'ব্যাংক খাত নিয়ে গুজব রটনার দায়ে ৫ জন গ্রেপ্তার’
দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলাই তাদের উদ্দেশ্য
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৯ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- এক অফিসেই দিনে ঘুষ ১০ লাখ টাকা-যুগান্তর
- স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক যুবলীগ নেতাকে পুলিশ দিল এলাকাবাসী-প্রথম আলো
- যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিলো : পররাষ্ট্র প্রতিমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-ইত্তেফাক
- সরকার পক্ষের কেউ রক্ষা পাবে না: গয়েশ্বর-মানবজমিন
- তরুণ-তরুণীদের দেখে ‘হাসাহাসি’, স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা!-কালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- দাম্পত্য কলহের জের! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল-সংবাদ প্রতিদিন
- মেয়র পদ ঘিরে ধুন্ধুমার দিল্লিতে, বিক্ষোভে আপ-আনন্দবাজার
- বিচারপতি মান্থার এজলাস আটকে বিক্ষোভ, সংঘাত আইনজীবীদের মধ্যে!-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস মঙ্গলবার (১০ জানুয়ারি)। পাকিস্তানের কারাগারের থেকে ১৯৭২ সালের এই দিনে মুক্ত হয়ে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন তিনি।বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বরাবরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিলো : পররাষ্ট্র প্রতিমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যে অ্যাংগেজমেন্ট, সেটা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিলো।’‘যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়ত কারও আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে পানি ঘোলা করে মাছ শিকারে উদ্যোগ নিয়েছিল বিএনপি-জামায়াত।’ আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা সরকারের জন্য অস্বস্তি তৈরি করে। নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। তাছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ সরকারের জন্য নতুন এক অস্বস্তি সামনে এনেছে।
'ব্যাংক খাত নিয়ে গুজব রটনার দায়ে ৫ জন গ্রেপ্তার’ -মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, সম্প্রতি এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটনার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।ডিবি প্রধান বলেন, কতিপয় ব্যক্তি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মনগড়া মিথ্যা তথ্য প্রচার করে দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ডিএমপি ঢাকার ডিবি সাইবার মনিটরিং টিমের নজরে বিষয়টি আসে। এ নিয়ে অধিকতর তদন্ত করে দেখা যায়, গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাত ব্যক্তিরা দেশে ও দেশের বাহিরে অবস্থানরত স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় দেশের আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মনগড়া তথ্য উপাত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ দেশের বিভিন্ন স্থানে প্রচার করছেন।
তিনি আরও বলেন, 'ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক। দেশ বিরোধী চক্র সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং খাত নিয়ে আস্থার সংকট তৈরি করার চেষ্টা করছিল। এই চক্রের মূল উদ্দেশ্য, দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা।
'গ্রেপ্তারকৃতরা এস আলম গ্রুপসহ স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নামে ব্যাংকিং সংক্রান্ত মিথ্যা অপপ্রচার ও গুজব চালিয়ে আসছে। তারা প্রবাসীদের রেমিট্যান্স না পাঠানোর বিষয়েও প্রচারণা চালিয়ে আসছিলেন।
প্রথম আলোর খবর, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুস সালাম (৪৬) নামের যুবলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার রাত আটটার দিকে তাঁকে পুলিশে দেওয়া হয়। রাতেই তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার ওই যুবলীগ নেতাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
বসবাসের অযোগ্য যোশিমঠ, ঘোষণা উত্তরাখণ্ডের, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ক্রমেই আতঙ্ক বাড়ছে যোশিমঠের ভাঙন ঘিরে। রবিবার যোশিমঠকে বসবাসের অযোগ্য হিসাবেই ঘোষণা করা হয়েছে। এখানকার পৌর এলাকাগুলিকে ‘বিপর্যস্ত’ তকমা দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ধামির কাছে। ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে প্রায় ৫৬১টি বাড়িতে এবং যোশিমঠ-মালারি সড়কেও। ভারত-চিন সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তাজুড়ে নানা স্থানেই দেখা যাচ্ছে বড় বড় ফাটল। পরিস্থিতি পর্যালোচনায় এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রধানমন্ত্রীর দপ্তরে।
আত্মঘাতী স্কোয়াড গড়ে ছিল হামলার ছক, ধৃত ২ সন্দেহভাজন জঙ্গিকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য-গণশক্তি, সংবাদপ্রতিদিনসহ বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, টিকিয়াপাড়া থেকে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গিকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পর্যাপ্ত অস্ত্র আর বিস্ফোরক জোগাড় করে হামলার ছক ছিল মহম্মদ সাদ্দাম ও সঈদ হোসেনের, এমনটাই খবর কলকাতা এসটিএফ সূত্রে। পুলিশের তরফে আরও জানা গিয়েছে, পাকিস্তান-মধ্য়প্রাচ্যের জেহাদিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সাদ্দাম। টেলিগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংকেতিক ভাষা বা গোপন কোডে চলত তথ্য আদান-প্রদান। গত ২ বছর ধরে আইসিস বা ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সঙ্গেও সাদ্দামের ভালরকম যোগাযোগ তৈরি হয়েছিল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম টেকের পড়ুয়া সাদ্দামের ফোন ও ল্য়াপটপেও মিলেছে বিস্ফোরক ছবি-ভিডিও। জেহাদিদের হত্য়ার নৃশংস ভিডিও রাখা ছিল সেখানে।
সংবাদ প্রতিদিন: দাম্পত্য কলহের জেরে চরম সিদ্ধান্ত নিলেন ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক। স্ত্রীকে খুনের পর গুলি চালিয়ে আত্মঘাতী হলেন তিনি। পাঞ্জাবের (Punjab) ফিরোজপুরের (Ferozepur) বাসিন্দা ওই আধিকারিকের বাড়ি থেকে সুইসাইট নোট উদ্ধার হয়েছে। যেখানে তিনি স্ত্রীকে খুনের কথা জানিয়েছেন।সোমবার ভারতীয় সেনা সূত্রে প্রকাশ্যে এসেছে লেফটেন্যান্ট কর্নেল (Lieutenant Colonel) ও তাঁর স্ত্রীর মৃত্যুর কথা। তবে সেনা আধিকারিকের নাম জানানো হয়নি। পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন তিনি। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। তাঁদের মধ্যে মাঝেমাঝেই ঝগড়া হত। এমনকী দম্পতি নিয়মিত কাউন্সিলিং করাতেন। রবিবার রাতেও চরম অশান্তি হয় কর্নেল ও তাঁর স্ত্রীর মধ্যে। এরপরেই তিনি স্ত্রীকে হত্যা করেন। পরে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন। কর্নেলের বাড়ি থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।তবে ঠিক কী ধরনের অশান্তি ছিল লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর স্ত্রীর মধ্যে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে সেনা ও পাঞ্জাব পুলিশ। সোমবারই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেনার তরফে ওই সেনা আধিকারিকের নাম প্রকাশ্যে আনা হয়নি।
ময়নাতদন্তের দেহ চলে গেল ডাক্তারি পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (R G Kar Medical College) এই ঘটনায় বিস্মিত, হতচকিত চিকিৎসক মহল। আমজনতার অভিমত, চূড়ান্ত মানবধিকার লঙ্ঘন হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও অধ্যাপকদের নির্দশনযোগ্য শাস্তির দাবি তুলেছেন তাঁরা।অভিযোগের আঙুল উঠেছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর নির্দেশেই নাকি ময়নাতদন্তের জন্য আনা দেহ পাঠানো হয়েছিল ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে।
্আনন্দবাজার পত্রিকা-মেয়র নির্বাচন ঘিরে দিল্লি পুরসভায় আম আদমি পার্টি (আপ) এবং বিজেপি কাউন্সিলরদের সংঘাত এ বার ‘নেমে এল রাজপথে’। তার জেরে সোমবার কার্যত অচালবস্থা তৈরি হল রাজধানী দিল্লিতে। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে জলকামান ব্যবহার করতে হল দিল্লি পুলিশকে। ঘটনার ফলে দেশের রাজধানী অঞ্চলে এ বার নতুন করে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯