মালয়েশিয়া ফেরত বাংলাদেশি শ্রমিকের আর্তনাদ
প্রিয় পাঠক ও শ্রোতাবন্ধুরা! সালাম ও শুভেচ্ছা নিন। ৫ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি।শুরুতেই যথারীতি বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। তারপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- প্রতীক পেয়ে যা বললেন আইভী-সাখাওয়াত:প্রথম আলো
- জিয়ার ‘মাজার’ নিয়ে সরকারকে রিজভীর হুঁশিয়ারি:প্রথম আলো
- ঘোড়াঘাটে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার:ইত্তেফাক
- মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, উদ্ধার ১:বাংলাদেশ প্রতিদিন
- ·মালয়েশিয়া ফেরত বাংলাদেশী শ্রমিকের আর্তনাদ:নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- নোট-যুদ্ধ সামাল দিতে ফের পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব:আনন্দবাজার পত্রিকা
- ‘হার্ট অব এশিয়া’র মঞ্চ থেকে পাকিস্তানকে তোপ প্রধানমন্ত্রীর,যারা সন্ত্রাসবাদী শক্তিগুলিকে আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নিতে হবে: মোদি
প্রিয় পাঠক ও শ্রোতা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
প্রতীক পেয়ে যা বললেন আইভী-সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী (ধানের শীষ) সাখাওয়াত হোসেন খান।
আজ থেকে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সাংবাদিকদের সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘“নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়”—এটিই আমি ধারণ করি।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, তিনি চান, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ সব সময় বিরাজ করবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাঁরা অতীতে তাঁর (আইভী) প্রতি আস্থা রেখেছেন। পাশে থেকেছেন। তিনি আশা করেন, এবারও জনগণ তাঁকে ভোট দেবেন। নৌকায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে।
সকালে প্রতীক পাওয়ার পর রিটার্নিং কার্যালয়ের কাছে সাংবাদিকদের বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ধানের শীষের প্রতি গণজোয়ার তৈরি হচ্ছে। ধানের শীষ জয়লাভ করবে।
তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শে গড়া দল। এখন এই দলের নেতৃত্বে চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান আরও বলেন, তিনি অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে। সাত খুন মামলায় তিনি লড়েছেন। নারায়ণগঞ্জের মানুষ তাঁকে চেনে, জানে।
সকালে রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পেয়েছেন কোদাল প্রতীক। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান পেয়েছেন ছাতা প্রতীক। বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন হাতঘড়ি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের ইজহারুল হক মিনার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক পেয়েছেন।
জিয়ার ‘মাজার’ নিয়ে সরকারকে রিজভীর হুঁশিয়ারি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে জিয়াউর রহমানের ‘মাজার’। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাজার নিয়ে ষড়যন্ত্রে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করবে।
আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
জনগণ জিয়াউর রহমানের কবর সরানোর প্রক্রিয়া রুখে দেবে—এমন আশার কথা জানিয়ে রিজভী অভিযোগ করেন, ‘লুই আই কানের নকশা নিয়ে সরকারের দৌড়ঝাঁপ প্রধানমন্ত্রীর হিংসাশ্রয়ী আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি দেশকে এক অশুভ পরিণতির দিকে ঠেলে দিতে চান। প্রধানমন্ত্রী হানাহানি আর রক্তপাত ছাড়া সুস্থির থাকতে পারেন না। দেশের অভ্যন্তরে বিভেদ-বিভাজনই যেন তাঁর একমাত্র রাজনৈতিক কর্মসূচি।’
রিজভী বলেন, জাতীয় সংসদ ভবন এলাকার সৌন্দর্য বহাল রাখতে মূল নকশায় নেই—এমন স্থাপনা সরিয়ে ফেলতে প্রায় চার লাখ ডলার, অর্থাৎ ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে জাতীয় সংসদের মূল নকশা সংগ্রহ করেছে সরকার। মূল নকশাবহির্ভূত স্থাপনা অপসারণের নামে সরকারের মূল লক্ষ্য হচ্ছে জিয়াউর রহমানে মাজার কমপ্লেক্স এখান থেকে উচ্ছেদ করা। বাংলাদেশ সরকার এরই মধ্যে সংসদ ভবন এলাকায় এই নকশার বাইরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, সংসদ সদস্যদের বাসভবন করেছে, সংসদ ভবনের চারদিকে লোহার সীমানাপ্রাচীর, মানিক মিয়া অ্যাভিনিউতে র্যাবের কার্যালয়, স্কুলসহ আরও অনেক মূল্যবান স্থাপনা তৈরি করেছে। এ ছাড়া মেট্রোরেল প্রকল্পও এই নকশার ভেতর দিয়ে স্থাপন করা হবে। লুই আই কানের নকশা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তবু সরকার এই নকশা বাস্তবায়নের নামে কেবল জিয়ার মাজারটি সরানোর চক্রান্তমূলক নীলনকশা করছে।
ঘোড়াঘাটে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার:ইত্তেফাক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অজ্ঞাত তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, নাটোর পৌর যুবলীগের সদস্য মেহেদি হোসেন আব্দুল্লাহ (২৭), রেজওয়ান সাব্বির (২৬) ও নাটোরের কালুরমোড় এলাকার বাসিন্দা সোহেল (২৮)। তিন যুবক শার্ট ও প্যান্ট পরিহিত।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলাধীন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন কলাবাড়ী মাদরাসার পাশে ফাঁকা জায়গায় তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, তিন যুবক মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের ধারণা, তাদেরকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নাটোর থানায় একটি জিডি করেছে সাব্বিরের মা রোকছানা বেওয়া।
মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, উদ্ধার ১:বাংলাদেশ প্রতিদিন
মিয়ানমারের জলসীমায় নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় জেলেরা এক নারীকে উদ্ধার করেছে।
আজ ভোর রাতে নাফ নদীতে জেলেরা মাছ শিকার করতে যায়। নাফ নদীর মোহনায় ভাসমান অবস্থায় এক নারীকে দেখতে পায় জেলেরা। তারা ওই নারীকে উদ্ধার করে। তিনি মংডু বড় গউজবিল এলাকার মৌলভী সলিমের স্ত্রী রেহেনা(২২) বলে জানা গেছে।
উদ্ধার রেহেনা জানান, ৩০/৩৫ জন নাারী ও শিশু ছিল ওই নৌকাতে। এতে তার মা, ভাবী এবং ভাইয়ের দুই শিশু সন্তান নিখোঁজ রয়েছে বলে জানান। তিনি জানান, মিয়ানমারের জলসীমায় নৌকা ডুবির এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকায় অবস্থানরত কতিপয় রোহিঙ্গা সিন্ডিকেট এসব অবৈধ রোহিঙ্গা পারাপারে জড়িত। খোঁজ নিয়ে জানা গেছে ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে মানবজমিন জানিয়েছে,
রোহিঙ্গা বোঝাই চার নৌকা মিয়ানমারে ফেরত
টেকনাফে রোহিঙ্গা বোঝাই চারটি নৌকা নাফ নদী থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। প্রতিটি নৌকায় ১২/১৫ জন করে নারী-পুরুষ ও শিশু ছিল। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এসব নৌকা আটক করে ফেরত পাঠানো হয় বলে বিজিবি জানায়।
বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি টহল জোরদার রয়েছে।
মালয়েশিয়া ফেরত বাংলাদেশী শ্রমিকের আর্তনাদ:নয়াদিগন্ত
"সিগারেটের আগুন দিয়া গায়ে ছ্যাঁক দিত, হাত-পা বাইন্ধা পানির ভিতরে ফালাইয়া রাখতো। ওই অবস্থায় গলা পর্যন্ত ডুবাইয়া পানিতে ফালাইয়া রাখতো, বৃষ্টির পানি নাক দিয়া ঢুকছে, কিছু করতে পারি নাই।"
এভাবে ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিলেন মালয়েশিয়া থেকে ফেরত বাংলাদেশী শ্রমিক মাহবুব আলম। তিনদিন পর্যন্ত এমন অত্যাচার সহ্য করার পর মালয়েশিয়ার পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।
মাহবুব আলমের বাড়ি ভোলা জেলায়। মালয়েশিয়ার একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তিনি।
পুলিশ জানায়, মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের অপহরণ করে দেশে মুক্তিপণ আদায় করার একটি চক্র গড়ে উঠেছে। এরকম একটি চক্রের তিনজনকে রোববার ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। কর্মকর্তারা বলছেন, মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশীরাই স্থানীয় চক্রের সাথে মিলে এধরনের কার্যক্রম চালাচ্ছে।
ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নোট-যুদ্ধ সামাল দিতে ফের পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব:আনন্দবাজার পত্রিকা
কথা ছাড়া গতি নেই! তবে সেটাও তো হতে হবে পরস্পরের সুবিধে-অসুবিধে বুঝে! মোটামুটি এই বোঝাপড়ার মনোভাবকে সামনে রেখেই ইসলামাবাদের সঙ্গে ফের বিদেশসচিব পর্যায়ে আলোচনা শুরুর বার্তা দিল নয়াদিল্লি। তবে এখনই নয়, উত্তরপ্রদেশের ভোট মিটে গেলে হতে পারে সেই আলোচনা। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, উত্তরপ্রদেশের ভোটই সবচেয়ে বড় মাথাব্যথা নয়। গত ৮ নভেম্বর থেকে দেশেই অন্য এক যুদ্ধ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট-বাতিলের ফ্রন্টে ভাল কিছু ফল আম-জনতার সামনে তুলে ধরার ব্যাপারে বেশ চাপে রয়েছেন তিনি। সেই চাপ সামলানোটাই এখন তার প্রথম লক্ষ্য। এর মধ্যে প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চলা বা জিইয়ে রাখাটা বিপজ্জনক হতে পারে। ঘরোয়া রাজনীতিতেও তা নিয়ে পাল্টা চাপে পড়ার আশঙ্কা থেকে যাবে।
গত ৮ নভেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পরেই এ ব্যাপারে এক দফা জল মাপা হয়ে গিয়েছে। ওই সেনা অভিযানের কৃতিত্ব জাহিরে নেতা-মন্ত্রী-দল-সঙ্ঘ সকলে মিলে ঢাক পেটাতে নেমে ফল হয়েছে উল্টো। জাতীয়তাবাদের হাওয়াকে মোটেই ঝড়ে পরিণত করা যায়নি। উল্টে ওই সেনা অভিযানের পরেই বেড়ে গিয়েছে প্রত্যাঘাত। পাক রেঞ্জারদের গোলা ও জঙ্গি হামলায় মৃত্যু হচ্ছে সেনা জওয়ান থেকে সাধারণ নাগরিকদের। আক্রান্ত হচ্ছে একের পর এক সেনা ঘাঁটি। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব আপাতত শিকেয় তুলে রেখে নোট-বাতিলের ডামাডোল সামলানো বা ঘর গোছানোর দিকেই বেশি মন দিতে হচ্ছে মোদী সরকারকে।
‘হার্ট অব এশিয়া’র মঞ্চ থেকে পাকিস্তানকে তোপ প্রধানমন্ত্রীর যারা সন্ত্রাসবাদী শক্তিগুলিকে আশ্রয় দিচ্ছে, তাদেরবিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নিতে হবে: মোদি,বর্তমান পত্রিকা
‘হার্ট অব এশিয়া’র মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধোত্তর পর্বে আফগানিস্তানকে নিজের পায়ে দাঁড় করাতে ‘হার্ট অব এশিয়া’ নামে এই মঞ্চ তৈরি করা হয়েছিল। অমৃতসরে তার ষষ্ঠ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, শুধুমাত্র সন্ত্রাসবাদী শক্তিগুলির বিরুদ্ধেই নয়, যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে, আশ্রয় দেয়, প্রশিক্ষিত করে ও অর্থ জোগায়, তাদের বিরুদ্ধেও দৃঢ় ব্যবস্থা নিতে হবে। ঘটনাচক্রে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা সরতাজ আজিজ। অমৃতসরে তাঁর উপস্থিতিতেই রবিবার পাকিস্তানের নাম উল্লেখ না করে ইসলামাবাদের সন্ত্রাস-বান্ধব কৌশল আন্তর্জাতিক এই মঞ্চে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সন্ত্রাস ইস্যুতে মোদির মতোই এদিন পাকিস্তানের মুণ্ডপাত করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। তাঁর অভিযোগ, তালিবানসহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে গোপনে সাহায্য করে পাকিস্তান ‘অঘোষিত যুদ্ধ’ চালাচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে। ইসলামাবাদকে বিঁধলেও ঘানি প্রশংসা করেন ভারতের ভূমিকা নিয়ে। তিনি বলেন,আফগানিস্তানের পুনর্গঠনে ভারত যে সাহায্য করছে, তার পিছনে কোনও গোপন উদ্দেশ্য লুকিয়ে নেই।
পার্সটুডে/নাসির মাহমুদ/৫