অক্টোবর ০৮, ২০২২ ১৩:৪৭ Asia/Dhaka
  • নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না: ওবায়দুল কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জনগণ যাদের চায় তাদের ক্ষমতায় বসাতে হবে : ফখরুল-কালের কণ্ঠ
  • ছাত্রলীগের ২ মামলায় ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ-প্রথম আলো
  • ডিসি-এসপিদের দল-নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ সিইসির-মানবজমিন
  • নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না: ওবায়দুল কাদের- যুগান্তর 
  • ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়: আমান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ক্রাইমিয়া-রাশিয়া সংযোগকারী সেতুতে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা! প্রকাশ্যে ভিডিয়ো-আনন্দবাজার পত্রিকা
  • একযোগে ৩৫ জায়গায় তল্লাশি ইডির, টুইটে কী লিখলেন কেজরিওয়াল?-আজকাল
  • দিনরাত নিন্দা করেন রাহুল, সেই আদানিকেই ‘ভাই’ সম্বোধন গেহলটের!-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ছাত্রলীগের ২ মামলায় ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ-প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির পর করা পৃথক দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। ১১ অক্টোবর ছাত্র অধিকারের ২৪ নেতা–কর্মীর জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতা–কর্মীদের কয়েকজন অসুস্থ। তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী তাঁদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।এর আগে শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে আদালতে হাজির করা হয়।

জনগণ যাদের চায় তাদের ক্ষমতায় বসাতে হবে : ফখরুল-কালের কণ্ঠ

এই সরকারকে সরানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটাই পথ খোলা। এই সরকারকে সরিয়ে দেব। কারণ তারা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। তারা নির্বাচন করতে চায়। আবার বলে- আসেন না নির্বাচন করেন। কোন নির্বাচন করবে? আপনার সেই ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন করবে? নির্বাচন এখানে কখনোই হবে যতক্ষণ পর্যন্ত না এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে।

ফখরুল বলেন, আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি, তাদেরও আমরা এই কাতারে আনার চেষ্টা করছি। সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে। এরপর সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই সরকার একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে তারা একটি নির্বাচন করার মধ্য দিয়ে নতুন করে একটা পার্লামেন্ট গঠন করা হবে।

নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না: ওবায়দুল কাদের- যুগান্তর 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। 

শনিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।  তিনি বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এরশাদ নিজেদের স্বার্থে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাঁর বিবৃতিতে বলেন এখন সেই জায়গায় যাওয়ার আর কোন সুযোগ নেই।  বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এখন সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়।

ডিসি-এসপিদের দল-নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ সিইসির-মানবজমিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জেলা পযায়ে শীর্ষ কর্মকর্তাদের সার্বিক কর্মকাণ্ড কমিশন পযবেক্ষণে রাখবেন বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এমন দিকনির্দেশনা দেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে সিইসি সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন বিষয়ে কর্মকর্তাদের আচরণে এমন কিছু যাতে প্রতিফলন না হয়-যাতে জনগণ ভাবতে পারেন আপনারা একটি দলের পক্ষে কাজ করছেন। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়: আমান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, প্রস্তুতি নিন, নতুন কর্মসূচি আসছে। কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া-সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। এই বাংলাদেশ চলবে না। আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়। এর বাইরে কারো কথায় দেশ চলবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমান উল্লাহ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঘোষিত কর্মসূচিতে আমাদের ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ক্রাইমিয়া-রাশিয়া সংযোগকারী সেতুতে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা! প্রকাশ্যে ভিডিয়ো-আনন্দবাজার পত্রিকা

ক্রাইমিয়া ও রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ। ক্রেমলিন থেকে এই কের্‌চ সেতুর মাধ্যমেই দক্ষিণ ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখা হত। শনিবার সকালে তীব্র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। কের্‌চ সেতুর মূলত দু’টি অংশ। একটি অংশে রয়েছে রেললাইন। অন্য অংশে পণ্যবাহী যান চলাচল করে। শনিবারের বিস্ফোরণে সেতুর উভয় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজমাধ্যমে বিস্ফোরণ-পরবর্তী বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কের্‌চ সেতুর যান চলাচলের অংশ মাঝ বরাবর ভেঙে পড়েছে।

দিনরাত নিন্দা করেন রাহুল, সেই আদানিকেই ‘ভাই’ সম্বোধন গেহলটের!-সংবাদ প্রতিদিন

যে কোনও বিনিয়োগকারীকেই স্বাগত রাজস্থানে (Rajasthan)। সে তিনি গৌতম আদানি (Gautam Adani) বা মুকেশ আম্বানি হোন বা অমিত শাহর পুত্র জয় শাহ। এভাবেই রাজস্থানে শিল্পের আহ্বান জানাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে (Ashok Gehlot)। শুক্রবারই রাজস্থানে ৬৫ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছেন আদানি। একমঞ্চে দেখা গিয়েছে গেহলট-আদানিকে। সেখানে আদানিকে ‘ভাই’ সম্বোধনও করেছেন বর্ষীয়ান রাজনীতিক। স্বাভাবিক ভাবেই এমন সুযোগকে হাতছাড়া করেনি বিজেপি। গেরুয়া শিবিরের খোঁচা, যেখানে রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা আদানি-আম্বানিকে বিজেপির ‘বন্ধু’ বলে খোঁচা মারেন, সেখানে গেহলটের এহেন আচরণ থেকে পরিষ্কার ‘প্রতিপক্ষ’ই এখন ‘বন্ধু’ হয়ে গিয়েছে কংগ্রেসের।

শুক্রবারের অনুষ্ঠানে গেহলটের মুখে শোনা গিয়েছে গুজরাট প্রশস্তি। তাঁর কথায়, ”গুজরাট মহান শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্ম দিয়েছে। ধীরুভাই আম্বানি থেকে আজকের গৌতম আদানি।” ওই অনুষ্ঠানে দু’জনের পাশাপাশি বসে থাকার ছবিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে।

কাশ্মীর যাবেন না’, দেশের পর্যটকদের সতর্ক করল আমেরিকা-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারত সফর নিয়ে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভারতে ঘুরতে গেলে আরও সতর্ক হতে হবে। আর জম্মু ও কাশ্মীরে একেবারেই যাওয়া চলবে না। অপরাধ ও সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই অ্যাডভাইসরি জারি করা হয়েছে বলে খবর।

পর্যটকদের উদ্দেশে মার্কিন বিদেশ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধের ঘটনা ভারতে বৃদ্ধি । তাই সেখানে আরও সতর্ক থাকতে হবে ওই দেশের বিভিন্ন রিপোর্টেই তার উল্লেখ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতেও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটছে। সেই কারণে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ঘুরতে যাবেন না। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে। সন্ত্রাসবাদ এবং অশান্তির ঘটনা ঘটে থাকে সেখানে। সেখানে যে কোনও সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে।” প্রসঙ্গত, পাকিস্তানে ঘুরতে যাওয়া নিয়েও কড়া সতর্কবার্তা জারি করেছে আমেরিকার সরকার। সাম্প্রদায়িক হিংসা এবং জঙ্গি হামলার সম্ভাবনা থাকায় বেশ কয়েকটি প্রদেশে পর্যটকদের যেতেও নিষেধ করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।