সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়
প্রিয় পাঠক/শ্রোতা! ২৪ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- জঙ্গি বলল, ‘সোয়াত পাঠান, সময় কম’:প্রথম আলোসহ প্রায় সকল পত্রিকায় এসেছে
- বাংলাদেশ ব্যাংকে আগুন নিয়ে প্রশ্ন আছে: খসরু/ প্রথম আলো,নয়াদিগন্ত
- তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে: ওবায়দুল কাদের/ইত্তেফাকসহ আরো বহু পত্রিকায় এসেছে।
- ময়মনসিংহে সিমেন্টের ট্রাক উল্টে নিহত ১০: ইত্তেফাক
- সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়: যুগান্তর,মানব জমিন,নয়াদিগন্ত
ভারত:
- ‘ওরা বাংলাকে নিশানা করলে, আমিও ইন্ডিয়া টার্গেট করব!’:আনন্দবাজার পত্রিকা
- ‘যোগী মুখ্যমন্ত্রী হলে তো দাউদ সিবিআই ডিরেক্টর হতে পারে’: আনন্দবাজার পত্রিকার আরেকটি শিরোনাম
- চিকিৎসা করিয়ে দেশে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী: আজকাল
- আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি: সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জঙ্গি বলল, ‘সোয়াত পাঠান, সময় কম’:প্রথম আলো
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছেন। আজ বেলা সোয়া একটা থেকে পৌনে দুইটার মধ্যে সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ করে উচ্চ স্বরে কথা বলেছে। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় আত্মসমর্পণের আহ্বানের মুখে বেলা সোয়া ১টার দিকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলেন, ‘ফোর্স পাঠান।’
জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে।
বেলা ১টা ৪৮ মিনিটের দিকে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।
বাংলাদেশ ব্যাংকে আগুন নিয়ে প্রশ্ন আছে: খসরু/ প্রথম আলো
বাংলাদেশ ব্যাংক ভবনে এই সময়ে আগুন লাগা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
কৃষক দল স্বাধীনতা দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
গত রাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার বিষয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। রিজার্ভ চুরির দুই মাস পর মানুষ তা জানতে পেরেছে ফিলিপাইনের পত্রিকায় সংবাদ হওয়ায়। এটি তদন্ত করা হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।
কেন এটি প্রকাশ করা হচ্ছে না, তা বাংলাদেশের গণমাধ্যম লিখতে পারছে না। তবে ফিলিপাইন বলেছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজনই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। ব্যাংকের ভেতর থেকেই এ কাজ হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকও একই কথা বলেছে। এ কারণেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না বলে তিনি দাবি করেন। বিএনপির এই নেতা বলেন, ‘অনেকের সন্দেহ আছে, এই সময় আগুন লাগার কারণ কি? এটাই জনগণের প্রশ্ন।’
তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে: ওবায়দুল কাদের/ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে। কিন্তু গঙ্গা চুক্তি যার হাত ধরে হয়েছে, তিস্তা চুক্তি তিনিই করবেন।’
শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের দাবি করেন, তিস্তা চুক্তি সময়ের ব্যাপার। এই চুক্তি সময়মতো হবে। সব প্রক্রিয়া শেষ পর্যায়ে।
ময়মনসিংহে সিমেন্টের ট্রাক উল্টে নিহত ১০: ইত্তেফাক
ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজলোর মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকার থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গুরুতর আহত আরও ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়: যুগান্তর,মানব জমিন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা সংখাগরিষ্ঠ পদে জয় পেয়েছেন। দুইদিনব্যাপী এ নির্বাচনের ফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে। চূড়ান্ত ফলাফলে জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে জয়ী হয়েছেন।
সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদসহ আটটি পদে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে সহসভাপতি, সহসম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।
এবারে কোলকাতার কয়েকটি দৈনিকের বিস্তারিত খবর
‘ওরা বাংলাকে নিশানা করলে, আমিও ইন্ডিয়া টার্গেট করব:মমতা আনন্দবাজার পত্রিকার খবর।
সমঝোতার লেশমাত্র ইঙ্গিত নেই। বরং, তিনি-মমতা- সটান বলছেন, ‘‘ওরা যদি বাংলাকে নিশানা করে, আমিও ইন্ডিয়া টার্গেট করব!’’
নোটবন্দির পরেও উত্তরপ্রদেশ থেকে বিপুল সাফল্য ঝুলিতে ভরেছেন নরেন্দ্র মোদী। অন্য দিকে, সারদার পরে নারদ-কাণ্ডেও সিবিআই তদন্তের মুখে পড়েছে তৃণমূল। জল্পনা চলছিল, পরিস্থি্তির চাপে কি বিজেপি-র প্রতি সন্ধির বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? এবিপি আনন্দের স্টুডিওতে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, পাল্টা আক্রমণই তাঁর অস্ত্র। কয়েক জন মন্ত্রীর কাছে বুধবারই যার প্রাথমিক ইঙ্গিত দিয়েছিলেন, এ দিন সেটাই আরও স্পষ্ট করলেন মমতা। গোপন করলেন না জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হওয়ার বাসনা। সরাসরিই তিনি এ বার বলে রাখলেন, ‘‘চাইলে আমিও নেতৃত্ব দিতে পারি বা অন্য কেউ।’’
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘বিজেপি এর আগে দিল্লি, বিহার, তামিলনাড়ুতে হেরেছে। উত্তরপ্রদেশে জিতেছে মানেই সারা ভারতেও জিতবে, তার কোনও মানে নেই। ওখানে অখিলেশ আর মায়াবতীর ভোট এক হয়ে গেলেই কিন্তু ব্যাপারটা অন্য রকম হয়ে যায়।’’ তাঁর কথায়, ‘‘কংগ্রেস এখন দুর্বল। সব রাজ্যে এক রকম শক্তি নয়। যে রাজ্যে যে শক্তিশালী, আমার মতে তাকেই ভোট দেওয়া উচিত।’’
‘যোগী মুখ্যমন্ত্রী হলে তো দাউদ সিবিআই ডিরেক্টর হতে পারে’: আনন্দবাজার পত্রিকা
শপথ নেওয়ার পর কয়েক দিন কেটে গেছে। এখনও নানা মহল থেকে সমালোচিত হচ্ছে যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত। সমালোচনায় কখনও উঠে আসছে তাঁর চিন্তাধারা, কাজকর্ম, কখনও বা তাঁর বিরুদ্ধে চলতে থাকা দীর্ঘমেয়াদী মামলা। এ বার আদিত্যকে সমালোচনায় বিঁধলেন বলি ফিল্মমেকার শিরিষ কুন্দর। তাঁকে ‘গুন্ডা’ বলে সোশ্যাল মিডিয়ায় আঙুল তুললেন শিরিষ।
আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর লেখক চেতন ভগত টুইটারে লেখেন, “যদি ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটাকেও ক্লাস মনিটরের দায়িত্ব দেওয়া হয়, সে কিন্তু সবচেয়ে ভাল ব্যবহার করে।”
এর পর শিরিষ টুইট করেন, “একজন গুন্ডাকে মুখ্যমন্ত্রী করে দিলেই যদি সে ঠিক হয়ে যায়, তা হলে তো দাউদ ইব্রাহিম সিবিআই ডিরেক্টর আর বিজয় মাল্য আরবিআই গভর্নর হয়ে যেতে পারে।”
আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি: সংবাদ প্রতিদিন
ধর্মীয় মেরুকরণ এই মুহূর্তে দেশে সর্বগ্রাসী হয়ে উঠছে৷ এমন অভিযোগ প্রায়শই শোনা যায়৷ কিন্তু রাজধর্মে কোনও ধর্মের রং লাগে না৷ সে কথাই যেন আবার প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজমের শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়াতে উদ্যোগী হলেন তিনি৷
তিনি নিজে অবশ্য এই প্রথা পালন করতে যাচ্ছেন না৷ তবে উদ্যোগী হয়েছেন৷ যে চাদর চড়ানো হবে তা তিনি এদিন তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি এবং জিতেন্দ্র সিংয়ের হাতে৷ এই চাদরই আজ তুলে দেওয়া হবে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায়৷ চিস্তির ৮১৫তম জন্ম শতবর্ষের উৎসবে আজ এই চাদর চড়ানো হবে৷ এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৪