টিআর ও কাবিখার অর্ধেক টাকা যায় এমপির পকেটে: ইনু
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৪ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গুলশান হামলার সূত্র উদঘাটিত: ডিএমপি-ইত্তেফাক
খালেদাকে ১০ আগস্ট হাজির হতে নির্দেশ-প্রথম আলো
প্রাথমিকেই ধর্মের সঠিক শিক্ষা দেয়ার তাগিদ-শিক্ষামন্ত্রী-যুগান্তর
সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে বোমাসহ ৪ নারী আটক-মানবজমিন
'৩০০ টাকা বরাদ্দ হলে ১৫০ টাকা যায় এমপির পকেটে'-ইনু-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
শ্লীলতাহানি: বিহারে আটক বিজেপি নেতা-আজকাল
কাশ্মীর দখল স্বপ্নই থাকবে, নওয়াজের জবাবে সুষমা-আনন্দবাজার
রাজ্যের নাম বদলাতে ফের উদ্যোগী মমতা-বর্তমান
বিহারে দলিত যুবকের মুখে প্রস্রাব!-সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’-প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। যারা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী- এমন যোগ্য অফিসারদের কাছে নেতৃত্ব ন্যস্ত করুন।
আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনি পর্ষদে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য সাতটি বিষয় বিবেচনায় নেয়ার আহ্বান জানান। এই সাতটি বিষয় হল- মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, মাঠের তৎপরতা বিচার, শৃঙ্খলা, সততা-বিশ্বস্ততা ও আনুগত্য, নিযুক্তিগত উপযোগিতা এবং গ্রহণযোগ্যতা।
সাংবাদিকদের ডিএমপি কমিশনার: গুলশান হামলার 'মূল হোতারা' চিহ্নিত, গ্রেফতার সময়ের ব্যাপার
এ শিরোনামটি দৈনিক যুগান্তরের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রমজানের মধ্যে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 'মূল হোতাদের' সম্পর্কে তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র।’ তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।
দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়: দুদক-প্রথম আলো
দুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদকে আজকের বিশ্বের ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এগুলোকে সমভাবে প্রতিরোধ করতে না পারলে আমরা কেউ নিরাপদ থাকব না।
আজ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এখন ব্যাংকিং খাতের দুর্নীতি বন্ধ করতে দুদক সবচেয়ে বেশি জোর দিচ্ছে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। এ জন্য পরিচালনা পর্ষদেরও দায় আছে। আমরা এখন সব সরকারি ব্যাংকে যাচ্ছি। বোর্ডের লোকজনকেও ডাকছি।
সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে ৪ নারী আটক-ইত্তেফাক
সিরাজগঞ্জে জেএমবি’র সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান জানান, ভোররাত সোয়া ৩টার দিকে মৃত হুকুম আলীর ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
জঙ্গি তালিকা নিয়ে বিভ্রান্তি অনেক পরিবারে বিস্ময়-বাংলাদেশ প্রতিদিনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন
ঢাকার মগবাজারের মুদি দোকানদার ছানাউল্লাহ। চলতি বছরের শুরুতে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায় চাঁদার দাবিতে। ছানাউল্লাহর বাবা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর ছানাউল্লাহ বাসায় ফিরে আসেন। র্যাবের প্রকাশ করা নিখোঁজ তালিকায় তার নাম ৪৩ নম্বরে। এতে আতঙ্কিত ছানাউল্লাহ। তাকে জঙ্গি বানানো হয় কি না এ নিয়েই এখন আশঙ্কা তার।
অ্যাম্বুলেন্স চালক আবদুর রহিমের বাসা চট্টগ্রামের চকবাজার চট্টেশ্বরী এলাকায়। ৩০ মে বাসা থেকে বেরোনোর পর তিনি দেখতে পান, তার মোবাইল ফোনে চার্জ নেই। তার পরিবার কোনো যোগাযোগ করতে না পারায় থানায় জিডি করে। অ্যাম্বুলেন্স চালক রহিমের নাম উঠে আসে র্যাবের নিখোঁজের তালিকায়। এ দুটি ঘটনা শুধু নয়, বিগত ছয় মাসের নানা ঘটনায় লিপিবদ্ধ করা নিখোঁজ জিডির সঙ্গে মিলিয়ে ফেলা হয়েছে প্রকৃত জঙ্গি নিখোঁজের তালিকা। বিভ্রান্তির সৃষ্টি হয়েছে র্যাবের নিখোঁজ তালিকা নিয়ে।
পালিয়ে বিয়ে করা, অভিমানে ঘর থেকে বেরিয়ে যাওয়া, কারাগারে আটক, এমনকি মোবাইল ফোনে চার্জ না থাকায় পরিবারের সঙ্গে সাময়িক বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম উঠে এসেছে র্যাবের সেই তালিকায়। র্যাবের ২৬২ জনের নিখোঁজ তালিকার মধ্যে এমন শতাধিক ব্যক্তি রয়েছেন নিজ বাড়িতেই। এদের প্রত্যেকের মধ্যে এখন যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনি তাদের পরিবারও বিস্মিত। তারা বলছেন, নিজ বাড়িতে তারা অবস্থান করলেও র্যাবের জঙ্গি তালিকায় তাদের নাম উঠে গেছে। তাদের আবার জঙ্গি বানানো হয় কি না এ নিয়েও তারা শঙ্কিত।
৩০০ টাকা বরাদ্দ হলে ১৫০ টাকা যায় এমপির পকেটে'-যুগান্তর
দরিদ্রদের জন্য কর্মসূচি 'টিআর ও কাবিখা' বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয় দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৩০০ কোটি টাকা বরাদ্দ হলে ১৫০ কোটি টাকা (অর্ধেক) যায় এমপিদের পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় চেয়ারম্যান-মেম্বাদের পকেটে। আমরা চোখ বন্ধ করে এ দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে পিকেএসএফ ভবনে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভলপমেন্ট সামিট ২০১৬’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সব এমপিই হয়তো চুরি করেন না। কিন্তু বেশির ভাগ এমপিই এ কাজটি করে থাকেন। এ জন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেওয়া উচিত। এতে উন্নয়ন বৈষম্য কমে আসবে।
প্রথম আলোসহ বেশ কযেকটি দৈনিকের খবর: খালেদাকে ১০ আগস্ট হাজির হতে নির্দেশ
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার বিশেষ জজ আদালতে যাননি। আগামী ১০ আগস্ট তাঁকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ ২ এর বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন। আজ এই মামলায় খালেদা জিয়ার উপস্থিতির দিন ধার্য ছিল। নিরাপত্তাজনিত কারণে হাজির হতে পারেননি উল্লেখ করে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১০ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।
২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে বাস-ট্রেন যাবে : সেতুমন্ত্রী-ইত্তেফাক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু দিয়ে একসাথে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সময়ের (২০১৮) মধ্যে মাওয়া হতে সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার (কিমি.) রেললিংক স্থাপনের কাজ শেষ হবে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কাশ্মীর দখল স্বপ্নই থাকবে, নওয়াজের জবাবে সুষমা-আনন্দবাজার
কাশ্মীরকে পাকিস্তানের অংশ করার জন্য অপেক্ষা করছেন বলে গত কাল জানিয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়ে দিলেন, শরিফের স্বপ্ন কোনও দিনই পূরণ হবে না।
জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে অশান্ত উপত্যকায় ক্রমাগতই উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জেরও দ্বারস্থ হয়েছিল তারা। গত কাল পাক-অধিকৃত কাশ্মীরে এক সভায় চরম উস্কানি দিয়ে শরিফ বলেন, ‘‘কাশ্মীর এক দিন পাকিস্তানের অংশ হবে। আমরা সেদিনের জন্য অপেক্ষা করছি।’
আনন্দবাজারের অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, খাস কলকাতায় জন্মদিনের পার্টিতে খুন! বন্ধুর পেটে বোতল ঢোকাল কিশোর
জন্মদিনের পার্টিতে শুরু হয়েছিল বচসা। তার জেরেই মদের বোতল ভেঙে এক কিশোরের পেটে, হাতে কোপাতে শুরু করল তারই এক বন্ধু। শনিবার বিকেলে বালিগঞ্জের সানি পার্কের ঘটনা। পুলিশ জানায়, পেটে গুরুতর আঘাত নিয়ে লুটিয়ে পড়েছিল আবেশ দাশগুপ্ত নামে ওই কিশোর। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত কিশোরের বাড়ি টালিগঞ্জ থানা এলাকায়। রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
শ্লীলতাহানি: বিহারে আটক বিজেপি নেতা-আজকাল
ট্রেনে ১২ বছরের একটি মেয়ের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বিহারের বি জে পি নেতা টুনাজি পাণ্ডে। রবিবার তাঁকে হাজিপুরে আটক করে বিহার রেল পুলিস। বি জে পি দল থেকে সাসপেন্ড করেছে পান্ডেকে। শনিবার নিজের পরিবারের সঙ্গে পূর্বাঞ্চল এক্সপ্রেসে কলকাতা থেকে গোরক্ষপুর যাচ্ছিল ওই মেয়েটি। একই ট্রেনে সফর করছিলেন টুনাজি পাণ্ডে। রাত তিনটে নাগাদ হাজিপুর স্টেশনের কাছাকাছি ট্রেনটি আসতেই তিনি জোর করে মেয়েটিকে চুমু খান এবং তাঁর সঙ্গে বাথরুমে যেতে বলেন। ভয় পেয়ে মেয়েটি চেঁচিয়ে ওঠে। এরপরেই হাজিপুর স্টেশনে ওই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে মেয়েটির বাবা-মা। পাণ্ডেকে আটক করে রেল পুলিস। যদিও এরকম কিছু তিনি করেননি বলে দাবি তুনাজির। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪