নভেম্বর ১২, ২০২২ ১৪:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন-সরকার রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না: প্রধানমন্ত্রী--প্রথম আলো

  • দেশের মানুষ ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছেন: খাদ্যমন্ত্রী- যুগান্তর 
  • আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে রফতানি বাড়াতে চাই’: বিজিএমইএ সভাপতি -দৈনিক নয়াদিগন্ত
  • যে কারণে বিএনপির সমাবেশে মান্নান শেখ!- মানবজমিন
  • সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান-ফারদিন হত্যার এখনো কোনো ‘ক্লু’ পায়নি ডিবি-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ফুটবল বিশ্বকাপ, ভোটের ‘অজুহাত’, শাহের সন্ত্রাস বিরোধী বৈঠকে যোগ দেবে না অনেক দেশই-আনন্দবাজার পত্রিকা
  • বঙ্গ নেতৃত্বের প্রতি অনাস্থা, সুব্রত চট্টোপাধ্যায়কে ফেরানোর দাবিতে বিজেপির সদর দপ্তরে পোস্টার-সংবাদ প্রতিদিন
  • বৃষ্টির আশঙ্কায় বিশ্বকাপের ফাইনালের নিয়মে কী কী বদল আনা হল? - -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন-সরকার রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না: প্রধানমন্ত্রী-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না, বরং দেশ ও জনগণের স্বার্থে এই টাকা ব্যবহার করে।

আজ শনিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধনকালে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বানানো হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার এ দেশের এক পয়সাও অপচয় করে না। প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে ও কল্যাণে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা সব সময় রিজার্ভের টাকা খরচ নিয়ে প্রশ্ন তোলেন এবং মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘রিজার্ভের টাকা থেকে কোনো অর্থ অপব্যবহার হয় না। বিএনপি নেতারা সব সময় বিষয়টি নিয়ে কথা বলে। কারণ, তাদের নেতা তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি এখন পলাতক আসামি।’

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান-ফারদিন হত্যার এখনো কোনো ‘ক্লু’ পায়নি ডিবি-কালের কণ্ঠ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মাদকসংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ’

হারুন অর রশীদ বলেন, ‘এখানে মাদক সংশ্লিষ্টতা আছে সে কথা আমরা কখনো বলিনি। অথবা এক নম্বর আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি সেই খুন করেছে, এটাও আমার বলছি না। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণ করছি।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডিবিপ্রধান বলেন, ‘ফারদিনের মোবাইলের ডাটা এনালাইসিস ও বিভিন্ন জায়গায় সে যার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তে এখনও হত্যার বিষয়ে কোনো ক্লু পাইনি। ’

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘নিহতের বাবা প্রথমে একটি জিডি করেছিলেন পরে তিনি মামলা করেন। মামলায় এক নম্বর আসামি বুশরাকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি মামলার এফআইআরে তার নাম আসায় আমরা মনে করছি না যে সে-ই দায়ী। সে রিমান্ডে এসেছে, তার সঙ্গে আমরা কথা বলছি। ’

দেশের মানুষ ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছেন: খাদ্যমন্ত্রী- যুগান্তর 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইংল্যান্ডে সাধারণ নাগরিকদের দিনে দুবেলা খাওয়ার রেশনিং করে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মানুষ তিন বেলা পেট পুরে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় স্বার্থকতা। 

শনিবার বেলা ১১টায় জেলার পোরশা উপজেলাধীন মরশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনা সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়। কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। 

তিনি বলেন, বিএনপি সরকারের সময় কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর এখন দেশের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করেছে। এখন দেশে সারের আর কোনো সংকট নাই।

আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে রফতানি বাড়াতে চাই’ : বিজিএমইএ সভাপতি -দৈনিক নয়াদিগন্ত

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা আমাদের কাজ করতে চাই এবং বিশ্ব বাজারে আমাদের রফতানি বাড়াতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি তা করতে পারি তাহলে আমরা নিজেদের সফল বলব।’ শনিবার বিকালে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। এর আগে সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দেশ-বিদেশের মানুষ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা ও সহযোগীরা এই টুর্নামেন্টে যোগ দেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, এই মেগা ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে ব্র্যান্ড করতে চাই এবং আমাদের শিল্পের উদ্ভাবনগুলো তুলে ধরতে চাই।’

যে কারণে বিএনপির সমাবেশে মান্নান শেখ!- মানবজমিন

জ্বালানি তেল আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। আয়ের অনুপাতে ব্যয় বেশি। পরিবারের ভরণপোষণ নিয়ে সংসারে অশান্তি। সব মিলিয়ে অতিষ্ঠ ফরিদপুরের আব্দুল মান্নান শেখ। এজন্য বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ফরিদপুর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন তিনি। কথা হলে তিনি বলেন, পাশেই আমার বাড়ি। গত কয়েক বছর ধরে দ্রব্যমূলের ঊর্ধ্বচাপে অতিষ্ঠ হয়ে গেছি। আর পারছি না। এই সরকার দ্রব্যমূলের দাম বাড়িয়েই যাচ্ছে। কমাতে পারছেন না।

সরকারের লোকজন সিন্ডিকেট করে সবকিছু দাম বাড়িয়েই যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বিপদে আছি। এখন আর এই সরকার চাই না। পরিবর্তন চাই। নতুন সরকার চাই। এজন্য বিএনপির ডাকে বাসায় থাকতে পারিনি। সমাবেশে চলে আসছি। আমার ছেলেরাও সমাবেশে যোগ দিয়েছে।  এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। বেলা ১১ টায় ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বিভাগীয় সমাবেশ। আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।  

ফুটবল বিশ্বকাপ, ভোটের ‘অজুহাত’, শাহের সন্ত্রাস বিরোধী বৈঠকে যোগ দেবে না অনেক দেশই-আনন্দবাজার পত্রিকা

কোনও দেশের যুক্তি ভোট। কারও বা আসন্ন ফুটবল বিশ্বকাপ। এমনই নানা ‘অজুহাতে’ আগামী সপ্তাহে দিল্লিতে আয়োজিত সন্ত্রাস বিরোধী সভায় গরহাজির থাকার কথা জানিয়েছে অন্তত ১৪টি দেশ!

সন্ত্রাসে আর্থিক সহায়তা বন্ধের উদ্দেশ্যে আগামী ১৮-১৯ নভেম্বর দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ (এনএমএফটি) শীর্ষক ওই সভা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যবস্থাপনায় আয়োজিত ওই সভায় থাকবেন অমিত শাহ। ২০১৮ সালে ফ্রান্সের প্যারিসে প্রথম এই আন্তর্জাতিক বৈঠক হয়েছিল। দ্বিতীয় বৈঠক হয় ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ২০২০ সালে এনএমএফটি-র তৃতীয় বৈঠক ভারতে হওয়ার কথা থাকলেও অতিমারি পরিস্থিতির কারণে তা দু’বছর পিছিয়ে গিয়েছিল।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)-এর ধূসর তালিকা থেকে বাদ গিয়েছে পাকিস্তানের নাম। জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে, গত চার বছর অভিযুক্ত পাকিস্তানকে ধূসর তালিকাতে রাখা হয়েছিল। কিন্তু গত এক বছরে ইসলামাবাদ সন্ত্রাসে আর্থিক মদত রুখতে সক্রিতা দেখিয়েছে বলে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ), বিশ্ব ব্যাঙ্ক, ‘এগমন্ট গ্রুপ অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা পরিস্থিতি পর্যালোচনা করে রায় দিয়েছেন।

বঙ্গ নেতৃত্বের প্রতি অনাস্থা, সুব্রত চট্টোপাধ্যায়কে ফেরানোর দাবিতে বিজেপির সদর দপ্তরে পোস্টার-সংবাদ প্রতিদিন

বঙ্গ বিজেপির (BJP) কোন্দল ফের প্রকাশ্যে। বর্তমান রাজ‌্য নেতাদের উপর অনাস্থা প্রকাশ করে এবার সদর কার্যালয়ের সামনে ফের পড়ল পোস্টার। ‘বঙ্গ বিজেপি বাঁচাতে সুব্রতকে চাই’ বলে লেখা রয়েছে পোস্টারে। শনিবার সকাল থেকে সেই পোস্টার ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গেল। এর আগে শুক্রবার নদিয়া-সহ শহরতলির একাধিক জেলায় এই পোস্টার পড়েছিল। যা নিয়ে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে। এবার একেবারে রাজ্য বিজেপি দপ্তরের সামনে এই ব্যানার-হোর্ডিং পড়ল। শনিবার বিজেপির রাজ্য দপ্তরের সামনে এই ব্যানার ও হোর্ডিং পড়েছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ‌্য সাধারণ সম্পাদক (সংগঠন) ছিলেন সুব্রত চট্টোপাধ‌্যায়। বর্তমানে আরএসএসের (RSS) বড় দায়িত্বে রয়েছেন সুব্রতবাবু।

সুব্রত চট্টোপাধ‌্যায়কে (Subrata Chatterjee) বঙ্গ বিজেপির সংগঠনে ফিরিয়ে আনার দাবি নেপথ্যে যুক্তিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে (Loksabha Election) যে ১৮টি আসন বিজেপি পেয়েছিল তার পিছনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুব্রতবাবু। সেই সময়ে দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ‌্যায় জুটির হাত ধরেই সাফল‌্য পেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু দিলীপ ঘোষ ও সুব্রতবাবুকে বাংলায় দলের দায়িত্ব থেকে সরানোর পরই বঙ্গ বিজেপিতে ক্ষোভ-বিক্ষোভ চরমে উঠেছে। দুর্বল হয়েছে সংগঠন। বর্তমান রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীদের নেতৃত্বকে ‘অযোগ‌্য’ বলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলের অনেকেই।

বৃষ্টির আশঙ্কায় বিশ্বকাপের ফাইনালের নিয়মে কী কী বদল আনা হল? -আজকাল

টি-২০ বিশ্বকাপ ফাইনালের আকাশে কালো মেঘ।

রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। পরের দিন রিজার্ভ ডে রয়েছে। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই ফাইনালের নিয়মে বেশ কয়েকটা বদল আনল আইসিসি। শনিবার এই পরিবর্তনের বিস্তারিত ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। রবিবার এমসিজিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং পাকিস্তান। রিজার্ভ ডে থাকলেও সেদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই কয়েকটা নতুন নিয়ম আনা হল। আইসিসির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই ঘণ্টার জায়গায় প্লেয়িং টাইম চার ঘণ্টা বাড়িয়েছে ইভেন্ট টেকনিক্যাল কমিটি। যাতে ম্যাচ শেষ করা যায়। প্লেয়িং কন্ডিশনের ১৩.৭.৩ ধারা অনুযায়ী রিজার্ভ ডে-তে হাতে অতিরিক্ত দুই ঘণ্টা রাখা হয়। সেটা আরও বাড়তি দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। যাতে ম্যাচের ফয়সালা হয়। ম্যাচের রেজাল্ট হতে অন্তত দুই দলকে দশটা করে ওভার খেলতে হবে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে,  'ম্যাচের রেজাল্ট পেতে অন্তত দুই দলকে দশ ওভার করে খেলতে হবে। প্রয়োজনে ওভার কমিয়ে হলেও নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। যদি ম্যাচের নির্ধারিত দিনে সেই পর্যাপ্ত ওভার শেষ করা সম্ভব না হয়, তবেই ম্যাচ রিজার্ভ ডে-তে গড়াবে। সেদিন ম্যাচ ভারতীয় সময় সকাল সাড়ে ন'টায় শুরু হবে। আগের দিন খেলা যেখানে শেষ হবে, পরের দিন সেখান থেকেই শুরু হবে।' রবিবার ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট ধার্য করা হয়েছে। কিন্তু সোমবার,‌ অর্থাৎ রিজার্ভ ডে-র দিন চার ঘণ্টা অপেক্ষা করা হবে। ম্যাচ শেষে দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারে ফয়সালা হবে। কিন্তু আবহাওয়ার জন্য সেটাও সম্ভব না হলে, পাকিস্তান এবং ইংল্যান্ডকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।