অক্টোবর ১২, ২০২২ ১২:১০ Asia/Dhaka
  • লোড শেডিংয়ে কাজ ও আয় কমছে ফ্রিল্যান্সারদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • লোড শেডিংয়ে কাজ ও আয় কমছে ফ্রিল্যান্সারদের-কালের কণ্ঠ
  • ঢাকার বিভিন্ন এলাকায় আজ এক থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে-প্রথম আলো
  • আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল
  • গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: সিইসি-দৈনিক মানবজমিন

  • বাংলাদেশের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মানিক কোটি কোটি টাকা তুলেছেন প্রভাব খাটিয়ে! ইডির দাবি, লুকিয়েছেন অন্য অনেকের অ্যাকাউন্টে-আনন্দবাজার পত্রিকা
  • ১ বছর জম্মুতে থাকলেই দেওয়া যাবে ভোট, জারি নির্দেশিকা-আজকাল
  • দেশে ফিরলেই মেরে ফেলা হবে, ভারতে জেল খাটার আতঙ্কে ভুগছেন নীরব মোদি-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঢাকার বিভিন্ন এলাকায় আজ এক থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে-প্রথম আলো

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বুধবার সর্বনিম্ন এক ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের সূচিতে এমনটাই দেখা গেছে।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।

চলতি অক্টোবর মাস থেকে লোডশেডিং পুরোপুরি কমবে বলে জানিয়েছিল সরকার। কিন্তু তা তো হয়ইনি; বরং লোডশেডিং আরও বেড়েছে। প্রচণ্ড গরম, সেই সঙ্গে লোডশেডিং—দুই মিলিয়ে রাজধানীবাসীর নাকাল অবস্থা। দেশের অন্যত্রও পরিস্থিতি নাজুক।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে এখন। দায়িত্বশীল কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন।

লোড শেডিংয়ে কাজ ও আয় কমছে ফ্রিল্যান্সারদের-কালের কণ্ঠ

রাতের বেলায় লোড শেডিংয়ের কারণে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা প্রতিষ্ঠানগুলোর দুর্ভোগ বাড়ছে। তাদের কাজ ও আয় দুটিতেই নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে অভ্যন্তরীণ প্রবাস আয় বা ইন্টারনাল রেমিট্যান্সে।

ডলার ও প্রবাস আয়ের সংকটের এই সময়ে ফ্রিল্যান্সিং খাতকে কাজে লাগাতে পারলে কিছুটা হলেও স্বস্তি আসতে পারত। কিন্তু চিরাচরিত ধীরগতির ইন্টারনেটের সঙ্গে লোড শেডিং যুক্ত হয়ে সেই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স আয় হয়েছে সেপ্টেম্বর মাসে, ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, আগস্টে যা ছিল ২০৪ কোটি ডলার।  

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ফ্রিল্যান্সিং থেকে বছরে আয় করে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার। টাকার অঙ্কে প্রায় ১০ হাজার কোটি টাকা। মাসে গড়ে ৮৩৩ কোটি টাকা। এই অর্থ অভ্যন্তরীণ প্রবাস আয় হিসেবে গণ্য হয়। ২০২৫ সালের মধ্যে এ খাতের আয় দু-তিন গুণ বাড়াতে চায় সরকার।

রূপপুর প্রকল্পের পরমাণু চুল্লি উদ্বোধন ১৯ অক্টোবর-যুগান্তর

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি (রিঅ্যাক্টর প্রেশার ভেসেল) উদ্বোধন হচ্ছে ১৯  অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ রিঅ্যাক্টর চুল্লি স্থাপন উদ্বোধন করবেন বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি করপোরেশন রসাটম। চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে।  বাংলাদেশের ইতিহাসে একক উন্নয়ন প্রকল্প হিসেবে রূপপুর দেশের সবচেয়ে বড় প্রকল্প। করোনাভাইরাস মহামারির মধ্যেও রূপপুরে প্রতিদিন তিন শিফটে দেশি-বিদেশি ২২ থেকে ২৩ হাজার শ্রমিক দিনরাত কাজ করেছেন।

বাংলাদেশের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের প্রতি‌ক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, এটি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন।

নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেওয়ার সময় সাধারণ পরিষদ হলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ৪৭ সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ ৫ম বারের মতো নির্বাচিত হলো। এটি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিলের দায়িত্ব পালনে আমাদের দক্ষতারই একটি সুস্পষ্ট প্রমাণ।

গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: সিইসি-দৈনিক মানবজমিন

গাইবান্ধা-৫ আসনের ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণকালীন সময়ে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিয়ে দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি। এখন চাকরি বিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কী অ্যাকশন নেবো তা পরবর্তীতে দেখবো। আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি, যে আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দিয়েছি।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমরা সিদ্ধান্ত নেবো যে কমিশন যদি মনে করি নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে কমিশন নির্বাচন বন্ধ করতে পারে। আমরা সেই আলোকে সিদ্ধান্ত নিচ্ছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেবো তখন জানাবো।

তিনি বলেন, নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল তা আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে কি হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে না।

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না।  বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপির বিভাগীয় সমাবেশ ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে রাজপথে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে। নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।

১ বছর জম্মুতে থাকলেই দেওয়া যাবে ভোট, জারি নির্দেশিকা-আজকাল

জম্মুতে অন্তত ১ বছর থাকলেই মিলবে ভোটাধিকার।

গত আগস্টেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার জম্মুর ডেপুটি কমিশনারও নির্দেশ দিলেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদের সকলকেই বৈধ ভোটার বলে গণ্য করা হবে। সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যাঁরা এক বছরের বেশি সময় ধরে থাকছেন, তাঁদের সার্টিফিকেট ইস্যু করার জন্য। আর এই নির্দেশের পরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। ২০১৯ সালে ৩৭০ ধারার বিলোপের পরই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু–কাশ্মীর। তারপর এই প্রথম নির্বাচনী সংশোধনের পথে হাঁটল প্রশাসন। বিবৃতিতে জানানো হয়েছে, কোনও যোগ্য ভোটার যাতে তালিকার বাইরে না থাকেন, সেই কারণেই এমন পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে দাখিল করা যাবে। এই নির্দেশিকার বিরোধিতা করে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স’ টুইটারে লিখেছে, ‘সরকার জম্মু– কাশ্মীরে ২৫ লক্ষ অ–স্থানীয় ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বিজেপি হারের ভয় পাচ্ছে। জম্মু–কাশ্মীরের মানুষ এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সে।’ বিরোধীদের অভিযোগ, ভিনরাজ্য থেকে ভোটার আমদানি করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

দেশে ফিরলেই মেরে ফেলা হবে, ভারতে জেল খাটার আতঙ্কে ভুগছেন নীরব মোদি-সংবাদ প্রতিদিন

পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) এখনও দেশে ফেরানো সম্ভব হয়নি। ভারতের চেষ্টা সত্ত্বেও আপাতত লন্ডনের জেলেই বন্দি রয়েছেন তিনি। নিজের মনোবিদকে নীরব জানিয়েছেন, ভারতে ফেরানো হলে হয় তিনি আত্মহত্যা করবেন নয়তো তাঁকে খুন করা হবে। অর্থাৎ ভারতে ফিরলে তাঁর মৃত্যু নিশ্চিত। এমনই কথা বলেছেন আতঙ্কিত হিরে ব্যবসায়ী।

কয়েক বছর আগে ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদিকে বিপুল অর্থ ঋণ দিয়েছিল পিএনবি (PNB)। পরে জানা যায় নীরব ভুয়ো জামিনদার ব্যবহার করে ওই ঋণ নিয়েছিলেন। ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল (Priti Patel) নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন। কিন্তু নীরব মোদি আবেদন করেন, ভারতে ফিরলে সঠিক বিচার পাবেন না তিনি। সেই আবেদনের শুনানি চলছে এখনও। এর মধ্যেই সামনে এল তাঁর এহেন আতঙ্কের কথা।#

মানিক কোটি কোটি টাকা তুলেছেন প্রভাব খাটিয়ে! ইডির দাবি, লুকিয়েছেন অন্য অনেকের অ্যাকাউন্টে-আনন্দবাজার পত্রিকা

পরিবারের লোকেদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি অজ্ঞাতপরিচয়দের নামেও অ্যাকাউন্ট খুলেছিলেন মানিক ভট্টাচার্য। পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের নামে আরও গুরুতর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। চাকরি দেওয়ার নামে কেবল টাকা নেওয়াই নয়, ছেলের সংস্থার নামে নিজের পদের প্রভাব ও প্রতিপত্তির অপব্যবহার করে কোটি কোটি টাকা নয়ছয়েরও অভিযোগ করছে ইডি। সব মিলিয়ে দুর্নীতি মামলায় আরও একাধিক গুরুতর অভিযোগের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

ইডির চার্জশিটে বলা হয়েছে, নিজের ছেলের সংস্থার সঙ্গে শিক্ষক শিক্ষণ সংস্থার চুক্তি করে ২ কোটি ৬৪ লক্ষ টাকা নিয়েছিলেন মানিক। টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি ওই সংস্থা। টাকাও ফেরত দেননি। ইডির দাবি, এ সবই হয়েছিল মানিক নিজের নামের প্রভাব ও পদের প্রতিপত্তির অপব্যবহার করার মাধ্যমে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।