ডিসেম্বর ১৬, ২০১৬ ০৬:১৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৬ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • গৌরবের বিজয় দিবস আজ- দৈনিক ইত্তেফাক
  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা- দৈনিক যুগান্তর
  • বিজয়ের ৪৫ বছর: বাংলাদেশ এগিয়ে পাকিস্তানের চেয়ে-দৈনিক সমকাল
  • ধর্মের নামে উন্মাদনা করে মানুষ হত্যা করা হচ্ছে : প্রধানমন্ত্রী- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • মুক্তিযুদ্ধের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে: ফখরুল- দৈনিক প্রথম আলো
  • দুই বাংলায় ভালোবাসায় গণ্ডি নেই: মমতা- দৈনিক প্রথম আলো
  • স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে বিএনপি তামাশা করছে : ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
  • সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল- দৈনিক মানবজমিন
  • রাখাইনে পুলিশ হত্যার দায় স্বীকার হারাকা আল ইয়াকিনের- দৈনিক মানবজমিন

ভারত:

  • অর্ধেক হয়ে গেছে বাংলাদেশি রোগীর সংখ্যা, কমেছে মেডিক্যাল ট্যুরিজম- দৈনিক আজকাল
  • দু’মাসেও নোট সমস্যা মেটার আশা নেই- দৈনিক বর্তমান
  • টাকার অভাবে চা শ্রমিকরা মারা যাচ্ছেন, মোদিকে তোপ মমতার- দৈনিক সংবাদ প্রতিদিন
  • স্কুল ব্যাগের বোঝা কমছে বাংলাদেশে, এখানে তা কমবে কবে, উত্তর নেই- দৈনিক আনন্দবাজার

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গৌরবের বিজয় দিবস আজ-দৈনিক ইত্তেফাক

আজ ১৬ ডিসেম্বর। মহান ও গৌরবের বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে ওঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এইদিনই বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। স্বাধীন জাতি-রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে এক নতুন ‘মহাকাব্য’ তৈরি হয়েছিল। সেই কাব্যের নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল  সেই মাহেন্দ্রক্ষণ।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা- দৈনিক যুগান্তর

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভোর ৬টা ৩৯ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানান। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয়ের ৪৫ বছর: বাংলাদেশ এগিয়ে পাকিস্তানের চেয়ে- দৈনিক সমকাল

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ৯৯ লাখ টন। ওই সময় দেশের ৮৮ ভাগ মানুষই ছিল দরিদ্র। মাথাপিছু আয় ছিল মাত্র ১২৯ মার্কিন ডলার। নবগঠিত সরকার প্রথম বাজেট দেয় মাত্র ৭৮৬ কোটি টাকার। অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যান এবং তৎকালীন পরিস্থিতি বিশ্লেষণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে সাড়ে সাত কোটি মানুষের বাংলাদেশ আদৌ টিকবে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশ্বের নামকরা অর্থনীতিবিদরা। 'বাংলাদেশ :এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট' শীর্ষক এক বইয়ে নরওয়ের অর্থনীতিবিদ ড. জাস্টফালান্ড ও ব্রিটিশ অর্থনীতিবিদ জ্যাক আর পারকিনসন অনেকটা চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, 'এ অবস্থা থেকে বাংলাদেশ যদি অর্থনৈতিক উন্নয়ন করতে পারে, তাহলে বিশ্বের যে কোনো দেশই উন্নত হতে পারবে।' বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে উল্লেখ করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

সেই বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দিচ্ছে। কেউ বলছেন, এশিয়ান টাইগার। কেউ বলছেন, 'ফ্রন্টিয়ার ফাইভের' সদস্য। বিজয়ের ৪৫ বছর পরে এসে দেখা যাচ্ছে, পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কমপক্ষে দুই ডজন আন্তর্জাতিক সূচকে এগিয়ে রয়েছে।

ধর্মের নামে উন্মাদনা করে মানুষ হত্যা করা হচ্ছে : প্রধানমন্ত্রী- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে ধর্মের নামে উন্মাদনা করে মানুষ হত্যা করা হচ্ছে। এতে একদিকে যেমন ইসলাম ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তেমনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।  

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ থেকে মানুষকে কীভাবে দূরে রাখা যায়, সে বিষয়ে মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলছি। যেন ধর্মীয় সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ কখনও বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী চিন্তা-ভাবনা সব সময়ই আপনাদের থাকতে হবে।

মুক্তিযুদ্ধের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে: ফখরুল- দৈনিক প্রথম আলো

স্বাধীনতার ৪৫ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সেই বাংলাদেশ দেখছি না, যার জন্য যুদ্ধ করেছি। সেই দেশ ঘৃণ্য এক দেশ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অসহায় আদিবাসী সাঁওতালদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের পুলিশ! ধিক, এই লজ্জা রাখার জায়গা নেই। কারণ, একাত্তরে ঘৃণ্য হানাদার বাহিনী ঠিক এভাবেই বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। সেটিও এই সরকারের আমলে।’

বিএনপি মহাসচিব গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে অপশক্তিকে পরাজিত করতে নেতা-কর্মীদের ‘দৃঢ় সংকল্প চিত্তে’ শপথগ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনী পড়ার পরামর্শ দেন।

দুই বাংলায় ভালোবাসায় গণ্ডি নেই: মমতা- দৈনিক প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বাংলার সম্পর্ক চিরন্তন। সুদীর্ঘ কালের এই সম্পর্ক আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আরও দৃঢ় হবে। আমাদের দুই বাংলায় সীমানার গণ্ডি থাকলেও ভালোবাসায় গণ্ডি নেই।’

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের এত মধুর সম্পর্ক যে আমরা কোনো অনুষ্ঠান এলে মনে করি বাংলাদেশের শিল্পীদের কথা। আমাদের দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’

মমতা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই অবিস্মরণীয় স্লোগান “জয় বাংলা” আমাকেও উজ্জীবিত করেছিল।’ তিনি বক্তৃতা শেষ করেন ‘জয় বাংলা’ এবং ‘জয় হিন্দ’ বলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আমাদের এই বন্ধুত্ব চিরন্তন। আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে। আমাদের দুই দেশের সমস্যাও আমরা মিলেমিশে মিটিয়ে নিই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।

স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে বিএনপি তামাশা করছে : ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে জাতির সাথে তামাশা করেছে। স্বাধীনতা বিরোধীদের বিচার চায় বিএনপি- এটা এ বছরের সেরা কৌতুক।

বৃহস্পতিবার ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ইডেন কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই বিজয় মেলার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়। এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়? এটা কি নির্মম রসিকতা নয়।

বাংলাদেশের সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল- দৈনিক মানবজমিন

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সমমর্যাদার পদে প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর মধ্যে আটজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বা সমপর্যায়ের পদে নিয়োগ করা হয়েছে। একজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে পূর্ণ সচিব ও আরেকজনকে একটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। বর্তমান সচিবদের মধ্যে কয়েক জন এ মাসেই অবসরোত্তর ছুটিতে যাবেন। তাদের এসব শুন্য পদে

রাখাইনে পুলিশ হত্যার দায় স্বীকার হারাকা আল ইয়াকিনের- দৈনিক মানবজমিন

মিয়ানমারের রাখাইনে গত অক্টোবরে হামলা চালিয়ে ৯ পুুলিশ হত্যার দায় স্বীকার করেছে হারাকা আল-ইয়াকিন নামের একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ‘মিয়ানমারস রোহিঙ্গা ইনসারজেন্সি হেজ লিংকস টু সাউদি, পাকিস্তান: রিপোর্ট’ শীর্ষক রয়টার্সের খবরে বলা হয়- হারাকা আল-ইয়াকিন এক ভিডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে। এরপর আইসিজি রাখাইন রাজ্যে এই গ্রুপের চারজনের সঙ্গে এবং মিয়ানমারের বাইরে দু’জনের সঙ্গে কথা বলে। ব্রাসেলস ভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)’র ভেরিফাইড ওয়েব সাইটে প্রকাশিত প্রতিবেদনে হারাকা আল-ইয়াকিন নামের নতুন ওই সশস্ত্র গ্রুপ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়। তাদের দীর্ঘ প্রতিবেদনটি ১৫ই ডিসেম্বর ডেটলাইনে প্রকাশ করা হয়।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

অর্ধেক হয়ে গেছে বাংলাদেশি রোগীর সংখ্যা, কমেছে মেডিক্যাল ট্যুরিজম- দৈনিক আজকাল

কলকাতার বহু বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের রোগীদের মধ্যে একটা বড় অংশ আসেন বাংলাদেশ থেকে। নোট বাতিলের জটিলতায় সেই সংখ্যা এক ধাক্কায় কমে গেছে ৫০ শতাংশ। ক’‌দিন আগে অবস্থা আরও খারাপ ছিল। সামান্য সামলানো গেছে পরিস্থিতি। বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম বাংলাদেশের নাগরিকদের সমস্যা কমাতে ভারতীয় মুদ্রার বদলে ডলারও নেওয়া শুরু করেছে। চালু করেছে ই–ওয়ালেটের ব্যবস্থা। এমনকি যাঁরা নিয়মিত আসছেন, তিন বা চারবার ঘুরে গেছেন, তাঁদের জন্যে ধারের ব্যবস্থাও হয়েছে। যদিও এই ব্যবস্থা ঘোষণা করা হয়নি। পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে। তবে এ সবে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কিছুটা সুরাহা হলেও সমস্যা থেকেই যাচ্ছে ওষুধ, পথ্য, হোটেল ভাড়া ও অন্যান্য খরচের ক্ষেত্রে।

বাংলাদেশ থেকে এসে তো আর দিনের দিন ফিরে যাওয়া যায় না। পরিচিত কারও বাড়ি না থাকলে হোটেল, গেস্ট হাউস ভাড়া নিয়ে থাকতে হয়। সেই খরচ জোগাতে সমস্যা হচ্ছে খুব। চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছে ‘‌মেডিক্যাল টুরিজিম’ও।‌ যাঁরা বাইরে থেকে চিকিৎসা করাতে আসেন, তাঁরা খানিকটা বেড়িয়ে ফিরতে চান। মার খাচ্ছে সেই পর্যটনও। কমে গেছে বাংলাদেশ থেকে ভারতে আসা ভ্রমণার্থীর সংখ্যাও। ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতে যাওয়ার জন্য ভিসা আবেদনকারীর সংখ্যা কমেনি। তবে নোট বাতিলের পর ভারতে ঘুরতে যাওয়ার আগ্রহ কমেছে। যেটুকু না গেলেই নয়। ঢাকার খবর, যাঁরা যাচ্ছেন তাঁরা জরুরি চিকিৎসা করাতেই যাচ্ছেন। তাও দু–একদিন কোনও মতে থেকেই আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন। আর যাঁরা নতুন করে চিকিৎসা করাবেন বলে ভারতে যাবেন বলে ভাবছিলেন, তাঁরা সিদ্ধান্ত বদলে যাচ্ছেন ব্যাঙ্ককে।

দুমাসেও নোট সমস্যা মেটার আশা নেই- দৈনিক বর্তমান

প্রধানমন্ত্রীর ‘সব ঠিক হয়ে যাবে ৫০ দিনের মধ্যে’ আশ্বাস সম্বলিত সময়সীমা সমাপ্ত হতে ঠিক ১৫ দিন যখন বাকি আছে, তখন তাঁর সরকারের অর্থমন্ত্রক আজ জানিয়ে দিয়েছে, আগামী ২ সপ্তাহে বাতিল হওয়া টাকার মাত্র ৪৫ থেকে ৫০ শতাংশ টাকা বাজারে আসবে। তার বেশি নয়। অর্থাৎ নোটের আকাল কমার আশু সম্ভাবনা নেই। অন্তত আগামী ২ মাসে তো নয়ই। যদিও ২ মাস পরও যে অবস্থার খুব একটা পরিবর্তন হবে, তেমন সম্ভাবনাও প্রায় নেই। কারণ অর্থমন্ত্রক আজ জানিয়েছে, বাতিল হওয়া সব টাকা বাজারে আর আসবে না। সেই কারণেই বেশি করে ডিজিটাল লেনদেনের কথা বলা হচ্ছে। ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহী করতে একগুচ্ছ আকর্ষণীয় স্কিমও আনা হয়েছে। তবে একদিকে যেমন কবে থেকে নিজের টাকা নিজেরা ইচ্ছামতো তোলা যাবে সেই ব্যাপারে কোনও ঘোষণা বা আশ্বাসই সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি, তেমনই আবার আজ একথাও জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা তোলার উর্ধসীমার আপাতত কোনও বদল আপাতত হচ্ছে না।

টাকার অভাবে চা শ্রমিকরা মারা যাচ্ছেন, মোদিকে তোপ মমতার- দৈনিক সংবাদ প্রতিদিন

বৃহস্পতিবার আন্তর্জাতিক চা দিবস৷ কিন্তু নোট বাতিলকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের চা শ্রমিকদের অবস্থা শোচনীয়৷ শুধু তাই নয়, টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু চা শ্রমিক৷ অর্থাভাবে দু’বেলা দু’মুঠো খেতে পর্যন্ত পাচ্ছেন না  তাঁরা৷ আর তাই আন্তর্জাতিক চা দিবসের দিন চা শ্রমিকদের জন্য আবার মোদির কাছে নোট বাতিলের সিদ্ধান্তর বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

এদিন আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী৷ টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং আরবিআইয়ের কাছে চা শ্রমিকদের কাছে মজুরি পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন৷ টুইটটিতে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক চা দিবসে কেন্দ্রর এবং আরবিআইয়ের কাছে অনুরোধ করছি চা শ্রমিকদের কাছে সাহায্য পৌঁছে দিতে৷”

অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগানের শ্রমিকরা নোট বাতিলের জন্য না খেতে পেয়ে মারা যাচ্ছেন৷ আরবিআইয়ের উচিত শ্রমিকদের বকেয়া টাকা ডিএম মারফত পৌঁছে দেওয়া৷” কার্যত এদিনও মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে মোদির বিরোধিতায় সরব হন৷

স্কুল ব্যাগের বোঝা কমছে বাংলাদেশে, এখানে তা কমবে কবে, উত্তর নেই- দৈনিক আনন্দবাজার

তার বয়স কম। চেহারাতেও একরত্তি। তবু জন্মের ৪১ বছরের মধ্যেই তা করে দেখাল বাংলাদেশ। আর আমরা, তার পাশের দেশ ভারত, এই একাত্তরেও সেই ‘বুড়ো খোকা’টিই রয়ে গেলাম! করে দেখাতে পারলাম না! শিশুদের পিঠের বোঝাটা আর কিছুতেই কমাতে পারলাম না দেশের সর্বত্র। এমনকী, আমাদের রাজ্যেও।

ফলে, শিশুদের পিঠের বোঝাটাই আমাদের ‘ভবিষ্যতের বোঝা’ হয়ে উঠছে! নতুন প্রজন্ম ক্ষয়ে যাচ্ছে শরীরে, মনে। ‘ব্যাগবোঝাই’ কচিকাঁচারা ‘গিনিপিগ’ হচ্ছে ‘বিদ্যেবোঝাই বাবুমশাই’ বানানোর ল্যাবরেটরিতে! অফুরান মজা আর অনাবিল আনন্দে হেসে-খেলে বেড়ানোর দিনগুলিতে শিশুদের পিঠে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের শরীরের স্বাভাবিক বাড়-বৃদ্ধির সময়টাকে অযথা, অকারণে জটিল করে তোলা হচ্ছে। কোন বয়সে শিশুরা কী চায়, তা ভুলে যাওয়া হচ্ছে। শিশু-মন নিয়ে বোধহয় অযথা, অকারণেই বেশি খেলা করা হচ্ছে। শিশু অধিকার রক্ষা সংস্থার কর্তা, শিশু মনস্তাত্বিক, চিকিৎসক, আইনজীবী ও প্রশাসক, সকলেরই মতামত এটা।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬