মে ০২, ২০১৭ ০৬:০৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সোমবার পত্রিকা অফিসগুলোতে মে দিবসের ছুটি থাকায় মঙ্গলবার ঢাকা বা কোলকাতা থেকে কোনো বাংলা দৈনিক প্রকাশিত হয়নি। তবে দৈনিকগুলোর অনলাইন সংস্করণে যথারীতি কিছু নতুন খবর প্রকাশিত হয়েছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের আয়োজন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • বাংলাদেশ থেকে ১০ বছরে পাচার সাড়ে তিন লাখ কোটি টাকা- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • মুনাফা করবেন, তবে শোষণ যেন না হয়: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
  • অবৈধ সম্পদ রক্ষার জন্য ক্ষমতা ছাড়তে চাচ্ছে না আওয়ামী লীগ: ফখরুল- দৈনিক ইত্তেফাক
  • বিএনপি ‘খোয়াব ভবনের’ খোয়াব দেখছে : ওবায়দুল কাদের- দৈনিক নয়াদিগন্ত
  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আমাদের আছে: মায়া- দৈনিক মানবজমিন
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া, শাহজালালে বিমান উঠা-নামায় বিঘ্ন- দৈনিক সমকাল
  • ‘বিচারহীনতার কারণেই বাবা-মেয়ের আত্মহত্যা’- দৈনিক যুগান্তর

ভারত:

  • জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত- সংবাদ প্রতিদিন
  • আপ ছাড়লেন আমানাতুল্লা- দৈনিক আজকাল
  • দ্বিতীয় ফরাক্কা ব্রিজ গড়বে রাজ্য- দৈনিক সংবাদ প্রতিদিন
  • কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে চান এরদোগান, প্রস্তাবে না দিল্লির- দৈনিক আনন্দবাজার

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বাংলাদেশ থেকে ১০ বছরে পাচার সাড়ে তিন লাখ কোটি টাকা- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে তিন লাখ ৫৭ হাজার কোটি টাকা (চার হাজার ৪৬১ কোটি ৫৩ হাজার মার্কিন ডলার), যা দেশের বর্তমান মোট জাতীয় বাজেটের চেয়েও বেশি। প্রতিবছর গড়ে পাচার হয়েছে ৩৫ হাজার ৯৯২ কোটি টাকা।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪৯টি দেশের অর্থ পাচারের তথ্য রয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রতিবছর অর্থপাচারের হার ধারাবাহিকভাবে বাড়ছে। এই ১০ বছরে উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থপাচার দুই ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সারা বিশ্বে যে পরিমাণ অর্থ পাচার হয় তার ২৪ শতাংশই হয় উন্নয়নশীল থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১০ বছরের গড় হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত থেকে ৫৫ হাজার ৭ কোটি ডলার পাচার হয়েছে। এছাড়া ওই সময়ে শ্রীলঙ্কা থেকে দুই হাজার ৩২৩ কোটি, নেপাল থেকে ৫২৫ কোটি, পাকিস্তান থেকে পাঁচ হাজার ৮৯৫ কোটি ডলার পাচার হয়েছে। এছাড়া আফগানিস্তান থেকে পাচার হয়েছে ১১ হাজার ৭৯৬ কোটি ডলার।  জিএফআই একটি অলাভজনক সংস্থা, যারা উন্নয়নশীল দেশগুলোর অবৈধ আর্থিক প্রবাহ বা মুদ্রাপাচার নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে।

মুনাফা করবেন, তবে শোষণ যেন না হয়: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো

মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক ও মালিকপক্ষকে দেশের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করে দেশকে শিল্পায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা শ্রমের মর্যাদা এবং শ্রমিকের ন্যায্য পাওনা যথাযথভাবে মিটিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মালিকদের উদ্দেশে বলেন, মুনাফা অবশ্যই করবেন; তবে তা যেন শোষণে পরিণত না হয়। শ্রমিকদের বঞ্চিত করে শিল্পের উন্নয়ন হবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মে দিবসে আমাদের সব মেহনতি শ্রমিক ভাইবোনদের এবং মালিকপক্ষকে আমি এটুকুই বলব, এই মে দিবসের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।’

অবৈধ অর্থ-সম্পদ রক্ষার জন্য ক্ষমতা ছাড়তে চাচ্ছে না আওয়ামী লীগ: ফখরুল- দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন যে তারা যা আয় করছেন তা অবৈধ। তাই সে সম্পদ রক্ষা করতে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।

তারা অবৈধ আয় রক্ষা করার জন্য যা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছেন। অবৈধ অর্থ-সম্পদ রক্ষার জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে। জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় থাকতে চায়। কোনভাবেই ক্ষমতা ছড়াতে চাচ্ছে না। তিনি বলেন, দেশের জনগণ কখনোই এটা মেনে নিবে না। সরকারের নীলনকশাকে ব্যর্থ করে দিতে হবে। সোমবার বেলা সোয়া ১১টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল র‌্যালিটির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, পৃথিবীর অনেক দেশে অনেকাংশে শ্রমিকদের অধিকার অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতার সময় যে শ্রমিকরা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের অধিকার এখনো অর্জিত হয়নি। ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবসে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি চেয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য শ্রমিক বিরোধী সরকার তাদেরকে সমাবেশের অনুমতি দেয়নি।

বিএনপি ‘খোয়াব ভবনের’ খোয়াব দেখছে : ওবায়দুল কাদের- দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি হাওয়া ভবনের মতো আরেকটি ‘খোয়াব ভবনের’ খোয়াব দেখছে। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ক্ষমতায় এলে দেশের নজিরবিহীন উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন, খাওয়া ভবনের মাধ্যমে নজিরবিহীন লুটপাট করে। তারা আরেকটি হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করার স্বপ্ন দেখছে এখন।’

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন বৃদ্ধি, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বাড়ে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে, শ্রমজীবী মানুষের রক্ত ঝরে এ দেশের মাটিতে।’

ওবায়দুল কাদের বলেন, আমাদের আমলে দেশের কলকারখানা, গামেন্টর্স শিল্প বৃদ্ধি পায়। শ্রমিকদের কর্মসংস্থান বাড়ে। বিএনপি ক্ষমতায় এসে কলকারখানা বন্ধ করে মেহনতি মানুষকে বেকার করে।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান: ‘বিচারহীনতার কারণেই বাবা-মেয়ের আত্মহত্যা’- দৈনিক যুগান্তর

মর্যাদাহানি, লজ্জা, ক্ষোভ ছাড়াও বিচারহীনতার কারণে হযরত আলী ও তার মেয়ে আয়েশা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সোমবার দুপুর ১টার দিকে গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর সিটপাড়া গ্রামে আত্মহত্যায় বাধ্য হওয়া বাবা-মেয়ের বাড়ি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে কাজী রিয়াজুল হক পরিবারের একমাত্র সদস্য হালিমা বেগমের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, হালিমার অভিযোগ অনুযায়ী তার আট বছরের মেয়েকে যে নির্যাতন এবং মর্যাদাহানি করা হয়েছে, সে ব্যাপারে থানায় জিডি হয়েছিল। সেটি একটি ‘স্পেসিফিক এলিগেশন (সুনির্দিষ্ট অভিযোগ)’ ছিল। কাজী রিয়াজুল হক জানান, কী ধরনের অন্যায় শিশুটির প্রতি করা হয়েছে, সেগুলো জিডিতে উল্লেখ করা হয়েছে। সে ব্যাপারে পুলিশ তদন্ত করেছে এবং বাদীর সঙ্গে কথা বলেছে। কিন্তু তারা (পুলিশ) কোনো লিখিত প্রতিবেদন দেয়নি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আমাদের আছে: মায়া- দৈনিক মানবজমিন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোয়াজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আমাদের আছে। ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ জননেত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় আমাদের চালিকা শক্তি। বাংলাদেশ দুর্যোগের দেশ। দুর্যোগের মধ্যেই আমাদের বসবাস। কিন্তু আমরা জানি, কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগ মোকাবেলায় আমাদের এই সক্ষমতা সারাবিশ্বে প্রশংসিত।

মন্ত্রী নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  মায়া বলেন, দলগত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা হলে দুর্যোগ মোকাবেলায় সুফল পাওয়া যায়। এজন্যে জনপ্রতিনিধি এবং সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরতদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের খাদ্যের অভাব নেই। বানভাসী মানুষের দুর্দশা লাঘবে তালিকা নয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে উপস্থিত সবাইকে ত্রাণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত সকল গৃহ নির্মাণে ঢেউটিন ও টাকার ব্যবস্থা করা হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, শাহজালালে বিমান উঠা-নামায় বিঘ্ন- দৈনিক সমকাল

রাজধানীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠা-নামায় বিঘ্ন হয়েছে। এ সময় দুটি বিমান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে এ অবস্থা সৃষ্টি হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম সমকালকে জানান, রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রিজেন্ট এয়ারওয়েজের একটিসহ দুটি বিমান কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত- দৈনিক সংবাদ প্রতিদিন

নিহত দুই ভারতীয় সেনার ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম

মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক বাহিনী। প্রত্যুত্তরে তিন পাক সেনা ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা। সোমবার রাতের অপারেশনে এই প্রত্যাঘাত ভারতীয় সেনার।

সোমবার সকালে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার কৃষ্ণ ঘাঁটি সেক্টরকে লক্ষ্য করে ভারী মর্টার বর্ষণ করতে থাকে পাক বাহিনী। এরপর দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে মুণ্ডচ্ছেদ করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসছে, সম্ভবত কোনও ফাঁদ পাতা হয়েছিল। যা খতিয়ে দেখতেই নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পৌঁছেছিলেন দুই জওয়ান। তখনই তাঁদের হত্যা করা হয়। সীমান্ত পার করে প্রায় ২৫০ মিটার ভিতরে পাক বাহিনী প্রবেশ করেছিল বলেই মনে করা হচ্ছে। হামলায় শহিদ হন বিএসএফ-এর ২০০ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিং। এই হামলার পিছনে লস্করের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। ভারতের তরফে এই আক্রমণের তীব্র নিন্দা করা হয়। পাশাপাশি এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়। এরপরই সোমবার সন্ধেয় কাশ্মীরে পৌঁছান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাক বাহিনীকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে চান এরদোগান, প্রস্তাবে না দিল্লির- দৈনিক আনন্দবাজার

আমেরিকার পরে তুরস্ক। ডোনাল্ড ট্রাম্পের পরে রিচেপ তাইপ এরদোগান। কাশ্মীর সমস্যা সমাধানে তুরস্কের প্রসিডেন্ট এরদোগানের মধ্যস্থতার প্রস্তাব তৈরি করল নয়া বিতর্ক। এই মুহূর্তে দু’দিনের ভারত সফরে এসেছেন এরদোগান। নিজের দেশে বিতর্কিত গণভোটে জয়ের পরে এই প্রথম বিদেশ সফরে বেরিয়েছেন তিনি। আর সেই সফরের একেবারে গোড়ায় ভারতে পা রাখার আগে একটি নিউজ চ্যানেলকে এরদোগান বলেছেন, ‘‘কাশ্মীরে আর রক্তপাত হতে দেওয়া যাবে না। বহুস্তরীয় আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধানে আমরা আলোচনায় অংশ নিতেই পারি।’’ একই সঙ্গে তাঁর বক্তব্য, তুরস্ক পাকিস্তানেরও মিত্র দেশ। তাই তিনি কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতায় আগ্রহী।

স্বাভাবিক ভাবেই এরদোগানের কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব ছায়া ফেলেছে তাঁর ভারত সফরে। ভারত এই প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছে। প্রকাশ্যে অবশ্য ভারত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আপ ছাড়লেন আমানাতুল্লা- দৈনিক আজকাল

আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন আমানাতুল্লা খান। দিল্লির ওখলার বিধায়ক তিনি। পুরভোটে ভরাডুবির পর দলের কাজকর্ম নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধেয় বৈঠক ডেকেছিলেন দলনেতা অরবিন্দ কেজরিওয়াল। তবে দলের ভবিষ্যত পরিকল্পনার চেয়ে কুমার বিশ্বাস ও আমানাতুল্লার ‘তু তু ম্যায় ম্যায়’–ই বৈঠকের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। কুমার বিশ্বাসের দিকে আঙুল তোলায় আমানাতুল্লার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেন দিল্লি ও পাঞ্জাবের প্রায় ৩৫ জন বিধায়ক। খামোখা দলে বিভেদ সৃষ্টি করছেন বলেও দাবি করা হয়। অভিযোগ খতিয়ে দেখে আমানাতুল্লার বিরুদধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন কেজরিওয়াল। তারপরই নিজের ইস্তফাপত্র জমা দেন ওখলার এই বিতর্কিত বিধায়ক। তবে দল থেকে সরে গেলেও, কুমার বিশ্বাসকে নিয়ে নিজের মতামত পাল্টাননি আমানাতুল্লা। বরং বলেন, ‘কুমার বিশ্বাসকে নিয়ে যা বলেছি সব সত্যি। বিজেপির মদতেই দলের অন্দরে অশান্তি তৈরি করছেন তিনি। দলে ভাঙন ধরাতে চাইছেন।

দ্বিতীয় ফরাক্কা ব্রিজ গড়বে রাজ্য- দৈনিক সংবাদ প্রতিদিন

বর্তমান ফরাক্কা বাধ

এবার ফরাক্কায় নতুন ব্রিজ৷ দেশের অন্যতম বড় সেতুর একটি হতে চলেছে বাংলায়৷ যদিও ব্যারেজ হিসাবে ফরাক্কা এখনও দেশের বৃহত্তম৷ বর্তমান ব্যারেজ থেকে আরও খানিকটা পূর্বে গঙ্গার উপর এই নতুন ছয় লেনের ব্রিজ তৈরি হবে৷ ৩৪ নম্বর জাতীয় সড়কের এক্সপ্রেসওয়ে নতুন ব্রিজের মাধ্যমে সংযুক্ত করবে দুই বঙ্গকে৷ ফরাক্কা থাকবে ব্যারেজ হিসাবেই৷ ভারী যান চলাচল করতে আর দেওয়া হবে না৷ পরিকল্পনা চূড়ান্ত৷ নকশা তৈরি হচ্ছে৷ গ্লোবাল টেন্ডার ডেকে কাজটি হবে বলে রাজ্যের পূর্ত সচিব ইন্দিবর পাণ্ডে জানিয়েছেন৷ তিনি বলেন, “ফরাক্কা ব্যারেজ থেকে আরও খানিকটা নিচের দিকে গঙ্গার উপর এই সেতুটি গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ এই সেতু হলে যান চলাচলের সমস্যা মিটে যাবে৷ বর্তমান ব্রিজটি আরও বড় করা যাবে না৷ তাই নতুন ব্রিজ গড়ার প্রস্তাব নিয়েছি আমরা৷”

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২