অক্টোবর ১৯, ২০২২ ১৩:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইভিএমের চেয়ে সিসিটিভিতে জোর দিতে বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত-মানবজমিন
  • গাইবান্ধার নির্বাচন বন্ধ করা সঠিক ছিলো: সিইসি-ইত্তেফাক
  • গোপন কক্ষে সিসি ক্যামেরা ভোটারের অধিকার লঙ্ঘন : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ
  • রূপপুরে উদ্বোধন-সবাই বিদ্যুৎ পাবে, পরিস্থিতির কারণে সাশ্রয়ী হতে হচ্ছে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

  • সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার:- যুগান্তর 
  • উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে : জিএম কাদের-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ভোট ৯৩৮৫, শশী পেলেন মাত্র ১০৭২! বড় ব্যবধানে জিতে ‘সনিয়া-অনুগত’ খড়্গেই কংগ্রেস সভাপতি-আনন্দবাজার পত্রিকা
  • করুণাময়ী মোড়ে অব্যাহত টেট চাকরিপ্রার্থীদের ধর্না, আদালতের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ -আজকাল
  • কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব পেশ তামিলনাড়ু বিধানসভায়, ওয়াকআউট বিজেপি বিধায়কদের -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রূপপুরে উদ্বোধন-সবাই বিদ্যুৎ পাবে, পরিস্থিতির কারণে সাশ্রয়ী হতে হচ্ছে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই না, দেশের মানুষ বিদ্যুৎ পাবে না। মানুষ বিদ্যুৎ পাচ্ছে, পাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে।’ বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে আবার একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। তার ওপরে আবার নিষেধাজ্ঞা। এর কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আমরা আশা করি, পৃথিবীর মানুষ এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে।’ আজ বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেশার ভেসেল (পারমাণবিক চুল্লি) বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

গোপন কক্ষে সিসি ক্যামেরা ভোটারের অধিকার লঙ্ঘন : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গোপন কক্ষ গোপন কক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে। কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত। আজ বুধবার (১৯ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায়, তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। সিসি ক্যামেরা লাগানো যেতে পারে কিন্তু গোপন কক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লঙ্ঘন হয় বলে আইনজ্ঞরা বলছেন। এটা আমি বলছি না, আইনজ্ঞরা বলছেন। এটি সবার অভিমত।

সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার:- যুগান্তর 

সাড়ে ৫৪ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আর পরিশোধিত জ্বালানি তেল ৩৮ লাখ ৬০ হাজার টন। ২০২৩ সালের জন্য এই তেল কেনা হবে।

এ বিষয়টি নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ২০২৩ সালের জন্য সৌদির আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বিপিসির মাধ্যমে জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

গাইবান্ধার নির্বাচন বন্ধ করা সঠিক ছিলো: সিইসি-ইত্তেফাক

প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আইন মেনে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করা সঠিক ছিলো।বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ২টার দিকে এ কথা বলেন তিনি। 

বৈঠকে সাবেক তিন সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং তিন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ১৩ জন অংশ নিয়েছেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত ছিলেন। অন্য নির্বাচন কমিশনার আহসান হাবির বর্তমানে দেশের বাইরে আছেন।

উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে : জিএম কাদের-বাংলাদেশ প্রতিদিন 

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের এমপি বলেছেন, কেউ কেউ “উন্নয়নের গণতন্ত্র” নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোন কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে। বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় জিএম কাদের আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। 

তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি। 

ইভিএমের চেয়ে সিসিটিভিতে জোর দিতে বললেন ব্রিগেডিয়ার সাখাওয়াত-মানবজমিন

ইভিএম নিয়ে দেশে অনেক বিতর্ক রয়েছে। তাই ইভিএমের চেয়ে সিসিটিভিতে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৫০ ইভিএম যে বাজেটে কিনবেন, তার চেয়ে ভালো হবে যতটুকু পারেন সিসিটিভি লাগান। এছাড়া পেপার ব্যালটে ভোট চুরি করলেও সহজে ধরা যায়। বুধবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাবেক এই ইসি এসব কথা বলেন।

গাইবান্ধার নির্বাচন নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন গাইবান্ধায় যে অ্যাকশন নিয়েছে, এটাকে স্বাগত জানাই। পরের ধাপগুলোতেও যেন একই অবস্থান থাকে। নইলে জাতি লোক দেখানো মনে করবে। নির্বাচন কমিশন যদি মনে করে ভোট সুষ্ঠু হচ্ছে না তাহলে ভোট বন্ধ করতে পারে। যতক্ষণ পর্যন্ত পরিবেশ ঠিক না হয়।  সংবিধানের ১১৯ এ বলে সুষ্ঠু, স্বচ্ছ  ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে।

ভোট ৯৩৮৫, শশী পেলেন মাত্র ১০৭২! বড় ব্যবধানে জিতে ‘সনিয়া-অনুগত’ খড়্গেই কংগ্রেস সভাপতি-আনন্দবাজার পত্রিকা

আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলেন কংগ্রেসের। বিপুল ব্যবধানে জিতে সভাপতির পদে বসলেন ‘সনিয়া-অনুগত’ মল্লিকার্জুন খড়্গেই। ভোটের ব্যবধানে খড়্গের থেকে অনেকটাই পিছনে রয়েছেন আর এক পদপ্রার্থী শশী তারুর।

মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায় কংগ্রেস সভাপতি শশীকে বিপুল ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন মল্লিকার্জুন। ভোট পড়েছিল ৯৩৮৫টি, তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯৭ ভোট। শশীর ঝুলিতে গিয়েছে মাত্র ১০৭২টি ভোট। তার ফলে কংগ্রেস সভাপতি পদে আসীন হলেন মল্লিকার্জুনই। বাতিল হয়েছে ৪১৬টি ভোট। কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, দেশে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তাঁর সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’। সভাপতি নির্বাচনের জন্য গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এই প্রথম বার ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয়পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোটগ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।

করুণাময়ী মোড়ে অব্যাহত টেট চাকরিপ্রার্থীদের ধর্না, আদালতের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ -আজকাল

নিজেদের দাবিতে সল্টলেকের করুণাময়ী মোড়ে আমরণ অনশনে বসেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এই অবস্থান বিক্ষোভের বিরোধিতা করে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের ধর্নার জেরে অফিসে ঢুকতে পারছেন না কর্মীরা। ফলে, রোজের কাজে অসুবিধার মুখে পড়তে হচ্ছে পর্ষদের। এর পাশাপাশি দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল পর্ষদের তরফে। কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের তরফে।

প্রসঙ্গত, সোমবার দুপুর থেকে সল্টলেকের করুণাময়ী মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা। দু’ বার ইন্টারভিউয়ের পর আবার ২০১৭ সালের প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউ দিতে নারাজ তাঁরা। অন্যদিকে নিয়ম ভেঙে নিয়োগ করতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। মঙ্গলবার থেকে আমরণ আনশনে বসেছেন প্রার্থীরা।

কেন্দ্রের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব পেশ তামিলনাড়ু বিধানসভায়, ওয়াকআউট বিজেপি বিধায়কদের -সংবাদ প্রতিদিন

 হিন্দি (Hindi) বনাম আঞ্চলিক ভাষা বিতর্ক আজকের নয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি সুপারিশ করেছে ইংরাজির বদলে সরকারি কাজের ভাষা হোক হিন্দি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে ‘হিন্দি আগ্রাসনে’র অভিযোগ এনে প্রস্তাব পেশ করল রাজ্য সরকার। জানা গিয়েছে, এরপরই সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

কয়েক দিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটির রিপোর্ট জমা দিয়েছেন শাহ। ঠিক কী সুপারিশ করা হয়েছে কমিটির রিপোর্টে? সেখানে পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হোক হিন্দি। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষাদানের ভাষাও হিন্দিই হোক।

পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলিতে হাই কোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিকে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে। এমনই নানা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে। এরপর থেকেই হিন্দি আগ্রাসনের অভিযোগ তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হল একটি প্রস্তাব। সেখানে বলা হয়েছে, সংসদীয় কমিটির প্রস্তাবে কক্ষের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, কেন্দ্র যেন সংসদীয় কমিটির রিপোর্ট মেনে এই ধরনের কোনও পদক্ষেপ না করে। কেননা তা রাজ্যের ভাষাগুলির বিরোধী। পাশাপাশি যাঁরা সেই ভাষায় কথা বলেন তাঁদেরও পরিপন্থী।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।