এপ্রিল ১৬, ২০১৭ ০৫:৪৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৬ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • আওয়ামী লীগ-হেফাজত সখ্য: লাভ–ক্ষতির হিসাব কষছেন নেতারা- দৈনিক প্রথম আলো
  • বর্ষবরণে কলকাতায় প্রথম দুটি মঙ্গল শোভাযাত্রা- দৈনিক মানবজমিন
  • জঙ্গি দমনের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন জ্ঞানপাপীরা: ডিএমপি কমিশনার- দৈনিক ইত্তেফাক
  • ভাস্কর্য সরানোর এখতিয়ার সুপ্রিম কোর্টের: আ. লীগ- দৈনিক প্রথম আলো
  • কুষ্টিয়ায় হানিফ: ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর পদক্ষেপে খালেদা জিয়ার গায়ে জ্বালা- দৈনিক যুগান্তর
  • বিএনপি ধর্ম ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের- দৈনিক যায়যায়দিন
  • ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খালেদা জিয়া- দৈনিক যুগান্তর
  • নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর- দৈনিক নয়াদিগন্ত
  • ৯ দফা দাবিতে ট্যানারি-শ্রমিক মালিকদের ৬ দিনের কর্মসূচি- দৈনিক সমকাল

ভারত:

  •  
  • বঙ্গ জয়েই বিজেপি-র স্বর্ণযুগ আসবে: অমিত শাহ- দৈনিক আনন্দবাজার
  • নোট বাতিলের জের: বিপুল পরিমাণে ঋণ নিতে বাধ্য হবে রাজ্য- দৈনিক বর্তমান
  • যুবককে জিপে বেঁধে ঘোরাচ্ছে সেনা, বিতর্ক- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আওয়ামী লীগ-হেফাজত সখ্য: লাভ–ক্ষতির হিসাব কষছেন নেতারা- দৈনিক প্রথম আলো

হেফাজতের সঙ্গে সখ্যের বিষয়ে লাভ-ক্ষতির হিসাব কষছেন আওয়ামী লীগের নেতারা। অনেকের মধ্যে অস্বস্তিও রয়েছে। তাঁরা বলছেন, হেফাজতসংক্রান্ত কৌশল ও সিদ্ধান্ত সরকারের ওপরের স্তর থেকে এসেছে। এ বিষয়ে আগেভাগে প্রকাশ্যে নিজেদের মতামত দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই কতটা লাভ হলো, আর ক্ষতির পরিমাণই কী, তা নিজেদের মধ্যে আলোচনায় সীমাবদ্ধ রেখেছেন তাঁরা।

আওয়ামী লীগের পাঁচজন কেন্দ্রীয় ও পাঁচজন জেলা পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে এসব নেতার কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

এর মধ্যে কেন্দ্রীয় নেতারা হেফাজতের সঙ্গে সখ্য বা তাঁদের দাবি মানার বিষয়ে লাভ-ক্ষতি দুই দিকই দেখছেন। আর মাঠপর্যায়ের নেতারা বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্ত ও অস্বস্তিতে আছেন। এ জন্য তাঁদের প্রতিক্রিয়াও মিশ্র।

কেন্দ্রীয় নেতাদের কথায় হেফাজতসংক্রান্ত সরকারের কৌশলে কিছু লাভের বিষয় বেরিয়ে এসেছে। তাঁরা মনে করেন, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীসহ অনেকেই মনে করেন নারী নেতৃত্ব হারাম। তাঁরা প্রকাশ্যে বক্তৃতায় নারী নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন। দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে বৈঠকে অংশ নেওয়ার মাধ্যমে তাঁদের সেই বক্তব্যের অসারতা প্রমাণ করা গেছে।

বর্ষবরণে কলকাতায় প্রথম দুটি মঙ্গল শোভাযাত্রা- দৈনিক মানবজমিন

ঢাকার মঙ্গল শোভাযাত্রা (ফাইল ছবি)

এবারই প্রথম বাংলাদেশের প্রেরণায় কলকাতায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল। পর পর দু’দিনে বের হওয়া এই দুটি মঙ্গল শোভাযাত্রা নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনাও ছিল। কলকাতা তথা পশ্চিমবঙ্গে পুরনো ক্যালেন্ডার মতে বাংলাদেশের একদিন পরে নববর্ষ পালিত হয়। আর বাংলাদেশে পালিত হয় একদিন আগে। অবশ্য দুই বাংলায় একই দিনে নববর্ষ পালনের কথা বলেছেন অনেকেই। কলকাতায় এ যাবৎ কালের মধ্যে প্রথম মঙ্গল শোভা যাত্রাটি বেরিয়েছিল গত শুক্রবার বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে।

এদিন সুরাবর্দী এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের নিজস্ব গ্রন্থাগারের সামনে থেকে বেরিয়ে শোভাযাত্রাটি শেষ হয়েছিল বাংলাদেশ উপ-হাইকমিশনে। নানা ধরণের লোকায়ত মুখোশ নিয়ে শোভাযাত্রায় সামিল হয়েছিলেন হাইকমিশনের কর্মী ও তাদের পরিবারের সকলে। যোগ দিয়েছিলেন বিশিষ্ট মানুষজনও। পরে উপহাইকমিশনের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশিত হয়। বর্ষবরণ উপলক্ষ্যে নানা ধরনের পিঠে, মুড়ি, বাতাসা, নকুলদানা আমন্ত্রিতদের পরিবেশন করা হয়েছে। ছিল নাগরদোলা ও পুরনো দিনের কলের গান। স্বাগত ভাষণে উপহাইকমিশনার বলেছেন, অসাম্প্রদায়িক এই উৎসবে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয়ে বর্ষবরণ করেন। এখানেও চালু হল এই বর্ষবরণ। কলকাতায় এই প্রথম উপহাইকমিশনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে বলে তিনি দাবি করেন।

জঙ্গি দমনের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন জ্ঞানপাপীরা: ডিএমপি কমিশনার- দৈনিক ইত্তেফাক

জঙ্গিবাদ বৃদ্ধিতে অভ্যন্তরীণ রাজনীতির ইন্ধন রয়েছে। আর জঙ্গিবাদ দমনের কৌশল নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা জ্ঞানপাপী বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।  

শনিবার দুপুরে একটি জাতীয় দৈনিক আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গি ও মাদকের আগ্রাসন রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন নিয়ে সমালোচনার অর্থ হলো জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তুলে বলছে, জঙ্গিদের কেন জীবিত ধরা হচ্ছে না। জঙ্গিরা অস্ত্রধারী থাকে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবিত ধরতে গেলে তারা হামলা চালায়, তখন আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ গড়তে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। না বুঝে জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তোলে জ্ঞানপাপীরা।  

ভাস্কর্য সরানোর এখতিয়ার সুপ্রিম কোর্টের: আ. লীগ- দৈনিক প্রথম আলো

আদালত প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করা না করা সুপ্রিম কোর্টের এখতিয়ার বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। ভাস্কর্যটি স্থাপিত হয়েছে তাদের সিদ্ধান্তে। তাই অপসারণ করা না করা সম্পূর্ণভাবেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।’

শনিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র আরও বলেন, ‘পৃথিবীর অনেক মুসলিম দেশেই এ ধরনের ভাস্কর্য আছে। সুপ্রিম কোর্টের পাশে যেহেতু জাতীয় ঈদগাহ, তাই ঈদগাহে নামাজ পড়ার সময় যাতে ভাস্কর্যটি দেখা না যায় এবং এ কারণে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার মতামত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। ভাস্কর্যটি অপসারণ হবে কি হবে না সে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, সরকার কিংবা আওয়ামী লীগের নয়।’

কুষ্টিয়ায় হানিফ: ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর পদক্ষেপে খালেদা জিয়ার গায়ে জ্বালা- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ইসলামের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গায়ে জ্বালা ধরেছে।

তিনি বলেন, খালেদা জিয়া মুখে ইসলামের কথা বললেও অন্তরে তার ধর্ম নেই। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাতের বেলা ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রচার আছে। হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সমন্বয় হয়েছে বলে বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দোতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব হানিফ।

তিনি বলেন, ইসলামকে সমুন্বত করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। হানিফ আরও বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি। ২০০২ সালে খালেদা জিয়া চীনের সঙ্গে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন বলে দাবি করেন হানিফ। তিনি বলেন, খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান। যেহেতু তিনি পাকিস্তানের গাদ্দারিতে বিশ্বাসী তাই তাদের সঙ্গে সবকিছু করতে তার ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কোন কিছু তার পছন্দ নয়।

বিএনপি ধর্ম ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস বলে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও ওই দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।  

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোন চুক্তি কিংবা জোট হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকে কওমী মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে গুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসা।

ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খালেদা জিয়া- দৈনিক যুগান্তর

গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নজাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার করা ‘ভয়েস অব কালুরঘাট’ নামক একটি সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে ছাত্রদল সূত্রে জানা গেছে।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির সক্রিয় ভূমিকা ছিল। লেখাপড়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতেও ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, একই সঙ্গে শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই হবে তোমাদের প্রধান কাজ।

নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর- দৈনিক নয়াদিগন্ত

নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এ ধরনের হুঁশিয়ারি আগে কয়েকবার দিলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী আবারো একই কথা বললেন। তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এবং একাধিক ক্যাম্পাসে পরিচালনা করছে তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনউয়ে নিজস্ব ক্যাম্পাসে উক্ত বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ওই বিশ্ববিদ্যালয় এখনো রাজধানী ধানমন্ডিতে ভাড়া বাড়িতে আলাদা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

৯ দফা দাবিতে ট্যানারি-শ্রমিক মালিকদের ৬ দিনের কর্মসূচি- দৈনিক সমকাল

সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংযোগসহ ৯ দফা দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ট্যানারি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংযোগ, শিল্প নগরীর প্লটের মালিকানা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন ও শ্রমিকদের আবাসনসহ ৯টি দাবি পূরণ করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব দাবি পূরণ না হলে ১৭ এপ্রিল মতবিনিময়, ১৮ এপ্রিল সমাবেশ, ২০ এপ্রিল মতবিনিময় সভা, ২২ মৌন মিছিল, ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন ও ২৯ এপ্রিলে মানবন্ধন করা হবে। পরবর্তীতে বিসিক অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

‘যোগী যোগী বলতে হবে, নইলে উত্তরপ্রদেশ ছাড়তে হবে’- দৈনিক সংবাদ প্রতিদিন

ক্ষমতায় এসে বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ নিয়ে খুব কম সময়ের মধ্যে নিজেকে একজন সুশাসক হিসেবে তুলে ধরেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবুও স্বৈরাচারী, গণতন্ত্রের হত্যাকারী, উগ্র হিন্দুত্ববাদীর তকমা জুটেছে তাঁর কপালে। এমনও হয়েছে একাংশ দলীয় কর্মীর আচরণের জন্য দায়ী করা হয়েছে তাঁকে।

এবার ইউপির মীরাট শহরে দেখা গেল বেশ কয়েকটি বিতর্কিত পোস্টার। ওই পোস্টারগুলিতে লিখা ছিল ‘প্রদেশ মে রেহনা হ্যায় তো যোগী যোগী কেহনা হ্যায়’ (উত্তরপ্রদেশে থাকতে হলে যোগী যোগী বলতে হবে)। শহরের জেলাশাসকের বাড়ি-সহ শীর্ষ আমলাদের বাড়ির সামনে দেখা গিয়েছে ওই পোস্টার। তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় সেগুলি। অভিযোগ, নীরজ শর্মা পাঞ্চালী নামের স্বঘোষিত ‘হিন্দু যুবা বাহিনীর’ মীরাট শাখার প্রধান  ওই পোস্টারগুলি ছাপিয়েছেন। পোস্টারগুলিতে প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী আদিত্যানাথের সঙ্গে রয়েছে ওই নেতার ছবিও।  তবে হিন্দু যুবা বাহিনীর এক সদস্য নাগেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্ত নীরজ শর্মাকে এক মাস আগেই তাঁর পদ থেকে সরিয়ে দেয় সংগঠন।  তাই সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই কাজটি করেছেন তিনি।

বঙ্গ জয়েই বিজেপি-র স্বর্ণযুগ আসবে: অমিত শাহ- দৈনিক আনন্দবাজার

মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ না করেই ফিরে এসেছিলেন রাজনাথ সিংহ। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি সভাপতি অমিত শাহ বুঝিয়ে দিলেন, সেটি আদৌ দলের অবস্থান নয়। আরও একধাপ এগিয়ে বিজেপি সভাপতি আজ বলেন, ‘‘বাংলা-সহ বাকি রাজ্যে যতক্ষণ না বিজেপি সরকার গড়ছে, ততক্ষণ দলের স্বর্ণযুগ আসবে না।’’

রাজনাথের সঙ্গে মমতার সখ্য নতুন নয়। তা সত্ত্বেও মমতার কেন্দ্রেই নরেন্দ্র মোদী-অমিত শাহ তাঁকে পাঠিয়েছিলেন বিজেপির হয়ে প্রচারে। কিন্তু মমতাকে আক্রমণ তো দূরস্থান, বক্তৃতায় তাঁর নামই না তুলে নিজের দলের রাজ্য নেতাদের হতাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্টে মমতার পাঠানো মিষ্টি নিয়ে বিমানে চেপে কলকাতা ছেড়েছেন। তাতে মুখ ভার হয়েছে রাজ্য নেতাদের। আজ সকালে বিজেপির কর্মসমিতির বৈঠকে বাংলার হয়ে রাহুল সিংহ বলেন, মমতা সরকার যে ভাবে রামনবমী, হনুমান জয়ন্তীতে হামলা করেছে, তার নিন্দা করতে হবে দলের রাজনৈতিক প্রস্তাবে। কাঁথি দক্ষিণ কেন্দ্রের জয়কেও তুলে ধরতে হবে।

যুবককে জিপে বেঁধে ঘোরাচ্ছে সেনা, বিতর্ক- দৈনিক আজকাল

এক যুবককে জিপের সামনে বেঁধে ঘুরে বেড়াচ্ছে সেনা। দেখলে মনে হবে যেন শিকার করতে টোপ নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের নিরাপত্তা দেওয়া যাঁদের কাজ সেই সেনাই কিনা যুবককে বর্ম হিসেবে ব্যবহার করছে!‌ ভিডিও সামনে আসতেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। উত্তাল ইন্টারনেট দুনিয়া। আতান্তরে পড়ে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও নকল কিনা যাচাই করা হবে।এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনা।খোঁজ চলছে অন্য অভিযুক্তদেরও।

রবিবার শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হয়। অশান্তি এবং কম ভোট পড়ার কারণে সেই নির্বাচন বাতিল করা হয়। বৃহস্পতিবার নতুন করে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটের হার আগের থেকেও কমেছে। মনে করা হচ্ছে, ভিডিওটি ভোটের দিনেই কেউ রেকর্ড করেছে।

নোট বাতিলের জের: বিপুল পরিমাণে ঋণ নিতে বাধ্য হবে রাজ্য- দৈনিক বর্তমান

নোট বাতিলের প্রভাবে রাজ্যে বিক্রয়কর, ভূমিরাজস্ব, স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফিসহ কয়েকটি ক্ষেত্রে রাজস্ব আদায় অনেকটাই কমে গিয়েছে। সর্বোপরি সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল থেকে মদ বিক্রিতে বড় ধাক্কাও খেয়েছে রাজ্য। তাতে আবগারি রাজস্ব আদায় কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দও কমিয়ে দেওয়া হয়েছে। বাম আমলের ঋণের বোঝা বইতে গিয়ে বর্তমান আর্থিক বছরে শোধ করতে হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। তাই ২০১৭-১৮ আর্থিক বছরের ব্যয়ের সঙ্গে সমতা রাখতে বাজার থেকে বিপুল পরিমাণে ঋণ নিতে বাধ্য হবে রাজ্য সরকার। তা ৪০ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে বলে অফিসারদের ধারণা।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬