হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-ওমান ঐকমত্য
-
অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-ওমান ঐকমত্য
পার্সটুডে-ইরান ও ওমান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি যৌথ অস্থায়ী নৌপথ চালু এবং প্রণালী থেকে মাইন অপসারণে যৌথ প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদি হরমুজ প্রণালী-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় দুই দেশের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার বজায় রেখে প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর গুরুত্ব তুলে ধরা হয়।
সাম্প্রতিক যুদ্ধ ও এর পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে দুই পক্ষ এমন একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়ে আলোচনা করেছে, যা কৌশলগত এই জলপথে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
আলোচিত কাঠামোর আওতায় হরমুজ প্রণালী দিয়ে একটি যৌথ অস্থায়ী নৌ করিডোর প্রতিষ্ঠা এবং প্রণালী থেকে মাইন অপসারণের জন্য একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া একটি স্থায়ী নৌ করিডোর প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে হরমুজ প্রণালী পরিচালনার পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান ও ওমানের মধ্যে কারিগরি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ জন্য তথ্য বিনিময়, নৌ চলাচল ব্যবস্থাপনা এবং নৌ চলাচল ও নিরাপত্তাসংক্রান্ত সেবা প্রদানের একটি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ও আলোচনায় এসেছে।
যৌথ বিবৃতিতে ইরান ও ওমান উপসাগরীয় দেশ এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথ সংলাপের গুরুত্বের ওপরও জোর দিয়েছে। একই সঙ্গে প্রযোজ্য আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উপকূলীয় দেশগুলোর সার্বভৌম অধিকারের প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল-বুসাইদি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নৌপথ প্রতিষ্ঠা এবং নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরুর জন্য বাস্তব পদক্ষেপ ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার বিষয়টি সমাধান করা হবে এবং উপযুক্ত সময়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো হবে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দৃঢ় ও ধারাবাহিক কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন: নতুন একটি নৌ করিডোর প্রতিষ্ঠা, যৌথভাবে মাইন অপসারণ এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনার প্রস্তাবিত কাঠামো এই নীতির একটি সুস্পষ্ট উদাহরণ।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন