মার্চ ১৪, ২০১৭ ০৬:০৩ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৪ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু- দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রীর দিল্লি সফর: সন্তোষজনক অগ্রগতি আশা করছে ভারত- দৈনিক যুগান্তর
  • কুমিল্লা নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সিইসি- দৈনিক নয়াদিগন্ত
  • সারের দাম বাড়াতে শিল্পসচিবের উদ্যোগে বিরক্ত প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
  • ২২ হাজার কিমি নদীপথ বিলুপ্ত- দৈনিক ইত্তেফাক
  • চার হাজার কোটি টাকার ফ্লাইওভার কার স্বার্থে?- দৈনিক যুগান্তর
  • দ্বিপক্ষীয় বৈঠকে পুলিশের প্রস্তাব: ফেসবুক আইডি খুলতে পরিচয়পত্র লাগবে- দৈনিক প্রথম আলো
  • ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ- দৈনিক সমকাল

ভারত:

  • রাষ্ট্রপতি ভোটেও কয়েক ধাপ এগিয়ে মোদি শিবির- দৈনিক বর্তমান
  • ভোট চুরি করেছে বিজেপি:‌ চিদাম্বরম- দৈনিক আজকাল
  • সরকার সকলের, যাঁরা ভোট দেননি তাঁদেরও, নম্র হতে আবেদন মোদীর- দৈনিক আনন্দবাজার
  • অর্থ দপ্তরের পাশাপাশি প্রতিরক্ষাও সামলাবেন অরুণ জেটলি- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু- দৈনিক মানবজমিন

২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক প্রচারণায় নেমেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা তৃণমূলে সফর শুরু করেছেন। উদ্দেশ্য নেতাকর্মীদের চাঙ্গা করা এবং নির্বাচনের জন্য প্রস্তুত করা। দলের এ নির্বাচনী প্রচারণায় আছেন সভানেত্রী শেখ হাসিনাও। ইতিমধ্যে তার কয়েকটি জেলায় জনসভার তারিখ নির্ধারিত হয়েছে। বিভিন্ন জেলা সফরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশ থেকে তিনি নির্বাচনকেন্দ্রিক দিকনির্দেশনা দেবেন।

জনসভায় শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইবেন জনগণের কাছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনী জনসভা ও গণসংযোগ। আওয়ামী লীগ সেই কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: সন্তোষজনক অগ্রগতি আশা করছে ভারত- দৈনিক যুগান্তর

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরকালে দু’দেশের মধ্যে বিদ্যমান ইস্যু এবং নতুন ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতির আশা করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকা ও দিল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সফরের ঘোষণা দেবে।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে চুক্তি নয়, বরং সমঝোতা স্মারক সই হবে। এই স্মারকে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সফর বিনিময়, যৌথ মহড়া, দুর্যোগ মোকাবেলা এবং জঙ্গি দমনে সহায়তার মতো উপাদান থাকছে। তবে এই সমঝোতা স্মারকটির কোনো মেয়াদকাল থাকছে কিনা সে বিষয়ে আরও আলোচনা করে ঠিক করা হবে।

সারের দাম বাড়াতে শিল্পসচিবের উদ্যোগে বিরক্ত প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো

সারের দাম বাড়াতে শিল্পসচিবের উদ্যোগে বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সারের দাম বাড়ানো হবে না। আর এ ধরনের উদ্যোগ একজন সচিব নিতে পারেন না।

গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত দুজন মন্ত্রী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তাঁরা বলেন, প্রথমে বিষয়টি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উত্থাপন করেন। সভায় তিনি বলেন, শিল্পসচিব সম্প্রতি সারের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু এটি তো সরকারের সিদ্ধান্তের বিষয়। আর এই মুহূর্তে সারের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা বাড়ালে সরকারের জন্য ভালো হবে না।

বৈঠক সূত্র জানায়, তখন প্রধানমন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর পরিকল্পনা নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বৈঠক শেষে কৃষিমন্ত্রীর কাছে যান প্রথম আলোসহ কয়েকটি পত্রিকার সাংবাদিকেরা। মন্ত্রী এ বিষয়ে আলোচনা হওয়ার কথা স্বীকার করেন।

কুমিল্লা নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সিইসি- দৈনিক নয়াদিগন্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। এ ব্যাপারে সময় এলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কমিশন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে।

তিনি সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুটি থানায় আনুষ্ঠানিক স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন আর হবে না উল্লেখ করে সিইসি বলেন, দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছি। সামনে যে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা সেগুলোও আশা করি ভালোভাবে হবে। তিনি বলেন, আমার বিশ্বাস যে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবে।

তিনি আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করে বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। সব দল অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করছি।

২২ হাজার কিমি নদীপথ বিলুপ্ত- দৈনিক ইত্তেফাক

আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস বা আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস। এটি একটি বৈশ্বিক অনুষ্ঠান। সারা বিশ্বে বেসরকারি পর্যায়ে পালিত হয়ে আসছে। নদীর প্রতি আমাদের করণীয় কী? নদী রক্ষায় আমাদের কী দায়িত্ব, কতটুকু দায়বদ্ধতা? এটি উপলদ্ধি ও স্মরণ করিয়ে দিতেই এমন দিবস পালনের সূচনা।

প্রসঙ্গত, একসময় বাংলাদেশে ১২শ’ চলমান নদীর নাম পাওয়া যেত, যা বর্তমানে ২শ’র বেশি হবে না। শীতকালে চলমান নদীর সংখ্যা কমে ৬০-৬৫ টিতে নেমে আসে। নদীর এই পরিস্থিতি বাংলাদেশের সামগ্রীক পরিবেশের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীনতা পরবর্তী ৪৬ বছরে বাংলাদেশে প্রায় ২২ হাজার কিলোমিটার নদীপথ বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঠেকাতে মৃতপ্রায় নদীগুলো পুনরুজ্জীবিত করা অতি জরুরি।

দিবসটি উপলক্ষে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা  দেশের  বিভিন্ন নদ-নদীর অবস্থা সম্পর্কে জানিয়েছেন। আমাদের রংপুর প্রতিনিধি জানান, নদী দিবসকে উপলক্ষ করে রংপুর অঞ্চল থেকে দাবি উঠেছে তিস্তাকে জাতীয় নদী ঘোষণার। উজানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি আটকে রাখায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারাজ প্রকল্প হুমকির মুখে পড়েছে। এছাড়া উত্তরাঞ্চলের প্রায় ১০০টির মতো নদী বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। তিস্তার জীবন-মৃত্যুর উপর নির্ভর করছে প্রত্যক্ষভাবে ২ কোটি ও পরোক্ষভাবে ৫ কোটি মানুষের বাঁচা-মরা। উত্তরাঞ্চলের নদীগুলোতে পানি না থাকায় মরু করণের দিকে যাচ্ছে উত্তরাঞ্চল।

চার হাজার কোটি টাকার ফ্লাইওভার কার স্বার্থে?- দৈনিক যুগান্তর

গণপরিবহন চলাচল না করলেও ২২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম মহানগরীতে তিনটি ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে আগেই। প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে আরও একটির নির্মাণকাজ শেষ পর্যায়ে। এসব ফ্লাইওভার দিয়ে প্রাইভেট কার ও দূরপাল্লার ট্রাক-বাস ছাড়া গণপরিবহন বলতে কোনো যান চলাচল না করায় এ নিয়ে নানা কথা চালু আছে।

নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাই যখন এসব ফ্লাইওভার নিয়ে সমালোচনায় মুখর, ঠিক তখনই প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চম ফ্লাইওভার নিয়ে তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

বলাবলি হচ্ছে, এত ফ্লাইওভারের পরও চট্টগ্রাম নগরীর যানজট আগের মতোই। তাহলে জনগণের কষ্টার্জিত করের বিপুল অর্থ ব্যয়ে নতুন ফ্লাইওভার কেন, কার স্বার্থে? প্রশ্ন উঠেছে, এভাবে একের পর এক ‘অকার্যকর’ ফ্লাইওভার কার স্বার্থে! বড় প্রকল্পে বড় ধরনের ‘আর্থিক সুবিধা’ নাকি ‘কমিশন বাণিজ্য’?

দ্বিপক্ষীয় বৈঠকে পুলিশের প্রস্তাব: ফেসবুক আইডি খুলতে পরিচয়পত্র লাগবে- দৈনিক প্রথম আলো

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গেও পুলিশ কর্মকর্তাদের পৃথক বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য রেড নোটিশ জারি না করা নিয়ে অসন্তোষের কথাও ইন্টারপোলকে জানায় পুলিশ। জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে।

গত রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনের সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। ফেসবুকের পক্ষ থেকে আছেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।

ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ- দৈনিক সমকাল

ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালত কক্ষে হাজির না করতে সংশ্লিষ্টদের প্রতি আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

তবে নিরাপত্তার স্বার্থে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় আসামিদের ডাণ্ডাবেড়ি পরানো যাবে বলে আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে চার আসামিকে ডাণ্ডাবেড়ি পরানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলামকে অব্যাহতি দিয়েছে আদালত।

ইতোপূর্বে দেওয়া আদেশ অনুযায়ী ব্যাখ্যা দিতে সোমবার হাইকোর্টে যান ডিআইজি (প্রিজন)। শুনানি শেষে ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালত কক্ষে হাজির না করতে আদালত আদেশ দেয়।  বিচার শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে গত ৭ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। আসামিদের হাইকোর্টে হাজিরে নির্দেশ দেওয়া হয়।  

এবারে কোলকাতার কয়েকটি দৈনিকের বিস্তারিত খবর

রাষ্ট্রপতি ভোটেও কয়েক ধাপ এগিয়ে মোদি শিবির- দৈনিক বর্তমান

এবার লক্ষ্য রাইসিনা হিলস! ভারতের গেরুয়াকরণের টার্গেট নিয়ে নরেন্দ্র মোদি নামক ব্র্যান্ডের অশ্বমেধের ঘোড়াটি যেভাবে অপ্রতিহত গতিতে ছুটছে, তার নবতম বিজয়পতাকা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড তো বটেই, অপ্রত্যাশিতভাবে গোয়া ও মণিপুরেও উড়তে শুরু করেছে। এই দুই রাজ্যে আসন প্রাপ্তির নিরিখে দ্বিতীয় হয়েও সরকার গড়া নিশ্চিত করে ফেলেছে বিজেপি। পরবর্তী নির্বাচনী যজ্ঞটি এই বছরের শেষে। গুজরাত ও হিমাচল প্রদেশ। তার আগে সংঘ পরিবারের অন্যতম একটি স্বপ্নপূরণের দিকে অনেকটাই এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি। সেটি হল সংঘমনস্ক রাষ্ট্রপতি মনোনয়ন।

উত্তরপ্রদেশের বিপুল জয় বিজেপির সেই স্বপ্নকে বাস্তবায়িত হওয়ার আভাস দিতে শুরু করেছে। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের রীতিনীতি অনুযায়ী বিধায়ক ও এমপিদের ভোটের যোগফলের নিরিখে ইলেক্টোরাল কলেজের সংখ্যা নির্ধারিত হয়। একজন এমপির ভোটের মূল্য ৭০৮। কিন্তু বিধায়কদের ভোটের মূল্য গোটা দেশেই সমমানের নয়। রাজ্যে রাজ্যে বিধায়কের ভোটের পয়েন্ট ভিন্ন। যে রাজ্যে জনসংখ্যা বেশি, সেই রাজ্যে বিধায়কদের ভোটের মূল্য বেশি। আর যে রাজ্যে জনসংখ্যা কম, সেই রাজ্যে ভোটের মূল্য বা পয়েন্ট কম।

সরকার সকলের, যাঁরা ভোট দেননি তাঁদেরও, নম্র হতে আবেদন মোদীর- দৈনিক আনন্দবাজার

উত্তরপ্রদেশের বিপুল জয়কে মূলধন করে নরেন্দ্র মোদী ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন। মোদীর নতুন স্লোগান, ২০২২ সালের মধ্যে ‘নতুন ভারত নির্মাণ’। ‘অচ্ছে দিন’-এর স্লোগানকে ঘিরে অনেক অসন্তোষ সামনে এসেছিল। নতুন স্লোগান সামনে এনে সে সব ধুয়েমুছে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। নতুন ভারত গড়তে মোদী যে সময় চেয়েছেন, তা পরের লোকসভা ভোটের থেকেও তিন বছর পেরিয়ে। অর্থাৎ, ২০১৯ সালের জন্য আগাম ভোটও চেয়ে রেখেছেন প্রধানমন্ত্রী।

গত কাল দিল্লির রাজপথে রোড শো ও হোলি মিলনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মোদী নতুন ভারত গড়তে তাঁর স্বপ্নের কথা শুনিয়েছেন। দলের দফতরে মোদীকে বরণ করতে অপেক্ষা করছিলেন বিজেপির কর্মীরা। ‘মোদী-মোদী’ আর ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিলেন তাঁরা। নেতা-কর্মীদের উন্মাদনার মধ্যে অশোক রোডের মোড় থেকে সদর দফতরে হেঁটে আসেন মোদী।

অর্থ দপ্তরের পাশাপাশি প্রতিরক্ষাও সামলাবেন অরুণ জেটলি- দৈনিক সংবাদ প্রতিদিন

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছেন। মনোহর পারিকরের গোয়ার মসনদে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই দায়িত্ব বাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। অর্থমন্ত্রকের পাশাপাশি এবার প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি।

রইসিনা হিলস থেকেই এই বিবৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর আগেও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন জেটলি। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছুদিন এই দুই মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। সে বছরই নভেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। তাঁর স্থানেই দায়িত্ব নেন পারিকর।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪