মানুষ হত্যা করে বেহেশতের আশা করাও মহাপাপ: প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ১০ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- মানুষ হত্যা করে বেহেশতের আশা করাও মহাপাপ: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠাবেন না: এইচআরডব্লিউ- দৈনিক প্রথম আলো
- রাজনীতিতে বিএনপির 'অপ্রাসঙ্গিক' হওয়ার আশংকা কাদেরের- দৈনিক যুগান্তর
- ‘আল্লাহ ফেরেশতা পাঠালেও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না’- দৈনিক মানবজমিন
- আদালতে যাননি খালেদা, দুই মামলার পরবর্তী শুনানি ১৬ই ফেব্রুয়ারি- দৈনিক মানবজমিন
- এমপিদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার: প্রধান বিচারপতি- দৈনিক যুগান্তর
- গাইবান্ধায় ইসি নিরপেক্ষতা না দেখালে জাতি ক্ষমা করবে না : এরশাদ- দৈনিক নয়াদিগন্ত
ভারত:
- মোদীকে ক্ষমা চাইতে হবে, ক্রমে সুর চড়াচ্ছে বিরোধীরা- দৈনিক আনন্দবাজার
- মাসুদ প্রশ্নে চীনকে প্রতিবাদ ভারতের- দৈনিক আজকাল
- মোদিই ভারতের ট্রাম্প: রাহুল গান্ধী- সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মানুষ হত্যা করে বেহেশতের আশা করাও মহাপাপ: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

সন্ত্রাস-জঙ্গিবাদ উচ্ছেদ করে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ওলামা-মাশায়েখসহ ইসলামী চিন্তাবিদদের সরকারের জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড জোরদারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ওলামা সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কথা মানুষ শুনবে, আপনাদের কথা মানুষ নেবে। আমি আহ্বান করেছিলাম- জনগণ এ ব্যাপারে সাড়া দিয়েছেন এবং বেশকিছু কাজও করেছেন। আমি চাই এটা আরো ব্যাপকভাবে প্রচার করা।’
তিনি বলেন, ‘আমরা চাই আপনারা যদি মানুষকে ভালোভাবে বোঝান তাহলেই আমরা এই দেশ থেকে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরতরে দূর করতে পারব এবং সে বিশ্বাস আমার আছে।’
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়েজিত জাতীয় ইমাম সম্মেলন ও শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠাবেন না: এইচআরডব্লিউ- দৈনিক প্রথম আলো

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পাঠানোর সরকারি পরিকল্পনা অবিলম্বে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা গতকাল বুধবার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ‘বিরান’ ও ‘অনুন্নত উপকূলীয়’ এ দ্বীপে রোহিঙ্গাদের পাঠানোর পরিকল্পনা ‘অসম্ভব’ ও ‘নিষ্ঠুর’। কক্সবাজার থেকে ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হলে চলাফেরা, জীবনযাপন, খাদ্য ও শিক্ষার অধিকার থেকে এসব মানুষকে বঞ্চিত করা হবে। এর ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হবে। বাংলাদেশের এই আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।
রাজনীতিতে বিএনপির 'অপ্রাসঙ্গিক' হওয়ার আশংকা কাদেরের- দৈনিক যুগান্তর

আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়ার আশংকা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, 'তারা (বিএনপি) গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।'
নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানবো না- এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।'
‘আল্লাহ ফেরেশতা পাঠালেও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না’- দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠালেও’ বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ইসি গঠন নিয়ে বিএনপির ‘অসন্তোষের’ প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। ‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের মানুষের অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।
আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, সার্চ কমিটি বরেণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও করতে পারবে না।
এমপিদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার: প্রধান বিচারপতি- দৈনিক যুগান্তর

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। তা না হলে দেশ গড়া সম্ভব নয়।ক্রটিপূর্ণ আইনের জন্য বিচার কার্য ব্যাহত হচ্ছে ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশ্য ভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা বারের সভাপতি কামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় নৈশ্য ভোজ পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন,হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার আহমদ, জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম ও আইনজীবীরা।
আদালতে যাননি খালেদা, দুই মামলার পরবর্তী শুনানি ১৬ই ফেব্রুয়ারি- দৈনিক মানবজমিন
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার গতকাল খালেদা জিয়ার আইনজীবীদের করা সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে। গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি বলে জানান তার আইনজীবীরা।
গাইবান্ধায় ইসি নিরপেক্ষতা না দেখালে জাতি ক্ষমা করবে না : এরশাদ- দৈনিক নয়াদিগন্ত

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করবেন। তিনি বলেন, জাতীয় পার্টি এমন একটি শক্তি যা দেশে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে পারে। তাই জাতীয় পার্টিকে জনগণ আবার ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টির নাম ইতিহাসে লিপিবদ্ধ দেখতে চাই। '৯১ সাল থেকে প্রতিটি নির্বাচন কমিশনই তার দলের প্রতি অন্যায় করেছে। আশা করি নতুন সিইসি সেটা করবেন না। গাইবান্ধার আসন্ন উপ-নির্বাচনে ইসি নিরপেক্ষতার পরিচয় দিতে না পারলে জাতি তাদের ক্ষমা করবে না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে দলের যৌথসভায় জেলা ও উপজেলা নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
মোদীকে ক্ষমা চাইতে হবে, ক্রমে সুর চড়াচ্ছে বিরোধীরা- দৈনিক আনন্দবাজার

বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিন ছিল আজ। আগামিকাল থেকে সব নজর ঘুরে যাবে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের দিকে। আর আজই বোঝা গেল, বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটু বাক্য বলে গোটা বিরোধী শিবিরকে কতটা চটিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী। এই অসন্তোষকে কাজে লাগিয়েই মোদীর বিরুদ্ধে এ বারে আরও এককাট্টা হয়ে সুর চড়াল বিরোধীরা।
নোট বাতিল নিয়ে আত্মপক্ষ সমর্থনে নেমে গত কালই রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে আচমকাই কটু মন্তব্য করেছিলেন মোদী। আজ সেই মন্তব্যকে হাতিয়ার করেই তৃণমূল, সিপিএম, এনসিপি-সহ একাধিক দলকে পাশে টেনেছে কংগ্রেস। সেই সম্মিলিত জোটের দাবি, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে রণকৌশল তৈরির জন্য আজ বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তার পরেই বিরোধীদের বিক্ষোভে দুপুর পর্যন্ত অচল হয়ে যায় রাজ্যসভা। লোকসভায় অবশ্য বাজেট নিয়ে বিতর্ক শেষ হয়েছে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছেন, বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধেও মোদীর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকবেন তাঁরা।
মোদিই ভারতের ট্রাম্প: রাহুল গান্ধী- দৈনিক সংবাদ প্রতিদিন

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আড়াই বছর আগেই ভারতে ক্ষমতা দখল করেছিলেন এদেশের ট্রাম্প, মানে ‘নরেন্দ্র মোদি’। উত্তরপ্রদেশের পলিটেকনিক কলেজের মাঠে বক্তৃতা দিতে গিয়ে রাহুল একই সুরে নোট বাতিল নিয়ে তোপ দাগলেন মোদির বিরুদ্ধে। তাঁর কথায় বারবার এল ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রসঙ্গ। বললেন, নোট বাতিলের পর থেকে ব্যাঙ্কে পুরনো নোট বদলাতে রোজ সমস্যায় পড়তে হয়েছে মানুষকে। এখনও পড়তে হচ্ছে রোজ। যাঁরা ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দিকে সরকার একবার ফিরে তাকিয়েছে? মৃতদের পরিবারকে তো সরকারি সাহায্য দেওয়া উচিত। কৃষকদের প্রসঙ্গও আলাদা করে টেনেছেন রাহুল। বলেছেন, কৃষকদের জীবনকে প্রশ্নের সামনে ফেলে দিয়েছেন মোদি। নোট বাতিলের সিদ্ধান্তের জন্যই আজ আলু চাষে প্রভাব পড়েছে। বীজ নষ্ট হয়ে গিয়েছে। চাষ মার খেয়েছে।
মাসুদ প্রশ্নে চীনকে প্রতিবাদ ভারতের- দৈনিক আজকাল

মাসুদ আজহার ইস্যুতে চীনের অবস্থানের সরকারিভাবে প্রতিবাদ জানাল ভারত। এর আগে রাষ্ট্রপুঞ্জে পাঠানকোট হামলার মূল চক্রী জৈশ-ই–মহম্মদের চাঁই মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। ভারতেরও সুবিধা হত এই প্রস্তাবে। তবে চীনের প্রশাসনিক কর্তারা বলেন, সকলে একমত হতে পারেনি বলেই নাকি চীন এই প্রস্তাবের বিরোধিতা করেছে। চীনের এই দাবিকে উড়িয়ে দিল ভারত। কেন্দ্রীয় বিদেশনমন্ত্রক জানিয়ে দিল, বেজিং অবস্থান বদলাক, তবেই ঐকমত্য গড়ে উঠবে। মাসুদকে সন্ত্রাসবাদী ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জে আমেরিকার আনা প্রস্তাবে বাধাদানের সমর্থনে গতকাল চীন বলেছিল, এ ব্যাপারে তাদের সম্মতি দানের প্রয়োজনীয় শর্ত নাকি পূরণ হয়নি। তিনি আরও দাবি করেন, ভারতের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পরেই তাঁরা ওই প্রস্তাবে বাধা দিয়েছেন। পাল্টা বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘মাসুদকে নিয়ে ওই প্রস্তাব ভারত তোলেনি, তুলেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০