জানুয়ারি ৩০, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন-ইত্তেফাক
  • ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল-প্রথম আলো
  • মৃত্যুদণ্ডের বিরুদ্ধে  খালাস চেয়ে নূর হোসেনের আপিল-যুগান্তর
  • জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-সময়ের আবেদন খালেদা জিয়ার-মানবকণ্ঠ
  • চলতি বছর হজের সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৯ হাজার টাকা-নয়া দিগন্ত
  • সহাপাঠী হত্যার বিচার চেয়ে অঝরে কাঁদলো শিক্ষার্থীরা-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • সাংবাদিকদের ‘দালাল’ বললেন কেজরি!-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • অফিসের ভিতরেই রহস্যজনক মৃত্যু তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের-আনন্দবাজার
  • মালিয়াকে ঋণ পাইয়ে দেন মনমোহন: বিজেপি-আজকাল
  • কানপুর ট্রেন দুর্ঘটনা নাশকতাই, জঙ্গিদের কাছে টাকা গিয়েছে এ রাজ্যের ব্যবসায়ীদের মাধ্যমেই-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল-প্রথম আলো

হাইকোর্ট

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে একটি আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কশিমনার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১১ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে বিএনপি-ইত্তেফাক

খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম প্রস্তাব করবে বিএনপি। সার্চ কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যেই নামের তালিকা পাঠাবে। প্রস্তাব করবে বিএনপি। রবিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার আবারো স্থায়ী কমিটির মুলতুবি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্বাচন কমিশন গঠনে বিএনপি সার্চ কমিটির কাছে নাম দেবে। বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন-ইত্তেফাক/প্রথম আলো

যৌতুক নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত

যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর এবং মারাত্মক জখম করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
 
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন ধারায় যৌতুকের জন্য প্ররোচিত করলে বা অঙ্গহানির জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, পাশাপাশি জরিমানা করা হবে (জরিমানার অর্থ পরিমাণ নির্ধারণ করা নাই)। আর যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১২ বছর সশ্রম করাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং দণ্ডের অতিরিক্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবেন।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে  খালাস চেয়ে নূর হোসেনের আপিল-যুগান্তর/প্রথম আলো

নূর হোসেন

নারায়ণগঞ্জ সাত খুনের মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কাউন্সিলর নূর হোসেন। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়।

আপিল দায়েরের পর নূর হোসেনের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ বলেন, আপিলটি সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়েছে। ৭২ পৃষ্ঠার আপিলের সঙ্গে বিচারিক আদালতের রায়সহ সাড়ে ৫০০ পৃষ্ঠার বেশি নথিপত্র রয়েছে। তিনি বলেন, আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক দ্রুত প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

সহাপাঠী হত্যার বিচার চেয়ে অঝরে কাঁদলো শিক্ষার্থীরা-বাংলাদেশ প্রতিদিন
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে সরকারী জেলা স্কুল, সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ' শিক্ষার্থী একযোগে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে।

এ সময় তাদের হাতের ব্যানার এবং প্লাকার্ডে লেখা ছিলো ‘ইভটিজিং এর প্রতিবাদ করায় মেধাবী ছাত্র হৃদয় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, হৃদয় হত্যাকারীদের ফাঁসি চাই, ইভটিজিং বন্ধ করুনসহ বিভিন্ন শ্লোগান’। এসব শ্লোগানের সময় তারা আবেগ তাড়িত হয়ে অঝেরে কাঁদতে থাকে।

হৃদয়ের সহপাঠীরা বলেন, মেধাবী ছাত্র হৃদয় সংঘর্ষ করার মতো ছাত্র ছিলো না। যৌন হয়রানীর প্রতিবাদ করায় তাকে স্কুলে থেকে ডেকে খোলা মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা আর কোন হৃদয়কে হারাতে চান না। তারা হৃদয় হত্যাকারীদের ফাঁসি চান।

গার্মেন্ট রপ্তানির টাকা যায় কোথায়-২৯৭ কনটেইনার পোশাক রপ্তানি । এক ডলারও দেশে আসেনি-বাংলাদেশ প্রতিদিন

অর্থ মন্ত্রণালয় সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় চমকে ওঠার মতো তথ্য দিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। স্থায়ী কমিটিকে তিনি জানালেন, একজন গার্মেন্ট ব্যবসায়ী ২৯৭ কনটেইনার (তৈরি পোশাক) রপ্তানি করেছেন কিন্তু এর বিপরীতে একটি ডলারও দেশে আসেনি। তাহলে পোশাক রপ্তানি থেকে আয় করা মূল্যবান এই বৈদেশিক মুদ্রা গেল কোথায়? এনবিআর চেয়ারম্যান জানালেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 
চলতি বছর হজের সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৯ হাজার টাকা-নয়া দিগন্ত
চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  এবার হজ পালনে প্যাকেজ-১ -এ তিন লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ -এ তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।  
 
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেসব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। 
 গত হজের তুলনায় প্যাকেজ-১ -এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ -এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা।  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-সময়ের আবেদন খালেদা জিয়ার-মানবকণ্ঠ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানে মামলার আত্মপক্ষের সমর্থনে সোমবার ১১টা ১১ মিনিটে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। এরপর ১১টা ২৪ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। 
আদালতের কার্যক্রম শুরুর পর খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া আত্মপক্ষের সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন দাখিল করেন। সময়ের আবেদনে উল্লেখ্য করা হয়, মামলাটির সঠিক তদন্ত হয়নি। তাই মামলাটি পুনরায় তদন্ত করার আবেদন জানাচ্ছি। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কানপুর ট্রেন দুর্ঘটনা নাশকতাই, জঙ্গিদের কাছে টাকা গিয়েছে এ রাজ্যের ব্যবসায়ীদের মাধ্যমেই-বর্তমান

কানপুরে রেল লাইনে নাশকতা চালানোর জন্য নেপাল থেকে আসা টাকা এরাজ্য ঘুরেই জেহাদিদের কাছে গিয়েছিল। যার পরিমাণ লক্ষাধিক বলে খবর। এই কাজে সাহায্য করেছে জঙ্গি সংগঠন আইএসের প্রতি সহানুভূতিশীল কিছু ব্যক্তি। রেল দুর্ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে দাবি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ)। রাজ্য থেকে যাদের মাধ্যমে টাকা গিয়েছে, তারা কাপড় ও রেডিমেড জামাকাপড়ের ব্যাবসার সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা।

মালিয়াকে ঋণ পাইয়ে দেন মনমোহন: বিজেপি-আজকাল

হাজার চেষ্টা সত্ত্বেও দেশে ফেরানো যায়নি শিল্পপতি বিজয় মালিয়াকে। ৯০০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত তিনি। বেআইনিভাবে তাঁকে ওই বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই হাজতে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের বেশকিছু আধিকারিক। তবে এ সবের দায় ঝেড়ে ফেলল বিজেপি। বরং পূর্বসূরি ইউপিএ সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। অনৈতিকভাবে মালিয়াকে সাহায্যের জন্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দায়ী করেছেন তিনি।

সাংবাদিকদের ‘দালাল’ বললেন কেজরি!-সংবাদ প্রতিদিন

কেজরিওয়াল

কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন৷ বলেছিলেন, দেশের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত মানুষরাই সাংবাদিকতার পেশায় জড়িত৷ ট্রাম্পের এই বক্তব্যের কিছুদিনের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেই একই বক্তব্য রাখলেন৷ দেশের সাংবাদিকদের তিনি ‘দালাল’ আখ্যা দিলেন৷ সম্প্রতি টুইটে সাংবাদিকদের বিরুদ্ধে এই মন্তব্য করেন কেজরি৷

অফিসের ভিতরেই রহস্যজনক মৃত্যু তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের-আনন্দবাজার
রবিবার এমনিতে অফিস ছুটি থাকে। কিন্তু, বিশেষ প্রোজেক্টের কাজ চলছিল বলে ছুটির দিনেও অফিস গিয়েছিলেন একটি নামী তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী কে রসিলা রাজু। রাতে অফিসেরই কনফারেন্স রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় জড়ানো ছিল কম্পিউটারের তার। এই ঘটনায় সোমবার সকালে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার এক নিরাপত্তারক্ষী ভবেন সাইকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০