ডিসেম্বর ৩০, ২০১৬ ০৭:২৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৩০ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চিঠি- দৈনিক মানবজমিন
  • রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে ড. ইউনূসসহ নোবেলজয়ীদের চিঠি- দৈনিক যুগান্তর
  • রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি- দৈনিক নয়াদিগন্ত
  • রাষ্ট্রপতির সঙ্গে বিএনএফ ও ইসলামী ঐক্যজোটের সংলাপ- দৈনিক সমকাল
  • স্থানীয় সরকারও এখন আ.লীগের কবজায়- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • প্রাথমিক ও জেএসসি: ইংরেজি ও গণিতের কারণেই ফল ভালো- দৈনিক ইত্তেফাক
  • পিইসিতে স্কুলের সেরা ৬৫ বছরের বাছিরন
  • থার্টি ফার্স্টে রাত আটটার মধ্যে ঘরে ফিরতে হবে: ডিএমপি কমিশনার- দৈনিক ইত্তেফাক
  • অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানাবে খুলনা শিপইয়ার্ড- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারত:

  • কাল ফের মোদির ভাষণ, উদ্বেগে দেশ- দৈনিক বর্তমান
  • মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত- দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রকল্প তিস্তা:  জল ঘোলাটে, ঢাকাকে তাই বিদ্যুৎ- দৈনিক আনন্দবাজার
  • বিরোধী দলনেতা হতে পারেন বিলাবল- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চিঠি- দৈনিক মানবজমিন

মিয়ানমারের রাখাইনে হত্যা-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অস্থায়ী আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার দাবি এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় দেশটির নৌবাহিনীর গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান্টকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবাদ ও দাবি জানায়। এ সময় প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতের হাতে ঢাকার অসন্তোষবিষয়ক দুটি কূটনৈতিক পত্র বা নোটভারবাল ধরিয়ে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং কর্মকর্তাদের ভাষ্য মতে, বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসানের দপ্তরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিম খানও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব পেয়ে দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত মিও মিন্ট থান্ট সেগুনবাগিচায় যান। মন্ত্রণালয়ের সচিবের কক্ষে প্রায় আধঘণ্টার বেশি সময় বৈঠক করে রাষ্ট্রদূত প্রায় নিঃশব্দে সেগুনবাগিচা ছেড়ে যান।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে ড. ইউনূসসহ নোবেলজয়ীদের চিঠি- দৈনিক যুগান্তর

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে খোলা চিঠি দিয়েছে ড. ইউনূসসহ বিশ্বের খ্যাতনামা ২২ জন নাগরিক। এদের মধ্যে পাকিস্তানের মালালা ইউসূফজাই সহ ১৩ জনই বিভিন্ন সময়ে নোবেল পুরস্কার পেয়েছেন।    

নিরাপত্তা পরিষদের সভাপতিকে বৃহস্পতিবার  দেয়া ওই চিঠিতে মিয়ানমারে হত্যা, অগ্নিসংযোগ এবং ধর্ষণের মতো পাশবিক নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।   

জাতিসংঘের মহাসচিবকে জরুরি ভিত্তিতে মিয়ানমার পরিদর্শনের আহ্বান জানান তারা।  এছাড়াও বর্তমানে দেশটিতে ক্ষমতায় থাকা শান্তিতে নোবেল জয়ী নেত্রী অংসান সুচির কড়া সমালোচনা করা হয়।   চিঠিতে উল্লেখ করা হয়,মিয়ানমারের ঘটনা জাতিগত এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। গত দুই মাসে দেশটির সেনাবাহিনী রাখাইন প্রদেশে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হচ্ছে। ৩০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। বাড়িতে অগ্নিসংযোগ, নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং নির্বিচারে শিশুদেরও হত্যা করা হচ্ছে।    

আরো ভয়ংকর ব্যাপার, মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে, যার ফলে আগে থেকেই চরম দরিদ্র এই এলাকাটিতে মানবিক সংকট ভয়াবহ হয়ে উঠেছে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি- দৈনিক নয়াদিগন্ত

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার এক বিশেষ দূত পাঠাচ্ছেন বাংলাদেশে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীর অবস্থা মূল্যায়নের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সূ চি'র বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেসময় মিয়ানমারের রাষ্ট্রদূত এই বিশেষ দূত পাঠানোর কথাটি বাংলাদেশকে জানান।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন," উনি আমাদের বলেছেন ওনাদের একজন স্পেশাল এনভয় আসবেন। ওনারা শীঘ্রই আমাদের জানাবেন কবে আসবেন।" মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-নির্যাতন বন্ধে কোন ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অং সান সু চি'র কড়া সমালোচনা করছে।

রাষ্ট্রপতির সঙ্গে বিএনএফ ও ইসলামী ঐক্যজোটের সংলাপ- দৈনিক সমকাল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও ইসলামী ঐক্যজোট সংলাপ করেছে।  বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বিএনএফ ও বিকেলে ইসলামী ঐক্যজোটের নেতারা সংলাপে অংশ নেন।

সংলাপে বিএনএফ নির্বাচন কমিশন সচিবালয় বিলুপ্তসহ ৫ দফা প্রস্তাব দেয়। অন্যদিকে ইসলামী ঐক্যজোট ৮ দফা প্রস্তাব দেয়। দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনএফের ১৫ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ এমপি। অন্য দিকে বিকেলে সংলাপে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

স্থানীয় সরকারও এখন আ.লীগের কবজায়- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

স্থানীয় সরকারের সব স্তরে এখন আওয়ামী লীগের কর্তৃত্ব। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় ৮৩ শতাংশের শীর্ষ পদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে। দলটির নেতারা মনে করছেন, স্থানীয় সরকারব্যবস্থায় দলের এই সংহত অবস্থান ভবিষ্যতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও জাতীয় সংসদ নির্বাচনে নানাভাবে সাহায্য করবে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলটির নীতিনির্ধারকেরা স্থানীয় সরকারের প্রতিটি স্তরে অবস্থান সংহত করার পরিকল্পনা করেন। এ জন্য স্থানীয় সরকারের প্রায় সব স্তরেই সময়মতো নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। অতীতে সরকারগুলো স্থানীয় সরকারের বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। এর ফলে নানা ছুতোয়, মামলায় স্থানীয় সরকারের নির্বাচন বছরের পর বছর ঝুলে থাকার নজির তৈরি হয়েছিল। কিন্তু গত তিন বছরে যতটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, এর প্রায় সব কটিতেই ভোট সম্পন্ন হয়েছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর দুর্বল অবস্থা সরকারের এ উদ্যোগকে ত্বরান্বিত করেছে।

প্রাথমিক ও জেএসসি: ইংরেজি ও গণিতের কারণেই ফল ভালো- দৈনিক ইত্তেফাক

গত বারের মতো এবারও ইংরেজি ও গণিতে ভালো করেছে শিক্ষার্থীরা। কমেছে গণিত ও ইংরেজিভীতি। যার কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় আশানুরূপ ফল এসেছে। অভিভাবকদের বাড়তি নজর, শিক্ষকদের প্রচেষ্টা আর শিক্ষার্থীদের ভালো করার আগ্রহের কারণে এবার জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। অন্যদিকে পিইসির ফলও সন্তোষজনক হয়েছে।

গতকাল বৃহস্পতিবার একযোগে প্রকাশিত হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল। একই সঙ্গে প্রকাশিত হয়েছে পিইসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব পরীক্ষার ফলাফলের কপি হস্তান্তর করেন। পরে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী এবং ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পৃথক সংবাদ সম্মেলন করে ফল সম্পর্কে বিস্তারিত জানান।

সারাদেশের অর্ধকোটিরও বেশি পরিবারে এখন উচ্ছ্বাস। বইছে আনন্দের বন্যা। ভালো ফল করে নেচে গেয়ে উত্সব করছে শিক্ষার্থীরা।

পিইসিতে স্কুলের সেরা ৬৫ বছরের বাছিরন- দৈনিক মানবজমিন

ধবধবে সাদা শাড়ি ও ওড়না পরে ৬৫ বছরের বাছিরন তার সমাপনী পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন বিদ্যালয়ে। ফলাফলে দেখা গেল বিদ্যালয়ের সেরা তিনিই। হোগলবাড়ীয়া পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাছিরন নেছা জিপিএ-৩ পেয়ে বিদ্যালয়ের  সেরা হন। তার এই কৃতিত্বে সবাই মুগ্ধ। তাকে ঘিরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপক উদ্দীপনা। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের স্ত্রী বাছিরন নেছা পিইসি পরীক্ষা দিয়ে দেশে আলোচিত হন। গতকাল বেলা ১১টার আগেই বাছিরন ফলাফল নিতে বিদ্যালয়ে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাছিরন কী ফলাফল অর্জন করেন তা জানার জন্য কৌতূহলী মানুষ স্কুলের বারান্দায় ভিড় জমান।

বাছিরনের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছটা। শেষ পর্যন্ত আসে সেই মাহেন্দ্রক্ষণ। সহপাঠী সবাইকে পেছনে ফেলে বিদ্যালয় সেরা ফল তার নামেই। এই খুশিতে যেন আত্মহারা বৃদ্ধা বাছিরন নেছা।  বিদ্যালয়ে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে আনন্দ প্রকাশ করেন তিনি। প্রতিক্রিয়ায় বাছিরন নেছা বলেন, ‘পাস করার মধ্যে যে এত মজা তা আগে বুঝিনি।’ এ ফলাফলে তিনি শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। যতদিন বেঁচে থাকবেন, ততদিন লেখাপড়া চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন বাছিরন।

থার্টি ফার্স্টে রাত আটটার মধ্যে ঘরে ফিরতে হবে: ডিএমপি কমিশনার- দৈনিক ইত্তেফাক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিমশনার আছাদুজ্জামান মিয়া চলতি ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্টের রাতে আটটার মধ্যে রাজধানীবাসীকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। তিনি জানান, এবার ৩১ ডিসেম্বর রাতে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সাদা পোশাকে ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটসহ নিরাপত্তার বাহিনীর অন্যান্য সদস্যরা মোতায়েন থাকবেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলি ও আমতলী ছাড়া কোনো পয়েন্ট খোলা থাকবে না। এছাড়া গুলশানে ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার স্টিকার ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। গুলশান থেকে হাতিরঝিল হয়ে বেড়িয়ে যাওয়া যাবে। তবে প্রবেশ বন্ধ থাকবে। আর রাত আটটার পর হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানাবে খুলনা শিপইয়ার্ড- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এবার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘লার্জ প্যাট্রোল ক্রাফট’ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। এ জাহাজে আধুনিক সামরিক সক্ষমতার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহারের সুযোগ-সুবিধা থাকবে। জানা গেছে, জাহাজের আকার ও আয়তন কিছুটা ছোট হলেও সক্ষমতা বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজের চেয়ে কম নয়। সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এ ধরনের জাহাজের বিকল্প নেই। এদিকে গতকাল সকালে খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্গম’-এর লঞ্চিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, আধুনিক প্রযুক্তির সংযোজন ও নির্মাণ কৌশলের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ সময় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস এ এম এ আবেদীন ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান উপস্থিত ছিলেন।   বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড প্রায় ৬০ বছর আগে যাত্রা করে। ১৯৯৯ সালের ৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীতে হস্তান্তরের পর একসময়কার মৃতপ্রায় এ প্রতিষ্ঠানটির হারানো গৌরব পুনরুদ্ধার হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৭২৫টি জাহাজ নির্মাণ ও ২ হাজার ২২৪টি জাহাজ মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

কাল ফের মোদির ভাষণ, উদ্বেগে দেশ- দৈনিক বর্তমান

৩১ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় ফের একরাশ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে টিভির সামনে বসতে চলেছে গোটা দেশ। কারণ, নোট বাতিলের ঘোষণার পর প্রথমবার ওইদিন জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮ নভেম্বরের পর আবার। ওইদিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণে ৫০০ এবং ১ হাজার টাকার নোট চার ঘণ্টার মধ্যে বাতিল হয়ে গিয়েছিল। যদিও ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছিল ১০ নভেম্বর থেকে। সেই হিসাবে কষলে প্রধানমন্ত্রীর ‘ঘোষিত’ কষ্টের ৫০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৩০ ডিসেম্বর। তাই পরদিন জাতির উদ্দেশে ভাষণে মোদি কী জানাবেন, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে দেশজুড়ে। কারণ, কালো টাকার বিরুদ্ধে মোদির ওই সার্জিকাল স্ট্রাইকে কতটা লাভ হয়েছে তা এখনও জানা না গেলেও, মানুষের ভোগান্তি যে অব্যাহত তা জলের মতো পরিষ্কার। কালো টাকা আটকাতে গিয়ে নতুন ২ হাজার টাকার নোটই ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে পৌঁছে যাচ্ছে বিশেষ এক শ্রেণির মানুষের কাছে।

মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত- দৈনিক সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক জঙ্গি মৌলানা মাসুদ আজহার প্রসঙ্গে নয়াদিল্লির ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে৷ চিন যদি এখনও মাসুদকে জঙ্গি বলে ঘোষণা না করে, তাহলে চিনকে সন্ত্রাসে মদতদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘে বক্তব্য পেশ করবে ভারত৷ মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার জন্য চিনকে এই সপ্তাহটুকুই সময় দিছে ভারত৷ অন্যথায় কূটনৈতিক স্তরে ভারতও চরম পদক্ষেপ করবে৷

প্রকল্প তিস্তা:  জল ঘোলাটে, ঢাকাকে তাই বিদ্যুৎ- দৈনিক আনন্দবাজার

মোদী-মমতা সাম্প্রতিক সংঘাতে আটকে গিয়েছে ভারত-বাংলাদেশ তিস্তা চুক্তি। তবে জলের ভাগ নিয়ে চুক্তি এখনই করা না-গেলেও, তিস্তা সংক্রান্ত একটি উপহার শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কথা ভাবছে নরেন্দ্র মোদী সরকার। উত্তর সিকিমের ‘তিস্তা-৩’ জলবিদ্যুৎ প্রকল্পটি প্রায় শেষ হওয়ার মুখে। মার্চে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে এই প্রকল্পের। কূটনৈতিক সূত্রে খবর, ১২০০ মেগাওয়াটের এই প্রকল্পটি থেকে ন্যূনতম শুল্কে একটি বড় অংশ বাংলাদেশকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পগুলি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সিকিমে পর পর জলবিদ্যুৎ প্রকল্প হওয়ায় শুখা মরসুমে তিস্তায় জল মেলে না। আবার বর্ষায় বাঁধ বাঁচানোর জন্য সিকিম বেপরোয়া জল ছাড়ায় উত্তরবঙ্গ ডুবছে। ঘরোয়া মহলে মমতা ক্ষোব প্রকাশ করে জানিয়েছেন, সিকিম ও বাংলার মুখ্যমন্ত্রীকে এক সঙ্গে বসিয়ে তিস্তার জল নিয়ে একটি আলোচনা প্রক্রিয়া শুরুর কথা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার বার বললেও কোনও উদ্যোগ নেননি তিনি। এ ভাবে ঘরোয়া বিষয়গুলির সুরাহা না-করেই তাড়াহুড়ো করে প্রধানমন্ত্রী যে ভাবে তিস্তার জল বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চাইছেন, তা মেনে নেওয়া যায় না।

বিরোধী দলনেতা হতে পারেন বিলাবল- দৈনিক আজকাল

রাজনীতির হাতেখড়ি অনেক আগেই হয়েছে। সংসদীয় রাজনীতিতেও এবার আসতে চলেছেন বিলাবল ভুট্টো জারদারি। শুধু হাতেখড়ি নয়, তিনিই সম্ভবত হতে চলেছেন বিরোধী দলনেতা। ২৪ বছরের বিলাবলের পড়াশোনা অক্সফোর্ড থেকে। মা বেনজির ভুট্টোর মৃত্যুর পর তাঁকেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান করা হয়েছিল। তবে বয়স কম থাকায় তাঁকে খুব বেশি সক্রিয় হতে দেখা যায়নি। এবার তিনি উপনির্বাচনে দাঁড়াচ্ছেন। এই ঘোষণা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও দলের কো–‌চেয়ারম্যান আসিফ আলি জারদারি। যে আসন থেকে লড়াই করবেন, সেই লারকানার সঙ্গে ভুট্টো পরিবারের অনেক দিনের সম্পর্ক। এই শহরকে ভুট্টো পরিবারের ‘‌হোমটাউন’‌ও বলা হয়। জিতে এলে তিনিই হতে চলেছেন ‘‌ন্যাশনাল অ্যাসেম্বলি’‌র বিরোধী দলনেতা। এখন বিরোধী দলনেতা আছেন খুরশিদ শাহ। তিনিও দেওয়াল লিখন দিব্যি পড়তে পারছেন। তাই আগাম ঘোষণা করে রেখেছেন, ‘‌বিলাবলই হবে নতুন বিরোধী দলনেতা। আমি পাশ থেকে তাকে সাহায্য করব।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০