জানুয়ারি ২৭, ২০১৭ ০৬:২৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • সার্চ কমিটির প্রথম সভা শনিবার- দৈনিক সমকাল
  • শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হওয়ার খবর সঠিক নয় : হাইকমিশনার শ্রিংলা- দৈনিক নয়াদিগন্ত
  • সুন্দরবন বাঁচানোর হরতালে পুলিশি নির্যাতনের শিকার দুই সাংবাদিক- দৈনিক যুগান্তর
  • মিয়ানমারে একাধিক রাজ্যে চালানো হয়েছে রোহিঙ্গা নির্যাতন- দৈনিক সমকাল
  • মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটির গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট- দৈনিক ইত্তেফাক
  • মিতু হত্যার নেপথ্যে ‘পরকীয়া’ থাকলে খোঁজার তাগিদ পরিবারের- দৈনিক যুগান্তর
  • ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ- দৈনিক প্রথম আলো

ভারত:

  • ভারত, ইজরায়েল, আমেরিকা মিলেই বিশ্বশক্তির নতুন জোট- দৈনিক বর্তমান
  • বুরহান নিকেশের তিন অফিসারকে পুরস্কার কেন্দ্রের- দৈনিক আনন্দবাজার
  • পাকিস্তান ও বাংলাদেশি সেনার সঙ্গে মিষ্টি বিনিময় ভারতের- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সুন্দরবন বাঁচানোর হরতালে পুলিশি নির্যাতনের শিকার দুই সাংবাদিক- দৈনিক যুগান্তর

তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুই সাংবাদিক।   

বৃহস্পতিবার শাহবাগ থানার সামনে কয়েকজন পুলিশ মিলে ওই সাংবাদিকদের নির্মম নির্যাতন করেন। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন বাঁচানোর হরতালে পুলিশ কাঁদানে গ্যাস ও গরম পানি ছুড়ে মারে। এরপর দফায় দফায় তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।   

এসময় পুলিশি অ্যাকশনের ছবি সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিমের ওপর চড়াও হয় পুলিশ।এ ঘটনায় বাধা দিতে গেলে রিপোর্টার ইশান দিদারকেও বেধড়ক মারধর করা হয়। এটিএন নিউজের অ্যসোসিয়েট হেড অব নিউজ প্রভাষ আমিন তার ফেসবুক টাইমলাইনে জানান, পুলিশ হরতাল সমর্থকদের পেটাচ্ছিল। তার ছবি তুলছিলেন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম। 'এ অপরাধে' পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে তাকে পেটাতে থাকে। বাধা দিতে গেলে রিপোর্টার ইশান দিদারকেও পিটিয়েছে পুলিশ।

শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হওয়ার খবর সঠিক নয়: হাইকমিশনার শ্রিংলা- দৈনিক নয়াদিগন্ত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হচ্ছে, তা বলা যায় না। কেননা সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আগে এই তারিখ দুই দেশকে সমঝোতার মাধ্যমে ঠিক করতে হবে। তারপর সফর।

বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে দেশটির ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শ্রিংলা একথা জানান।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে গেছেন। সমঝোতার মাধ্যমে শিগগিরই এ সফরের দিকে আমরা অগ্রসর হচ্ছি।

সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণের ফুল দিয়ে সাজানো বেদিতে পতাকা উড়িয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রিংলা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাণী পড়ে শুনান তিনি। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শ্রিংলা বলেন, সমগ্র ভারতবাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫০ সালের এদিনে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করে। আমরা সংবিধান পাই এদিন। দিনটি একইসাথে ভারতের মানুষের ধর্মীয়, ভাষাগত ও অন্যান্য বিশ্বাস এগিয়ে নেয়ার সুযোগ। 

সার্চ কমিটির প্রথম সভা শনিবার- দৈনিক সমকাল

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। এরই মধ্যে সার্চ কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা প্রদানকারী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রস্তুতি ও যোগাযোগ শুরু হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি হবে। ছয় সদস্যের মধ্যে তিনজন উপস্থিত হলেই এ কমিটি বৈঠক করতে পারবে। সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি এ ধরনের একাধিক বৈঠক করতে পারে।

গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

মিতু হত্যার নেপথ্যে ‘পরকীয়া’ থাকলে খোঁজার তাগিদ পরিবারের- দৈনিক যুগান্তর

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু কেন খুন হয়েছেন তা তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চেয়েছেন মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ। হত্যাকাণ্ডের নেপথ্যে ‘পরকীয়া’র কোনো ঘটনা আছে কিনা তাও খুঁজে বের করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।   

তদন্ত কর্মকর্তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ডিবি কার্যালয়ে এসে উল্টো তদন্ত কর্মকর্তার কাছেই মেয়ে হত্যার কোনো কারণ খুঁজে পেয়েছেন কিনা তা জানতে চান তারা। তদন্ত কর্মকর্তা সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানও মিতুর বাবা-মার কাছে জানতে চান তারা মেয়ে হত্যায় কাউকে সন্দেহ করেন কিনা।   

চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা বলেন, মিতুর বাবা-মার কাছ থেকে সন্তোষজনক উত্তর পেয়েছেন তিনি। এসব উত্তর মামলার তদন্ত কাজে সহায়ক হবে।   

এদিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রাম না আসায় বাবুল আক্তারের ওপর খানিকটা ক্ষুব্ধ হয়েছেন তার শ্বশুর মোশাররফ হোসেন। এছাড়া মিতু হত্যার মামলা সম্পর্কেও কোনো ধরনের কথা না বলায় বাবুল আক্তারের শ্বশুর ক্ষোভ প্রকাশ করেছেন। 

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটির গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট- দৈনিক ইত্তেফাক

আট জেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। যে ৮ জেলায় স্থগিতাদেশ দেয়া হয়েছে সেগুলো হলো, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, গাইবান্ধা, নীলফামারী, ঝালকাঠি ও সিলেট। গত ২৩শে জানুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আব্দুল মালেক হাইকোর্টে এ রিট আবেদন করেন। শুনানি শেষে গতকাল আদেশ ও রুল জারি করেন হাইকোর্ট।

মিয়ানমারে একাধিক রাজ্যে চালানো হয়েছে রোহিঙ্গা নির্যাতন- দৈনিক সমকাল

শুধু রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নয়, মিয়ানমারের আরও একাধিক রাজ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন চালিয়েছে। আর নির্যাতন ও দমননীতির পক্ষে মিয়ানমার কর্তৃপক্ষের অযৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার (দূত) ইয়াংহি লি এক বিবৃতিতে ওই নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুুলে ধরেন। একই সঙ্গে তিনি মিয়ানমারে সফরকালে যেসব রোহিঙ্গা মুসলিমের সঙ্গে কথা বলেছেন তারা নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক মিয়ানমারে এ ধরনের সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে এ মুহূর্তে কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। ইয়াংহি লির ওই বিবৃতি গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তার নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ৯ থেকে ২০ জানুয়ারি মিয়ানমার সফর করে।

এদিকে ইয়াংহি লি আগামী মাসে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি দেখতে ঢাকা সফরে আসতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন নিয়ে আলোচনার জন্য কিছুদিনের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় হতে পারে বলেও জানা গেছে। সূত্র আরও জানায়, রাখাইন রাজ্যে মিয়ানমার বাহিনীর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক অঙ্গন সোচ্চার হলেও এর ফলে বাংলাদেশে সৃষ্ট রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে এখন পর্যন্ত খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের। এ কারণে রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনেবাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে।

ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ- দৈনিক প্রথম আলো

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। পার্লামেন্টে সরকারের আনা ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য লেবার পার্টির নেতা জেরেমি করবিন নির্দেশ জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন টিউলিপ।

২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া টিউলিপ শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার (যা ব্রেক্সিট নামে পরিচিত) বিপক্ষে। টিউলিপই প্রথম কোনো সদস্য যিনি ব্রেক্সিটের বিরোধিতা করে ছায়ামন্ত্রী সভা থেকে পদত্যাগ করলেন।

লেবার নেতা জেরেমি করবিনের উদ্দেশে লেখা পদত্যাগ পত্রে টিউলিপ বলেন, পার্লামেন্টে আনা ব্রেক্সিট বিলের পক্ষে ভোট দেওয়া হবে তার জন্য বিবেক বহির্ভূত কাজ। গণভোটে তাঁর নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ মানুষ ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিল উল্লেখ করে টিউলিপ বলেন, এই বিলের পক্ষে ভোট দেওয়া তাঁর নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

ভারত, ইজরায়েল, আমেরিকা মিলেই বিশ্বশক্তির নতুন জোট- দৈনিক বর্তমান

আমেরিকা-ইজরায়েল-ভারত। বিশ্ব কূটনৈতিক মানচিত্রে রূপ নিচ্ছে নতুন অক্ষ। আন্তর্জাতিক শক্তি সমীকরণের বদল হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শাসনভার হাতে নিয়েই সেরকমই ইঙ্গিত দিচ্ছেন। দীর্ঘদিনের শৈত্য ভুলে গিয়ে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ক্রমেই চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার দিকে ঝুঁকেছে। বারাক ওবামার শেষলগ্নে একের পর এক বিশ্ব সম্মেলনে সেই প্রবণতা প্রকট হয়েছে। এবার সরাসরি পালটা শক্তিমঞ্চের বার্তা দিতে শুরু করেছেন রিপাবলিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে সন্ত্রাসবাদসহ তাবৎ গুরুত্বপূর্ণ ইস্যুতে এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ট্রাম্প এবং মোদি পরস্পরকে আমন্ত্রণ  করেছেন নিজেদের দেশে।

হোয়াইট হাউজ  এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে প্রকৃত বন্ধু বলে মনে করে। এবং বিশ্বজুড়ে চলা আর্থিক ও স্ট্র্যাটেজিক অস্থিরতার মোকাবিলায় ভারত এবার থেকে আমেরিকার প্রধান অংশীদার হিসাবে বিবেচিত হবে। অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সুযোগ নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। মোদি নিজেও ট্যুইট করেছেন, অত্যন্ত উষ্ণ আলোচনা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমরা দু’জনই সহমত। অতি অবশ্যই এই ফোনালাপের অন্যতম গুরত্বপূর্ণ বিষয় ছিল সন্ত্রাস। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা অঙ্গীকারবদ্ধ।

বুরহান নিকেশের তিন অফিসারকে পুরস্কার কেন্দ্রের- দৈনিক আনন্দবাজার

গত বছরের ৮ জুলাই। সেনা অভিযানে হিজবুল নেতা বুরহান ওয়ানি-সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছিল। আর প্রাণ বাজি রেখে সেই অভিযানে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্রীয় রাইফেলের সেই তিন সেনা অফিসারকে সাহসিকতার জন্য পুরস্কৃত করল ভারত সরকার। তাঁরা হলেন মেজর সন্দীপ কুমার, ক্যাপ্টেন মানিক শর্মা এবং নায়েক অরবিন্দ সিংহ চৌহান।

অফিসাররা জানালেন গায়ে কাঁটা দেওয়া সেই অভিজ্ঞতার কথা। সে দিন গোপন সূত্রে খবর ছিল, কাশ্মীরের বুমডোরা গ্রামের একটি বাড়িতে গা ঢাকা দিয়েছে সরতাজ আজিজ-সহ তিন দুর্ধর্ষ জঙ্গি। সঙ্গে প্রচুর আগ্নেয়াস্ত্র। অনন্তনাগের সেনা ছাউনি থেকে প্রায় ১৮ কিলোমিটার দুরে ওই বুমডোরা গ্রাম। খবর পেয়ে সশস্ত্র বাহিনী নিয়ে বাড়িটি ঘিরে ফেলেন সেনা অফিসাররা। তবে সেনা অভিযানের খবর চাপা থাকেনি গ্রামবাসীদের কাছে। কিছু ক্ষণের মধ্যেই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমতে শুরু করেন। তাঁদের চোখে আগুন। হাতে পাথর। আসলে কাশ্মীরের জঙ্গি-প্রভাবিত

প্রত্যন্ত ওই সব গ্রামের মানুষের কাছে জঙ্গি নেতারাই ত্রাতা, ‘রবিনহুড’। এঁদের শান্ত করতে সে দিন গ্রামের ইমামদের ডাকিয়ে বোঝানো ছাড়া সেনা বাহিনীর আর উপায় ছিল না।

পাকিস্তান ও বাংলাদেশি সেনার সঙ্গে মিষ্টি বিনিময় ভারতের- দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

সার্জিক্যাল স্ট্রাইকের পরও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময়ের দীর্ঘদিনের সৌজন্যে কোনও খামতি রাখল না ভারতীয় সেনা৷ বৃহস্পতিবার দেশের ৬৮-তম সাধারণতন্ত্র দিবসে ওয়াঘা সীমান্তে পাক সেনার সঙ্গে মিষ্টি বিনিময় করেন ভারতীয় জওয়ানরা৷ শুধু ওয়াঘাই নয় অবশ্য, ভারত-বাংলাদেশ সীমান্তেও এদিন জওয়ানরা মিষ্টি বিনিময় করেন৷ ভারতীয় জওয়ানদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আলিঙ্গনবদ্ধও হন৷ সেই ছবি এদিন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭