বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সহযোগিতা : রূপরেখা চূড়ান্ত
প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ জন: প্রথম আলো
- বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সহযোগিতা : রূপরেখা চূড়ান্ত / প্রথম আলোর আরেকটি খবর
- কারাগারে রাষ্ট্রবিরোধী তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্র সচিব / ইত্তেফাক
- রুল খারিজ, খালেদার নাইকো মামলা চলতে বাধা নেই: কালের কণ্ঠ
- হাইকোর্টের আদেশ আপিলে বহাল, মেয়র থাকছেন আরিফুল: সংবাদ প্রতিদিন
- আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড:মানব জমিন
- জঙ্গিবাদের আসল রহস্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা: মির্জা ফখরুল/ নয়াদিগন্ত
ভারত:
- ইনসুলিন-ছুঁচ থেকে মুক্তির দিশা দেখাল বিজ্ঞান:আনন্দবাজার পত্রিকা
- আতঙ্ক নয়, মমতার ঘুঁটি আক্রমণই: আনন্দবাজার পত্রিকার আরেকটি শিরোনাম
- নারদকাণ্ডে কে ডি সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলে: বর্তমান পত্রিকা
- ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ২০৪০ সালের মধ্যে জলসংকটে মৃত্যু হবে ৬০ কোটি শিশুর: আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ জন
স্বাধীনতা পুরস্কার-২০১৭-তে ভূষিত হয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে পদক তুলে দেন। মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে তিন লাখ টাকার চেক, ১৮ ক্যারেট সোনার একটি পদক ও সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীরউত্তম, স্বাধীন বাংলা বেতারের কর্মকর্তা আশরাফুল আলম, শহীদ মো. নাজমুল হক, প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), শহীদ এন এম নাজমুল আহসান (মরণোত্তর), শহীদ ফয়জুর রহমান আহমেদ (মরণোত্তর), চিকিৎসায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও গোলাম সামদানী কোরায়শী (মরণোত্তর), সংস্কৃতিতে অধ্যাপক ড. এনামুল হক ও নৃত্যকলায় ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজকল্যাণে খলিল কাজী, গবেষণা ও প্রশিক্ষণে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং প্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথ এবং জনপ্রশাসনে অধ্যাপক মো. আসাদুজ্জামান।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং স্বাধীনতা পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।
বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সহযোগিতা : রূপরেখা চূড়ান্ত,
প্রধানমন্ত্রীর ভারত সফর,*প্রতিরক্ষাশিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব * সমঝোতা স্মারকের মেয়াদ পাঁচ বছর
প্রতিরক্ষা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশ ও ভারত পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে। সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়ায় প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং এই শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ, প্রতিরক্ষা প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, গবেষণা এবং সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে একে অন্যকে সহায়তার কথা বলা আছে।
সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছে, দুই নিকট প্রতিবেশী দেশের প্রায় তিন মাস আলোচনার পর ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখার সমঝোতা স্মারক’-এর খসড়া চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এটি সই হতে পারে।
খসড়া সূচি অনুযায়ী চার দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনার ৭ এপ্রিল নয়াদিল্লি যাওয়ার কথা আছে। ৮ এপ্রিল শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর সইয়ের জন্য যেসব চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, তার তালিকায় আছে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারকটি।
সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, ভারত থেকে প্রথমবারের মতো ঋণচুক্তির আওতায় সমরাস্ত্র কেনাকাটার জন্য একটি সমঝোতা স্মারক সই নিয়েও আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার পর সমঝোতা স্মারকটি সই হলে ভারত থেকে প্রায় চার হাজার কোটি টাকা (৫০ কোটি ডলার) সমমূল্যের সমরাস্ত্র কিনবে বাংলাদেশ।
কারাগারে রাষ্ট্রবিরোধী তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্র সচিব
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকে যাতে কোনো প্রকার সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের নব নিয়োগ প্রাপ্তদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
স্বরাষ্ট্র সচিব বলেন, কারাগার একটি সংবেদনশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান। এখানে দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হয়। কারাগারের দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং।
নিরাপত্তা বিধানের পাশাপাশি বর্তমানে কারাগারে বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের সংশোধন পূর্বক সমাজে পুনর্বাসনের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে সফল করতে হলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান, ডিআইজি প্রিজন্স মো. বজলুর রশীদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রুল খারিজ, খালেদার নাইকো মামলা চলতে বাধা নেই: কালের কণ্ঠ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার দুদকের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মার্চ বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে দুদক।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে। এ মামলার অভিযোগ (চার্জ) গঠন শুনানির পর্যায়ে রয়েছে। এর মধ্যে মওদুদ আহমদ এ মামলায় আরও কিছু নথি তলব চেয়ে এবং ওয়াশিংটনে নাইকোর বিষয়ে চলা আরবিট্রেশন শেষ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন। কিন্তু গত ১৬ আগস্ট বিচারিক আদালত এ আবেদন খারিজ করে দেন।
পরে এর বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করেন মওদুদ আহমদ। দুই দিনের শুনানিতে ১ ডিসেম্বর আট সপ্তাহর জন্য মামলার কার্যক্রম স্থগিত করে চার সপ্তাহর রুল জারি করা হয়। রুলে বিচারিক আদালতের ১৬ আগস্ট দেওয়া আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চেয়েছেন আদালত। মামলার নথিসূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। যাতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
মামলা হওয়ার পর খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই দুর্নীতির এ মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট, সেই সঙ্গে দেওয়া হয় রুল। প্রায় সাত বছর পর গত বছরের শুরুতে রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। রুলের শুনানি শেষে ২০১৫ সালের ১৮ জুন খালেদার আবেদন খারিজ করে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন হাইকোর্ট। ওই রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে গত বছরের ৩০ নভেম্বর জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান খালেদা।
হাইকোর্টের আদেশ আপিলে বহাল, মেয়র থাকছেন আরিফুল: সংবাদ প্রতিদিন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবর সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) আদেশ দেন।
আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। ফলে মেয়র পদে ফিরতে আরিফুল হক চৌধুরীর আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা।
এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠান। পরবর্তীতে ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দীর্ঘ কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চলতি বছর ৪ জানুয়ারি তিনি কারামুক্ত হন। পরে এ বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর ১৩ মার্চ হাইকোর্ট সরকারের আদেশ স্থগিত করেন। এছাড়াও রুল জারি করেন।
আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড:মানব জমিন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা যায়নি। তবে কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানা কোন শ্রমিকের হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিভাতে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী পারভেজ (৩৪) ও অজ্ঞাতনামা তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারখানার মটর কক্ষে ওয়েলডিং মেশিনের কাজ করার সময় অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই ঢাকার, ডেমরা নারায়ণগঞ্জের বন্দর এবং দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট অগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান দাউদকান্দি ফায়ার সার্ভিস স্ট্রেশনের লিডার আব্দুল মান্নান।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গজারিয়া কোন ফায়ার সাভির্সের কার্যালয় না থাকায় অন্য জেলা থেকে ফায়ার সাভির্সের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
জঙ্গিবাদের আসল রহস্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা: মির্জা ফখরুল / নয়াদিগন্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের আসল রহস্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। তিনি বলেন, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে বিএনপিকে সরকার ঘায়েল করার চেষ্ট করছে। ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল রহস্য হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই এভাবে জঙ্গিবাদের ধোঁয়া তোলে। তারপরে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে রাজধানীর ভাসানি ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র্যালী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এসময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ড এবং থানা থেকে নেতারা দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে উপস্থিত হবে। কার্যালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করা হবে বলে জানান তিনি। তবে মিছিলের পথ পরবর্তীতে পরিবর্তনও হতে পারে বলেও জানান তিনি।
এবারে কোলকাতার কয়েকটি দৈনিকের বিস্তারিত খবর
‘রায় ভাল হয়েছে, ইতিবাচক’! মমতার প্রত্যয়ে প্রশ্ন দলে
নারদ কাণ্ডে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু সেই অস্বস্তি যেন গায়েই মাখতে চাইলেন না মুখ্যমন্ত্রী। উল্টে এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী মুখ দেখিয়ে বলেন, ‘‘রায় ভাল হয়েছে। ইতিবাচক।’’
সুপ্রিম কোর্টের ঘটনাপ্রবাহ দেখে মঙ্গলবার প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূলের কোনও নেতাই। দলের অন্দরে ছিল উদ্বেগের স্রোত। সন্ধ্যায় মমতার মন্তব্য শুনে একান্তে নেতাদের অনেকেরই বিস্ময়মাখা প্রশ্ন, এই রায়ে ইতিবাচক কী দেখলেন দিদি! হাইকোর্টে আগেই মুখ পুড়েছিল সরকারের। সুপ্রিম কোর্টে আরও বেইজ্জতি হল। কিছু নেতার ব্যক্তিগত দুর্নীতি আড়াল করতে সরকার কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল— এই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে।
আরও পড়ুন: প্রাথমিক তদন্তের সময় বেড়ে ১ মাস, খুশি সিবিআই
দলের এক শীর্ষ নেতার দাবি, সরকার সুপ্রিম কোর্টে যাবে কি না সে ব্যাপারে তাঁদের সঙ্গে কোনও আলোচনা করেননি মমতা। নবান্নের কিছু কর্তার সঙ্গে পরামর্শ করেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যুক্তি ছিল, হাইকোর্ট যে ভাবে পুলিশের সমালোচনা করেছে তাতে রাজ্যকেও সুপ্রিম কোর্টে যেতে হবে।
ওই নেতাদের মতে, হতে পারে নেত্রীর এই বার্তা দেওয়ার তাগিদও ছিল যে এটা নিছক আইনি লড়াই নয়, শোভন-সুলতানদের একার লড়াইও নয়। এই রাজনৈতিক লড়াই তাঁরও।
কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর এখন উল্টো সুর বাজছে নবান্নে। সরকারের একটি সূত্র বলছে, প্রকাশ্যে সাহসী মুখ দেখানোটাই রাজনৈতিক দস্তুর। মমতা সেটাই করেছেন। কিন্তু ভিতরে ভিতরে সম্ভবত বোধোদয় হয়েছে তাঁর। কারণ ঘনিষ্ঠ মহলে মমতা এ দিন জানিয়েছেন, আর কোনও দিন কারও হয়ে সরকার আদালতে যাবে না।
ইনসুলিন-ছুঁচ থেকে মুক্তির দিশা দেখাল বিজ্ঞান:আনন্দবাজার পত্রিকা
ডায়াবেটিসের রোগীদের এ বার থেকে হয়তো আর যন্ত্রণাদায়ক ইনসুলিন ইঞ্জেকশন নিতেই হবে না। এন্ডোক্রিনোলজির নামী জার্নাল প্লস ওয়ান-য়ে প্রকাশিত একটি গবেষণাপত্রে একদল ভারতীয় গবেষকের দাবি, এমন একটি রাসায়নিক তাঁরা আবিষ্কার করেছেন যা শরীরে ইনসুলিনের মতোই কাজ করবে। ওই রাসায়নিকটি দুই ধরনের ডায়াবেটিসের (ডায়াবেটিস ১ এবং ডায়াবেটিস ২) ক্ষেত্রেই সমান কার্যকর। গবেষকদের দাবি, ওই রাসায়নিকটি অদূর ভবিষ্যতে ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে।
রাসায়নিকটি তৈরির পিছনে অবদান রয়েছে দেশের আটটি প্রতিষ্ঠানের। যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালের ইন্সটিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চের এন্ডোক্রিনোলজি বিভাগ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের সেলুলার অ্যান্ড মলিকিউলার এন্ডেক্রিনোলজি ল্যাবোরেটরির। গবেষণার অন্যতম বিজ্ঞানী বিশ্বভারতীর সমীর ভট্টাচার্য বলেন, ‘‘ডিএমপি নামের এমন একটি রাসায়নিক আমরা তৈরি করেছি। ইঁদুরের উপরে তার প্রয়োগ সফল হয়েছে।’’ রাসায়নিকটি তৈরিতে অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রসায়নবিজ্ঞানী মিহির চৌধুরীর ভূমিকাই প্রধান বলে মন্তব্য করে এসএসকেএম-এর এন্ডোক্রিনোলজিস্ট সতীনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মানুষের উপরে ওই রাসায়নিকটির পরীক্ষা সফল হলে তা ওষুধ হিসেবে বাজারে আসতে পারে।’’
আতঙ্ক নয়, মমতার ঘুঁটি আক্রমণই: আনন্দবাজার পত্রিকার শিরোনাম
ভোটের মুখে যখন নারদ ফুটেজ ফাঁস হয়েছিল, এবং তাকে অস্ত্র করে তাঁকে কোণঠাসা করতে নেমেছিলেন বিরোধীরা, তখনও স্নায়ু ধরে রেখেছিলেন তিনি। সেই সঙ্গে পোড় খাওয়া নেত্রী কৌশলে সামনে রেখেছিলেন তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকে। বলেছিলেন, ‘‘সমালোচনা করুন। কিন্তু চোর বদনাম দেবেন না।’’
নারদ কাণ্ডে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর দলের কিছু নেতা ভিতরে ভিতরে টলে গেলেও, এ বারও সেই এক অবস্থানই নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়,—তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে পাল্টা আক্রমণের হাঁটা।
তার ইঙ্গিত মঙ্গলবারই কিছুটা দিয়েছেন মমতা। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের অস্বস্তি হলেও বলেছিলেন, ‘‘রায় ইতিবাচক।’
নারদকাণ্ডে কে ডি সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলে: বর্তমান পত্রিকা
কে ডি সিং কে? দলের এই রাজ্যসভার সদস্য নাকি নারদ কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে স্টিং অপারেশনের টাকা জুগিয়েছেন। হাটে-মাঠে-ঘাটে দল করে বেড়ানো সাধারণ তৃণমূল কর্মীদের কাছে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খেয়ে চলেছে। মা-মাটি-মানুষের দলে তাঁর মতো ধনকুবের উদ্যোগপতির তড়িৎগতিতে উত্থান আর এখন রাতারাতি তাঁকে ঘিরে রহস্য ঘনীভূত হতেই কৌতুহলের কেন্দ্রে কানোয়ার দীপ সিং।
চিটফান্ড থেকে চাবাগান, গত কয়েক বছরে তাঁকে ঘিরে নানা বিতর্ক উঠলেও শাসকদল এই নিয়ে কোনও শব্দ খরচ করেনি। দলের রাজ্যসভার সদস্য হলেও সম্প্রতি সংসদমুখো হতে দেখা যায়নি। তা নিয়ে শাসক দলের অন্দরে ফিসফাস হলেও কেউ প্রকাশ্যে মুখ খোলার ঝুঁকি নেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষবার তাঁকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সম্মেলনে হাজির থাকতে দেখা গেলেও, কোনও দিন তাঁকে বক্তৃতা করতে দেখা যায়নি। দলের কোর কমিটিতেও কেডিকে সচরাচর দেখা যায় না। তবুও দলের সর্বোচ্চ মহলে মমতার সৌজন্যে তাঁর যে একটা বাড়তি সম্ভ্রম রয়েছে সেটা বিলক্ষণ জানেন বাকিরা।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৩