সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা- ইত্তেফাক
বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর যৌথ মহড়া-যুগান্তর
নাসিরনগরে হামলা পূর্বপরিকল্পিত: রিয়াজুল হক-সমকাল
যৌন হয়রানি: আহসানউল্লাহর শিক্ষকের বিচার শুরু- প্রথম আলো
সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট-মানবজমিন
সিটিসেলের তরঙ্গ খুলে দেয়ার নির্দেশ- নয়া দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
পুরো তেজগাঁও এখন ট্রাকস্ট্যান্ড- যায় যায় দিন
চার নেতার ১১ খুনি লাপাত্তা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
পাক মাটি থেকে ৮ আধিকারিককে ফেরাচ্ছে নয়াদিল্লি- সংবাদ প্রতিদিন
পেনশন ক্ষোভে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যায় তোলপাড় রাজধানী -গণশক্তি
সীমান্তের ওপারে ৪ জঙ্গি অনুপ্রবেশ ঘাঁটির খোঁজ-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-ইত্তেফাক
জেলহত্যা দিবস স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে সকাল ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এ দিনে।
চার নেতার ১১ খুনি লাপাত্তা-বাংলাদেশ প্রতিদিন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক জাতীয় চার নেতার ১১ খুনি লাপাত্তা। ফাঁসি ও যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা। তবে তারা কোথায় কী অবস্থায় রয়েছে সুনির্দিষ্টভাবে জানা নেই সংশ্লিষ্টদের। শেষ পর্যন্ত তাদের দণ্ড আদৌ কার্যকর হবে কিনা, এ নিয়ে নিয়ে সংশয়-সন্দেহ রয়েছে জনমনে।
ঢামেকে রোগী ধর্ষণ: ১১ আনসার সদস্যকে প্রত্যাহার: ইত্তেফাক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীকে ধর্ষণের অভিযোগে ১১ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার খাজা আবদুর গফুর জানান, হাসপাতালে রোগী যে ধর্ষণ হয়েছে তা তিনি পত্রিকার প্রকাশিত সংবাদ দেখে জানতে পেরেছেন। এই ঘটনায় এখনো তদন্ত কমিটির গঠন করা হয়নি। তবে ঘটনা তদন্তে এবটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
পুলিশ বিএনপির লোকদের বাড়িতে হানা দিচ্ছে: রিজভী- প্রথম আলো
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’কে কেন্দ্র করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে।
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা করতে চায়। বিএনপি আশা করছে, জনসভা সফল করার জন্য প্রশাসন যত শিগগির সম্ভব অনুমতি দেবে।
সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট-মানবজমিন
বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে অনুচ্ছেদ দুটিকে সংবিধানের ৩০ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদনটি করেন। রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ চারজনকে বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনূস আলী বলেন, আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা শনাক্ত করা হয়েছে। কারা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তাও নিরুপণ করা সম্ভব হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও ব্যর্থতা নেই।
এদিকে এ সম্পর্কে সমকালের শিরোনাম: নাসিরনগরে হামলা পূর্বপরিকল্পিত: রিয়াজুল হক
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রাজধানী মগবাজারে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
কাজী রিয়াজুল হক বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুর পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতা এবং অদক্ষতার কারণে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
যৌন হয়রানি: আহসানউল্লাহর শিক্ষকের বিচার শুরু-প্রথম আলো
ছাত্রীদের যৌন হয়রানির মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বিচার শুরু হলো।
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ শফিউল আজম এই অভিযোগ গঠন করেন। ১৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
পুরো তেজগাঁও এখন ট্রাকস্ট্যান্ড-যায় যায় দিন
ট্রাকের দখলে চলে গেছে তেজগাঁও সাতমাথার সব রাস্তা আর গলি। এসব রাস্তায় অন্য কোনো যানবাহন তো দূরের কথা হাঁটাচলাও দায় হয়ে পড়ে। আর সারি সারি ট্রাকের ফাঁকে অন্ধকারে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীর কবলে পড়ে প্রায়শই সব খোয়াতে হয় পথচারীদের।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাকিস্তান থেকে ৮ কূটনীতিক ফেরাচ্ছে নয়াদিল্লি-সংবাদ প্রতিদিন
সীমান্তের বেড়াজাল পেরিয়ে কুটনৈতিক স্তরে পৌঁছে গিয়েছে ভারত-পাকিস্তান লড়াই৷ চরবৃত্তির অভিযোগে পাক হাই কমিশনের মেহমুদ আখতারকে ভারতের হুঁশিয়ারির পর থেকেই চলছে তরজা৷ চাপের মুখে সম্প্রতি ছয় কূটনীতিককে ফিরিয়ে নেয় পাক প্রশাসন৷
সীমান্তের ওপারে ৪ জঙ্গি অনুপ্রবেশ ঘাঁটির খোঁজ-আজকাল
আন্তর্জাতিক সীমানা বরাবর পাক ভূখণ্ডে চারটি জঙ্গি অনুপ্রবেশ ঘাঁটির হদিশ পেল সেনা গোয়েন্দারা। ভারতে অনুপ্রবেশ করার আগে এই ঘাঁটিগুলোতেই অপেক্ষা করে জৈশ–এ–মহম্মদ জঙ্গিরা। সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে পাক ভূখণ্ডের মসরুর বড়া ভাই, সুখমল, চাপরাল, লুনিতে এই ঘাঁটিগুলো রয়েছে বলে ধারণা গোয়েন্দাদের।
পেনশন ক্ষোভে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যায় তোলপাড় রাজধানী: গণশক্তি
যখন একদিকে জওয়ানদের সামনে রেখে রাজনৈতিক বাগাড়ম্বরের পালা চলছে, তখনই রাজধানীর প্রাণকেন্দ্রে এসে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনাকর্মী। অবসরভাতা ঠিকমতো পাননি তিনি, সংসার চালাতে বিপাকে পড়ছিলেন। প্রতিরক্ষামন্ত্রীকে দু’দিন আগে চিঠি লিখেই জানিয়েছিলেন নিজের কথা। শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যা করেন তিন দশক সেনাবাহিনীতে কাজ করা হরিয়ানার রাম কিষান গ্রেওয়াল (৭০)। এতে তোলপাড় শুরু হয়েছে দিল্লিতে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩