সারাদেশে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২০ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
কিছু একটা হতে পারে সজাগ থাকুন: আশরাফ-যায় যায় দিন
গুলশান হামলা: আরো নমুনা নেয়া হবে জঙ্গিদের লাশ থেকে-ইত্তেফাক
পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট করবেন না: প্রধানমন্ত্রী -প্রথম আলো
স্কুলছাত্রীর সম্ভ্রমের মূল্য দেড় লাখ, বিধবার ৩০ হাজার!- যুগান্তর
দ্বিতীয় অভ্যুত্থান আতঙ্কে রেড এলার্ট, ৪ দিন ধরে ইস্তাম্বুলেই এরদোগান-মানবজমিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
২১ জুলাই মমতার সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে-আজকাল
গুজরাতে দলিত-নিগ্রহ নিয়ে তোলপাড় সংসদ-আনন্দবাজার
তরুণীর মৃত্যু রহস্যের কিনারায় ব্যর্থ পুলিশ, সমালোচিত হাইকোর্টে-বর্তমান
ব্যস্ত সময়ে ফের মেট্রোয় মরণঝাঁপ, দুর্ভোগ-সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
আজকের দৈনিকগুলোতে তুরস্কের সর্বশেষ পরিস্থিতি এবং বাংলাদেশের জঙ্গি ও সন্ত্রাস সম্পর্কিত খবরগুলো বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। তুরস্ক পরিস্থিতি সম্পর্কে মানবজমিনের শিরোনাম
দ্বিতীয় অভ্যুত্থান আতঙ্কে রেড এলার্ট, ৪ দিন ধরে ইস্তাম্বুলেই এরদোগান
আরও একটি অভ্যুত্থান আশঙ্কা করছে তুরস্ক সরকার। এ জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। গত শুক্রবার রাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর চারদিন কেটে গেছে। এ সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান অবস্থান করছেন ইস্তাম্বুলে। তিনি এখনও রাজধানী আঙ্কারায় ফেরেন নি। এখনও আঙ্কারায় ফেরাকে তিনি নিরাপদ মনে করছেন না। ‘তার্কিস গভর্নমেন্ট অন রেড এলার্ট ফর সেকেন্ড ক্যু অ্যাটেম্পট’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক প্যাট্রিক ককবার্ন। এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে। এরই মধ্যে তুরস্কে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজারেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিচারক সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মানুষকে। এর ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির নেতারা আশঙ্কা করছেন, শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পর দ্বিতীয় আরও একটি অভ্যুত্থান ঘটতে পারে।
ইত্তেফাক: সারাদেশে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ
গুলশানে হলি আর্টিজানে হামলার পর নিখোঁজ যুবকদের সঙ্গে জঙ্গি হামলার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ কারণে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সারাদেশে নিখোঁজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তালিকায় যাদের নাম দেয়া হয়েছে-তাদের সঙ্গে জঙ্গি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে সরাসরি জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি নিখোঁজ ১০ জনের তালিকা প্রকাশের পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করেছে। নিখোঁজ এই ২৬২ জনের তালিকা দেশের সকল থানায় পাঠানো হয়েছে। কেউ এদেরকে শনাক্ত করতে পারলে নিকটস্থ থানা পুলিশে জানানোর অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর যুগান্তর এ সম্পর্কে এ লিখেছে, নিখোঁজ তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে। নিখোঁজদের বেশিরভাগই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ইত্তেফাকের অন্য একটি খবরে বলা হয়েছে, গুলশানে হলি আর্টিজান বেকারিতে চালানো জঙ্গিদের মৃতদেহ থেকে আরো নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে বলা হয়েছে, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কিশোরগঞ্জের ১ নম্বর বিচারিক হাকিম আদালত আজ বুধবার এই আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেলের মন্তব্য-সন্দেহভাজন জঙ্গিদের জামিন ঠেকাতে সমন্বয় সেল দরকার-প্রথম আলো
সন্দেহভাজন জঙ্গিদের জামিন ঠেকাতে একটি সমন্বয় সেল থাকা দরকার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, এই সেল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে মামলার এজাহার ও অভিযোগপত্রে যেন দুর্বলতা না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে।
প্রথম আলো: তিন ব্যাংকারকে গ্রেপ্তার করল দুদক
অর্থ আত্মসাতের আলাদা মামলায় তিন ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
যুগান্তরের একটি খবরের শিরোনাম এরকম যে,
স্কুলছাত্রীর সম্ভ্রমের মূল্য দেড় লাখ, বিধবার ৩০ হাজার!
বরিশালের আগৈলঝাড়ায় সালিশে ধর্ষিতা স্কুলছাত্রীর সম্ভ্রমের মূল্য ধরা হয়েছে দেড় লাখ টাকা। পটুয়াখালীর মির্জাগঞ্জে বিধবাকে ধর্ষণের দায়ে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগৈলঝাড়া : নাঘিরপাড় গ্রামে হতদরিদ্র পরিবারের দশম শ্রেণীর ছাত্রীকে আমরী মণ্ডলের ছেলে কলেজ পড়ুয়া দুলাল মণ্ডল ধর্ষণ করে। ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। পরে স্কুলছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৩ জুলাই মামলা করেন। ১৬ জুলাই বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির নেতৃত্বে নাঘিরপাড় কালী মন্দিরে সালিশ বৈঠক হয়। বৈঠকে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ারসহ স্থানীয় প্রভাবশালীরা ছিলেন।
পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট করবেন না: প্রধানমন্ত্রী-প্রথম আলো
সামান্য মুনাফার জন্য রপ্তানি পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের যে পরিমাণ সমুদ্রসীমা-নদ-নদী-খাল-বিল-হাওর রয়েছে, তাতে যত্নবান হলে মৎস্য উৎপাদনে চতুর্থ নয়, প্রথম হতে পারে বাংলাদেশ। এ জন্য মৎস্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে ব্যবসায়ীদের গুণগত মান ঠিক রাখতে হবে।
কিছু একটা হতে পারে সজাগ থাকুন: আশরাফ-যায় যায় দিন
পঁচাত্তরের পুনরাবৃত্তি রুখতে সবাইকে 'সজাগ' থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, 'দেশে যাতে পঁচাত্তরের মতো এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় এজন্য সবার সজাগ থাকার প্রয়োজন আছে। আপনাদের সব সময় মনে মনে একটা প্রস্তুতি রাখা দরকার।' তিনি বলেন, 'ঝড়-বৃষ্টি নাই, গাছের পাতা নড়ছে না, তখন বুঝতে হবে একটা কিছু হতে পারে। তাই আমি ইঙ্গিত দিয়ে বললাম সবাইকে সজাগ থাকতে হবে।'
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গুজরাতে দলিত-নিগ্রহ নিয়ে তোলপাড় সংসদ-আনন্দবাজার
গুজরাতে গো-হত্যার অভিযোগে দলিত-নিগ্রহের ঘটনা নিয়ে বুধবার তোলপাড় হয়ে গেল সংসদের দুই কক্ষ। বিরোধীদের তুমুল সমালোচনা, হই-হট্টগোলে দু’-দু’বার পণ্ড হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। তুমুল বাগবিতণ্ডা হয় লোকসভায়। কংগ্রেস, বহুজন সমাজ পার্টির তুমুল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে হল কেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বলতে হল, ‘‘এই ধরনের মানসিকতা এ বার বদলাতে হবে।’’
দিল্লিতে অনুচর পাঠিয়ে মান্নানের উপর নজরদারি মানসের-সংবাদ প্রতিদিন
হাইকমান্ডের সঙ্গে কথা বলতে আজ বুধবারই দিল্লি রওনা হচ্ছেন আবদুল মান্নান৷ এ খবর কানে গিয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মানস ভুঁইয়ার৷ খবর পাওয়া মাত্রই তৎপর মানস৷ মান্নানের গতিবিধি ও পরিস্থিতির উপর কড়া নজর রাখতে চার ঘনিষ্ঠ অনুচরকে তড়িঘড়ি রাজধানীর বিমানে চাপিয়ে দিলেন সবংপুত্র৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ মানস ভুঁইয়া৷ তবে চার অনুচরের মধ্যে তিনজনই দিল্লি পৌঁছনোর কথা স্বীকার করে নিয়েছেন৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০