মার্চ ০৭, ২০১৭ ০৬:৫৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৭ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ: রাষ্ট্রপতি- দৈনিক ইত্তেফাক
  • ১৮ উপজেলা ও পৌরসভা নির্বাচন: নিরুত্তাপ ভোট, ১১টিতে বিজয়ী আ.লীগের প্রার্থীরা- দৈনিক প্রথম আলো
  • যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রত্যাখ্যান তথ্যমন্ত্রীর- দৈনিক যুগান্তর
  • সরকারকে সতর্ক করলেন মেনন: হেফাজতের মাথায় যতই হাত বোলান ভোট দেবে না- দৈনিক প্রথম আলো
  • ২০১৮ সালের পর দেশে গ্যাস সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপ- দৈনিক যুগান্তর
  • উপরে উঠাতে গিয়ে ক্রেনেই ভেঙে গেল ফ্লাইওভারের গার্ডার- দৈনিক মানবজমিন

ভারত:

  • মুম্বই নাশকতার ছক কষা হয় পাকিস্তানেই: স্বীকারোক্তি প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টার-দৈনিক বর্তমান
  • বাবরি মামলায় ফের শুরু হতে পারে ষড়যন্ত্রের মামলা, বিপাকে বিজেপি- দৈনিক আনন্দবাজার
  • ভারতীয়দের নিরাপত্তায় উদ্বিগ্ন মমতার চিঠি সুষমাকে- দৈনিক আজকাল
  • শেষ প্রচারেও বারাণসী কাঁপালেন মোদি- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ: রাষ্ট্রপতি- দৈনিক ইত্তেফাক

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার চিরন্তন উত্স হয়ে থাকবে। আমাদের স্বাধীনতা অর্জনে তাই ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশে বজ্রকণ্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।

রাষ্ট্রপতি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সেই ধারাবাহিকতায় ২৬ মার্চ ১৯৭১ জাতির পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহুকাঙ্খিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনে তাই ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

১৮ উপজেলা ও পৌরসভা নির্বাচন: নিরুত্তাপ ভোট, ১১টিতে বিজয়ী আ.লীগের প্রার্থীরা- দৈনিক প্রথম আলো

সাত বিভাগের ১৪টি উপজেলা ও চারটি পৌরসভায় গতকাল সোমবার নিরুত্তাপ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া ১৬টির বেসরকারি ফলে দেখা গেছে, ১১টি উপজেলা ও পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণকালে কোথাও তেমন গোলযোগের খবর পাওয়া যায়নি। কয়েকটি স্থানে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান বা মেয়র প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন দলটির বিদ্রোহী ও অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পুরো পরিষদের নির্বাচন হয়েছে সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও খাগড়াছড়ির গুইমারায়।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রত্যাখ্যান তথ্যমন্ত্রীর- দৈনিক যুগান্তর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ‘তথ্য নির্ভর নয়’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখেছে ‘ভুল চশমা’ দিয়ে। আর তাদের দেখার চোখটাও ‘ঝাপসা’।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢালাও মন্তব্য প্রদান বাংলাদেশ নীতিগতভাবে সমর্থন করে না।

২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়।

ইনু বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতর যে রিপোর্ট প্রকাশ করেছে, আমরা তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। কারণ তা যথাযথ তথ্য নির্ভর নয়।’

সরকারকে সতর্ক করলেন মেনন: হেফাজতের মাথায় যতই হাত বোলান ভোট দেবে না- দৈনিক প্রথম আলো

সরকার হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে আপস করলেও নির্বাচনে তারা সরকারি দলকে ভোট দেবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এসব কথা বলেন।

সরকারকে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সতর্ক করতে চাই, হেফাজতকে যতই পৃষ্ঠপোষকতা করা হোক, যতই মাথায় হাত বোলানো হোক না কেন, তারা কখনো ভোটের ময়দানে সরকারের পক্ষে দাঁড়াবে না।  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রসঙ্গে মেনন এসব কথা বলেন।

২০১৮ সালের পর দেশে গ্যাস সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৮ সালের মধ্যে গভীর সমুদ্রে ভাসমান লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে দেশে গ্যাসের কোন সংকট থাকবে না।  

সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহম্মেদ মোহাম্মদ আল দিহাইমীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  

তোফায়েল আহমেদ বলেন, বন্ধু প্রতিম দেশ দুটি এ বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে একমত। কাতার বাংলাদেশে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কাতারের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০ স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে সুবিধাজনক একটি জোন বরাদ্দ প্রদান করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ ছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে জটিলতা দূর করতে দ্বৈত ট্যাক্স প্রথা বাতিলের বিষয়ে মন্ত্রী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে একটি পণ্য আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে দু‘দেশেই ট্যাক্স প্রদানের নিয়ম ছিল।

মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপ- দৈনিক যুগান্তর

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদেরকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাতবোমাসহ মোস্তফা কামাল (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক মোস্তফা কামাল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছলে সেটিকে লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেন ওই যুবক। তবে বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ১০-১৫টি হাতবোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করা হয়। এতে কেউ আহত হয়নি। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ১০ হাজার টাকার বিনিময়ে প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের কথা স্বীকার করেছেন। আটক ওই যুবককে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।

উপরে উঠাতে গিয়ে ক্রেনেই ভেঙে গেল ফ্লাইওভারের গার্ডার- দৈনিক মানবজমিন

পিলারের উপরে তোলার আগে ক্রেনেই ভেঙে পড়েছে নির্মাণাধীন মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের একটি গার্ডার। ঘটনার পর গণমাধ্যমের নজর এড়াতে রাতের আঁধারে দ্রুত ঘটনাস্থল থেকে খানিকটা দূরে সরিয়ে আনা হয় গার্ডারটি। পরে  মৌচাক মোড়ের কাছে এনে পলিথিন পেপার দিয়ে ঢেকে এবং চারদিক ঘিরে গার্ডার ভাঙার কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ ও সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাব ও নির্মাণ প্রতিষ্ঠানের বিশ্বাস ভঙ্গের কারণেই এমন ঘটনা ঘটেছে।

সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দিন-রাত কয়েকজন শ্রমিক হাতুড়ি পেটা ও বিদ্যুৎ চালিত ভাইব্রেশন হ্যামার দিয়ে গার্ডার ভেঙে লোহার দণ্ডগুলো বের করছে। স্থানীয় মহব্বত হোসেন নামের এক দোকানদার মানবজমিনকে জানান, গত সপ্তাহে এক মধ্যরাতে ক্রেন দিয়ে উপরে ওঠাতে গিয়ে মাঝ বরাবর ভেঙে যায়। ওই রাতেই কিছুক্ষণের মধ্যে গার্ডারটি ঘটনাস্থল থেকে সরিয়ে এখানে এনে ঢেকে রাখা হয়। খোঁজ নিয়ে জানা যায়, মৌচাক-মালিবাগ ফ্লাইওভারটির নির্মাণকাজ করছে তমা কনস্ট্রাকশন কোম্পানি। গার্ডার ভাঙার শ্রমিকদের পাশে ট্রাফিকের দায়িত্বে কর্মরত তমা গ্রুপের এক কর্মী জানান, ৪/৫ দিন আগে মধ্যরাতে গার্ডারটি উপরে ওঠানোর সময় মাঝ বরাবর ভেঙে পড়ে যায়। পরে এখানে এনে ভাঙার কাজ চলছে। আবার ওটা নির্মাণ করে উপরে ওঠাতে হবে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

বাবরি মামলায় ফের শুরু হতে পারে ষড়যন্ত্রের মামলা, বিপাকে বিজেপি- দৈনিক আনন্দবাজার

বাবরি মসজিদ ধ্বংসে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীদের বিরুদ্ধে ফের ষড়যন্ত্রের মামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট।

ষড়যন্ত্রের অভিযোগ সজীব হয়ে উঠলে অস্বস্তিতে পড়তে পারেন অভিযুক্ত বিজেপি নেতারা। সব থেকে বেশি সমস্যায় পড়তে পারেন আডবাণী। এ বছরেই রাষ্ট্রপতি নির্বাচন। আডবাণী রাষ্ট্রপতির প্রার্থী হতে চান — বিজেপিতে এমন জল্পনা রয়েছে। আডবাণী এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে বিজেপির অনেকেই মনে করেন, রাষ্ট্রপতির চেয়ারে বসতে চান আডবাণী। সঙ্ঘ পরিবারের একাংশও তাঁকে ওই পদে চাইছে না। ষড়যন্ত্রের অভিযোগের খাতা খুললে রাইসিনা হিলসে পৌঁছনোর কাজটা তাঁর পক্ষে শক্ত হয়ে পড়বে।

মুম্বই নাশকতার ছক কষা হয় পাকিস্তানেই: স্বীকারোক্তি প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টার- দৈনিক বর্তমান

পাকিস্তানকে চরম অস্বস্তিতে ফেলে দিল্লিতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেহমুদ আলি দুরানি সাফ জানিয়ে দিলেন ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই হামলা সংঘটিত করেছিল পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীই। গোটা চক্রান্তটিও পাকিস্তানের মাটি থেকেই হয়েছিল। দুরানির এই দাবি নিছক সাধারণ বক্তব্য নয়, একপ্রকার বিস্ফোরক স্বীকারোক্তি হিসাবেই বিবেচিত হচ্ছে। কারণ ২০০৮ সালে যখন মুম্বই হামলা হয়েছিল তখন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই মেহমুদ আলি দুরানিই।

সেই সময় তিনি পাকিস্তান সরকারের সুরেই লাগাতার বলেছিলেন ভারতের অভিযোগ মিথ্যা। পাকিস্তান থেকে কোনও চক্রান্ত করা হয়নি এবং পাকিস্তানের মাটি থেকে রওনা হয়ে ওই সন্ত্রাসবাদীরা মুম্বই পৌঁছে হামলা করেছে এটা অপপ্রচার। আজ সেই দুরানিই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে যা বললেন তা ভারত প্রথম দিন থেকেই বলে আসছে। এবং সেই দাবির সমর্থনে ভারত দফায় দফায় পাকিস্তানকে নথিপত্র, ভয়েস স্যাম্পল, স্যাটেলাইট ফোনের ইন্টারসেপশন সবই দিয়েছে। কিন্তু বিগত ৯ বছর ধরে পাকিস্তান বলে এসেছে ভারত যথেষ্ট তথ্যপ্রমাণ দেয়নি। তাই মুম্বই হামলা নিয়ে পাকিস্তান তদন্ত করতে পারছে না।

 ভারতীয়দের নিরাপত্তায় উদ্বিগ্ন মমতার চিঠি সুষমাকে- দৈনিক আজকাল

আমেরিকায় ভারতীয়দের ওপর একের পর এক হামলার ঘটনায় নিজের উদ্বেগের কথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পর টুইট করে জানালেন, ‘‌ভারতীয়দের ওপর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমেরিকায় প্রচুর ভারতীয় পড়াশোনার জন্য থাকেন। সেদেশেই চাকরি করেন। এ ধরনের ঘটনা ভারতে তাঁদের পরিবারে আতঙ্ক সৃষ্টি করেছে। বিদেশমন্ত্রীকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করেছি। যাতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা নিজেদের নিরাপদ ও সুরক্ষিত ভাবতে পারেন।’‌

গত ১০ দিনে আমেরিকায় ভারতীয়দের ওপর ৩টি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে দু’‌টিকে সম্ভাব্য ‘‌হেট ক্রাইম’‌, বা বিদ্বেষ প্রসূত হামলা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই। আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত নবতেজ সরনা। মার্কিন বিদেশ দপ্তর ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। আমেরিকার ভারতীয় দূতাবাস টুইটারে বিষয়টি জানিয়েছে।

শেষ প্রচারেও বারাণসী কাঁপালেন মোদি- দৈনিক বর্তমান

ভোট হয়েছে পাঁচ রাজ্যে। কিন্তু বিগত এক মাসে পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর আর গোয়াকে ভুলে ভারতবাসীর রাজনৈতিক চর্চার এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশে কী হবে? সাত দফায় ভোট পর্ব হচ্ছে দেশের সর্ববৃহৎ আর সবথেকে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রাজ্যে। অবশেষে আজ প্রচার শেষ হল। পরশু বারাণসীসহ পূর্ব উত্তরপ্রদেশের শেষ ৪০টি আসনের ভোট। আর শেষ দিন পর্যন্ত যে কোনও লড়াইয়ের পরিভাষায় যাকে বলা হয় মাটি কামড়ে পড়ে থাকা, ঠিক তেমনই প্রত্যক্ষ করা গেল বারাণসী ও সংলগ্ন এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার তিনদিন বারাণসীতে। অখিলেশ যাদব, রাহুল গান্ধী, মায়াবতীরাও তাই। আজ পর্যন্ত নরেন্দ্র মোদি একই এলাকায় ভোট প্রচারে টানা তিনদিন রোড শো করেছেন এরকম নজির নেই।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭