মার্চ ২১, ২০২৩ ০৯:৪৬ Asia/Dhaka
  • ২১ মার্চ প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২১ মার্চ (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • পুলিশ কর্মকর্তা মামুন খুনের বিচার এগোয়নি, পাঁচ বছরে এসে ‘রেড নোটিশ’: প্রথম আলো
  • ইন্টারপোলের রেড নোটিশের খবরে ‘খোলা চিঠি’, যা লিখলেন আরাভ: আমাদের সময়
  • মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদন: ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুগান্তর
  • সদ্য সমাপ্ত পদ্মা সেতুর ব্যয় বাড়ছে আরও ২ হাজার ৬৮২ কোটি টাকা: সংগ্রাম
  • আর্থিক প্রতিষ্ঠানে কোটিপতি হিসাব বেড়েছে ৪৩৪টি: দৈনিক বাংলা
  • রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ- কালেরকণ্ঠ

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জের! গুজরাতে ৩৪,৯০০ কোটি টাকার প্রকল্প বন্ধ করতে বাধ্য হলেন আদানি: পূবের কলম
  • ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে! এই নিয়ে পঞ্চম বার: আনন্দবাজার
  • দ্বিতীয় দফায় মোদিবিরোধী আন্দোলনের সূচনা কৃষকদের: বর্তমান পত্রিকা
  • ব্যস্ত রেলস্টেশনের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ফিল্ম! দেখেই চক্ষু চড়কগাছ যাত্রীদের: আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

পুলিশ কর্মকর্তা মামুন খুনের বিচার এগোয়নি, পাঁচ বছরে এসে রেড নোটিশ: প্রথম আলো

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের বিচারে অগ্রগতি নেই। ঘটনার চার বছর আট মাস পার হলেও সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র একজনের। আর পুলিশ এত দিন পর এসে মামলার শুরু থেকে পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করাতে পেরেছে।

রেড নোটিশ জারি হলে দেশে ফেরানো যায়?: নয়াদিগন্ত

এ বিষয়ে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান জানান, ইন্টারপোল যদি খবর পায় যে এই অভিযুক্ত ওই দেশের, ওই ঠিকানায় অবস্থান করছে, ইন্টারপোল সেখানে হস্তক্ষেপ করতে পারে।

ইন্টারপোল সে দেশের পুলিশের সাথে যোগাযোগ করে তাকে গ্রেফতার অনুরোধ জানায় এবং অভিযুক্তকে দেশের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারে।

কিছু কিছু ক্ষেত্রে রেড নোটিশ জারি করা আসামিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে তাহলে রবিউল ইসলামকেও ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি।  

ইন্টারপোলের রেড নোটিশের খবরে খোলা চিঠি, যা লিখলেন আরাভ: আমাদের সময়

ইন্টারপোলের রেড নোটিশ জারির খবরে ন্যায়বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম। গতকাল সোমবার রাতে ‘খোলা চিঠি বাংলাদেশ’ শিরোনামে তিনি একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে আরাভ লিখেছেন, ‘দেশবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি জানি না কাল আমার সঙ্গে কী হবে। কিন্তু আমি চাই ন্যায়বিচার, সেটা হয়তোবা সম্ভব না। যাই হোক, আল্লাহ একজন আছে। এই বিচার আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদন: ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুগান্তর

বাংলাদেশে ২০২২ সালে মানবাধিকার নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০১৮ সালের নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি, বিরোধী পোলিং এজেন্ট ও ভোটারদের ভয় দেখানোসহ নানা অনিয়ম হয়েছে। যে কারণে পর্যবেক্ষক মহলের কাছে ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হয়নি। এ ছাড়া ২০২২ সালে বিচারবহির্ভূত হত্যা, গুম, বিরোধী নেতাকর্মী গ্রেফতার, নির্যাতন অব্যাহত ছিল। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নাটকীয়ভাবে কমে যায়। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ব্যাপকভাকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে জড়িয়েছে। কিন্তু এর তদন্ত ও বিচারে সরকার খুব কমই পদক্ষেপ নিয়েছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বছরটিতে ঘটা বিচারবহির্ভূত হত্যা, গুম, নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতন, নির্বিচারে গ্রেফতার বা আটক, বিচার বিভাগে হস্তক্ষেপ, পরিবারের কেউ অপরাধে অভিযুক্ত হলে অন্য সদস্যদের হয়রানি, সাংবাদিক নির্যাতন ও গ্রেফতার, মতপ্রকাশ সীমিত করতে ফৌজদারি আইন প্রয়োগ, স্বাধীন মতপ্রকাশ এবং মিডিয়ার ওপর বিধিনিষেধ; ইন্টারনেট স্বাধীনতার ওপর নিষেধাজ্ঞা; শান্তিপূর্ণ সমাবেশে হস্তক্ষেপ, বেসরকারি সংস্থা পরিচালনায় নিয়ন্ত্রণ আরোপ, শরণার্থীদের চলাফেরার ওপর বিধিনিষেধ; স্বাধীন ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দরকষাকষির অধিকারের ওপর বিধিনিষেধসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।

সদ্য সমাপ্ত পদ্মা সেতুর ব্যয় বাড়ছে আরও ২ হাজার ৬৮২ কোটি টাকা: সংগ্রাম

পাইল ফাউন্ডেশনের নকশা পরিবর্তন, ভ্যাট (মূল্য সংযোজন কর) ও আয়কর বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি, ৪০০ কেভি (কিলোভোল্ট) ট্রান্সমিশন টাওয়ার ফাউন্ডেশন প্ল্যাটফর্মের নকশার জন্য বৃদ্ধিপ্রাপ্ত খরচ বাড়ছে। এজন্য সদ্য সমাপ্ত হওয়া প্রকল্পে আরও ২ হাজার ৬৮২ কোটি টাকা চেয়েছে সেতু বিভাগ। এছাড়া এ অর্থ সংশ্লিষ্ট খাতে খরচের জন্য আরও এক বছর সময় বাড়ানো প্রয়োজন। ফলে সদ্য সমাপ্ত হওয়া পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সেতু বিভাগ। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

মূল্যস্ফীতির কারণে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের প্রবৃদ্ধি কমেছে। তবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই) চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোটি টাকার বেশি জমা থাকা হিসাব বেড়েছে ৪৩৪টি। একই সময়ে এসব অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ বেড়েছে ১ হাজার ৩৩৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ তথ্য থেকে এ কথা জানা গেছে।

রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় : জাতিসংঘ- কালেরকণ্ঠ

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘ। থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর গত রবিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের একটি দলের সঙ্গে সাক্ষাতের জন্য মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে সফর সম্পর্কে ইউএনএইচসিআর অবগত। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় পাইলট প্রকল্পের আওতায় সফরটি হচ্ছে। তবে এই আলোচনার সঙ্গে জড়িত নয় ইউএনএইচসিআর।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জের! গুজরাতে ৩৪,৯০০ কোটি টাকার প্রকল্প বন্ধ করতে বাধ্য হলেন আদানি: পূবের কলম

ভারতের অন্যতম পরিচিত সংস্থা আদানি গ্রুপ। এই সংস্থার প্রতিষ্ঠাতা সাম্প্রতিক সময়েও এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যাক্তি ছিলেন। তবে সেই সময় এখন অতীত। বর্তমানে আদানি গ্রুপ একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সংস্থার একাধিক বড় প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর গুজরাতের মুন্দ্রায় ৩৪,৯০০ কোটি টাকার পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ স্থগিত রাখল আদানি গ্রুপ। কারণ, এই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্টের জেরে ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় বিনিয়োগকারীদের উদ্বেগ মেটানোর ওপরই সংস্থাটি সবচেয়ে বেশি জোর দিয়েছে। এই গ্রুপের প্রধান সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (এইএল) ২০২১ সালে গুজরাতের কচ্ছ জেলায় আদানি স্পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের জমিতে গ্রিনফিল্ড কয়লা-টু-পিভিসি প্ল্যান্ট স্থাপনের জন্য একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা মুন্দ্রা পেট্রোকেম লিমিটেড গড়ে তুলেছিল।

ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে! এই নিয়ে পঞ্চম বার: আনন্দবাজার

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই নিয়ে পাঁচ বার। শেষ বার ১৫ মার্চ থেকে পিছিয়ে ২১ মার্চ শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট । কিন্তু মঙ্গলবার ২১ মার্চও শেষ পর্যন্ত শুনানি হল না। সুপ্রিম কোর্টের তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী শুনানির তারিখও। দেশের শীর্ষ আদালত জানিয়েছে আবার পরবর্তী শুনানি হবে এপ্রিলে।

গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হয়নি। এর পর আরও তিন বার শুনানির দিন পিছিয়ে অবশেষে ২১ মার্চ হবে বলে জানানো হয়। কিন্তু এ বারও শুনানি পিছিয়ে গেল। এই শুনানির তারিখ ৪ বার পিছিয়ে অবশেষে মঙ্গলবার হবে বলে জানানো হয়েছিল। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী ১১ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

দ্বিতীয় দফায় মোদিবিরোধী আন্দোলনের সূচনা কৃষকদের: বর্তমান পত্রিকা

লোকসভা নির্বাচনের বছরখানেক আগে ঠিক এভাবেই দ্বিতীয় দফার মোদি-বিরোধী আন্দোলন কর্মসূচির সূচনা করলেন কৃষকরা। সোমবার দিল্লির রামলীলা ময়দানে কৃষক সংগঠনগুলির মহাপঞ্চায়েতে কেন্দ্রের মোদি সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এমএসপি আইন নিয়ে প্রতিশ্রুতি পূরণ না করলে আবারও দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন কৃষকরা। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্রসিং তোমারের সঙ্গেও দেখা করেন আন্দোলনকারী কৃষকরা। একটি চিঠি ও স্মারকলিপি দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। অভিযোগ করা হয় যে, ১৫ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি মোদি সরকার। এদিন আন্দোলনকারী কৃষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসা, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করা, কৃষকদের মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন প্রদানের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি করা হবে। দাবির সমর্থনে যেমন রাজ্যে রাজ্যে সম্মেলনের আয়োজন করা হবে, তেমনই দেশব্যাপী মিছিল করা হবে বিভিন্ন সময়ে।

ব্যস্ত রেলস্টেশনের টিভিতে বিজ্ঞাপনের বদলে পর্ন ফিল্ম! দেখেই চক্ষু চড়কগাছ যাত্রীদের: আজকাল

রবিবাসরীয় সকালে স্টেশনে ট্রেন ধরার ব্যস্ততায় যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে আচমকা হইচই শুরু সকলের মধ্যে। কারণ? রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম। এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ যাত্রীদের।

ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা রেলস্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্ল্যাটফর্মের একাধিক টিভিতে টানা ৩ মিনিট পর্ন ফিল্ম চলে। সেই সময় বহু মহিলা ও শিশুরাও উপস্থিত ছিল সেখানে। এমন মুহূর্তে অস্বস্তিতে পড়েন সকলেই। তড়িঘড়ি করে যাত্রীরা অভিযোগ জানান জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। সেটি বন্ধ করতে করতেই পেরিয়ে যায় অনেকটা সময়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১