ইসি পূণর্গঠনে সার্চ কমিটির নাম প্রকাশ করা উচিত: শামসুল হুদা
প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: শামীম ওসমানকে ঘিরেই সব শঙ্কা- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
- ইসি পূণর্গঠনে সার্চ কমিটির নাম প্রকাশ করা উচিত: শামসুল হুদা
- 'দুর্নীতি কমাতে গণশুনানি প্রয়োজন': দুদকের মহাপরিচালক- দৈনিক ইত্তেফাক
- 'মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপির বিচার হওয়া উচিত'- দৈনিক ইত্তেফাক
- সুষ্ঠু ভোট হলে নারায়নগঞ্জে ধানের শীষের নীরব বিপ্লব ঘটবে : রিজভী- দৈনিক নয়াদিগন্ত
- নোট-গাইড ও কোচিং বলে কিছু থাকবে না: শিক্ষামন্ত্রী – দৈনিক মানবজমিন
- গুলশানে প্লট নিয়ে ভয়ঙ্কর প্রতারণা- দৈনিক সমকালের প্রধান শিরোনাম
- বাংলাদেশ সফর না করা নিয়ে ফের মুখ খুললেন মরগান- দৈনিক মানবজমিন
ভারত:
- এক বছর সীমান্তে মৃত্যু হয়েছে ৬০ ভারতীয় সেনার- দৈনিক আজকাল
- অর্থমন্ত্রী জেটলির আশ্বাসেও স্বস্তি নেই শিল্পমহলে- দৈনিক আনন্দবাজার
- রাজনৈতিক দলকে ছাড় কেন: মমতা- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: শামীম ওসমানকে ঘিরেই সব শঙ্কা- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান ও তাঁর অনুসারীদের ভূমিকা কী হবে, সেটা নিয়ে শঙ্কায় আছে আওয়ামী লীগ। একই শঙ্কা দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর অনুসারীদেরও।
আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মূল্যায়ন হচ্ছে, ভোটের মাঠে এখন পর্যন্ত আইভী এগিয়ে আছেন। কিন্তু দলের স্থানীয় একটা অংশ তাঁর জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত কাউন্সিলর পদপ্রার্থীদের দিয়ে ভোটের দিন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ফলাফল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে এমন দুশ্চিন্তাও আছে।
নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল নির্ধারণ ও প্রচার ব্যবস্থাপনায় থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এবং আইভীর পক্ষে
থাকা স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এই শঙ্কা ও দুশ্চিন্তার কথা জানা গেছে।
আইভী নিজেও ১৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে মতবিনিময়ের সময় শঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনে তৃতীয় পক্ষ কারসাজি করতে পারে। এ জন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। আইভীর ঘনিষ্ঠজনেরা বলছেন, তৃতীয় পক্ষ বলতে নারায়ণগঞ্জের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান ও তাঁর অনুসারীদের বুঝিয়েছেন তিনি।
ইসি পূণর্গঠনে সার্চ কমিটির নাম প্রকাশ করা উচিত: শামসুল হুদা- দৈনিক সমকাল

নতুন নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম সার্চ কমিটির প্রস্তাবে আসবে, তাদের নাম আগেভাগে প্রকাশ করার পক্ষে মত জানিয়েছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা। নামগুলো প্রকাশ হলে তাদের নিয়ে আলোচনা হবে, গণমাধ্যম তাদের অতীত খতিয়ে দেখবে, জনগণ তাদের সম্পর্কে জানতে পারবে; এর মাধ্যমে রাষ্ট্রপতিও সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনার সুযোগ পাবেন। নিরপেক্ষ লোক নিয়োগ পেলে নির্বাচন কমিশনের বিদ্যমান ক্ষমতা কাঠামোতেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা ফোরামের উদ্যোগে 'ইলেকশন, ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব সুপারিশ তুলে ধরেন।
বাংলাদেশে একটি ভালো নির্বাচন করতে হলে যে প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা লাগে, সেখানে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন শামসুল হুদা। চাঁদপুরের এক প্রভাবশালী ব্যক্তির মনোনয়নপত্র বাতিল করার পরের ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি জানান, 'আপিল বিভাগে গিয়ে শেষ পর্যন্ত বিষয়টা থেমে যায়'।
'দুর্নীতি কমাতে গণশুনানি প্রয়োজন': দুদকের মহাপরিচালক- দৈনিক ইত্তেফাক

দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বলেছেন, '২০২৪ সালে আমরা উন্নত দেশের তালিকায় চলে যাবো। তাই আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। সেজন্য গণশুনানি অতি জরুরি। এই গণশুনানির ফলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।'
রবিবার সকালে মাদারীপুর লিগ্যাল এইড অফিসের সভাকক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মহাপরিচালক বলেন, জেলা ও উপজেলার সরকারি সবগুলো অফিসকে পরিপত্র দিয়ে বলা হয়েছে প্রতি সপ্তাহে গণশুনানি করতে হবে। এই গণশুনানির ফলে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ফলে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কম থাকবে। এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুদকের মহাপরিচালক।
বিমানের ত্রুটি: সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হচ্ছে- দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনা মনুষ্যসৃষ্ট 'নাশকতা' উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার জমা দেয়া ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ঘটনায় প্রধান প্রকৌশলীসহ প্রকৌশল বিভাগের সবাই জড়িত। ঘটনার ২৪ ঘণ্টা আগে ওই বিমানের দায়িত্ব ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। তাদের দায়িত্বে অবহেলা ও এ সমস্যা সৃষ্টির পেছনে সংশ্লিষ্টতা ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। বিমান পরিচালনা পর্ষদ ঢেলে সাজানোসহ ২০ টি সুপারিশ করা হয়েছে এতে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, ফ্লাইট অপারেশন, প্রকৌশল শাখা থেকে শুরু করে প্রতিটি শাখার উর্ধ্বতন থেকে নিম্নতম কর্মকর্তা-কর্মচারিদের গাফিলতি, স্বেচ্ছাচারিতা ও অদক্ষতার প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কঠোর সুপারিশ করা হয়েছে।
'মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপির বিচার হওয়া উচিত'- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার আগে গণতন্ত্রকে বানচাল করার জন্য ও মানুষ পুড়িয়ে হত্যার দায়ে বিএনপির বিচার হওয়া উচিত।'
আজ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘রুখবো অপরাজনীতি ও জঙ্গি সন্ত্রাস-গড়বো সোনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্রকে বানচাল করতে নির্বাচন প্রতিহত এবং নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে সেজন্য আগে তাদের বিচার হওয়া উচিত।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ইসি গঠনের জন্য বিএনপির যারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদের হাত যেমন মানুষের রক্তে রঞ্জিত তেমনি তাদের সারা শরীরে রয়েছে পোড়া মানুষের গন্ধ।
সুষ্ঠু ভোট হলে নারায়নগঞ্জে ধানের শীষের নীরব বিপ্লব ঘটবে : রিজভী- দৈনিক নয়াদিগন্ত

নাসিক নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাসিক নির্বাচনে সুষ্ঠু ভোট হলে ধানের শীষের নীরব বিপ্লব ঘটবে।
আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের অধীনে বিগত সকল নির্বাচনে ভোট ডাকাতি, ব্যালট পেপার ছিনতাই, ভোটের পূর্বের রাতে ব্যালট বাক্স ভর্তি, ভোটারদেরকে ভোট প্রদানে বাধা, বিরোধী দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা, ভোটকেন্দ্রগুলোতে রক্তাক্ত খুনের উৎসব চলেছে। এমন পরিস্থিতিতে বর্তমান নাসিক নির্বাচনে সেটিরই প্রতিফলন ঘটবে কী না তা নিয়েও জনমনে প্রশ্ন দানা বাঁধছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে আবারো নাসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরীর জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা ও ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোট প্রদানের নিশ্চয়তার জন্য আবারো সেনা বাহিনী মোতায়েনের জোর দাবি জানাচ্ছি।
নোট-গাইড ও কোচিং বলে কিছু থাকবে না: শিক্ষামন্ত্রী – দৈনিক মানবজমিন

দেশে নোট-গাইড ও কোচিং বলে কিছু রাখা হবে না। সকল স্কুলে ভালো শিক্ষক দেয়া সম্ভব না হওয়ায় শিক্ষা আইনে বাড়তি ক্লাস ও সহায়িকা রাখা হয়েছে। গতকাল রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সট বুকস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এমন ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই মাসের মধ্যেই কেবিনেটে পাঠানো হবে। তিনি বলেন, সারা দেশে ৫ কোটির বেশি শিক্ষার্থীকে ভালো শিক্ষক ও অন্যান্য সুবিধা দেয়া সম্ভব হয় না। এ কারণে সাময়িকভাবে সহায়িকা বই ও শিক্ষকদের বাড়তি ক্লাস করানোর সুযোগ দেয়া হয়েছে। অথচ একটি শ্রেণি আইনের কিছু ধারা নিয়ে বিতর্ক তুলে তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
গুলশানে প্লট নিয়ে ভয়ঙ্কর প্রতারণা- দৈনিক সমকালের প্রধান শিরোনাম

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি প্লট। প্রায় ৭ কাঠার মহার্ঘ এই প্লটটিকে ঘিরে ঘটেছে একাধিক প্রতারণার ঘটনা। একটি চক্রই পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত ওই চক্রের ১৮ সদস্যের মধ্যে ১৬ জনই ধরা পড়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। আর এভাবে চক্রের কবল থেকে রক্ষা পায় রাজউকের বরাদ্দপ্রাপ্ত কানাডাপ্রবাসী আবুল ফজলের আলোচিত প্লটটি। প্লট নিয়ে জালিয়াতির এ চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দায়িত্বশীল সূত্র থেকে।
সিআইডির তদন্ত সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ জালিয়াতির ঘটনাটি ঘটেছে গুলশান-২ নম্বরের ৯৩ নং সড়কের ১৫/সি নম্বর প্লটটিকে ঘিরে। পৃথকভাবে জাল কাগজপত্র তৈরি করে একাধিক ব্যক্তির কাছে প্লট বিক্রির চুক্তি করে প্রতারণার ফাঁদ তৈরির মাধ্যমে অন্তত ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। 'এম এম জলিল খান' নামে পাঁচজন পৃথক ব্যক্তি নিজেদের ওই প্লটের প্রকৃত মালিক দাবি করে আসছিলেন। তারা সবাই ভুয়া 'এম এম জলিল' পরিচয়ে জাল কাগজপত্র তৈরি করেন। এরই মধ্যে রহস্যজনকভাবে মালিকের নথি রাজউকের ফাইল থেকে গায়েব হয়ে গেছে।
বাংলাদেশ সফর না করা নিয়ে ফের মুখ খুললেন মরগান- দৈনিক মানবজমিন

বাংলাদেশ সফর না করা নিয়ে ফের মুখ খুললের এউইন মরগান। ওই সফর না করায় মোটেও দুঃখিত নন বলে জানালেন তিনি। তিনি তখন ঠিক কাজ করেছিলেন বলেই মনে করেন। অক্টোবরে বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসেননি ওয়ানডে দলের ‘অধিনায়ক’ এউইন মরগান ও অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক কর্মকর্তা বাংলাদেশে তাদের পূর্ণ নিরাপত্তার কথা বললেও মরগানের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ইংল্যান্ডের অনেক সাবেক খেলোয়াড় তাকে বাংলাদেশ সফরের ব্যাপারে অনুরোধ জানালেও তিনি রাখেননি। তবে তাকে ছাড়াই বাংলাদেশে আসে ইংল্যান্ড দল। জস বাটলারের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে তারা। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ হয় ১-১ ড্র।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
এক বছর সীমান্তে মৃত্যু হয়েছে ৬০ ভারতীয় সেনার- দৈনিক আজকাল

গত এক বছরে সীমান্তে মৃত্যু হয়েছে প্রায় ৬০ ভারতীয় সেনার। গত দু’বছরের তুলনায় যে সংখ্যাটা প্রায় দ্বীগুন। ২০১৪ সালে সীমান্তে মৃত্যু হয়েছিল ৩২ জন সেনার, ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ৩৩। এঁদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সংঘর্ষ বিরতিতে প্রাণ গেছে ২৩ জনের। যেখানে ২০১৪ ও ২০১৫ সালে এই মৃত্যুর সংখ্যাটা ছিল যথাক্রমে ৪ ও ৫। সেনা সূত্রে জানানো হয়েছে, এই বছরটা অস্থির সময় কেটেছে সীমান্তে। অসংখ্যবার নানা ধরণের জঙ্গী হামলার মোকাবিলা করতে হয়েছে ভারতীয় সেনার। এরই মধ্যে রয়েছে উরি ও নাগ্রোটা হামলা। ওখানেই অসংখ্য সেনার মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তান বা পাশের অন্য যে কোনও দেশের থেকে নজরদারি চালানোর কাজে অনেকটাই পটু ভারতীয় সেনারা। সেটা বোঝা যায় হামলার সংখ্যা ও ক্ষয়ক্ষতির অঙ্কের মধ্যে তুলনা করলেই। যদি সেনা চৌকি যথেষ্ট সজাগ থাকে, তাহলেই বেশি পরিমান ক্ষয়ক্ষতি আটকে দেওয়া সম্ভব হয়। ভারতীয় সেনা সেই কাজেই পটু। এছাড়াও, গতকালই নতুন সেনা প্রধানের নাম ঘোষিত হয়েছে। সীমান্ত সেনার কাঠামো বদলের একটা বড় সম্ভবনা রয়েছে। স্বাভাবিক ভাবেই আগামী দিনে ভারতীয় সেনা আরও শক্তিশালী হবে। এছাড়াও, শেষ বছরে ১০০ জঙ্গি খতম করেছে ভারতীয় সেনা।
রাজনৈতিক দলকে ছাড় কেন: মমতা- দৈনিক বর্তমান

আয়কর নিয়ে কেন্দ্রীয় সরকারের দু’মুখো নীতির বিরুদ্ধে এবার ট্যুইটারে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের পর থেকেই সাধারণ মানুষের চরম দুর্দশার কথা তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে নিরন্তর সমালোচনা জারি রেখেছেন তিনি। কিছুদিন আগে দিল্লিতে গিয়েও প্রতিবাদ জানিয়ে এসেছিলেন। সভা করেছেন পার্শ্ববর্তী রাজ্যেও। সার্বিক এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক দলগুলির ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি আয়করের বাইরে রাখা হবে। সাধারণ মানুষের চরম দুর্দশার সময়েও কেন এই দু’মুখো নীতি নেওয়া হল, শনিবার সেই প্রশ্নই তুলেছেন ক্ষুব্ধ মমতা।
অর্থমন্ত্রী জেটলির আশ্বাসেও স্বস্তি নেই শিল্পমহলে- দৈনিক আনন্দবাজার

নোট নাকচের কষ্ট এখন সইতে পারলে আখেরে ভাল হবে অর্থনীতির। লাভ হবে দীর্ঘ মেয়াদে। মোদী সরকারের বারবার আওড়ে যাওয়া এই আশ্বাস নিয়ে এ বার অর্থমন্ত্রী অরুণ জেটলির সামনেই প্রশ্ন তুলল শিল্পমহল। তাদের আশঙ্কা, নোট বাতিলের ক্ষত দীর্ঘ মেয়াদেও অর্থনীতির উপর থেকে যাবে। কিংবদন্তি অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের শব্দ ‘ধার’ করে যে উদ্বেগের কথা মনমোহন সিংহ সম্প্রতি বলেছিলেন, কার্যত তা-ই যেন উঠে এল শিল্পমহলের মুখে।
শনিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় নোট নাকচের পক্ষে সওয়াল করেন জেটলি। দাবি করেন, এখন সমস্যা হলেও দীর্ঘ মেয়াদে এতে ভাল হবে অর্থনীতির। কিন্তু সেই মঞ্চ থেকেই বণিকসভাটির বিদায়ী সভাপতি হর্ষ নেওটিয়া বলেন, ‘‘অর্থনীতিতে এই ধাক্কা স্বল্পমেয়াদি। কিন্তু তা সামলাতে কর কমানো, সুদ কমানো এবং পরিকাঠামোয় দ্রুত লগ্নির দাওয়াই চাই।’’ নইলে স্বল্প মেয়াদের এই ধাক্কা লম্বা সময়েও অর্থনীতির বুকে গভীর ক্ষত রেখে যেতে পারে বলে শিল্পমহলের আশঙ্কা।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮