মার্চ ০৮, ২০১৭ ০৮:০২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৮ মার্চ বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়াকে ভূমিকা রাখার অনুরোধ- দৈনিক ইত্তেফাক
  • শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা চুক্তিতে চোখ দিল্লির- দৈনিক মানবজমিন
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার উদ্বেগ- দৈনিক যুগান্তর
  • গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন: মঈন খান- দৈনিক সমকাল
  • সংসদে প্রশ্নোত্তর: সাত বছরে সাত শতাধিক পত্রিকাকে নিবন্ধন- দৈনিক প্রথম আলো
  • সরকারি বেতনভাতা ব্যবস্থায় পরিবর্তন আসছে- দৈনিক নয়াদিগন্ত
  • জঙ্গিরা ফের আগ্রাসী- দৈনিক ইত্তেফাক
  • এক বিদ্যুৎ কেন্দ্রেই অপচয় ৬৬১ কোটি টাকা- দৈনিক যুগান্তর

ভারত:

  • ৫ রাজ্যের ভোট সামলে ৫ দেশে যাচ্ছেন মোদি- দৈনিক আনন্দবাজার
  • মোদি সরকার সাধারণ মানুষের প্রায় ২৬ হাজার কোটি টাকা লুট করছে, তোপ কংগ্রেসের- দৈনিক বর্তমান
  • দীর্ঘ ১২ ঘণ্টার লড়াইয়ের পর লখনউয়ে খতম এক আইএস জঙ্গি- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়াকে ভূমিকা রাখার অনুরোধ- দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরের পর জার্কাতা সম্মেলন কেন্দ্রের কাকাতুয়া রুমে ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে লিডার সামিট উপলক্ষে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির।

শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা সমাধান করা প্রয়োজন।’ তিনি বলেন, মিয়ানমারের জনগণ রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছেন তাদের ফিরে যাওয়ার জন্য ইন্দোনেশিয়া যেন একটা রোল প্লে করে, প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা চুক্তিতে চোখ দিল্লির- দৈনিক মানবজমিন

তিস্তা চুক্তি আড়ালেই থাকছে। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার দিকে চোখ দিল্লির। দু’দেশের মধ্যে ইতিমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা  বলা হয়। এতে আরো বলা হয়, সমন্বিত একটি প্রতিরক্ষা চুক্তি করার দিকে চোখ ভারতের। এই চুক্তিতে প্রশিক্ষণ, সামরিক সরঞ্জাম বিক্রি, দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও ঢাকার সঙ্গে সামরিক সহযোগিতার জন্য ৫০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহী দিল্লি।

এটা চূড়ান্ত হলে তা হবে প্রতিরক্ষা সহযোগিতা খাতে ভারতের দেয়া সব থেকে বড় অঙ্কের ঋণ। বিগত বছরগুলোতে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ দিতে ভারতের আগ্রহ দেখা যায় নি। কিন্তু সে নীতি ধীরে হলেও ক্রমেই পাল্টাচ্ছে। 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপ্রিল সফরে বাংলাদেশের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির দিকে চোখ নয়াদিল্লির’- শীর্ষক ওই প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিরক্ষা ইস্যুতে চীনের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণে দ্রুত এমন একটি সমন্বিত চুক্তি জরুরিভিত্তিতে সেরে ফেলতে চায় ভারত।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার উদ্বেগ- দৈনিক যুগান্তর

উত্তর কোরিয়া সম্প্রতি চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লংঘন করেছে। বাংলাদেশ এনপিটি ও সিটিবিটির একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগের বিপক্ষে এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।  সুতরাং, আঞ্চলিক ও তার বাইরে শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরুপ প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন: মঈন খান- দৈনিক সমকাল

দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, 'দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন;ক্ষমতায় যাওয়ার জন্য নয়।'

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মঈন খান বলেন, 'গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু আজ কোথাও গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন নেই। শুধু আওয়ামী লীগের মুখে মুখে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন। তিনি বলেন,রাজনীতি করা মানুষের মৌলিক অধিকার। বিএনপি নিবন্ধন বাতিলের জন্য রাজনীতি করে না। কিন্তু বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে সেই ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করতে হবে।'

সংসদে প্রশ্নোত্তর: সাত বছরে সাত শতাধিক পত্রিকাকে নিবন্ধন- দৈনিক প্রথম আলো

বর্তমান সরকারের দুই মেয়াদে গত সাত বছরে সাত শতাধিক পত্রিকাকে নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের আমলে বেসরকারি মালিকানায় ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এফএম রেডিও ও ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন হয়েছে। তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দায়বদ্ধতা ও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যম কাঙ্ক্ষিত উৎকর্ষ অর্জন করেছে।

সরকারি বেতনভাতা ব্যবস্থায় পরিবর্তন আসছে- দৈনিক নয়াদিগন্ত

সরকারি চাকরিজীবীদের বেতনভাতা নির্ধারণী ব্যবস্থায় পরিবর্তন আসছে। কাজটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এতে প্রতি বছর একজন সরকারি চাকরিজীবীর বেতন কতদূর পর্যন্ত বাড়ানো হবে তা নির্ধারণ করা হবে। বর্তমানে প্রতি বছর চাকরিজীবীদের ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পায়। এই হার আগামীতে আরো বাড়ানো হবে। মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে তা ৮ থেকে ১০ শতাংশে উন্নীত করা হতে পারে।

বিষয়টি নিয়ে আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সূত্র জানিয়েছে।  প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন কাজ শুরু হয়।

জঙ্গিরা ফের আগ্রাসী- দৈনিক ইত্তেফাক

হঠাত্ করেই আবার আগ্রাসী হয়ে উঠেছে জঙ্গিরা। গত জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে হামলার পর দেশব্যাপী জঙ্গি বিরোধী কঠোর অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট একের পর এক জঙ্গি আস্তানায় হানা দিয়ে জঙ্গিদের গ্রেফতার করে। ওই অভিযানে নিহত হয় শীর্ষস্থানীয় বহু জঙ্গি। এতকিছুর পরও জঙ্গিদের তত্পরতা থেমে নেই। গত ৮ দিনে তিনটি হামলা চালাল জঙ্গিরা। প্রতিটি হামলাই পুলিশের উপর। সর্বশেষ গতকাল কুমিল্লায় বাস থেকে নেমে দুই জঙ্গি পুলিশের উপর বোমা হামলা শুরু করে। এর আগে গত সোমবার টঙ্গিতে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। তার আগে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়িতে পুলিশ কনস্টেবলদের ছুরিকাঘাত করে গুরুতর আহত করে জঙ্গিরা।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ইত্তেফাককে বলেন, ‘ওরা তো নিশ্চিহ্ন হয়নি। ওরা তো চাইবে কিছু করতে। সেটাই করছে। আমরা তত্পর বলেই তো ওরা কিছু করতে পারছে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশও তত্পরতার সঙ্গে কাজ করছে বলেই তো সর্বশেষ সবকটি ঘটনায় জঙ্গি ধরা পড়েছে।’   পুলিশ সদর দফতরের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি গোয়েন্দা সংস্থা এই ধরনের হামলার আশঙ্কা করে আগেই সতর্ক করেছিল। পুলিশ সদর দফতর থেকেও দেশের সবকটি থানাকে সতর্ক করা হয়েছিল। ফলে সম্প্রতি জঙ্গিদের হামলার ঘটনাগুলোতে পুলিশও তত্পর ছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এক বিদ্যুৎ কেন্দ্রেই অপচয় ৬৬১ কোটি টাকা- দৈনিক যুগান্তর

সিলেটে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময়কাল ছিল তিন বছর। কিন্তু তা শেষ করতে লেগেছে ১৩ বছর। এর ফলে যেমন ১০ বছর সময় বেশি লেগেছে, তেমনি খরচ বেড়েছে ৬৬১ কোটি ৮৫ লাখ টাকা। উদ্বেগজনক তথ্যটি উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক মূল্যায়ন প্রতিবেদনে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম মঙ্গলবার যুগান্তরকে বলেন, অবশ্যই অতিরিক্ত ব্যয় করাটা অপচয়। জনগণের করের টাকার বেহিসাবি ব্যয়ের উদাহরণ। এটা প্রকল্প ব্যবস্থাপনায় ভালো ইঙ্গিত দেয় না। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের অবহেলা ও গাফিলতি পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায় বেশি। তাই মন্ত্রণালয়ের কার্যকর ব্যবস্থা নেয়া উচিত।

এবারে কোলকাতার কয়েকটি দৈনিকের বিস্তারিত খবর

৫ রাজ্যের ভোট সামলে ৫ দেশে যাচ্ছেন মোদি- দৈনিক আনন্দবাজার

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ব্যস্ততার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার শুরু করতে চলেছেন তাঁর বিদেশ সফর। ‌জুন মাসের মধ্যেই তাঁর শ্রীলঙ্কা, জার্মানি, স্পেন, রাশিয়া ও কাজাখস্তান যাওয়ার পরিকল্পনা রয়েছে। জাপান সফরের পর প্রায় ছমাস সংসদের অধিবেশন, নোট বাতিল ও পাঁচ রাজ্যের প্রচারের ঝক্কি সামলাতে মোদি বিদেশের পথে পা বাড়াননি।

প্রধানমন্ত্রীর সফর শুরু হতে চলেছে শ্রীলঙ্কা দিয়ে, মে মাসে। ২০১৫–‌র পর মোদির দ্বিতীয়বার শ্রীলঙ্কা সফর ঘিরে ইতিমধ্যেই আগ্রহের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। যেহেতু ইদানীং চীনের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বাণিজ্য সুসম্পর্ক গড়ে উঠেছে, তাই দেশের খুঁটি মজবুত করতেই মোদির এই সফর, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

মোদি সরকার সাধারণ মানুষের প্রায় ২৬ হাজার কোটি টাকা লুট করছে, তোপ কংগ্রেসের- দৈনিক বর্তমান

ডিজিটাল ইন্ডিয়ার নামে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে নানা ধরনের চার্জ চালু করে মোদি সরকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৬ হাজার কোটি টাকা লুট করছে বলে আজ তোপ দাগল কংগ্রেস। রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘অরগানাইজড লুট অ্যান্ড লিগালাইজড প্লান্ডার’ মন্তব্যকে ফের একবার আওড়ে আগামীকাল উত্তরপ্রদেশে শেষ দফা ভোটের আগের দিন ব্যাংক লেনদেনে টাকা কেটে নেওয়ার বিষয়টি তুলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করল রাহুল গান্ধীর দল।

দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এদিন বলেন, মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটিএমে নির্দিষ্ট লেনদেনের পর চার্জ, নূন্যতম ব্যালেন্স না রাখার মূল্য, অনলাইন ট্রানজাকশনের মতো লেনদেনের মাধ্যমে সরকার নিঃশব্দে সাধারণ মানুষের টাকা লুঠ করছে। নানা লেনদেনের ফলে গোটা দেশে সব মিলিয়ে হিসেব করলে প্রায় ২৬ হাজার কোটি টাকা সরকার আদায় করছে।

দীর্ঘ ১২ ঘণ্টার লড়াইয়ের পর লখনউয়ে খতম এক আইএস জঙ্গি- দৈনিক সংবাদ প্রতিদিন

১২ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলার পর অবশেষে খতম হল লখনউয়ে অনুপ্রবেশকারী আইএস জঙ্গি৷ গুলির লড়াইয়ের পাশাপাশি কাঁদানে গ্যাস, ধোঁয়া বোমা প্রয়োগ করে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর এক আতঙ্কবাদীকে নিকেশ করতে সফল হয় পুলিশবাহিনী৷ পুলিশের দাবি, লখনউয়ের ঠাকুরগঞ্জের একটি বাড়িতে লুকিয়ে ছিল দুই জঙ্গি৷ তবে লড়াই থামার পর একজনের মৃতদেহই উদ্ধার করা গিয়েছে৷ সেই সঙ্গে বাড়িটি থেকে বাজেয়াপ্ত হয়েছে পিস্তল, রিভলভার ও ছুরি৷ ভোর তিনটে নাগাদ শেষ হয় লড়াই৷ এদিকে, ভোপাল-উজ্জয়িনী রুটে যাত্রী বোঝাই ট্রেনে বিস্ফোরণের ঘটনাতেও আইএস-এর হাত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ গোয়েন্দা সূত্রে খবর, সইফউল্লাহ নামে জঙ্গি ট্রেন বিস্ফোরণের নেপথ্যে ছিল৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮