নেপালে মৃত্যু বেড়ে ১৭৭, বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে
https://parstoday.ir/bn/news/event-i162552-নেপালে_মৃত্যু_বেড়ে_১৭৭_বাংলাদেশি_পর্যটকেরা_নিরাপদে
পার্সটুডে- নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছে। তবে নেপালে থাকা বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
(last modified 2026-08-27T08:11:46+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৪:১১ Asia/Dhaka
  • নেপালে বন্যা
    নেপালে বন্যা

পার্সটুডে- নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছে। তবে নেপালে থাকা বাংলাদেশি পর্যটকেরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু, পোখারা ও নাগরকোটসহ প্রধান পর্যটনকেন্দ্রগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শোয়েব আব্দুল্লাহ বলেছেন, বন্যা ও ভূমিধসের ঘটনা মূলত কৈলাস ও মানস সরোবর যাওয়ার পথে ঘটেছে। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা ওই পথে যান না।

শোয়েব আব্দুল্লাহ বলেন, ‘নেপালের কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে সাধারণত বাংলাদেশি পর্যটকেরা যান না।’

তবে দুর্যোগের কারণে গতকাল পোখারা থেকে কাঠমান্ডু আসার পথে কয়েকজন বাংলাদেশি পর্যটক সাময়িকভাবে আটকা পড়েছিলেন বলে জানান তিনি।

কাউন্সেলর বলেন, ‘পোখারা থেকে কাঠমান্ডু আসার পথে কয়েকজন বাংলাদেশি পর্যটক দূতাবাসে ফোন করেছিলেন। মহাসড়ক বন্ধ থাকায় তারা প্রায় ছয়-সাত ঘণ্টা আটকা পড়েছিলেন। সেখানে বাংলাদেশিসহ কয়েক হাজার যাত্রী আটকে ছিলেন। পরে সড়ক খুলে দেওয়া হলে আজ সকালে তারা নিরাপদে কাঠমান্ডু পৌঁছেছেন।’#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন