মার্চ ০৪, ২০১৭ ০৮:০০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৪ মার্চ শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • সড়ক অবরোধ করে নৈরাজ্য: হুকুমদাতারা ধরাছোঁয়ার বাইরে- দৈনিক যুগান্তর
  • পরিবহন ধর্মঘট নিয়ে প্রথম আলোর সংবাদ বিশ্লেষণ: হুকুমের আসামি কে?
  • পরিবহন ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • রাজনৈতিক ক্ষমতাই রক্ষাকবচ: মামলার আড়ালে শীর্ষ খেলাপিরা: দৈনিক যুগান্তর
  • নব্য জেএমবির সূচনাকারী নিয়ে র‌্যাব–পুলিশের ভিন্নমত: কাশেম নাকি সারোয়ার?- দৈনিক প্রথম আলো
  • নির্বাচন কারো জন্য থেমে থাকবে না : ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
  • নিবন্ধন বাতিলের ভয়ে ফাঁদে পা দেবে না বিএনপি: খন্দকার মাহবুব হোসেন- দৈনিক মানবজমিন
  • বছরের শেষ দিকে গুলশান হামলার অভিযোগপত্র : মনিরুল- দৈনিক নয়াদিগন্ত
  • স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা বাড়ছে- দৈনিক মানবজমিন

ভারত:

  • সাত মাস ধরে বন্ধ থাকার পরে ফের ভারত-পাক কথা শুরুর ভাবনা- দৈনিক আনন্দবাজার
  • অখিলেশকে বিজলির তারে জড়ালেন মোদি- দৈনিক আজকাল
  • বাতিল নোটে প্রণামী ৮ কোটি, রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ মন্দির কর্তৃপক্ষ- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সড়ক অবরোধ করে নৈরাজ্য: হুকুমদাতারা ধরাছোঁয়ার বাইরে- দৈনিক যুগান্তর

সাধারণ মানুষকে জিম্মি করে মঙ্গল ও বুধবার সড়ক অবরোধ ও নৈরাজ্যের মাধ্যমে পরিবহন শ্রমিকদের দেশ অচলের ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থাকছেন ইন্ধনদাতারা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন- দায়ী যেই হোক না কেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরই অংশ হিসেবে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ইতিমধ্যে চারটি মামলা হয়েছে। ৪০ জনের নামসহ প্রায় ১২০০ জনকে করা হয়েছে আসামি। তাদের মধ্যে রয়েছে বাসচালক, হেলপার ও এ স্তরের বেশ ক’জন শ্রমিক নেতার নাম।

তবে দেশ অচল করে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা শ্রমিকদের উসকে দিয়েছেন এবং যাদের বৈঠক থেকে আন্দোলনের ডাক সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছিল, সেসব প্রভাবশালী নেতার নাম নেই সম্ভাব্য আসামির তালিকায় অথবা তাদের জিজ্ঞাসাবাদের ব্যাপারেও মেলেনি উচ্চপর্যায়ের কোনো ‘সবুজ সংকেত’। আর এ কারণেই তাদের ব্যাপারে এখন পর্যন্ত ‘নীরব দর্শক’-এর ভূমিকায় রয়েছে আইনশৃংখলা বাহিনী। তবে ইতিমধ্যে এসব নেপথ্য নায়কদের চিহ্নিত করে তাদের ভূমিকার ওপর বিস্তারিত প্রতিবেদন সরকারের সর্বোচ্চ পর্যায়ে জমা দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

পরিবহন ধর্মঘট নিয়ে প্রথম আলোর সংবাদ বিশ্লেষণ: হুকুমের আসামি কে?

সব সম্ভবের দেশ বাংলাদেশ। পরিবহন খাতের যে শ্রমিকদের মৃত্যুর আগে অবসরে যাওয়ার সুযোগ নেই, মন্ত্রী মহোদয় তাঁদের অবসরে পাঠালেন এবং যথারীতি ফিরিয়েও আনলেন। কিন্তু মাঝখানে দেশের মানুষ যে ৩৯ ঘণ্টা ধরে চরম দুর্ভোগ পোহাল, উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাল, সেসব হয়তো তাঁদের কাছে কিছুই না। কিন্তু যার যায় সে-ই বোঝে। ‘যেজন দিবসে মনের হরষে জ্বালায় বাতি’, সে বোঝে না।

এই যে সড়কপথে প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন তাঁদের জীবনের কি কোনো মূল্যই নেই? যাদের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে, কিংবা যারা পরিকল্পিতভাবে ট্রাকের চাপায় একজন নারীকে পিষে মারছে, কেবল তাদের জীবনই মূল্যবান?

আমরা মনে করি প্রত্যেক মানুষের জীবনই মূল্যবান। এই মূল্যবান জীবনকে যারা হরণ করে, যারা চিরতরে পঙ্গু করে দেয়, তাদের বিরুদ্ধে আইন-আদালত চলবে না, অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না, এটাই যদি সরকারের নীতি হয়, তাহলে সড়ক দুর্ঘটনার কারণে শাস্তির বিধানটিও সরকারকে তুলে দিতে হবে।

পরিবহন ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে  কোনো সম্পর্ক নেই। তিনি একজন শ্রমিক নেতা। নৌ পরিবহন নেতার হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিন্ধান্তে তার কোন সম্পর্ক নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার হয়েছে।  

শুক্রবার  রাজধানীর তেজগাঁও আর্দশ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে শ্রমিকরা অহেতুক আন্দালন না করলেই পারতো। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করতে পারত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, আমি শ্রমিকদের প্রতি আহ্বান জানাই  এ ধরনের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না করেন তারা।

রাজনৈতিক ক্ষমতাই রক্ষাকবচ: মামলার আড়ালে শীর্ষ খেলাপিরা: দৈনিক যুগান্তর

রাজনৈতিক ক্ষমতার দাপটে উজাড় হচ্ছে ব্যাংকের ভাণ্ডার। ক্ষমতাসীন দলের এক শ্রেণীর ডাকসাইটে প্রভাবশালীরা দলীয় পদের প্রভাব খাটিয়ে ঋণের নামে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছেন। অনেকে আবার যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ নিচ্ছেন সেগুলোকে লোকসানি দেখিয়ে ভিন্ন নামে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন। ঋণ ও দুর্নীতির টাকা নানা উপায়ে বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছেন। অথচ প্রভাব খাটিয়ে তারা এ সংক্রান্ত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ নিয়ে দিব্যি বহাল-তবিয়তে আছেন।

এভাবে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ব্যাংকিং খাতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বাড়ছে। একই প্রক্রিয়ায় ব্যাংকের অনুমোদন ও ঋণ বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া ব্যাংক পরিচালকদের ভাগাভাগি করে নেয়া বিপুল অংকের ঋণ বড় উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে। আর নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিতরণ করা এসব ঋণই এখন খেলাপি।

নব্য জেএমবির সূচনাকারী নিয়ে র‌্যাব–পুলিশের ভিন্নমত: কাশেম নাকি সারোয়ার?- দৈনিক প্রথম আলো

‘নব্য জেএমবি’র নেতা মাওলানা আবুল কাশেমকে (৬০) রাজধানীর সেনপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এদিকে আদালতে কাশেম দাবি করেছেন, তাঁকে ১০ মাস আগে আটক করে ডিবি কার‌্যালয়ে রাখা হয়েছিল।

কাউন্টার টেররিজম ইউনিটের দাবি, এই কাশেম নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা, যাঁকে সবাই ‘বড় হুজুর’ বলে ডাকত। গত বছর পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী ও আবুল কাশেমদের যৌথ প্রয়াসে ২০১৩ সালে বাংলাদেশে নব্য জেএমবির সূচনা হয়।

কিন্তু এর আগে গত বছরের ২১ অক্টোবর র‌্যাব সংবাদ সম্মেলনে জানিয়েছিল, ২০১৫ সালের জুলাই মাসে ঘোষণাপত্রে স্বাক্ষর করে এই সংগঠনের সূচনা করেন তামিম চৌধুরী ও সারোয়ার জাহান। গত বছরের ৮ অক্টোবর আশুলিয়ায় র‌্যাবের অভিযানে সারোয়ার জাহান নিহত হন। এই সারোয়ার জাহানই গুলশান হামলায় জড়িত ‘জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের’ প্রধান বলে দাবি করে র‌্যাব।

নির্বাচন কারো জন্য থেমে থাকবে না : ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কারো জন্য থেমে থাকবে না।  তিনি বলেন, ‘সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। গত জাতীয় নির্বাচন যেমন কারো জন্য থেমে থাকেনি তেমনি আগামী নির্বাচনও কারো জন্য থেমে থাকবে না।’    

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার শুধু দৈনন্দিন রুটিন মাফিক কাজকর্ম পরিচালনা করবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকারের সময়ে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত থাকবে তারা সকলেই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে।  

নিবন্ধন বাতিলের ভয়ে ফাঁদে পা দেবে না বিএনপি: খন্দকার মাহবুব হোসেন- দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশনের ‘নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণবিরোধী সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির 

সিদ্ধান্তের প্রতিবাদে আলোচনা সভাটির আয়োজন করা হয়। খন্দকার মাহবুব বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কেনো মূল্যে তা প্রতিহত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, পরপর দুটি সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ অবস্থায় দশম জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপিকে নিবন্ধন বাঁচাতে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতেই হবে। এ বিষয়ে ইংগিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপিকে আন্দোলন বাদ দিয়ে একাদশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়ে আসছেন। তবে বিএনপির দাবি, একাদশ সংসদ নির্বাচন হতে হবে পুরনো তত্ত্বাবধায়ক ব্যবস্থার মত একটি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির মত প্রহসনমূলক নির্বাচনে বিএনপি পা দিবে না। এমন নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেয়া হবে না, আমরা রুখে দিব। জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো।

বছরের শেষ দিকে গুলশান হামলার অভিযোগপত্র : মনিরুল

২০১৭ সালের শেষ দিকে হোলে আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলায় অভিযোগপত্র দেয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।  শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২০-২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছে। তবে জড়িত ব্যক্তির মোট সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে। গত বছরের ১ জুলাই রাতে গুলশানে ওই সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশী, তিনজন বাংলাদেশি (একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন)।

স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা বাড়ছে- দৈনিক মানবজমিন

স্ত্রীর হাতে স্বামী খুন। এরকম ঘটনা এখন প্রায়ই শোনা যায়। স্ত্রীর হাতে স্বামী খুনের অধিকাংশ ঘটনার নেপথ্যে পরকীয়া। স্ত্রীদের এভাবে নির্মম হয়ে উঠার পেছনের কারণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সমাজবিজ্ঞনী রাশেদা ইরশাদ নাসির বলেন, আমরা উচ্চশিক্ষিত প্রজন্ম গড়ছি। কিন্তু ধর্মীয় ও নৈতিকতার শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। ফেসবুক, ইন্টারনেট ও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এখন ছেলেমেয়েরা বিদেশি সংস্কৃতি অনুসরণ করছে। তারা সহজেই পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সহজেই হিংস্র হয়ে উঠছে। পারিবারিকভাবে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা দেয়া জরুরি। কিন্তু অনেক মা-বাবা তাতে গুরুত্ব দেন না। তিনি বলেন, এদেশের মেয়েরা ছিল নরম মনের, মায়াবী। স্বামী অত্যাচার করলেও বা অন্য কোনো কারণে সংসার ভাঙতে পারে। কিন্তু তারা স্বামীকে খুন করতে পারে- তা কল্পনাও করা যায় না। একটা সময় ছিল মেয়েদের ছেলেবন্ধু হবে তা ভাবা যায়নি। এখন স্যাটেলাইট চ্যানেলের বদৌলতে ইন্ডিয়া ও ওয়েস্টার্ন সংস্কৃতির প্রভাব পড়ছে। দিন-রাত টিভিতে ভিনদেশি সিরিয়াল দেখছে ছেলে-মেয়েরা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে  বন্ধুত্ব থেকে প্রেম-পরকীয়া প্রেমে জড়িয়ে যাচ্ছে তারা। এজন্য পরিবার থেকেই নৈতিকতার শিক্ষা দিতে হবে। ভিনদেশি অপসংস্কৃতি এড়িয়ে যেতে হবে বলে মনে করেন এই সমাজ বিজ্ঞানী

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

সাত মাস ধরে বন্ধ থাকার পরে ফের ভারত-পাক কথা শুরুর ভাবনা- দৈনিক আনন্দবাজার

সিন্ধু জলচুক্তি নিয়ে বৈঠকের সূত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে গত সাত মাস ধরে বন্ধ থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চলতি মাসের শেষে পাকিস্তানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা দিল্লি আসবেন। এই চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে যে সব সমস্যা রয়েছে তা নিয়ে খোলামেলা আলোচনা হবে।

কূটনীতিকদের মতে, এই বৈঠকে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের অসন্তোষ এবং ভারতের অবস্থান  বদলে যাবে না। কিন্তু কূটনৈতিক প্রশ্নে এর অন্য গুরুত্ব রয়েছে। উত্তরপ্রদেশ নির্বাচনের পরে পাকিস্তানের সঙ্গে আলোচনায় ফেরার প্রক্রিয়া শুরু করতে চাইছে মোদী সরকার। তবে গোড়াতেই বিদেশসচিব পর্যায়ের শীর্ষ বৈঠকের কথা ভাবা হয়নি। উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের পরে চড়ে যাওয়া তিক্ততার পারদ কমাতে ধাপে ধাপে পদক্ষেপ করার কথাই আপাতত ভাবছে দিল্লি। তাই সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে আলোচনা শুরু করতে চাইছে মোদী সরকার।

অখিলেশকে বিজলির তারে জড়ালেন মোদি- দৈনিক আজকাল

নরেন্দ্র মোদি খোঁচা দিতে ভালবাসেন বিরোধীদের, সে কথা জানা। কিন্তু উত্তরপ্রদেশের ভোটের ময়দানে কেন কে জানে বাকি সব কিছু ছাড়িয়ে খোঁচা দেওয়ার জন্য তাঁর প্রিয় বিষয় হয়ে উঠেছে বিজলি, অর্থাৎ বিদ্যুৎ। বিজলি নিয়ে লাগাতার আক্রমণ বজায় রেখে আজ মির্জাপুরে তিনি বলেছেন, ‘‌অখিলেশ যাদব আমাকে বলেছেন তারে বিজলি আছে কি নেই ছুঁয়ে দেখতে। কিন্তু আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই ওনার নতুন বন্ধু রাহুল গান্ধীর একটা মন্তব্যের কথা। উনি ২৭ সাল ইউপি বেহাল স্লোগান তুলে বলেছিলেন উত্তরপ্রদেশে বিজলির তার আছে কিন্তু বিজলি নেই।’ এখানেই থামেননি প্রধানমন্ত্রী। দাবি করেছেন, ভোটের ফল বেরোলে বিদ্যুতের শক খাবে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস।

বাতিল নোটে প্রণামী ৮ কোটি, রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ মন্দির কর্তৃপক্ষ- দৈনিক সংবাদ প্রতিদিন

নোটবন্দির পর বাতিল টাকা পাল্টে নেওয়ার কাজ শেষ জনগণের। কিন্তু মুশকিলে পড়েছেন ভগবান ওরফে মন্দির কর্তৃপক্ষ। কেননা ভক্তরা এই নতুন বছরেও প্রণামী হিসেবে দিয়েছেন বাতিল নোটই। আর তাতেই  জমা হয়েছে প্রায় আট কোটি। উপায়ন্তর না দেখে রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির কর্তৃপক্ষ।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪