জুন ১০, ২০১৬ ১৪:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত–ইত্তেফাক

লিংক থাকলে খালেদার বিরুদ্ধেও ব্যবস্থা: শেখ সেলিম-প্রথম আলো

মোটরসাইকেলে শিশুও ওঠানো যাবে না: পরিবহনমন্ত্রী- মানবজমিন

খালেদা জিয়া কোনো ভদ্রতার পরিচয় দেননি : বাণিজ্যমন্ত্রী-কালের কন্ঠ

দেশজুড়ে পুলিশি অভিযান তিন দিনে বন্দুকযুদ্ধে নিহত ৯ -বাংলাদেশ প্রতিদিন

২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবি -নয়া দিগন্ত

গুম খুন-হত্যায় আওয়ামী লীগ জড়িত: খালেদা জিয়া-সমকাল

পাবনায় সেবাশ্রমের সেবককে কুপিয়ে হত্যা - যুগান্তর

পাঁচ সংস্থার তদন্তে ৫ দিনেও ফলাফল শূন্য--ইনকিলাব

কোলকাতা:

সরকারের মধ্যে সমন্বয়ের অভাব, সরব বিরোধীরা-বর্তমান

নিরাপত্তাহীনতা ও গণপিটুনিতে পশ্চিমবঙ্গ এয়ে-এইসময় অনলাইন

বিদেশিনী ধর্ষণে ৫ জনের যাবজ্জীবন-আজকাল

প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নে জল ঢালতে নেমেছে চিন– আনন্দবাজার

উন্নয়নের স্বার্থে মন্ত্রীদের অভিনব ‘আইডিয়া’ চান মমতা-সংবাদ প্রতিদিন

 

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে গতকাল পুলিশ সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। তো প্রথমে এ সম্পর্কিত খবর তুলে ধরছি।

দৈনিক ইত্তেফাক, প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে বলা হয়েছে-

‘সাঁড়াশি অভিযানের নামে বিএনপির ওপর চড়াও হওয়ার শঙ্কা ফখরুলের

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকারবিরোধী দলের ওপর চড়াও হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলমাম আলমগীর।

তিনি বলেন, এই ধরনের সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ৯ জন ইতিমধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যেই কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারো বিরোধী দলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ঘোলা পানিতে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।’

মির্জা ফখরুলের আরেকটি বক্তব্য ছাপা হয়েছে- প্রথম আলোতে। শিরোনামটি এরকম- রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার ইঙ্গিতে হত্যা

গুপ্তহত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি পাল্টা অভিযোগ করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার ইঙ্গিতেই এসব হত্যাকাণ্ড ঘটছে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, দুটি দল গুপ্তহত্যায় নেমেছে। তাঁর কাছে এ বিষয়ে তথ্য আছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘অধিকাংশ হত্যাকাণ্ড প্রকাশ্যে ঘটেছে। এসব ঘটনার কোনো হদিস বের করতে না পেরে চরম ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন।

ফখরুল দাবি করেন, সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য উসকানিমূলক, অনভিপ্রেত, মিথ্যা ও বানোয়াট।প্রধানমন্ত্রীর এই বক্তব্য জঙ্গিবাদকে রেহাই দেওয়ারই শামিল।

লিংক থাকলে খালেদার বিরুদ্ধেও ব্যবস্থা: শেখ সেলিম-প্রথম আলো

গুপ্তহত্যাকারীদের দমনে আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্সে আছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, ‘এ ঘটনায় যেই জড়িত হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি খালেদা জিয়ার কোনো লিংক থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করতেই এ পথ বেছে নিয়েছে তারা : ইনু -কালের কন্ঠ

ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া 'উম্মাদ' হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এ জন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তিনি (খালেদা)। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ সরকারের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পাবনায় সেবাশ্রমের সেবককে কুপিয়ে হত্যা -যুগান্তর

পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিনি প্রায় ৩৮ বছর এই আশ্রমের সেবক হিসেবে কর্মরত ছিলেন। তবে কারা, কী কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে, তা জানাতে পারেননি ওসি।

প্রধানমন্ত্রী কঠোর হাতে গুপ্তহত্যা দমন করবেন : ভারতীয় কূটনীতিক-প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি ও তথ্য) রাজেশ উকাই বলেছেন, বাংলাদেশে ধারাবাহিক গুপ্তহত্যার মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। ভারত মনে করে, সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে দমন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন। তখন দেশের সংখ্যালঘুদের আতঙ্কও দূর হয়ে যাবে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি আঙিনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজেশ উকাই এ কথা বলেন।

ভারতীয় এই কূটনীতিক আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ অর্জনকে আরও কাজে লাগাতে হবে।

কিসের ভিত্তিতে গুন্নু গ্রেফতার জানতে চায় আদালত পাঁচ সংস্থার তদন্তে ৫ দিনেও ফলাফল শূন্য-ইনকিলাব

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যা মামলার তদন্তে পথ হারিয়েছে পুলিশ। পুলিশসহ ৫টি সংস্থা চাঞ্চল্যকর মামলাটি তদন্ত করছে। ৫ দিনে তাদের তদন্তের ফলাফল এখনও শূন্য। তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী লোমহর্ষক এ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করা যায়নি। চিহ্নিত কিংবা গ্রেফতার করা যায়নি খুনীচক্রের সদস্যদের। গত রোববার সকালে বন্দরনগরীর ব্যস্ততম জিইসি মোড়ের অদূরে ও আর নিজাম রোডে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

কাবুলে জঙ্গিরা তুলে নিয়ে গেল কলকাতার মেয়েকে-আনন্দবাজার

কাবুলে জঙ্গিরা অপহরণ করল কলকাতার এক মহিলাকে। নাম জুডিথ ডি’সুজা (৪০)। বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার সকালে এই খবর জানানো হয়েছে।

জুডিথ কাবুলে একটি আন্তর্জাতিক সংস্থায় মহিলা ও শিশুদের উন্নয়নের জন্য কাজ করেন। কলকাতার এন্টালিতে বাড়ি তাঁর। তাঁর মুক্তিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক থেকে কাবুল সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রক উদ্বিগ্ন। এ ঘটনার পর সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

বিদেশিনী ধর্ষণে ৫ জনের যাবজ্জীবন-আজকাল

দিল্লিতে ডেনিশ মহিলা পর্যটককে ধর্ষণের অপরাধে পাঁচ দোষীর যাবজ্জীবন কারাদণ্ড হল। ২০১৪ সালের ১ জানুয়ারি দিল্লিতে আসেন ওই ডেনমার্কের মহিলা। ১৩ জানুয়ারি পাহাড়গঞ্জের একটি হোটেলে যান। পরের দিন, ১৪ জানুয়ারি ফেরার রাস্তা হারিয়ে গেলে একদল লোককে রাস্তা চিনিয়ে দিতে বলেন। তাঁরাই একটি রেল স্টেশনের সামনে থেকে ৫২ বছরের সেই বিদেশিনীকে তুলে নিয়ে যায় একটি নির্জন জায়গায়। গলায় ছুরি ঠেকিয়ে সম্পত্তি কেড়ে নেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ তাঁর উপর শারীরিক অত্যাচার চালায় দল বেঁধে। অভিযোগ পেয়ে পুলিস গ্রেপ্তার করে ৩ নাবালকসহ ৯ জনকে। বিচার চলাকালীনই মৃত্যু হয় একজনের। তিন বালকের বিচার চলছে নাবালক কোর্টে। শুক্রবার বাকি পাঁচ অভিযুক্ত মহেন্দ্র, মহম্মদ রাজা, রাজু, অর্জুন ও রাজু চাক্কার শাস্তি ঘোষণা করে দিল্লির একটি আদালত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০‌ ‌‌