অক্টোবর ২৪, ২০১৬ ০৬:১৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৪ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের ঢাকার সবগুলো দৈনিক আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের নয়া কমিটি গঠন সংক্রান্ত খবরাখবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

প্রায় সবগুলো দৈনিকে এ খবর ব্যানার শিরোনাম হিসেবে ছাপা হয়েছে।  সেইসঙ্গে পত্রিকাগুলোর পাতাজুড়ে রয়েছে এ সম্মেলনের ফলাফল ও প্রতিক্রিয়া সংক্রান্ত নানা খবরাখবর। কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলিতেও ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং এতে যোগ দেয়া ভারতীয় রাজনৈতিক নেতাদের খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ:

  • আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষ: চমকে ভরা নতুন কমিটি
  • তৃতীয় দফা জয়ী হতে জনগণের কাছে যেতে হবে: শেখ হাসিনা
  • জয়-তাজকে নিয়ে গুঞ্জন সত্যি হলো না!
  • বিদেশে থেকে দলীয় পদ নেয়া ঠিক না: জয়
  • নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন
  • আওয়ামী লীগের সম্মেলনে জাতির আশা ভঙ্গ হয়েছে : মির্জা ফখরুল
  • ’লীগের সম্মেলনে যোগ না দেওয়া সঠিক সিদ্ধান্ত: রিজভী
  • নির্ধারিত সময়েই জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভারত:

  • উন্নয়নের সড়কে হাসিনার ভরসা সড়কমন্ত্রীই
  • ঝোড়ো সফরে যেন আবেগে ভাসলেন পার্থ
  • শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা
  • সিঙ্গুরে কারখানা ভাঙার সমস্ত খরচ টাটাদের কাছে চাইবে রাজ্য সরকার
  • ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা তৈরি হলেই কিছু একটা ঘটে:‌ পাক বোর্ড

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষ: চমকে ভরা নতুন কমিটি-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো এ দায়িত্ব পেলেন। অন্যদিকে দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া প্রেসিডিয়ামের ১৪ সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়েছে। রোববার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়। দলের বিদায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন অপর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সাধারণ সম্পাদক হিসেবে সাবেক প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। কাউন্সিলররা সবাই এই প্রস্তাব সমর্থন করেন। ফলে কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি।

সভাপতি পুনর্নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা আমাকে আবারও দলের দায়িত্ব দিয়েছেন। আমি মাথা পেতে নিয়েছি। আশা করি নতুন কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের সব কার্যক্রম চলবে।’ নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো। শহীদ পরিবারের সন্তান হিসেবে মনপ্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসেছেন। দলের জন্য কাজ করেছেন। অনুষ্ঠান শেষ করে সম্মেলনস্থল ত্যাগ করার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের বিদায়ী সাধারণ সম্পাদক আশরাফকে জড়িয়ে ধরেন।

তৃতীয় দফা জয়ী হতে জনগণের কাছে যেতে হবে: শেখ হাসিনা- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।'

রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি। নির্বাচনে জনগণের সমর্থন পেতে গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার ওপর জোর দেন তিনি। 

তিনি বলেন, 'ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।'এক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ‌্যে ‘সততা’দেখতে চান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদেরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন- দৈনিক যুগান্তর

স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে যখন বিব্রত বাংলাদেশ ও আওয়ামী লীগ, তখন তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ছিল তার জন্য অগ্নিপরীক্ষা।   

কিন্তু আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতায় এই কর্মযজ্ঞ এগিয়ে নেয়ার পাশাপাশি প্রতি পদেই সফলতার মুখ দেখেছেন ওবায়দুল কাদের। শেষ পর্যন্ত নিজ দলেও পুরস্কৃত হলেন পরীক্ষিত নেতা।  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সেই ওবায়দুল কাদের।   

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বড়রামপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের। বাবা মোশাররফ হোসেন ছিলেন শিক্ষক। বসুরহাট এএইচসি বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তবে ছাত্র রাজনীতি শুরু করেন কলেজ জীবন থেকে। ছয় দফা আন্দোলন, ঊনসত্তোরের গণআন্দোলনে রাখেন সক্রিয় ভূমিকা রাখেন। অংশ নেন মুক্তিযুদ্ধেও। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণও করেন।

জয়-তাজকে নিয়ে গুঞ্জন সত্যি হলো না!- দৈনিক যুগান্তর

দলে নতুন চমক আসছে- এমন গুঞ্জনের সঙ্গে নানা আলোচনা ডানা মেলেছিল। এবারের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের প্রেসিডিয়াম সদস্য হচ্ছেন এমন গুঞ্জন ছিল।   

এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দলে গুরুত্বপূর্ণ পদ পেতে চাচ্ছেন এমন আলোচনা চলছিল।   

কিন্তু বিদেশে বেশিরভাগ সময় অবস্থানের কারণে দলের পদ নিতে অনীহা প্রকাশ করেন প্রধানমন্ত্রীপুত্র জয়। ইতিমধ্যে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পর প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম সম্পাদকদের নাম ঘোষণা হয়েছে। কিন্তু এসব তালিকায় এ দুজনের নাম নেই। অবশ্য প্রেসিডিয়ামের তিনটি পদ এখনও খালি রয়েছে। সব মিলিয়ে মোট ৮১ পদের মধ্যে ২৩টি পদ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে বাকি পদগুলোতে এ দুজনের নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।  

অবশ্য সজীব ওয়াজেদ জয়ের ওপরই আস্থা প্রকাশ করে তৃণমূল নেতারা কাউন্সিলে বক্তব্য রেখেছিলেন। এই কাউন্সিলেই তারা শেখ হাসিনার পাশে জয়কে দেখতে চেয়েছিলেন।

বিদেশে থেকে দলীয় পদ নেয়া ঠিক না: জয়- দৈনিক মানবজমিন

সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কোনো পদ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে  আওয়ামী লীগের সম্মেলনস্থলে দলের গবেষণা সেল ‘সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’-এর স্টলে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে মত ব্যক্ত করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য জয় এবারই প্রথম কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেন। এর আগে শনিবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জয়কে দলের দায়িত্ব নেয়ার জন্য আহ্বান জানান। পরে তৃণমূল নেতারাও জয়কে দলীয় পদে আনার দাবি তোলেন। একইভাবে গতকালও কাউন্সিলররা তাদের বক্তব্যে জয়কে দলীয় পদে রাখার দাবি জানান।

নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন- দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাংবাদিকদের চিরকুট পেয়েছি। জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারো এই প্রত্যাশা করছি, জাতির আশা-আকাঙক্ষার গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।

আওয়ামী লীগের সম্মেলনে জাতির আশা ভঙ্গ হয়েছে : মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আওয়ামী লীগের সম্মেলনে দেশের মানুষের চাহিদা পূরণ হয়নি। এই কাউন্সিলের আগে আমি বলেছিলাম, এই কাউন্সিল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথনির্দেশনা দেখতে পাবো। আশা করেছিলাম, প্রধানমন্ত্রী কিভাবে গণতন্ত্রের পথে ফিরে আসবেন, একটি সংলাপের ব্যবস্থা করবেন, কিভাবে বিরোধী দলের সঙ্গে একটি সমঝোতা করা যায় সেই ব্যাপারে কথা বলবেন।  কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি পাইনি। জাতি অনিশ্চয়তার মধ্যে ছিল, অনিশ্চয়তার মধ্যে থেকে গেছে। জাতির আশা ভঙ্গ হয়েছে।

রবিবার বিকেলে রাজধানীর কচিকাচা মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫ তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট’।  

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বড় একটি উৎসব করেছে। এই উৎসবে তারা আলোকসজ্জা, উৎসবের সারঞ্জামের আয়োজন নিখুঁতভাবে হয়েছে, বিদেশি বন্ধুরা এসেছিলেন তারাও কথা বলেছেন। কিন্তু জনগণের জন্য, বাংলাদেশের মানুষের যে চাহিদা তার জন্য তারা কি করেছেন?

তিনি বলেন, এই সম্মেলনে সেই মূল বিষয়টিই নেই। আজকে বাংলাদেশের প্রধান সংকট হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নেই।  সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা কি করবেন, তারা তা বলেনি। মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য কি করবেন, তা তারা বলেননি। যে ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়ে গেছেন, সেই ভোটের অধিকারকে ফিরিয়ে দিতে কি করবেন তা তারা বলেননি।

লীগের সম্মেলনে যোগ না দেওয়া সঠিক সিদ্ধান্ত: রিজভী- দৈনিক সমকাল

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ না দেওয়াকে সঠিক বলে মনে করছে বিএনপি। রোববার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

সদ্য কারামুক্ত বিএনপির এ নেতা বলেন, 'আওয়ামী লীগের কাউন্সিলে আমাদের কোনো প্রতিনিধি পাঠানো হয়নি, এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। দেশে মিনিমাম গণতন্ত্রের পরিবেশ যদি থাকতো তাহলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগ দিতো। বিএনপির বিরুদ্ধে লাগামহীন অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়েই চলছে আওয়ামী লীগের নেতারা। এটাকে অতিক্রম করে সম্মেলনে গেলে জনগণ মেনে নিতোনা। তাই বিএনপির সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলেই আমি মনে করি।'

রুহুল কবির রিজভী বলেন, 'সরকার বিভিন্নভাবে বিএনপির ওপর আক্রমন চালাচ্ছে। বিশেষ করে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে অশ্লীলভাবে আক্রমন করে কথা বলা হচ্ছে। গত ১৯ মার্চ আমাদের দলের কাউন্সিলকে কেন্দ্র করে যেভাবে আচরণ করেছে, প্রতি পদে পদে বাধা দেয়া হয়েছে। বিএনপির ওপর নিষ্ঠুরতম আচরণ করছে। সারাদেশে দলের নেতাকর্মীর ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। এ অবস্থায় একজন ভদ্রলোক কি করে আওয়ামী লীগের কাউন্সিলে গিয়ে বক্তব্য রাখবেন।'

নির্ধারিত সময়েই জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী- দৈনিক ইত্তেফাক

পূর্বনির্ধারিত সময়েই চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।  

নুরুল ইসরাম নাহিদ বলেন, প্রত্যেকবার যেভাবে পরীক্ষা হয় এবারো সেভাবে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট ​(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপরাগত প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরীক্ষার দায়িত্ব ফিরিয়ে দেয়। আগামী ১ থেকে ১৭ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

উন্নয়নের সড়কে হাসিনার ভরসা সড়কমন্ত্রীই- দৈনিক আনন্দবাজার

দ্বিতীয় দফায় সরকারে এসে সড়ক, সেতু ও পরিবহণের গুরুত্বপূর্ণ মন্ত্রক তাঁর হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সেই ওবায়েদুল কাদেরের কাঁধে দলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্বও অর্পণ করল হাসিনার দল আওয়ামি লিগ। রবিবার দলের ২০তম সম্মেলনের শেষ দিনে বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর নাম প্রস্তাব করার পরে দ্বিতীয় কোনও নাম উঠে আসেনি। সর্বসম্মতিতে নির্বাচিত হয়ে ৬৪ বছরের কাদের পা ছুঁয়ে সালাম করেন অষ্টম বারের জন্য দলের সভানেত্রী নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শনিবার সম্মেলনে নিজের বক্তৃতায় দারিদ্র-অপুষ্টির চ্যালেঞ্জকে মোকাবিলা করে এক উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা করেছিলেন শেখ হাসিনা। রবিবার সকালে দলের কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দেন— জোট বাঁধো তৈরি হও। ২০১৯-এর ভোটের কথা মাথায় রেখে মানুষের কাছে যাও। সাত বছরের সরকারের সাফল্যের কথা প্রচার করো।

ঝোড়ো সফরে যেন আবেগে ভাসলেন পার্থ- দৈনিক আনন্দবাজার

তাঁর পিতৃপুরুষের বাড়ি সাতক্ষীরা, মামার বাড়ি খুলনায়। জানালেন, বাংলাদেশের মাটিতে পা দিলেই তাই অনুভব করেন নাড়ির টান। ঘড়ির কাঁটা ধরে ৫৫ ঘণ্টার ঝোড়ো সফরে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শেখ হাসিনার দল আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে। ভারত থেকে এসেছিলেন বিজেপি, কংগ্রেস, সিপিএম, অগপ মিলিয়ে নানা দলেন মোট ২৬ জন প্রতিনিধি। ভিন্নমতের এতগুলি রাজনৈতিক দল এ ভাবে সাড়া দেওয়ায় আপ্লুত আওয়ামি লিগের তরফে বিদেশি অতিথিদের দেখভালের দায়িত্বে থাকা প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মণি। কিন্তু পার্থবাবুর মতো দলের গুরুত্বপূর্ণ নেতাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা পাঠানোয় একটু যেন বেশি উজ্জ্বল তাঁর চোখমুখ। বাংলাদেশ নিয়ে কি মনোভাব বদলাচ্ছে? তিস্তা নিয়ে কি নরম হচ্ছে রাজ্য সরকার? পার্থবাবু অবশ্য কেন্দ্রের কোর্টে বল ঠেলে এ প্রশ্ন এড়িয়ে গেলেন। বললেন, ‘‘এ সব দিল্লি ও ঢাকার ব্যাপার। তারাই আলোচনা করে সামাধান বার করবে।’’ তবে শুক্রবার রাতে নিজের বাড়িতে নৈশভোজে ডেকে শেখ হাসিনা যে ভাবে পাত পেড়ে খাইয়েছেন, অভিভূত পার্থবাবু। ইলিশের কত যে পদ ছিল! সঙ্গে ছোট মাছ, চিকেন-মটন, দই-মিষ্টি, ফলমূল। ইলিশ রফতানি ফের শুরু করার কথা কি বলা গেল শেখ হাসিনাকে? হাসলেন পার্থবাবু। বললেন— নেমন্তন্ন খেতে গিয়ে কি এ সব কথা বলা যায়!

শুধু নিরাপদ নয়, কাশ্মীরকে শিক্ষিতও করছেন জওয়ানরা- দৈনিক সংবাদ প্রতিদিন

ভূস্বর্গ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না৷ আর এই দ্বন্দ্বের মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় কিশোর-কিশোরীদের৷ যখন তখন পেলেট গানের আতঙ্ক, লঙ্কার গুঁড়োর ঝাঁঝ, ইট-পাল্টা ইটের ভয়ে আতঙ্কে সিঁটকে থাকছে কাশ্মীরের অধিকাংশ পড়ুয়া৷

কারফিউ কখন উঠছে, আবার কখন লাগু হবে- সে সবের হিসাব রাখতে পারে না কৈশোর! তাই স্কুলে যাওয়াও হয়ে ওঠে না নিয়ম করে৷ অথচ সামনেই বার্ষিক পরীক্ষা৷ প্রিয় স্কুলের দখল কখনও নেয় জঙ্গিরা, আবার কখনও সেনাবাহিনী৷ অগত্যা, উপত্যকার অধিকাংশ কিশোর-কিশোরীর ঠিকানা বাড়ির চার দেওয়াল৷ কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না!

এখন কী উপায়? অশান্ত কাশ্মীরে কে দায়িত্ব নেবে এই নিষ্পাপ ছেলেমেয়েদের পড়াশোনার৷ কাশ্মীরকে নিরাপদ রাখার পাশাপাশি এই কাজেও এগিয়ে এসেছেন দেশের জওয়ানরা৷ উপত্যকার কিশোর-কিশোরীরা যাতে ভুল পথে চলে না যায়, তার জন্য ভারতীয় সেনাবাহিনী এক নয়া উদ্যোগ নিয়েছে৷ তাঁরা কাশ্মীরি কিশোর-কিশোরীদের জন্য বিশেষ কেরিয়ার কাউন্সেলিং শুরু করেছে৷ সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছেলেমেয়েদের নিয়ম করে ক্লাস নিচ্ছেন উচ্চশিক্ষিত ও বিশেষভাবে প্রশিক্ষিত সেনা জওয়ানরা৷

সিঙ্গুরে কারখানা ভাঙার সমস্ত খরচ টাটাদের কাছে চাইবে রাজ্য সরকার- দৈনিক বর্তমান

ন্যানোর খোলসহ কারখানার শেডের ভাঙা অংশ নিয়ে যাওয়ার জন্য টাটাদের নোটিস দিতে চলেছে রাজ্য সরকার। তারা কোনও উত্তর না দিলে সেই সম্পত্তি নিলামে তোলা হবে। পাশাপাশি শেড ভাঙার জন্য যে মোটা অঙ্কের টাকা রাজ্য সরকারের খরচ হয়েছে, তাও টাটাদের কাছে চাওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। হুগলির জেলাশাসক সঞ্জয় বনশল বলেন, নবান্ন থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর টাটাদের চিঠি দেবে। তাদের জিনিস নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। তারা উৎসাহ না দেখালে সম্পত্তি নিলাম করে দেওয়া হবে।

ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা তৈরি হলেই কিছু একটা ঘটে:‌ পাক বোর্ড- দৈনিক আজকাল

ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে আবার আই সি সি–‌র দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পি সি বি–‌র প্রাক্তন চেয়ারম্যান এবং এখনকার এগজিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, যখনই তাঁরা ভারতের বিরুদ্ধে সিরিজ হওয়ার ব্যাপারে আশার আলো দেখতে পান, তখনই ‘‌কিছু একটা ঘটে’‌। পাশাপাশি তিনি এটাও স্বীকার করে নিয়েছেন, দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে, যে এখনই দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। শেঠির বক্তব্য, ‘‌আমরা আশাবাদী যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন ক্রিকেট হবে। কিন্তু দুঃখটা হল, যখনই সম্পর্কের উন্নতি হয়, এবং খেলার ব্যাপারে আশাবাদী হই, তখনই কিছু না কিছু একটা ঘটে।’‌ আই সি সি ঋণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল পি সি বি–‌কে। কিন্তু তাঁরা তা ফিরিয়ে দিয়েছেন জানিয়ে শেঠি বলেন, ‘‌আমরা আই সি সি–‌কে বলে দিয়েছি, ধার চাই না। বরং যতদিন না ভারতীয় বোর্ড আমাদের সঙ্গে খেলতে চাইছে, ততদিন আমাদের জন্য বিশেষ খাতে টাকা দেওয়া হোক। ২০০৭ সাল থেকে আমাদের এই সিরিজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের আর্থিক সঙ্কটের কারণ এটাই। ভারত আমাদের সঙ্গে খেলা শুরু করলেই আমরা সেই টাকা ফিরিয়ে দিতে পারব।’‌‌

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪