র্যাব চেকপোস্টে হামলা, হামলাকারী নিহত: সব কারাগার ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ মার্চ শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- বঙ্গবন্ধুরা ৯৮তম জন্মদিন: টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা- দৈনিক প্রথম আলো
- খিলগাঁও র্যাব চেকপোস্টে হামলা, গুলিতে হামলাকারী নিহত- দৈনিক যুগান্তর
- সব কারাগার ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার- দৈনিক নয়াদিগন্ত
- বাংলাদেশ-ভারত সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে কী আছে?- দৈনিক যায়যায়দিন
- বিনামূল্যের বই ছাপা নিয়ে যা হচ্ছে- দৈনিক মানবজমিন
- খোলা আকাশের নীচে রাত কাটছে কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের – দৈনিক সমকাল
- সাকিব-মোসাদ্দেকের ব্যাটে উজ্জ্বল দিন- দৈনিক প্রথম আলো
ভারত:
- বিজেপি এই রায়ের খবর আগে জেনে গেল কীভাবে, তোপ মমতার- দৈনিক বর্তমান
- প্রধানমন্ত্রীর দফতর থেকে কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ গোয়েন্দাদের- দৈনিক আনন্দবাজার
- সন্ত্রাসবাদ বিশ্বের নতুন উপসর্গ: হাসিনা- দৈনিক আজকাল
- উত্তরপ্রদেশের নির্বাচনে খরচ হয়েছে ৫৫০০ কোটি টাকা, জানাল সমীক্ষা- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা- দৈনিক প্রথম আলো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ শুক্রবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আবদুল হামিদ ও শেখ হাসিনা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি সমাধিসৌধ এলাকায় রাখা দর্শনার্থী বইতে সই করেন। প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়ায় যান।
খিলগাঁও র্যাব চেকপোস্টে হামলা, গুলিতে হামলাকারী নিহত- দৈনিক যুগান্তর

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার শেখের জায়গা নামক স্থানে র্যাবের চেকপোস্টে বিস্ফোরকসহ হামলার চেষ্টা হয়েছে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আর র্যাবের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে র্যাব-৩ এর ডেপুটি কমান্ডিং অফিসার মেজর মারুফ হোসেন নিশ্চিত করেছেন। যুগান্তরকে মেজর মারুফ জানান, ভোরে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে চেকপোস্ট এলাকায় থামার জন্য বলে র্যাব। এ সময় ওই ব্যক্তি র্যাব সদস্যদের দিকে এগিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে ধাওয়া দিলে র্যাব সদস্যদের দিকে তিনি গুলিবর্ষণ করেন। র্যাবও পাল্টা গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত দুই র্যাব সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মেজর মারুফ। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। লাশ এবং মোটরসাইকেল ঘটনাস্থলেই রয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে 'আত্মঘাতী' হামলার ঘটনা ঘটে। এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র্যাব সদস্য আহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
সব কারাগার ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার- দৈনিক নয়াদিগন্ত

সারাদেশের ৬৮টি কারাগার ও বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরের পর কারা কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পৃথক এ নির্দেশনা দিয়েছে।
আজ শুক্রবার রাজধানীর আশকোনায় প্রস্তাবিত র্যাব সদর দফতরে আত্মঘাতী হামলায় এক হামলাকারী নিহত হওয়ার পর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের রেড অ্যালার্টের বিষয়টি জানান।তিনি জানান, আজ শুক্রবার বেলা ৩টা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের বিমাবন্দরগুলোতেও বাড়তি সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।
'দেশের মাটিতে এখনো পাকিস্তানের দালালরা আছে'- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বাংলাদেশের মাটিতে এখনো পাকিস্তানের দালালরা আছে। তারা সব সময়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।' তিনি বলেন, 'আর যাই হোক ৭১এর ঘাতক ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসতে দিতে পারি না। যদি কোনভাবে ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে।'
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
এসময় মোহাম্মদ নাসিম বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। তাকে আবার ক্ষমতায় আনতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে।'
বাংলাদেশ-ভারত সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে কী আছে?- দৈনিক যায়যায়দিন

বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে সম্ভাব্য চুক্তিকে আলোচনায় নিয়েই অনেকে এ নিয়ে উদ্বেগও ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারতের কূটনীতিক মহল অবশ্য এই প্রস্তাবিত চুক্তির বিষয় নিয়ে বিস্তারিত কিছুই বলছে না।
তবে দুই দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে এটা বোঝা যাচ্ছে যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি দিলি্লতে দুই সরকার প্রধানের শীর্ষ বৈঠকে আলোচিত হবে। আর এ বিষয়ে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।
খোলা আকাশের নীচে রাত কাটছে কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের – দৈনিক সমকাল

কেউ খুঁটি পুতছেন, কেউ পলিথিন বা প্লাস্টিকের বস্তা দিয়ে ছাউনি করছেন, আবার কেউ তার নিচে কাঠের চৌকি এনে পাতছেন। এভাবে আপাতত মাথা গোঁজার ঠাই করছেন আগুনে সর্বস্ব হারানো রাজধানীর কড়াইলের বউবাজার বস্তিবাসীরা। শুক্রবার দুপুরে পোড়া বস্তিতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
গত বুধবার গভীর রাতে ওই বস্তিতে আগুন লাগে। বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে বস্তির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা এ ঘর থেকে ও ঘরে দ্রুত ছড়িয়ে পড়ায় কেউ আসবাবপত্র সরানোর সুযোগ পাননি। পরনের এক কাপড়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। দূর থেকে শেষ সম্বলটুকু পুড়ে ছাই হতেদেখতে হয় তাদের। আগুনে বাজারের অন্তত একশ দোকান ঘরও পুড়েছে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, তাদের প্রাথমিক তদন্তে দোকানসহ চার শতাধিক ঘর পুড়েছে। তবে সেখানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজে নিযুক্ত বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা বলছেন, অন্তত তিন হাজার ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
বিনামূল্যের বই ছাপা নিয়ে যা হচ্ছে- দৈনিক মানবজমিন

২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যের বই ছাপা নিয়ে হোঁচট খাচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিশ্বব্যাংকের ক্লিয়ারেন্স না পাওয়া, মাধ্যমিক ও কারিগরি এবং ব্রেইল বইয়ের চাহিদা না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। আর এ কারণে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও টেন্ডার আহ্বান করতে পারছে না এনসিটিবি। এতে আগামী শিক্ষাবর্ষের বই সময়মতো ছাপা নিয়ে সংশয় তৈরি হয়েছে।অন্যদিকে আন্তর্জাতিক টেন্ডারসহ দরপত্রে কোনো পরিবর্তন আনা হলে তা মুদ্রণ শিল্প সমিতির সঙ্গে আলোচনা করে করতে হবে। অন্যথায় যেকোনো জটিলতার জন্য এনসিটিবি দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুদ্রণ শিল্প মালিকরা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণের জন্য সময়াবদ্ধ পরিকল্পনা (টেএপি) গ্রহণ করেও সে মতে কাজ শুরু করা যাচ্ছে না। বই ছাপানোর প্রথমদিকের গুরুত্বপূর্ণ দুটি কাজ দরপত্র নির্দেশনা প্রণয়ন ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা। এই দুটি কাজই আটকে গেছে বিশ্বব্যাংকের ছাড়পত্র ও বইয়ের চাহিদা না পাওয়ায়।
সাকিব-মোসাদ্দেকের ব্যাটে উজ্জ্বল দিন- দৈনিক প্রথম আলো

দিনের খেলা শেষে তিনি ড্রেসিংরুমে একটু বসতেও পারেননি। তাঁকে খুঁজে নিল সিরিজ সম্প্রচারক টেন স্পোর্টসের ক্যামেরা। ওটা সরতেই কৌতূহলী ক্রিকেট জনতা। ছোটদের অটোগ্রাফের আবদার, তাঁর একটু কাছে গিয়ে ধন্য হওয়ার ইচ্ছা। তিনি সাকিব আল হাসান, দারুণ এক শতকে শততম টেস্টে বাংলাদেশের ভালো কিছু পাওয়ার আশাটা উজ্জ্বল করে তোলার নায়ক।
কাল তৃতীয় দিনে কলম্বোর গোধূলিটা ছিল মেঘমুক্ত। যেমন আপাত মেঘমুক্ত দেখাচ্ছে বাংলাদেশ দলকে। সাকিবের পঞ্চম টেস্ট সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিমের ১৭তম ফিফটি এবং অভিষেকেই মোসাদ্দেক হোসেনের ঝলমলে ৭৫ রানের কল্যাণে বাংলাদেশ লিড পেয়ে যায় ১২৯ রানের। রেকর্ড বলছে, ২০১৩ সালের সেই গল টেস্টের পর এটা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের মতো লিড। দেশের বাইরে সবচেয়ে বড়। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রানই ছিল সর্বোচ্চ লিড।
আগের দিনের শেষ বিকেলে ব্যাটসম্যানদের সেই ভয়ংকর উন্মাদ ব্যাটিংয়ের পর বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়াবে, বাজি ধরে বলা যেতে পারে, কেউ ভাবতে পারেনি। কিন্তু কী করে এটা সম্ভব হলো? সাকিব বলে গেলেন, রান করাটা দরকার ছিল, সেটি তাঁরা করতে পেরেছেন বলে তৃপ্ত।
এবারে কোলকাতার কয়েকটি দৈনিকের বিস্তারিত
প্রধানমন্ত্রীর দফতর থেকে কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ গোয়েন্দাদের- দৈনিক আনন্দবাজার

কলকাতা হাইকোর্ট নারদ ঘুষ কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার পরেই প্রধানমন্ত্রীর দফতর থেকে কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ যায় কেন্দ্রীয় এই সংস্থার কাছে। তার পরেই দিল্লির তিন অফিসারকে নিয়ে প্রাথমিক তদন্তকারী দল গড়ে ফেলে সিবিআই।
শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হাইকোর্ট নারদ তদন্তের ভার সিবিআইকে দেওয়ার কথা ঘোষণা করে। তার পরেই তোড়জোড় পড়ে যায় প্রধানমন্ত্রীর দফতরে। কারণ সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনে। নির্দেশ পাঠানো হয় সিবিআইয়ের কাছে।
নিয়ম অনুযায়ী, কোনও আদালত কোনও ঘটনায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দিলে তার কপি প্রথমে দিল্লিতে সিবিআই অধিকর্তার কাছে পাঠানো হয়। সেই মতো শুক্রবার সন্ধ্যায় ফ্যাক্সে কলকাতা হাইকোর্টের নারদ মামলার নির্দেশের প্রতিলিপিও সিবিআই অধিকর্তা অলোককুমার বর্মার কাছে পৌঁছে যায়। তার পরেই এই দল গড়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাটি।
বিজেপি এই রায়ের খবর আগে জেনে গেল কীভাবে, তোপ মমতার- দৈনিক বর্তমান

নারদকাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর বিজেপি’র বিরুদ্ধে তীব্র ভাষায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় ঘোষণার আগে বিজেপি সভাপতি কী করে জানলেন, এই কেসে সিবিআই হবে। কিছুদিন আগে আমি কাগজে দেখেছি, বিজেপি সভাপতি বলেছেন, উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের পরেই রায় বেরবে। রায়ের আগেই একটি রাজনৈতিক দল রায়ের অভিমুখ ঠিক করে দিচ্ছে। রাজনৈতিক দলের নির্দেশেই যেন রায় হচ্ছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার ও দল দরবার করবে বলে জানিয়ে দেন মমতা। বেশ কয়েকজন এমপি এবং মন্ত্রীদের টাকা নেওয়ার অভিযোগ নিয়ে নারদ স্টিং অপারেশনের মামলা কেন সরকার লড়বে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এ ব্যাপারে সরকারের বক্তব্য, যেহেতু সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ, তাই সরকার লড়বে। মমতার বক্তব্যের বিরোধিতা করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরাই প্রথম নারদকাণ্ডে মামলা করেছিলাম। শুনানির শেষদিন পরিষ্কার হয়ে গিয়েছিল, সিবিআই তদন্ত হতে চলেছে। মানুষ তেমনটাই চেয়েছিল। আদালতের এই রায় বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থাকে আরও অটুট করবে। উনি সমস্ত ঘটনার সত্যাসত্য আগে থেকেই জেনে যান। কোনটা সাজানো, আর কোনটা সাজানো ঘটনা নয়, তা আগাম বলে দেন কীভাবে?
উত্তরপ্রদেশের নির্বাচনে খরচ হয়েছে ৫৫০০ কোটি টাকা, জানাল সমীক্ষা- দৈনিক সংবাদ প্রতিদিন

নির্বাচন শেষ। রাহুল-অখিলেশ জোট ও বসপা নেত্রী মায়াবতীর বাধা অতিক্রম করে বিরাট ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। কয়েকদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করবে তাঁরা। এর মধ্যেই অবশ্য সামনে এসেছে আরও একটি তথ্য। সিএমএস ইন্ডিয়া নামে এক সংস্থার ভোটের আগে ও পরে করা সমীক্ষায় জানা গিয়েছে, উত্তরপ্রদেশে নির্বাচন জিততে প্রায় ৫৫০০ কোটি টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে শুধুমাত্র ভোট কিনতে খরচ করা হয়েছে ১০০০ কোটি টাকা।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী একজন প্রার্থী ভোটে ২৫ লক্ষ টাকা খরচ করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খরচের অঙ্কটা কমিশনের নির্ধারিত টাকার থেকে অনেক বেশি হয়ে যায়। সব মিলিয়ে কমপক্ষে ৬০০ থেকে ৯০০ কোটি টাকায় দাঁড়ায়। সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে ভোটপ্রতি ৭৫০ টাকা খরচ হয়েছে, যা গোটা ভারতে সর্বোচ্চ। লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকেই প্রায় ৩০০ কোটির ওপর টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। সেটাই বজায় থেকেছে চলতি বছরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে। ‘শুধুমাত্র ভোটারদের প্রভাবিত করতেই দেওয়া হয়েছে ১০০০ কোটি টাকা।’ শুধু তাই নয়, সেখানকার ৫৫ শতাংশ মানুষই জানেন, বিধানসভা নির্বাচনের সময় বা গত লোকসভা নির্বাচনে কে বা কারা ভোট দেওয়ার জন্য টাকা নিয়েছে।
সন্ত্রাসবাদ বিশ্বের নতুন উপসর্গ: হাসিনা- দৈনিক আজকাল

বিশ্বব্যাপী নতুন উপসর্গ জঙ্গিদের সন্ত্রাসবাদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সকলকে অনুরোধ করেছেন। বৃহস্পতিবার ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ ও বিভিন্ন গবেষণা কাজের জন্য অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে হাসিনা এই কথা বলেছেন।
তিনি আরও জানান, ‘দেশে ও বিদেশে আমাদের দেশের ছেলেমেয়েরা তাদের মেধার প্রমাণ রেখে যাচ্ছে। বিদেশে পড়াশোনা চলাকালীন সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে তারা যেন বিপথে না যায় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। সন্ত্রাসবাদের স্থান কখনও বাংলাদেশে হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমাদের সরকার নেবে। বিদেশে পড়তে যাওয়া ছেলেমেয়েরা সন্ত্রাসবাদী কার্যকলাপে না জড়িয়ে পড়ে সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদেরও। সবাই সাহায্য করলে আমরা জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ী হতে পারব। সন্ত্রাসবাদ নির্মূল করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ।’
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮