জুন ০৮, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • গুপ্তহত্যা করে কেউ রেহাই পাবে না-প্রধানমন্ত্রী

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত–ইত্তেফাক

রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম ফের রিমান্ডে-প্রথম আলো

ব্যাংকের লুন্ঠিত টাকা উদ্ধার নিয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্যা দাবি- মানবজমিন

গুজবে কান না দিয়ে ডিমের কুসুম-মাখন-মাংস নির্দ্বিধায় খান মার্কিন গবেষণা-কালের কন্ঠ

পুড়িয়ে মানুষ হত্যাকারীরাই গুপ্ত হত্যা করছে'-বাংলাদেশ প্রতিদিন

দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার' মীর্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের গভীর উদ্বেগ -নয়া দিগন্ত

চিকিৎসা ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী-সমকাল

পুরোহিত হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর মামলা- যুগান্তর

সাতক্ষীরায় ১৫ রোহিঙ্গা আটক-ইনকিলাব

কোলকাতা:

রাজনৈতিক নেতাদের খুন করার ছক দাউদের

মধ্যপ্রদেশ থেকে সুপারি কিলার দিল্লিতে-বর্তমান

ফের ভারতে পরমাণু হামলার হুমকি, এবার হাফিজ সাঈদের-এইসময় অনলাইন

কেরলে সোনিয়ার বিরুদ্ধে এফ আই আর-আজকাল

এনএসজি অনিশ্চিত, কিন্তু ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নিয়ন্ত্রক দেশ হয়ে গেল ভারত– আনন্দবাজার

পুলিশের জালে কিডনি পাচারচক্রের ‘কিংপিন’ রাজকুমার-সংবাদ প্রতিদিন

-এইসময় অনলাইন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সময়ে দেশে হত্যা, খুন গুম সম্পর্কে

সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি,পরিবারের ক্ষতি করলে পাই পাই করে হিসাব নেব: প্রধানমন্ত্রী-প্রথম আলো

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকারীদের হুঁশিয়ার করে বলেছেন, গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। এভাবে পরিবারের ওপর হাত দিতে শুরু করলে কারও হাতই থেমে থাকবে না। জনগণকে থামিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যাকারী এবং তাদের প্রভু যে-ই হোক, তাদের আমরা রেহাই দেব না। যারা পরিবারের ক্ষতি করছে, তাদের হিসাব পাই পাই করে নেব।’

প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত সন্দেহে শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সন্দেহে সোনা-ইয়াবা গডফাদাররাও-বাংলাদেশ প্রতিদিন

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তিন দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো হোতাদের টিকিটিও ছুঁতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় জব্দ ছাড়া মামলার কোনো অগ্রগতি নেই। এমনকি এ হত্যাকাণ্ডে কোনো জঙ্গি সংগঠন বা জামায়াত-শিবির কিংবা অন্য কোনো মাফিয়া চক্র জড়িত রয়েছে কিনা তাও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে এ হত্যাকাণ্ড নিয়ে অন্ধকারে রয়েছেন তারা। মামলার অগ্রগতি নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বলেন, ‘এ মামলায় বলার মতো কোনো অগ্রগতি নেই।

'দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার'-বাংলাদেশ প্রতিদিন

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গত ১৮ দিনে ৪৮ জন হত্যা হয়েছে। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আর এসব হত্যাকাণ্ডে কোন রকম তদন্ত না করেই 'বিরোধী' দলের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এতে অপরাধীরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে আরও উৎসাহী হচ্ছে। এ কারণেই দিন দিন খুনের ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও গত কয়েক দিনে হত্যার লাইন দীর্ঘ হচ্ছে। এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : প্রধানমন্ত্রী-যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি আরবে বড় পরিবর্তন এসেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তিনি বলেন, সৌদি আরবে দক্ষ লোক যেমন চিকিৎসক, প্রকৌশলী, নার্স পাঠানো হবে। বুধবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সফর সম্পর্কে জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নিজের বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’নিহত-ইত্তেফাক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’কাওছার (২৫) নামের এক জেএমবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, পাঁচটি হাতবোমা, দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের গভীর উদ্বেগ -নয়া দিগন্ত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল রাতে বাংলাদেশের পরিস্থিতি শীর্ষক এক অধিবেশনে বক্তারা বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার পরিস্থিতি, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতার অবনতি ঘটেছে। কট্টরপন্থীদের দাবি করা সাম্প্রতিক হামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার কথাও বলেন তারা। একই সঙ্গে রাজনৈতিক পরিবেশ উন্নয়নের তাগিদ দেন।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

গণতন্ত্রের আঙিনায় ক্রমশ ফিকে হচ্ছে কংগ্রেস!-সংবাদ প্রতিদিন

বছর দুয়েক আগে লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরে কংগ্রেস নিজেদের হাল ফেরানোর চেষ্টা করবে বলেই সকলে মনে করছিল৷ কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের অন্দরের একের পর এক যে চিত্র উঠে আসছে তাতে হাল ফেরানো তো দূর অস্ত, এই দু’বছরে দলের রক্তক্ষরণ থামাতেই তারা সমর্থ হয়নি বলে প্রমাণিত হয়েছে৷ যে কোনও নির্বাচনের আগে দেশের সর্বত্রই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দলত্যাগ করে অন্য দলে যোগ দেওয়ার একটা হিড়িক দেখা যায়৷ তবে কংগ্রেসের ক্ষেত্রে এই যুক্তি বোধহয় একেবারেই খাটে না৷ নির্বাচন থাকুক বা নাই থাকুক, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন রাজ্যেই দলের প্রথম সারির নেতা, বিধায়ক থেকে শুরু করে কর্মীদের মধ্যেও কংগ্রেস ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে৷

পুলিশের জালে কিডনি পাচারচক্রের ‘কিংপিন’রাজকুমার-সংবাদ প্রতিদিন

ভুয়া কাগজপত্রের সাহায্যে গ্রহীতার আত্মীয় সাজিয়ে কলকাতা থেকে দাতা বা ‘ডোনার’ নিয়ে যাওয়া হত৷ তারপর সেই কিডনি প্রতিস্থাপিত হত দিল্লি ও কোয়েম্বাটোরের দু’টি হাসপাতালে৷ ডোনার খুঁজে পেতে বিরাট নেটওয়ার্ক সাজিয়েছিল টি রাজকুমার রাও৷ যার মধ্যে সরকারি কর্মচারী থেকে ডাক্তার অনেকেই রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন কিডনি পাচার তদন্তের অফিসার৷

রাজনৈতিক নেতাদের খুন করার ছক দাউদের-মধ্যপ্রদেশ থেকে সুপারি কিলার দিল্লিতে-আজকাল

১৯৯৩ সালের ১২ মার্চ ভোরে মুম্বইয়ের মাহিম থেকে পরিবার পরিজন সহ দুবাই উড়ে গিয়েছিল টাইগান মেমন। এবং কয়েক ঘন্টা পর থেকেই মুম্বই জুড়ে শুরু হয়েছিল ধারাবাহিক বিস্ফোরণের ভয়াবহ ঘটনা। যার পিছনে ছিল দাউদ ইব্রাহিম। ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস এবং তৎপরবর্তী মুম্বই দাঙ্গায় অসংখ্য মুসলিম সম্প্রদায়ের নিহত হওয়ার ঘটনায় দাউদ প্রতিশোধ নিয়েছিল মুম্বইকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে। এবং তারপর দাউদই ভারতের সবথেকে বড় শত্রু হিসাবে বিবেচিত। গোটা অপারেশনের পিছনে আসল মাথা আইএসআই। তারাই দাউদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে মুম্বই বিস্ফোরণ ঘটায়। এবং এভাবেই দাউদ সম্পূর্ণভাবে আইএসআই এর কবজায় চলে যায়। ঠিক ২৩ বছর পর দাউদ ফের ভারতকে শিক্ষা দিতে নতুন করে প্রত্যাঘাত করতে উদ্যত। এবার দিল্লি। দিল্লিতেও মুম্বইয়ের ধাঁচে সিরিয়াল বিস্ফোরণ ঘটিয়ে তার শক্তি যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ দিতে সক্রিয় দাউদ।

কেরলে সোনিয়ার বিরুদ্ধে এফ আই আর-আজকাল

বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফ আই আর করল কেরলের একটি নির্মাণ সংস্থা। হিদার কনস্ট্রাকশন নামে ওই সংস্থার অভিযোগ, রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ–এর বরাত দেওয়া হয়েছিল তাদের। কাজ শেষ হলেও টাকা মেটায়নি কেরল প্রদেশ কংগ্রেস কমিটি। কমিটি জানিয়েছে, তাদের এখন টাকা নেই। এফ আই আর–এ সোনিয়া ছাড়াও রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ–এর চেয়ারম্যান রমেশ চেন্নিথালা, প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি, কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি ভি এম সুধীরনের নাম রয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে হারের পর এই ঘটনায় চরম অস্বস্তিতে কংগ্রেস। সেই সঙ্গেই আরও একবার প্রকাশ্যে এল রাজ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব।

এনএসজি অনিশ্চিত, কিন্তু ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নিয়ন্ত্রক দেশ হয়ে গেল ভারত-আনন্দবাজার

পুরোটা না পারলেও, অনেকটা পারলেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সপ্তম বৈঠকের শেষে বুঝিয়ে দিলেন, আরও কাছাকাছি এসেছে ভারত-আমেরিকা। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ওবামাকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সমর্থন করার জন্য ওবামাকে ধন্যবাদও জানালেন। ওবামাও বুঝিয়ে দিলেন, ভারতকে সঙ্গে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর আমেরিকা।

ওভাল অফিস অর্থাৎ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের অফিসে বারাক ওবামা এবং নরেন্দ্র মোদীর এই বৈঠক হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনও এই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর সহ্গে মার্কিন রাষ্ট্রপতির এই বৈঠক শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর (এমটিসিআর) সদস্য হচ্ছে।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮