর্বভারতীয় সহ-সভাপতির উপরে ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার রাজ্যের বিভিন্ন বিষয়ে সিবিআই তদন্ত নিয়ে যে মন্তব্য করেছেন দিলীপ, তা সরাসরি কেন্দ্রীয় সরকারের উপর ‘অনাস্থা’-রই শামিল। বস্তুত, সিবিআই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পার্সোনেল’ (কর্মিবর্গ) মন্ত্রকের আওতাভুক্ত। দিলীপ সিবিআইকে তুলোধনা করার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর প্রশংসা করেছেন। যে সংস্থা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন। পুরো বিষয়টিই বিজেপির শীর্ষনেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারকে ‘অস্বস্তি’-তে ফেলেছে।
তার পরেই কেন্দ্রীয় নেতৃত্ব কড়া পদক্ষেপের মনোভাব দেখিয়েছেন। ইতিমধ্যেই রবিবার দিলীপ ঠিক কী কী বলেছিলেন, তা রাজ্য নেতৃত্বের কাছে জানতে চেয়েছেন দলের শীর্ষনেতৃত্ব। দিলীপের বক্তব্যের ভিডিয়ো ছাড়াও তাঁর বক্তব্যের হিন্দি ও ইংরেজি অনুবাদও চাওয়া হয়েছে বলে সোমবার বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে দিলীপ তার পরেও থামেননি। সোমবারেও তিনি তাঁর বক্তব্যে অনড় থেকেছেন। আরও কয়েক ধাপ এগিয়ে নিজের রবিবারের বক্তব্যের সমর্থনে কথা বলেছেন। ব্যাখ্যাও দিয়েছেন। সূত্রের খবর, সেই বক্তব্য নিয়েও খোঁজখবর শুরু করেছেন দলের শীর্ষনেতৃত্ব।
ভারতে বড় নাশকতার ছক, আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি আটক রাশিয়ায়! -দৈনিক আজকাল
বানচাল বড়সড় নাশকতার ছক। রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদায়েঁ জঙ্গি। রুশ গোয়েন্দার দাবি, ভারতে হামলার পরিকল্পনা করছিল ধৃত সন্ত্রাসবাদী। মূলত, ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “নিষিদ্ধ ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।”
পার্সটুডে/বাবুল আখতার/২২