বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ অক্টোবর শক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- জনসমাগম কাকে বলে, কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের-প্রথম আলো
-
পিডিবি চেয়ারম্যান জানালেন-ডিসেম্বরে লোড শেডিংয়ের ‘ছুটি’’-কালের কণ্ঠ
-
সীমান্তে অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর-দৈনিক নয়াদিগন্ত
- সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের -মানবজমিন
- জনগণের টাকা গিলে খাওয়া বিশ্বচোরদের এখন বড় গলা: তথ্যমন্ত্রী –ইত্তেফাক
কোলকাতার শিরোনাম:
- যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ! মোদিকে নিয়ে বেফাঁস সুকান্ত--সংবাদ প্রতিদিন
- চিনকে রুখতে ভারতেই আস্থা আমেরিকার, প্রকাশ্যে পেন্টাগনের প্রতিরক্ষা নীতি –সংবাদ প্রতিদিন
- ২৬/১১-র চক্রীদের পাক সুরক্ষা, সেই তাজে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে অভিযোগ বিদেশমন্ত্রীর -আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
জনসমাগম কাকে বলে, কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের-প্রথম আলো-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে, তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।ওবায়দুল কাদের আজ তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এ কথা বলেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আগে যেখানে বাণিজ্য মেলা হতো, সেই মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল শনিবার। আগে এ সম্মেলন ঢাকা শহরে হতো না। বিএনপির ধারাবাহিক সমাবেশের পাল্টা জবাব দিতেই কালকের এ সম্মেলন ঢাকায় হচ্ছে বলে ধারণা করা হয়। সেখানে ব্যাপক জনসমাগম করতে চায় দলটি।
বিএনপির তিনটি সমাবেশ দেখেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সরকারের কাঁপাকাঁপির কী আছে? কোনো কোনো সমাবেশে ১০ লাখের টার্গেট করেও ১ লাখ হয়নি, আবার কোথাও ৫ লাখ টার্গেট করে ১ লাখের অর্ধেকও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা।’
ওবায়দুল কাদের আরও চ্যালেঞ্জ করে বলেন, ‘আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে ওয়ার্ড ও থানার সম্মেলনে কত হাজার লোক হয়েছে, তা দেখুন; যা পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রচারিত হয়েছে।’
পিডিবি চেয়ারম্যান জানালেন-ডিসেম্বরে লোড শেডিংয়ের ‘ছুটি’’-কালের কণ্ঠ
আগামী ডিসেম্বর থেকে লোড শেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন পিডিবি চেয়ারম্যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নভেম্বরে উন্নতি হতে পারে এবং লোড শেডিং কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। এ ছাড়া কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাই ডিসেম্বরে লোড শেডিং থাকবে না।
জ্বালানি খাতে লোকসান কমাতে জুলাই মাসে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর পর সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে এলাকাভিত্তিক লোড শেডিং শুরু হয়।
সীমান্তে অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর-দৈনিক নয়াদিগন্ত
বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে অভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনায় আরো সতর্কতা বজায় রাখতে বলেছে।
বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ড ব্যুরো অব স্পেশাল অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল ফোন মায়াতের নেতৃত্বে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাথে দেখা করেন।সফরকালে প্রতিনিধি দল সৌজন্য বিনিময় ছাড়াও মিয়ানমারের চলমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এতে বলা হয়েছে, তারা বাংলাদেশের সাথে পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে তাদের দেশের শান্তি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
সেনাপ্রধানরা দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন বিষয়ে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের -মানবজমিন
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী-ভিন্নমতকে হয়রানি বন্ধ তথা ভীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় অর্জনে নিরবচ্ছিন্ন সমর্থন জোগানো উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্র মনে করে সহিংস রাজনৈতিক পরিবেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
বুধবার ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস সরকারের পররাষ্ট্র বিষয়ক অগ্রাধিকার সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়। ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি একাধিকবার বাংলাদেশের নাম উল্লেখ করে এখানকার রাজনৈতিক নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়টি খোলাসা করেন। হাই-ভোল্টেজ ওই ব্রিফিংয়ে কুর্দিস্তানে লাখো মানুষের বিক্ষোভ এবং ইরানের রেজিম চেইঞ্জের দাবি সংক্রান্ত মধ্যপ্রাচ্যের এক মিডিয়া প্রতিনিধির প্রশ্নের জবাব দিতে গিয়েও বাংলাদেশের নাম উল্লেখ করে বিরোধী ভিন্নমতের অধিকার খর্ব করার উদাহরণ টানেন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন ওই নিরাপত্তা কর্মকর্তা।
জনগণের টাকা গিলে খাওয়া বিশ্বচোরদের এখন বড় গলা: তথ্যমন্ত্রী –ইত্তেফাক
খাওয়া ভবন করে জনগণের টাকা গিলে খাওয়া দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বচোর উপাধি পাওয়া বিএনপির এখন বড় গলা' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, 'চোরের মায়ের বড় গলা প্রবাদের মতো এখন বিশ্বচোরদের গলা বড়। বিএনপি দেশকে চারবার একক ও একবার যৌথভাবে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বচোর উপাধি পেয়েছিল। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা, এখন বিশ্বচোরদের মুখপাত্র হচ্ছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।'
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বৃহস্পতিবারের বক্তব্য 'সরকার রিজার্ভ গিলে খেয়েছে' এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাস্তব দৃষ্টান্ত দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির শেষ সময় ২০০৬ সালে রিজার্ভ ছিল ৩.৪৬ বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে তিন বিলিয়নেরও কম। আমাদের নেত্রী, আমাদের সরকার সেটি ৪৪ বিলিয়নে উন্নীত করেছেন। এবং এখন বিশ্ব পরিস্থিতির কারণে, দেশে নানা ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কারণে এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে সেটি ৩৭ বিলিয়নে গেছে। এরপরও বিএনপির সময়ের তুলনায় ১২গুণ বেশি।
২৬/১১-র চক্রীদের পাক সুরক্ষা, সেই তাজে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে অভিযোগ বিদেশমন্ত্রীর -আনন্দবাজার পত্রিকা
১৪ বছর আগে সেখানে পাক জঙ্গিদের হামলায় বয়ে গিয়েছিল রক্তের স্রোত। মুম্বইয়ের সেই তাজ হোটেলে শুক্রবার শুরু হল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস-বিরোধী কমিটির বৈঠক। ২৬/১১ সন্ত্রাসের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের নাম না করে হামলাকারীদের আড়াল করার অভিযোগ তুললেন।
সন্ত্রাসে আর্থিক সহায়তা দমনে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে ‘করণীয়’ পাঁচ দফা প্রস্তাব দেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘সন্ত্রাসে জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ এখনও প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারছে না।’’ চলতি সপ্তাহেই চিনের বাধায় ২৬/১১ সন্ত্রাসের মূল চক্রী তথা লস্কর প্রধান হাফিজ সঈদের ছেলে তলহার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভারত এবং আমেরিকার আনা নিষেধাজ্ঞার প্রস্তাব পাশ হতে পারেনি। পাশাপাশি, লস্করের জঙ্গি সাজিদ মীর, আব্দুল রহমান মাক্কি অথবা জইশ-ই-মহম্মদের নেতা আব্দুল রউফ আসগরকে আন্তর্জাতিক জঙ্গিতালিকাভুক্ত করার জন্য ভারত-আমেরিকার যৌথ প্রয়াস আটকে দিয়েছে চিন।
যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ! মোদিকে নিয়ে বেফাঁস সুকান্ত--সংবাদ প্রতিদিন
যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ।” এমন মন্তব্য করে বিতর্কে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।
বিষয়টা ঠিক কী? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেই অনুষ্ঠানে সৌমিত্র খাঁ-র ‘অযোগ্য’ কটাক্ষের পালটা দিতে গিয়ে মোদি প্রসঙ্গ তুলে বেফাঁস মন্তব্য করে বসেন সুকান্ত। তিনি বলেন, “যোগ্যতা গুরুত্বপূর্ণ নয়, আমরা চা-ওয়ালাকে প্রধানমন্ত্রী করে তা প্রমাণ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ হল বিশ্বাসযোগ্যতা।” অর্থাৎ সুকান্ত মজুমদার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দেশে একের পর এক যা হচ্ছে, সব তো বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রল-ডিজেলের দাম বেশি। মানুষ হাহাকার করছেন। গোটা পরিস্থিতিটাই ওনারা জানেন। সেই কারণেই একথা বলে ফেলেছেন।”
চিনকে রুখতে ভারতেই আস্থা আমেরিকার, প্রকাশ্যে পেন্টাগনের প্রতিরক্ষা নীতি –সংবাদ প্রতিদিন
ক্রমেই বেড়ে চলেছে চিনা আগ্রাসন। তাতেই উদ্বিগ্ন আমেরিকা। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ঘটে যাওয়া গালওয়ান সংঘর্ষকেও মোটেই ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই দেরি না করে এইবেলাই ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে মার্কিন সেনা বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল, বৃহস্পতিবার ‘ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি ২০২২’ বা জাতীয় প্রতিরক্ষা কৌশল নীতি প্রকাশ করে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত এই নীতিতে চিনা আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং ‘ড্রাগন’কে রুখতে ভারতেই ভরসা রেখেছে ওয়াশিংটন। ওই নথিতে স্পষ্ট বলা হয়েছে, “প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়িয়ে তোলা হবে। এভাবে আগ্রাসী চিনকে রুখে দিয়ে ভারত মহাসাগরে মুক্তবাণিজ্য ও নৌচালনার স্বাধীনতা বজায় রাখা হবে।” নথিতে আরও বলা হয়েছে, “আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চিন। নিজের স্বার্থ আদায়ে তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আন্তর্জাতিক পরিকাঠামোয় যেভাবে বদল আনার চেষ্টা করছে তা উদ্বেগের।”