সার্চ কমিটি গঠনে নাম প্রস্তাব করবে বিএনপি: রিজভী
প্রিয় পাঠক!শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ২০ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
• জামায়াত-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত হয় না: ইনু / প্রথম আলো
• ইয়াবা নিয়ে উদ্বেগ কাদেরের কণ্ঠে / প্রথম আলো
• কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে না: দাভোসে প্রধানমন্ত্রী / ইত্তেফাক
• সার্চ কমিটি গঠনে নাম প্রস্তাব করবে বিএনপি: রিজভী / ইত্তেফাক
• বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ট্রাম্পের কষাঘাত! /মানব জমিন
• সরকার মিথ্যা প্রচার করে সুন্দরবন ধ্বংসী বিদ্যুৎ প্রকল্প করতে চাইছে : সিপিবি
ভারতের শিরোনাম:
• যে কোনও সময় ভারত মহাসাগরে ঢুকতে পারে চিন: মার্কিন সতর্কবার্তা
• অখিলেশের প্রার্থী তালিকায় শিবপাল:আজকাল
• টানা তিনমাস ধরে মাওবাদীরাই ভাঙড় তাতিয়েছে, গ্রেপ্তারের নির্দেশ মমতার-বর্তমান
• উঃপ্রদেশে স্কুলবাস–ট্রাক সঙ্ঘর্ষ, মৃত ২৫ শিশু-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
জামায়াত-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত হয় না: ইনু
জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে কোনো গণতন্ত্র মজবুত করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
আজ সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে ইনু এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, অনির্বাচিত কোনো সরকার গঠনের অবকাশ বাংলাদেশে আর নেই।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। আগে বিএনপিকে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়তে হবে। তাদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে না: দাভোসে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইত্তেফাক জানিয়েছে,ওয়ার্ল্ড ইকনোমকি ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর উত্থাপিত একটি ইস্যুর প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত পরিবেশবাদী আল গোরকে বাংলাদেশ সফরে এসে এই প্রকল্প দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, রামপালে কি ঘটছে তা দেখতে বাংলাদেশ সফরে আসুন এবং নিজেই দেখুন এটি (বিদ্যুৎকেন্দ্র) পরিবেশের জন্য ক্ষতিকর কিনা।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, একটি গোষ্ঠী এ নিয়ে অহেতুক ইস্যু সৃষ্টি করছে।
সরকার মিথ্যা প্রচার করে সুন্দরবন ধ্বংসী বিদ্যুৎ প্রকল্প করতে চাইছে : সিপিবি
নয়াদিগন্ত জানিয়েছে,সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, সরকার কোনো যুক্তি তথ্যের কাছে না পেরে গায়ের জোরে, মিথ্যা প্রচার করে সুন্দরবন ধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন,জনগণকে রাজপথে নেমেই সুন্দরবন রক্ষা করতে হবে। সভা থেকে সুন্দরবন রক্ষায় আগামী ২৬ জানুয়ারি ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল পালন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সার্চ কমিটি গঠনে নাম প্রস্তাব করবে বিএনপি: রিজভী
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চাইলে যে সকল ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করবেন তাদের নাম বিএনপি প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আজ এ কথা বলেন।
রিজভী বলেন, 'নির্বাচন কমিশন গঠন নিয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছেন। সকলের নিকট গ্রহণযোগ্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন এমন প্রত্যাশা শুধু বিএনপি’র নয়, এদেশে প্রতিটি নাগরিকের।
সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি যদি নির্বাচন কমিশন গঠনে আমাদের পক্ষ থেকে কারোর নাম চান তাহলে আমরা দেব।’
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ট্রাম্পের কষাঘাত!
মানব জমিন এই শিরোনামে লিখেছে,এ আশঙ্কার কারণ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত শুল্ক পরিকল্পনা৷ বিশ্লেষকদের ধারণা, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্প আরও বেশি শুল্ক প্রতিযোগিতার মধ্যে পড়বে৷
নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প যে সব বড় পরিকল্পনার কথা বলেছিলেন, তার মধ্যে সীমান্ত শুল্ক পরিকল্পনা বা ‘বর্ডার ট্যাক্স' একটি৷ ১৭ মাসের নির্বাচনি প্রচারণার সময় আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ থেকে ৪৫ শতাংশ সীমান্ত শুল্ক আরোপের কথা বলেছিলেন তিনি৷ ট্রাম্পের দাবি, এর মধ্য দিয়ে অসম বিদেশি প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রের চাকরি বাজারের সুরক্ষা নিশ্চিত করা যাবে৷এ পরিকল্পনার আওতায় যেসব কোম্পানি পণ্য আমদানি করবে, তাদের সীমান্তে শুল্ক পরিশোধ করতে হবে৷ কাজেই ২০শে জানুয়ারি শপথ নেয়ার পর ট্রাম্প যদি প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়িত করেন, তাহলে তা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যও হবে খারাপ সংবাদ৷ তবে ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত শুল্ক অনুমোদনের প্রস্তাব মার্কিন আমদানি খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে৷'
শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
যে কোনও সময় ভারত মহাসাগরে ঢুকতে পারে চিন: মার্কিন সতর্কবার্তা
ভারতকে ‘উদ্বিগ্ন’ হতে বললেন মার্কিন নৌসেনার প্যাসিফিক কম্যান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র। আনন্দবাজার পত্রিকা লিখেছে,চিন যেভাবে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিনা বাধায় প্রভাব বাড়াচ্ছে, তাতে ভারতের উদ্বিগ্ন হওয়া জরুরি, মন্তব্য মার্কিন নৌসেনার শীর্ষকর্তার। তবে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নিয়ে মহড়ার আয়োজন করে চিন ভারতকে ভয় দেখাতে পারবে না বলেও মনে করছেন অ্যাডমিরাল হ্যারিস। এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নিয়ে অভিযান চালানোর প্রশ্নে ভারত চিনের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলে তিনি মনে করছেন। ভারত এবং আমেরিকা যৌথ ভাবে চিনা নৌসেনার গতিবিধির উপর নজর রাখছে বলেও তিনি জানিয়েছেন।
অখিলেশের প্রার্থী তালিকায় শিবপাল:
আজকাল লিখেছে,বাবার কথা রাখলেন। অখিলেশের প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছেন কাকা শিবপাল যাদবও। শুক্রবার ১৯১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রথম তিন দফার ভোটে লড়বেন এই প্রার্থীরা। ১১ ফেব্রুয়ারি শুরু প্রথম দফা।
শিবপাল লড়বেন যশবন্ত নগর আসন থেকে। দাদা মুলায়ম সিং যাদব এই আসনেই তাঁকে প্রার্থী করার জন্য সুপারিশ পাঠিয়েছিলেন ছেলেকে। এই নির্বাচন কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়বে সপা। প্রশ্ন উঠছে, কংগ্রেসকে তাহলে ক’টি আসন ছাড়বে সপা। নেতা কিরণময় নন্দ জানালেন, কংগ্রেসকে ৫৪টি আসন দেওয়ার চিন্তাভাবনা করছে সপা। প্রয়োজনে ২৫–৩০টা বাড়ানো হতে পারে। তার আগে জোটের বিষয় চূড়ান্ত হোক। সপা নেতা নরেশ যাদব অবশ্য এই তত্ত্ব মানতে চাননি। জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি অখিলেশ যাদব।
পার্সটুডে/নাসির মাহমুদ/২০