এপ্রিল ২৫, ২০১৭ ১৫:৩৯ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সুপ্রিমকোর্টে ভাস্কর্য স্থাপনে সরকারের মতামত নেয়া হয়নি: আইনমন্ত্রী / ইত্তেফাক
  • সাংগঠনিক সফরে শীর্ষ নেতারা আন্দোলন ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন: ফখরুল -ইত্তেফাকের আরেকটি শিরোনাম
  • হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার: ডিসি / প্রথম আলো/যুগান্তর
  • ১১ মামলায় খালেদা জিয়ার শুনানি ২২ মে: যুগান্তর
  • স্কলার্সহোম স্কুলে বোমা: সিলেটের পথে র‌্যাবের বিশেষজ্ঞ দল:মানবজমিন

ভারতের শিরোনাম:

  • মহামিছিল করে তৃণমূল উৎখাতের ডাক বিজেপির-আনন্দবাজার
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলা, হত ২৬ জওয়ান সাম্প্রতিককালে সবচেয়ে নৃশংস হামলা:বর্তমান
  • গভীর রাতে গুদামে আগুন খড়দায়:আজকাল

শ্রোতা/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..

হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার: ডিসি / প্রথম আলো

সুনামগঞ্জের হাওর

সুনামগঞ্জে হাওরে মাছ ধরা ও খাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন মাছ খেলে সমস্যা হবে না।

আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। হাওরে পানিদূষণ কমেছে। মাছ মরছে না। এখন থেকে হাওরের মাছ ধরতে বা খেতে বাধা নেই।’

শেখ রফিকুল ইসলাম বলেন, সব হাওরে নিষেধাজ্ঞা ছিল না। যেসব হাওরে বা নদীতে পানিদূষণ হয়েছে এবং মাছ মরে ভেসে উঠছে, সেগুলো না খাওয়ার জন্য বলা হয়েছিল। এখন আর এতে বাধা নেই।

পানিদূষণ ও মাছের মড়ক সম্পর্কে বাংলাদেশ পরমাণু কমিশনের বিশেষজ্ঞ দিলীপ কুমার সাহা হাওরে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরে এর আগে জানিয়েছিলেন, হাওরে বিপুল পরিমাণে কাঁচা ধানগাছ তলিয়ে গেছে। সেগুলো পানির নিচে পচে গিয়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে জমিতে ব্যবহার করা কীটনাশকও রয়েছে। সব মিলিয়ে পানি দূষিত হয়ে মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণী মারা গেছে। গতকাল সোমবার তিনি জানিয়েছিলেন, এখন বৃষ্টি হওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা বেড়েছে। কমেছে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ। পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সাংগঠনিক সফরে শীর্ষ নেতারা আন্দোলন ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলের শীর্ষ নেতাদের সাংগঠনিক সফরের মধ্যে দিয়ে দলে ঐক্যের পাশাপাশি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংশ্লিষ্ট জেলায় দায়িত্বপ্রাপ্ত নেতারা গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে আমাদের সিনিয়র নেতাদের রাজনৈতিক সাংগঠনিক সফরের জন্য ৫১টি টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন জেলায় যাবেন। এমন সফরে দলে ঐক্য বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে।
তিনি জানান, গত ২২ এপ্রিল থেকে সাংগঠনিক সফর শুরু হয়েছে। আগামী ৭ মে পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সাংগঠনিক সফরের জন্য দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদেরকে নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টার পর বৈঠকটি শুরু হয়।

সুপ্রিমকোর্টে ভাস্কর্য স্থাপনে সরকারের মতামত নেয়া হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের পূর্বে আমাদের (সরকার) কোনো মতামত নেয়া হয়নি। যেহেতু সুপ্রিমকোর্ট অঙ্গণ প্রধান বিচারপতির সেহেতু এই ভাস্কর্য উঠানোর ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে।’
মঙ্গলবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্ট অত্যন্ত পবিত্রস্থান। এটা যেন কোনোভাবেই কলুষিত এবং অরাজকতা না হয় সেটা সকলের বিবেচনা করা উচিত।

১১ মামলায় খালেদা জিয়ার শুনানি ২২ মে: যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি ফের পেছানো হয়েছে।  মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানিয়েছেন, শুনানির সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের কাছে তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও নাশকতার অভিযোগ এনে রাজধানীর দারুস সালাম থানার আটটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা এই আদালতে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে। এরআগেও এসব মামলার শুনানি পেছানো হয়।

স্কলার্সহোম স্কুলে বোমা: সিলেটের পথে র‌্যাবের বিশেষজ্ঞ দল:মানব জমিন

স্কলার্সহোম স্কুল

সিলেটের শাহী ঈদগাহের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের সিড়ির নিচে একটি শক্তিশালী বোমা পাওয়া গেছে। সকালে স্কুল খোলার পর বোমা সদৃশ ওই বস্তুটি দেখা যায়। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে সেখানে পৌছে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

আরও পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞদল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সকালে র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনূস জানিয়েছেন- স্কুলের নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইইডি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মহামিছিল করে তৃণমূল উৎখাতের ডাক বিজেপির / মুষ্টিবদ্ধ: সিউড়িতে বিজেপির মহামিছিল। আনন্দবাজারপত্রিকার শিরোনাম

বিজেপির মহামিছিল

দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ডাক দিয়েছিলেন, বাংলায় পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই ‘লং জাম্প’ দিতে হবে। শাহের রাজ্য সফরের আগের দিন লালমাটি থেকে সক্রিয় হতে শুরু করল বিজেপি। সিউড়িতে মহামিছিল করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষেরা হুমকি দিলেন, রাজ্য থেকে তাঁরা তৃণমূলকে উৎখাত করে ছাড়বেন। শাসক দলের গুন্ডাগিরি রোখার জন্য প্রয়োজনে অস্ত্র ধরতেও তারা পিছপা হবেন না। তৃণমূল অবশ্য গেরুয়া শিবিরের হুমকি উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে, তর্জন-গর্জন না করে মাঠে নেমে দেখান। রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে, বীরভূম হিমশৈলের চূড়া মাত্র! রাজ্য জুড়েই এখন বিজেপির উত্থান শুরু হয়েছে।সিউড়িতে সোমবারের মিছিল অবশ্য বিজেপির উত্থানের স্পষ্ট বার্তাই নিয়ে এসেছে।

ছত্তিশগড়ে মাওবাদী হামলা, হত ২৬ জওয়ান,সাম্প্রতিককালে সবচেয়ে নৃশংস হামলা: বর্তমান পত্রিকা

ফের রক্তাক্ত হল ছত্তিশগড়ের সুকমা জেলা। আচমকা মাওবাদী হানায় প্রাণ হারালেন ২৬ সিআরপিএফ জওয়ান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও ছ’জন। আহতদের আকাশপথে রায়পুরে উড়িয়ে আনা হয়েছে। সাম্প্রতিককালের মধ্যে ছত্তিশগড়ে এটাই মাওবাদীদের সবচেয়ে ভয়ংকর হামলা। মাওবাদী হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শহিদদের বলিদান কখনই বৃথা যাবে না। ঘটনার জেরে দিল্লি সফর কাটছাঁট করে তড়িঘড়ি রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী রামন সিং। হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মাওবাদী জঙ্গিদের হতাশারই বহিঃপ্রকাশ ওই আক্রমণ। 

গভীর রাতে গুদামে আগুন খড়দায়:আজকাল

গুদামে আগুন খড়দায়

গভীর রাতে ভয়াবহ আগুন খড়দার একটি গুদামে। বন্গুদিপুর এলাকার ওই গুদামে প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল। ফলে, আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কারখানায়। কয়েকদিন আগেই হাওড়ার একটি গুদামে এভাবেই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। ছড়িয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকায়। এক্ষেত্রেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গভীর রাতে আগন লাগায় অনেকে জানতেও পারেননি। ফলে, দমকলে খবর দিতে কিছুটা দেরি হয়। দমকলের কুড়িটি ইঞ্জিন এলাকায় পৌঁছে যায়। তাঁদের চেষ্টায় আগুন সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লাগল। তা এখনও পরিষ্কার নয়। সকাল থেকেই এলাকায় ভিড় জমছে। এলাকার যান চলাচলকেও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

শ্রোতাবন্ধুরা! আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। সঙ্গ দেয়ার জন্য ধন্যবাদ।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫