ডিসেম্বর ০৭, ২০২২ ১১:১০ Asia/Dhaka

পাঠক! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৭ ডিসেম্বর (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। তবে ঢাকার দৈনিকগুলোতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সংক্রান্ত খবর বিশেষ গুরুত্ব পেয়েছে।

আসরের শুরুতেই ঢাকা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি।

  • বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের: ইনকিলাব
  • ১০ ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা যুক্তরাজ্যের- সমকাল
  • বিএনপির গণসমাবেশ: ১০ ডিসেম্বর ঘিরেই বিশেষ অভিযান- প্রথম আলো
  • বিএনপিকে আবারও অনুরোধ করলো ডিএমপি- ইত্তেফাক
  • বিকল্প প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবো: মির্জা আব্বাস-নয়াদিগন্ত
  • সোহরাওয়ার্দীতে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, সেখানে যেতে বিএনপির অনীহা কেন: তথ্যমন্ত্রী –যুগান্তর
  • 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়', জাতিসংঘের রেজুলেশনে যুক্ত হলো: দৈনিক বাংলা
  • রোহিঙ্গা নির্যাতন: বর্মী বাহিনীর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করছে আইসিসি- মানবজমিন

ভারতের পত্রপত্রিকার শিরোনাম

  • দিল্লি পুরসভাতেও ঝাড়ু-ঝড়ে কাত বিজেপি! দেড় দশক পর ক্ষমতা হারানোর মুখে বিজেপি- সংবাদ প্রতিদিন
  • মমতাদের সঙ্গে সর্বদল বৈঠকের উষ্ণতা সংসদেও চান মোদী, অধিবেশনের আগে বার্তা বিরোধীদের- আনন্দবাজার
  • বারুইপুর জেলে ৪ মুসলিমের রহস্যমৃত্যু-পুবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের: ইনকিলাব

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

১০ ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা যুক্তরাজ্যের- সমকাল

আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য। সেই সঙ্গে সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি।

মঙ্গলবার ব্রিটিশ সরকারের ফরেন ট্রাভেল অ্যাডভাইজরিতে যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকায় সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

বিএনপির গণসমাবেশ: ১০ ডিসেম্বর ঘিরেই বিশেষ অভিযান- প্রথম আলো

১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুলিশের ‘বিশেষ অভিযান’ চলছে বলে মনে করে বিএনপি। দলটি বলছে, তালিকা ধরে তাদের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা ও সংগঠকদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতারা অভিযানের প্রধান লক্ষ্যবস্তু। প্রায় প্রতি রাতে বিভিন্নজনের বাড়িঘরে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুসারে, বিশেষ অভিযানে গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিএনপিকে আবারও অনুরোধ করলো ডিএমপি- ইত্তেফাক

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, তাদেরকে (বিএনপি) নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এবিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।

বিকল্প প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবো: মির্জা আব্বাস-নয়াদিগন্ত

সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়া পল্টনেই বিএনপি সমাবেশ করবে।

বুধবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 ‘সোহরাওয়ার্দীতে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, সেখানে যেতে বিএনপির অনীহা কেন: যুগান্তর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। আমাদের নেতাকর্মীদেরও কর্তব্য আছে। ১০ ডিসেম্বর কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে তারা দেশের মানুষকে নিয়ে তাদের প্রতিহত করবে। সরকার সারা দেশে বিএনপির সমাবেশে নিরাপত্তা দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানেও দেবে।

বিএনপির ঢাকার সমাবেশ নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, জাতিসংঘের রেজুলেশনে যুক্ত হলো: দৈনিক বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ এই ঐতিহাসিক উক্তিটি জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস-২০২৩’ শিরোনামে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৪তম অনুচ্ছেদে প্রস্তাব আকারে অন্তর্ভুক্ত করা হয়। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, কোভিড-পরবর্তী বিশ্ব ব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতিসংঘের প্ল্যানারিতে তুর্কমেনিস্তান এই রেজুলেশনটি উত্থাপন করলে সর্বসম্মতিতে গৃহীত হয়।

রোহিঙ্গা নির্যাতন: বর্মী বাহিনীর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করছে আইসিসি- মানবজমিন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার ঘটনায় বর্মী বাহিনীর মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে অনলাইনে আলোচনার মাধ্যমে সাধারণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি প্রমাণাদি সংগ্রহের কাজও চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে প্রথম বার্ষিক প্রতিবেদনে করিম খান এসব তথ্য জানান। সোমবার আইসিসির বার্ষিক সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে।

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত:

দিল্লি পুরসভাতেও ঝাড়ু-ঝড়ে কাত বিজেপি! দেড় দশক পর ক্ষমতা হারানোর মুখে বিজেপি- সংবাদ প্রতিদিন

ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। সেই সম্ভাবনাকে সত্য়ি করে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার বিজেপির (BJP) থেকে ছিনিয়ে নিতে চলেছে আম আদমি পার্টি (AAP)। এখনও পর্যন্ত ২৫০ আসনের মধ্যে ১৩২টি আসনে হয় জিতেছে নয়তো অনেক ব্যবধানে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল। সবকিছু ঠিক থাকলে এই ‘ট্রেন্ড’ বজায় রেখে ঝাড়ু-ঝড়ই যে শেষ পর্যন্ত বজায় থাকবে সে ব্যাপারে একরকম নিশ্চিত ওয়াকিবহাল মহল। ফলে দেড় দশক পর বিজেপির হাতছাড়া হতে চলেছে দিল্লি পুরসভা।

মমতাদের সঙ্গে সর্বদল বৈঠকের উষ্ণতা সংসদেও চান মোদী, অধিবেশনের আগে বার্তা বিরোধীদের- আনন্দবাজার

সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সাংসদদের একটি আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশে তিনি বললেন, ‘‘সম্প্রতি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জি২০ সংক্রান্ত বৈঠকে দেখা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। আশা করব ওই সৌহার্দ্যের উষ্ণতা সংসদের অধিবেশনেও বজায় থাকবে।’’ বিরোধী দলের জনপ্রতিনিধিদের মোদী বলেন, ‘‘বিরোধিতা তো থাকবেই, কিন্তু অধিবেশনের প্রথম দিনটিতে অন্তত চেষ্টা করুন যাতে সংসদে ঐকমত্য থাকে। কারণ পার্লামেন্টের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত করাটা কখনওই নিয়ম হয়ে দাঁড়াতে পারে না।’’ যদিও মোদীর এই আর্জির পরও সংসদের অধিবেশন শুরু হতে না হতেই অধিবেশন মুলতবি করার একাধিক প্রস্তাব জমা পড়ে।

বারুইপুর জেলে ৪ মুসলিমের রহস্যমৃত্যু-পুবের কলম

গত জুলাই মাসের শেষ সপ্তাহ ও আগস্ট মাসের প্রথম দিকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগরের চার বন্দিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। পরিবারের তরফে দাবি করা হয়েছিল, তাদের কিছু না বলেই পুলিশ চারজনকে গ্রেফতার করে মিথ্যা কেস দিয়েছিল। শুধু তাই নয়, জেলের মধ্যে অকথ্য অত্যাচার করার পর মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ তুলেছিল মানবাধিকার সংগঠন এপিডিআর। সেই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হয় সেই সংগঠন। এবার তারই শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ছিল প্রথম শুনানি। তাতে আদালতের কাছে ঘটনার বিষয়ে জবাব দিতে সময় চেয়েছে রাজ্য প্রশাসন।

এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এপিডিআর-এর দায়ের করা মামলার শুনানি হয়। মামলাকারী সংগঠনের তরফে দাবি জবাব দিতে কোর্টের কাছে সময় চাইল রাজ্য প্রশাসন করা হয়, পুলিশ চার বন্দিকে খুন করেছে। চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়নি। এপিডিআর-এর করা সেই মামলার প্রেক্ষিতে সরকারকে কাছে রিপোর্ট তলব করে আদালত। এজন্য সরকারপক্ষ সময় চেয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭