একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২০ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বাঁশখালী থানার ওসিকে হাইকোর্টে তলব:প্রথম আলো
- তবে কি জঙ্গি বানিয়ে হত্যা?: প্রথম আলো
- সাংবাদিক শিমুলের মাথায় বিদ্ধ গুলি মেয়রের শটগানের:ইত্তেফাক
- নির্বাচনকালীন সরকার বলে পৃথিবীর কোথাও কিছু নেই :নাসিম/ ইত্তেফাক
- বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি গ্রেফতার করায় ওসি প্রত্যাহার!:সংবাদ প্রতিদিন
- তিস্তা নিয়ে আনুষ্ঠানিক নয়, খসড়া চুক্তি হতে পারে:মানব জমিন
- ·পদ্মা সেতু ষড়যন্ত্র : অগ্রগতি জানাতে সময় পেল রাষ্ট্রপক্ষ:নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- আস্থা ভোটে জয় বীরেন সিংহের, মণিপুরে টিকে গেল বিজেপির সরকার:আনন্দবাজার পত্রিকা
- লঙ্কাবধ করে শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ:সংবাদ প্রতিদিন
- নারদের নতুন বিস্ফোরক ভিডিও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে - কাঠগড়ায় ৩ নেতা,ফুটেজে মিলেছে সারদা যোগ: সিবিআই: বর্তমান পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট:প্রথম আলো
বাঁশখালীতে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওসিকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন। বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডাকা মতবিনিময় সভা শুরুর আগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলী (৩৫) নামের একজন নিহত হন।নিহত ব্যক্তির স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে স্বামী হত্যার অভিযোগে ২৯ জনকে আসামি করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।
পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করে। নিহত ব্যক্তির স্ত্রীর করা অভিযোগ এফআইআর হিসেবে গণ্য না করায় এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই নারী আজ হাইকোর্টে রিট করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ। সঙ্গে ছিলেন আইনজীবী শাহানা পারভীন।
পরে আইনজীবী ফয়েজ বলেন, রিট আবেদনকারীর করা অভিযোগ কেন এফআইআর হিসেবে গণ্য করা হয়নি, এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বাঁশখালী থানার ওসিকে আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে বলা হয়েছে।
আইনজীবী ফয়েজ বলেন, আবেদনকারীর করা অভিযোগ কেন এফআইআর হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
তবে কি জঙ্গি বানিয়ে হত্যা?:প্রথম আলো
র্যাবের হাতে গ্রেপ্তারের পর মারা যাওয়া মো. হানিফ মৃধার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের যুবকদের তুলে নিয়ে গিয়ে জঙ্গি বানিয়ে হত্যা বা জঙ্গিবাদকে প্রকাশ করা হচ্ছে কি না।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই প্রশ্ন রাখেন। বিএনপি জোটের শরিক এনপিপি ওই আলোচনার আয়োজন করে।
হানিফ মৃধাকে নিয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ তুলে ধরে ফখরুল বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কোনটি সত্য? র্যাবের ব্যাখ্যা সেটি সত্য, নাকি পরিবারের দাবি সত্য? যদি পরিবারের দাবি সত্য হয়ে থাকে, তাহলে আমরা কোন দেশে বাস করছি? সরকারের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরা, তাহলে এটা কী?’
এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘একটা নয়, অসংখ্য ঘটনা এ রকম ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছ এক কথা, পরিবার বলছে তুলে নেওয়া হয়েছে। পরিবারগুলোর দাবি যদি সঠিক হয়, তাহলে কি আমরা এই দাবি করতে পারি যে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে পরবর্তী সময়ে তাদের জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে বা জঙ্গিবাদকে প্রকাশ করার জন্য তাদের ব্যবহার করা হচ্ছে? এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার একটি ভয়ংকর খেলায় মেতেছে। এ খেলা দেশকে কোথায় নিয়ে যাবে জানি না।’
সাংবাদিক শিমুলের মাথায় বিদ্ধ গুলি মেয়রের শটগানের:ইত্তেফাক
ব্যালাস্টিক পরীক্ষায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মাথায় বিদ্ধ গুলির সঙ্গে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলির মিল পেয়েছে সিআইডি। রবিবার রাতে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রিপোর্টের বরাত দিয়ে জানান, ময়নাতদন্তকারী চিকিৎসক দল তার মাথার ভেতর থেকে একটি গুলি (০.০৫ গ্রাম ওজনের সিসার বল) উদ্ধার করেন। গুলিটি মেয়র মিরুর শটগানের কি না তা নিশ্চিত হতে শাহজাদপুর থানা পুলিশ গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠান। ঢাকাস্থ সিআইডির ব্যালাস্টিক পরীক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি রিপোর্ট শাহজাদপুর আমলি আদালতে জমা দিয়েছেন।
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেয়র মিরুর শটগানের গুলির সঙ্গে সাংবাদিক শিমুলের ময়নাতদন্তে পাওয়া গুলির স্প্লিন্টারটির (সিসার বল) মিল পাওয়া গেছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। তবে ব্যালাস্টিক রিপোর্টটি এখনও পায়নি। তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে এ ব্যাপারে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর আমলি আদালতের মাধ্যমে পৌর মেয়র মিরুর কাছ থেকে জব্দ করা তার লাইসেন্সকৃত বারো বোরের একটি শটগান, ওই শটগানের ৪টি গুলি, ময়নাতদন্তে নিহত সাংবাদিক শিমুলের মাথার ভেতর থেকে পাওয়া একটি স্প্লিন্টার (সিসার বল) ও একটি গুলির খোসা ঢাকার সিআইডিতে ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সকালে ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্বপালনকালে মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া ও পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে শাহজাদপুরবাসী।
নির্বাচনকালীন সরকার বলে পৃথিবীর কোথাও কিছু নেই :নাসিম/ ইত্তেফাক
পৃথিবীর কোনো দেশে নির্বাচনকালীন সরকার বলে কোনো কিছু নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ভারত, আমেরিকাসহ বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।
গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নিজেই ক্ষমতায় থেকে তার দলের প্রার্থী হিলারীর পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। তারপরও বিরোধীদলীয় প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্প নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ, সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ জীবন দিয়ে জঙ্গিবাদ নির্মূলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের পুলিশ এখন সাহসী। এদেশে আর কোনোদিন জঙ্গিবাদ-সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
সমাবেশে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে হবে। পুলিশের ওপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এটা একমাত্র সম্ভব কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে। তিনি বলেন, বর্তমান সময়ে পুলিশের সামনে দু’টি বার্নিং ইস্যু রয়েছে। একটি মাদক, অন্যটি জঙ্গিবাদ। এ দেশ যেন আগামীতে ইরাক ও সিরিয়ার মতো না হয়, সে কারণে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জঙ্গি ও মাদক দু’টিকেই নির্মূল করতে হবে।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি গ্রেফতার করায় ওসি প্রত্যাহার!:সংবাদ প্রতিদিন
অভিযোগ যাচাই-বাছাই না করেই কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলামকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশের দাবি, যাকে গ্রেফতার করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে কুমিল্লা সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
এমনকি তার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগসহ পাকিস্তান ও আফগানিস্তানে জঙ্গিবাদের প্রশিক্ষণ নেওয়ার তথ্যও রয়েছে পুলিশের কাছে। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুর একক অভিযোগের ভিত্তিতে ওসি প্রত্যাহারের চিঠিতে অন্য প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থীরা বলছেন, একজন প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ওসিকে প্রত্যাহার করা ঠিক হবে না। কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘আমি জেনেছি এ বিষয়ে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। ’ জানা গেছে, আবদুল কুদ্দুস ওরফে বোমা কুদ্দুসকে কয়েক দিন আগে গ্রেফতার করে কুমিল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, কুদ্দুস পাকিস্তান ও আফগানিস্তান বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। এমনকি জোড়া খুনের আসামি। তার বিরুদ্ধে কুমিল্লা সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ইকোনমিক টাইমসের খবর উদ্ধৃত করে মানব জমিন লিখেছে: তিস্তা নিয়ে আনুষ্ঠানিক নয়, খসড়া চুক্তি হতে পারে।
তিস্তার পানি বণ্টন নিয়ে আনুষ্ঠানিক বা চূড়ান্ত কোনো চুক্তি নয়, বরং একটি খসড়ায় সম্মত হতে পারে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচনের আগে এটি আনুষ্ঠানিক চুক্তির দিকে যেতে পারে। ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এমন ইঙ্গিত দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস।
এ পত্রিকার সাংবাদিক দিপাঞ্জন রায় চৌধুরীর লেখা এ বিষয়ক প্রতিবেদনটির শিরোনাম ‘ড্রাফট পেপার অন তিস্তা ডিল লাইকলি ডিউরিং শেখ হাসিনা’জ ভিজিট’। এতে বলা হয়েছে, পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা এখনও অমীমাংসিত। এ অবস্থায় নয়া দিল্লির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে আনুষ্ঠানিক বা চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন না-ও হতে পারে। ৮ই এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিন এ বিষয়ে একটি খসড়ায় সম্মতি জানাতে পারেন তারা। এই তিস্তা নদীটির উৎপত্তি সিকিমে। তারপর এটি প্রবেশ করেছে বাংলাদেশে। পরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে যুক্ত হয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। রিপোর্টে বলা হয়েছে, এ নদীর পানি বণ্টন নিয়ে খসড়ায় সম্মতি জানালে পরবর্তী পর্যায়ে ২০১৯ সালের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে, তা একটি আনুষ্ঠানিক চুক্তির দিকে যেতে পারে। শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে আশাবাদ বৃদ্ধি পেয়েছে। আশা করা হচ্ছে, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে অগ্রগতি হবে। তিস্তা নদীটি প্রবাহিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভেতর দিয়ে। এ জন্য এ নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি একটি মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তিনি এ চুক্তির বিরোধিতা করছেন দীর্ঘদিন ধরে। তার যুক্তি, এ চুক্তি হলে তার রাজ্য পানি থেকে বঞ্চিত হবে। বাংলাদেশ ও ভারত সরকার উভয়েই বিষয়টি নিয়ে নীরবতা অবলম্বন করছে।
কলকাতার সংবাদপত্রে টাইগারদের প্রাধান্য: আমাদেরসময়
শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ে নিজেদের রাঙিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেইসঙ্গে গড়েছেন নতুন ইতিহাস। স্বাধীনতার মাসের এই জয় শুধু দেশে নয়, গুরুত্ব পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির বিভিন্ন সংবাদপত্রে টাইগারদের জয়কে প্রাধান্য দিয়ে খবর প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার প্রকাশিত সংবাদপত্রগুলোর বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের ক্রিকেট দলের প্রশংসা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
শততম টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মতো একটি শক্তিশালী দলকে পরাজিত করায় কলকাতার বিভিন্ন ভাষার দৈনিক সংবাদপত্রেই গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রোববার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এই জয় পায়।
বাংলাদেশের জয়ের ওপর দৈনিক আজকাল খেলার পাতায় প্রধান প্রতিবেদন করেছে। চার কলামজুড়ে ছবিসহ প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়’।
টাইমস অব ইন্ডিয়ার কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘এই সময়’ খেলার পাতায় শিরোনাম করেছে, ‘তামিমের ব্যাটে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ’। সঙ্গে দুটি ছবি। একটিতে রয়েছে জয়ের নায়ক তামিম ইকবালের ছবি। আরেকটি জয়ের মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাসের ছবি।
আনন্দবাজার পত্রিকা খেলার পাতায় প্রকাশিত ৬ কলামের খবরে শিরোনাম করেছে, ‘তামিমের ব্যাটে শততম টেস্টে বাংলার জয়গান’। সঙ্গে বাংলাদেশের ক্রিকেট দলের বিজয় উল্লাসের একটি ছবি।
দৈনিক সংবাদ প্রতিদিন খেলার পাতায় চার কলামজুড়ে ছবিসহ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ, প্রথমবার লঙ্কা জয় টাইগারদের’।
ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, ‘হান্ড্রেডথ টেস্ট অ্যান্ড মেমোরেবল উইন’। সঙ্গে মুশফিকুর রহিমের ছবি।
দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ‘বাংলাদেশ উইন হান্ড্রেডথ টেস্ট, শেয়ার সিরিজ উইথ শ্রীলঙ্কা’। সঙ্গে একটি ছবি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বাংলাদেশের জয় নিয়ে দুটি প্রতিবেদন করেছে। ক্রীড়া পাতায় ছয় কলামজুড়ে প্রধান খবরের শিরোনাম করা হয়েছে, ‘আ টন টু স্যাভর ফর দ্য টাইগার্স’। সঙ্গে চার কলামজুড়ে বাংলাদেশ দলের জয়ের মুহূর্তের উল্লাসের ছবি।
পদ্মা সেতু ষড়যন্ত্র : অগ্রগতি জানাতে সময় পেল রাষ্ট্রপক্ষ:নয়াদিগন্ত
পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠন বিষয়ে অগ্রগতি জানাতে সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী ৭ মের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষ আট সপ্তাহ সময় চেয়ে আবেদন জানালে এর শুনানি নিয়ে আদালত এই সময় দেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আস্থা ভোটে জয় বীরেন সিংহের, মণিপুরে টিকে গেল বিজেপির সরকার:আনন্দবাজার পত্রিকা
মণিপুর বিধানসভায় আস্থা অর্জন করল বিজেপি। ৬০ আসনের বিধানসভায় ৩২টি ভোট পেলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। ফলে সিলমোহর পড়ল মণিপুরের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের স্থায়ীত্বে। বিজেপি-র চেয়ে ৭টি আসন বেশি পেয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। আস্থা ভোটে বিজেপি সরকারকে পরাস্ত করার চেষ্টায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারল না কংগ্রেস।
১৫ মার্চ মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এন বীরেন সিংহ। প্রাক্তন ফুটবলার বীরেন কিন্তু আগে কংগ্রেসেই ছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের খুব কাছের মানুষ ছিলেন। সাংবাদিকতাও করেছেন। এ হেন বীরেন সিংহ ২০১৬-র অক্টোবরে বিজেপিতে যোগ দেন।
লঙ্কাবধ করে শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ:সংবাদ প্রতিদিন
শততম টেস্টে বিদেশের মাটিতে ম্যাচ জয়ের থেকে বড় পুরস্কার আর কী বা হতে পারে? নিজেদের ১০০ তম টেস্ট ম্যাচটি জিতে তা চিরস্মরণীয় করে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সঙ্গে প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের বদলাও নিয়ে ফেলল তারা। ফলে সিরিজ এখন ১-১।
নারদের নতুন বিস্ফোরক ভিডিও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে-কাঠগড়ায় ৩ নেতা,ফুটেজে মিলেছে সারদা যোগ: সিবিআই: বর্তমান পত্রিকা
নারদ স্টিং অপারেশনের প্রকাশ্যে না আসা ভিডিও ফুটেজ তৃণমূলের রক্তচাপ বাড়াচ্ছে। শুধু নেতাদের ঘুষ নেওয়ার ছবিই নয়, সারদাকাণ্ডে নেতাদের যোগের বিষয়টিও স্পষ্ট হচ্ছে ওই ভিডিও থেকে। এমনটাই দাবি সিবিআইয়ের।
স্টিংকাণ্ড প্রকাশ্যে আনা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে এই ফুটেজ মিলেছে। যা আগে প্রকাশ্যে আসেনি। প্রায় এক ঘণ্টার ওই ফুটেজে এমন কিছু কথোপকথন রয়েছে, যা দেখে সিবিআই কর্তারা নতুন তথ্য পাচ্ছেন। কারণ তাতে শাসক দলের তিন নেতাকে বলতে শোনা যাচ্ছে, কীভাবে তাঁরা সারদাসহ অন্যান্য চিটফান্ড কোম্পানিকে সাহায্য করছেন তার বিবরণ। সেই সঙ্গে তাঁরা সদর্পে ঘোষণা করেছেন, টাকার বিনিময়ে তাঁরা ম্যাথুর কোম্পানিকেও সাহায্য করতে প্রস্তুত। নারদ স্টিং অপারেশনের তদন্তভার হাইকোর্ট তাদের দেওয়ার পরই তৎপর সিবিআই। ম্যাথু স্যামুয়েল এবং হাইকোর্টের কাছ থেকে পাওয়া ফুটেজ রাতভর কাঁটাছেঁড়া চলে শনিবার। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা শুধু প্রকাশ্যে আসা ঘুষ নেওয়ার ছবিকেই গুরুত্ব দিচ্ছেন না।
পার্সটুডে/নাসির মাহমুদ/২০