জুন ১৪, ২০১৬ ১৪:৪৫ Asia/Dhaka
  • 'চারদিনে গ্রেফতার সাড়ে ১১ হাজার: কারাগারগুলোর করুণ অবস্থা'

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি গাজী আবদুর রশীদ ও সোহেল আহমেদ। আজ ১৪ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

‘বিএনপির বক্তব্যই প্রমাণ করে গুপ্তহত্যায় তারা জড়িত’–ইত্তেফাক

‘প্রধানমন্ত্রী গুপ্তহত্যাকারীদেরও সংসদে আনতে পারেন’-প্রথম আলো

'প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে' -কালের কন্ঠ

বাগেরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গুলি- মানবজমিন

উদ্ধার হচ্ছে না বুড়িগঙ্গা, উল্টো ব্যয় বাড়লো ২ শ' কোটি টাকা -নয়া দিগন্ত

ইউপি নির্বাচনে নিহত ১৪২, নিহত পরিবারের পাশে কেউ নেই-বাংলাদেশ প্রতিদিন

ঈদে যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার স্বেচ্ছাসেবক: ওবায়দুল কাদের-সমকাল

সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১ হাজার ছাড়ালো- যুগান্তর

বাংলাদেশে পুলিশের গ্রেফতারে নজর রাখা হচ্ছে, হত্যাকান্ড বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ -ইনকিলাব

কোলকাতা:

ভারতে ঢুকে পড়ল চিনা সেনা-সংবাদ প্রতিদিন

বরুণকে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার চাপ -বর্তমান

৫ মিনিটে গাড়ির নীচে তিনজনকে পিষল নেশাগ্রস্ত তরুণ-এইসময়

ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৪৭ মাওবাদীর। তাদের মধ্যে ১৫ জন মহিলা-আজকাল

গণতন্ত্র এখন উড়তা পঞ্জাবের পাখায় সওয়ার– আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জাসদ এবং তথ্যমন্ত্রী ইনুকে নিয়ে আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ সম্পর্কে প্রথম আলোর কয়েকটি খবর তুলে ধরছি।

‘সৈয়দ আশরাফকে থামান, প্রধানমন্ত্রীকে জাসদ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ‘থামাতে’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন জাসদ নেতারা। তারা বলেছেন, এ ধরনের কাদা-ছোড়াছুড়ি ১৪-দলীয় জোটের ঐক্য বিনষ্ট করবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক সভায় জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা ১০০ ভাগ ভণ্ড বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, জাসদ থেকে মন্ত্রী করায় আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আজ এসব কথা বললেন জাসদ নেতারা।

এদিকে, ১৪-দলীয় জোটে জাসদের অবস্থান নিয়ে অন্ধকারে আওয়ামী লীগের নেতারা। জাসদ নিয়ে হঠাৎ দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পেছনের কারণ খুঁজছেন দলটির নেতারা।

তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে, জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নয়া দিগন্তের শিরোনাম: বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী : আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব গণমাধ্যমে প্রকাশিত সৈয়দ আশরাফুল ইসলামের জাসদ প্রসঙ্গে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য-অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দী করে, উপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে-জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো।

‘প্রধানমন্ত্রী গুপ্তহত্যাকারীদেরও সংসদে নিয়ে আসতে পারেন-মানবজমিন

জাসদকে সংসদে নিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আসম ফিরোজ রশীদ। তিনি বলেছেন, অবস্থা দেখে মনে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনকার গুপ্তহত্যাকারীদেরও ভবিষ্যতে সংসদে নিয়ে আসতে পারেন। আজ দুপুরে সংসদের আইন প্রণয়ন কাজ শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফিরোজ রশীদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন।

এবারে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান সম্পর্কিত খবর।

প্রথম আলোর শিরোনাম-চার দিনে গ্রেপ্তার সাড়ে ১১ হাজার

দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের চতুর্থ দিনে সারা দেশে ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে গত চার দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো ১১ হাজার ৬৮৪ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে রয়েছে ১৪৫ জন। গত শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। আজ অভিযানের পঞ্চম দিন চলছে।

এদিকে সাঁড়াশি অভিযান চলাকালীন-যশোরে টহলরত এএসআইকে কুপিয়ে জখম, অস্ত্র লুট-মানবজমিন

যশোর-বেনাপোল রোডে মোবাইল টিমে ডিউটিরত অবস্থায় ঝিকরগাছা থানার এএসআই তৌহিদুল ইসলামকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার ম্যাগজিনসহ পিস্তল, নগদ টাকা এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

কারাগার পরিস্থিতি: ধারণ ক্ষমতার চেয়ে ৪০০০০ বেশি বন্দি-মানবজমিন

জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে গত তিনদিনে গ্রেপ্তার ছাড়িয়েছে ৮ হাজারেরও বেশি। অতিরিক্ত বন্দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারা দেশের ৬৮ কারাগার উপচে পড়ার উপক্রম হয়েছে। এমনিতেই কারাগারগুলোতে ধারণক্ষমতার চাইতে দ্বিগুণ বন্দি রয়েছে। তারপর আবার দুই দফা বিশেষ অভিযানের নামে একসঙ্গে এত লোক গ্রেপ্তারে কারাগারগুলোতে করুণ অবস্থা বিরজা করছে। দেশের ৬৮ কারাগারের ধারণক্ষমতা মাত্র ৩৪ হাজার ৬৮১ জনের। সেই হিসেবে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে প্রায় ৪০ হাজার বেশি বন্দি রয়েছে কারাগারগুলোতে। সূত্র বলছে, ধারণক্ষমতার চাইতে দ্বিগুণেরও বেশি বন্দি হওয়ায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বন্দিদের। মানবাধিকারকর্মীরা বলছেন, কারাগারে বন্দিদের যে অধিকার তা প্রতিপালন করা না হলে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বর্তমানে কারাগারগুলোতে সেই অবস্থাই চলছে।

বিএনপির বক্তব্যই প্রমাণ করে গুপ্তহত্যায় তারা জড়িত’-ইত্তেফাক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের বিরুদ্ধে বিএনপির বক্তব্যই প্রমাণ করেছে, গুপ্তহত্যার সঙ্গে বিএনপি জড়িত। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি এখন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, আমার প্রশ্ন অভিযান হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু বিএনপির এতো মাথা ব্যাথ্যা কেন? প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা বলছে সরকার নাকি বিএনপিকে দমন করতে চাইছে।প্রকৃতপক্ষে তাদের (বিএনপি) বক্তব্যই প্রমাণ করেছে এসব গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামাত জড়িত।

মুক্তাগাছায় ‘বাংলা ভাইয়ের সহযোগী’গ্রেপ্তার-প্রথম আলো

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে গরিবুল্লাহ আকন্দ নামের এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি বাংলা ভাইয়ের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন।

মুক্তাগাছা থানার পুলিশ জানায়, আজ সকালে মুক্তাগাছা উপজেলার দুল্লা গ্রামের নিজের বাড়ি থেকে গরীবুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত পরিবারের পাশে কেউ নেই: ইউপি ভোটে সহিংসতায় প্রাণ গেল ১৪২ জনের, বিচার পাওয়া নিয়ে সংশয়-বাংলাদেশ প্রতিদিন

জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ে বিপুল ভোটে বিজয়ী হন এ কে আজাদ নামে এক যুবক। ভোটের লড়াইয়ে বিজয়ী হলেও শেষ রক্ষা হয়নি তার। মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ দিতে হলো তার। এলাকার ভোটারসহ সর্বস্তরের মানুষের প্রশ্ন— আজাদ হত্যার বিচার কি হবে? গাইবান্ধার সাদুল্যাপুরে নির্বাচনী সহিংসতায় নিহত নৈশপ্রহরী লেবু মণ্ডল। তার স্ত্রী শাহিদা বেগমের প্রশ্ন— ‘আমার স্বামী তো রাজনীতি করে না, তাহলে কেন গুলি খেয়ে মরতে হলো? আমি স্বামী হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই। এদিকে গতকালও নির্বাচনী সহিংসতায় নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামে এক কৃষক নিহত হন। শুধু ওই দুজনই নন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গতকাল পর্যন্ত প্রাণ গেছে ১৪২ জনের। আদৌ কি এসব হত্যার বিচার হবে— ঘুরেফিরে এমন প্রশ্নই সবার।

‘সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে’-ইত্তেফাক/প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। মঙ্গলবার সংসদে তিনি এই কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, সকল মিডিয়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে- সরকার সবময় এমনটাই আশা করে থাকে। তবে, অবাধ স্বাধীনতাভোগের সুযোগে কোন কোন পত্রিকা জনহিতকর ও বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রতিবেদন প্রকাশের পরিবর্তে অসত্য সংবাদ প্রকাশ করে থাকে, যা হলুদ সাংবাদিকতার নামান্তর।

রানা প্লাজা ধসের মামলার বিচার শুরু-মানবজমিন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানা, তার বাবা ও মাসহ ১৮ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৩শে অগাস্ট দিন ঠিক করে দেন। বিপুল হতাহতের ঘটনায় বিশ্বকে নাড়িয়ে দেয়া রানা প্লাজা ধসের তিন বছর পর এই প্রথম কোন মামলায় আসামিদের বিচার শুরু হলো অভিযোগ গঠনের এই আদেশের মধ্য দিয়ে।

মৃত্যুর ২৫ বছরের মধ্যে ময়না তদন্ত করলেও মৃত্যুর কারণ চিহ্নিত করা সম্ভব-ইত্তেফাক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় দফা ময়না তদন্ত প্রতিবেদনেও মৃত্যুর কারণ জানা যায়নি। এতে করে বিভিন্ন মহলে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের অভিজ্ঞ চিকিত্সকরাও এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশের চিকিত্সা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। আমাদের দুর্ভাগ্য আমরা এখনো মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এদিকে মেডিক্যাল বোর্ডের সদস্যরা ঘটনার পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে পুলিশকে অধিকতর তদন্তের পরামর্শ দিয়েছেন। এছাড়া মৃত্যুর আগে ধর্ষণ নয় তার সঙ্গে ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক পরামর্শক ও বর্তমানে ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া ও সুদানের ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত এবং ইন্দো প্যাসিফিক এসোসিয়েশন অব ল মেডিসিন এন্ড সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোজাহেরুল হক এ প্রসঙ্গে বলেন, যদি শরীরের কোনো অংশে, বিশেষ করে হাড়ে কোনো ইনজুরি থাকে তাহলে তৃতীয় দফা ময়না তদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব। মৃত্যুর ২৫ বছরের মধ্যে ময়না তদন্ত করলেও মৃত্যুর কারণ চিহ্নিত করা সম্ভব। তবে অন্য কোনো ইনজুরির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

জানা গেছে, এতদিন ডিএনএ রিপোর্টের কারণে তনুর ময়না তদন্তের প্রতিবেদন দিতে দেরি হয়। অথচ বিশেষজ্ঞরা বলে আসছিলেন, ডিএনএ প্রতিবেদনের সঙ্গে মৃত্যুর কারণের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে সিআইডি পুলিশ এতদিন বলেছে, তনুর খুনিদের শনাক্ত করা হয়েছে। তবে কিছু কারণে খুনিদের গ্রেফতার করা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদনের কারণেই তনুর হত্যা রহস্য ঝুলে রয়েছে। তবে দ্বিতীয় দফা ময়না তদন্তের প্রতিবেদন দেওয়ার পরেও এই হত্যা রহস্যের জট খুলেনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড-প্রথম আলো

হ্যাকারদের কবলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। আজ মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট

কর্মকর্তাদের নজরে আসে। এর আগেও চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি।

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, কেবল হোম পেজটি হ্যাক হয়েছে। ওয়েবসাইটটির অন্য পাতাগুলো আগের মতোই দেখা যাচ্ছে।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

রাজ্যসভায় ইস্যুভিত্তিক সমর্থন চেয়ে মমতার মুখোমুখি জেটলি-সংবাদ প্রতিদিন

দ্বিতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিজেপির সঙ্গে তাঁর দলের মতাদর্শগত ফারাক আছে৷ তবে ইস্যুভিত্তিক সমর্থনে বিজেপির পাশে থাকতে পারে তৃণমূল৷ এবার সেই সমর্থনের জন্যই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে পারেন অরুণ জেটলি৷

ইতিমধ্যেই জিএসটি প্রসঙ্গে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে রাজ্য৷

ভারতে ঢুকে পড়ল চিনা সেনা-সংবাদ প্রতিদিন

আর রাখঢাক নয়, প্রতিরক্ষা মন্ত্রকের বড় কর্তারা স্বীকার করে নিলেন, ভারতে অনুপ্রবেশ করেছে চিনা সেনা৷ গত সপ্তাহে অরুণাচল প্রদেশের ইয়াংসেতে চিনা সেনারা ঢুকে পড়েছিল৷ ঠিক যে সময় ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে প্রবেশ করার জন্য বিভিন্ন মিত্র দেশগুলির সমর্থন আদায়ে ব্যস্ত ছিল৷

প্রতিরক্ষা মন্ত্রক ও ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, গত ৯ জুন পিপলস লিবারেশন আর্মির প্রায় ২৫০ জন সদস্য ভারতীয় সীমানায় ঢুকে পড়ে৷ চারটি দলে বিভক্ত হয়ে তারা এ দেশে ঢুকে পড়ে৷ অরুণাচলের পূর্বে কামেং জেলায় ঢুকে তারা ‘রেইকি’ করে গিয়েছে৷

প্রথা মানতে গিয়ে আট বছরের ছেলেকে আগুনে ফেলে দিল বাবা!-আনন্দবাজার

গনগনে কয়লার আগুনের উপর দিয়ে হাঁটছিলেন বাবা। কোলে আট বছরের ছোট্ট ছেলে। কিন্তু, মাঝপথেই কোনও ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। কোল থেকে ছেলে পড়ে যায় ওই আগুনের গর্ভে। তিনিও টাল সামলাতে না পেরে পড়ে যান তপ্ত ওই কয়লার মধ্যেই।

তাঁদের সামনে-পিছনে হেঁটে চলা কয়েক জন কোনও ক্রমে উদ্ধার করেন বাবা-ছেলেকে। সঙ্গে সঙ্গে নিয়ে যান হাসপাতালে। চিকিত্সকেরা জানিয়েছেন বাবার শরীর ১৫ শতাংশ পুড়ে গিয়েছে, আর ছেলে কার্তিকের শরীর পুড়ে গিয়েছে প্রায় ৭০ শতাংশ। সংস্কার মানতে গিয়ে প্রাণটাই চলে যাওয়ার উপক্রম হয়েছিল তাঁদের।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪ ‌‌