আবদুস সালাম: ইয়েমেনে হামলা বাড়ানোর পরিণতির জন্য সৌদি আরব দায়ী থাকবে
-
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র ও দেশটির আলোচনাকারী দলের প্রধান মুহাম্মদ আবদুস সালাম
পার্সটুডে—ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র ও দেশটির আলোচনাকারী দলের প্রধান মুহাম্মদ আবদুস সালাম সতর্ক করে বলেছেন, ইয়েমেনে হামলা আরও জোরদার করার পরিণতির জন্য সৌদি আরবকে দায়ী থাকতে হবে।
সৌদি আরবের ২০১৫ সালের আগ্রাসন এবং একের পর এক ব্যর্থতার পর দেশটির সরকার আবারও আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ আরও জোরদারের ঘোষণা দিয়েছে বলে এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন আবদুস সালাম।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আগ্রাসন ও অবরোধের পরিস্থিতি ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টার পরও রিয়াদ পর্দার আড়াল থেকে এর প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। কিন্তু নিজেদের প্রচারণামূলক কর্মকাণ্ডের ব্যর্থতার চাপে সৌদি আরব এখন ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের সম্মুখসারিতে সরাসরি অবস্থান নিতে বাধ্য হয়েছে।
আবদুস সালাম আরও বলেন, সৌদি আরব এরই মধ্যে দশকের পর দশক নয়, বরং বহু অপরাধ সংঘটিত করেছে। বর্তমানে সৌদি সরকারের হামলার শিকার ইয়েমেনের বিভিন্ন প্রদেশে আবাসিক এলাকা ও শহুরে জনপদে বোমাবর্ষণের মাধ্যমে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় ও পরিণতি সৌদি আরবকেই বহন করতে হবে। ইয়েমেনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে তাইজ ফ্রন্টে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর আবদুস সালাম এসব মন্তব্য করেন।
চলমান সংঘর্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং সৌদি-সমর্থিত বাহিনীর কয়েকটি এলাকা থেকে পিছু হটার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#
পার্স টুডে/এমবিএ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।