মে ৩০, ২০১৭ ০৮:৩০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৩০ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • কক্সবাজার অতিক্রম করেছে ‘মোরা’-সবগুলো দৈনিকের অনলাইন ভার্সন
  • 'মোরা'য় টেকনাফে তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত- দৈনিক সমকাল
  • সেন্টমার্টিনে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার- দৈনিক মানবজমিন
  • পাথরঘাটার শতাধিক জেলে এখনো ফেরেনি, উৎকণ্ঠায় পরিবার- দৈনিক নয়াদিগন্ত
  • ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
  • কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার- দৈনিক নয়াদিগন্ত
  • আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী- দৈনিক ইত্তেফাক
  • ইমরান সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের- দৈনিক যুগান্তর

ভারত:

  • গবাদি পশু নির্দেশিকা আমরা মানব না, কেন্দ্রকে কটাক্ষ মমতার- দৈনিক সংবাদ প্রতিদিন
  • কাশ্মীর নিয়ে রাওয়তের সুরেই সুর রাজনাথের- দৈনিক আনন্দবাজার
  • বাবরিকাণ্ডে আজ আদালতে চার্জগঠন- দৈনিক আজকাল
  • দিল্লি বোর্ডের পরীক্ষায়ও পশ্চিমবঙ্গের জয়জয়কার- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কক্সবাজার অতিক্রম করেছে ‘মোরা’-সবগুলো দৈনিকের অনলাইন ভার্সন

কক্সবাজার অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করে। এর আগে ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’।

এদিন ভোর থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে। পরে বাতাসের তীব্রতায় কিছু গাছপালা ভেঙে পড়ে। সকাল ৬টার দিকে টেকনাফে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। একই সময়ে কক্সবাজার সদরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। ঝড়ে সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

'মোরা'য় টেকনাফে তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত- দৈনিক সমকাল

ঘূর্ণিঝড় 'মোরা'র আঘাতে কক্সবাজারের টেকনাফে প্রায় তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড় মোরা টেকনাফে আঘাত হানে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোরা আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে। এ ছাড়া অন্যান্য জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, মোরার আঘাতে প্রায় তিন হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নসহ গাছ-পালা উপড়ে গেছে। সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ রয়েছে।

সেন্টমার্টিনে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার- দৈনিক মানবজমিন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে হাহাকার শুরু হয়েছে। দ্বীপের ১০ শয্যার একটি হাসপাতালে প্রায় ১ হাজার ২০০ মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাই নেই। এতে চরম দুর্ভোগে পড়েছে আশ্রয় নেয়া মানুষগুলো। সেন্টমার্টিন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ওয়াসিম গণমাধ্যমকে জানান, দ্বীপের একমাত্র সাইক্লোন সেন্টারটি জরাজীর্ণ। সেখানে হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া দ্বীপের সেনচুর, অবকাশ, ব্লু-মেরিন হোটেল, জেলা পরিষদ ডাকবাংলো ও আবহাওয়া অফিসে ৪-৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তবে সরকারি হাসপাতালটিতে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এবং অন্যান্য আশ্রয় নেয়া কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত খাবার ও বিশুদ্দ পানি না থাকায় এসব মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাথরঘাটার শতাধিক জেলে এখনো ফেরেনি, উৎকণ্ঠায় পরিবার- দৈনিক নয়াদিগন্ত

ঘূর্ণিঝড় মোরার কারণে হঠাৎ সতর্কতা সংকেত বাড়লেও গভীর সমুদ্রে থাকা জেলেদের সে খবর জানাতে পারেননি বরগুনা পাথরঘাটার ট্রলার মালিকরা। এ কারণে শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে। পরিবারের লোকজন রাতভর অপেক্ষা করলেও এখনো ফিরে আসেননি অনেক জেলেই। তবে মৎস্য সংশ্লিষ্টরা আশাবাদী বিপদের সম্মুখীন হতে হয়নি তাদের।

পাথরঘাটা উপজেলার পদ্মা, হরিনঘাটা, রুহিতা, বাদুরতলা, কালমেঘা ও কাকচিড়া এলাকার শতাধিক জেলেপরিবার রাত কাটিয়েছে উৎকণ্ঠার মধ্য দিয়ে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। আবার বিশখালী ও বলেশ্বর নদীতে ঘূর্ণিঝড় মোরার তেমন প্রভাব পড়েনি। কোনো ট্রলারের ক্ষয়ক্ষতি হয়নি। পাথরঘাটার যেসব জেলে গভীর সমুদ্রে ছিল তারা সুন্দরবন, আলোর কোল, দুর্বলা, কচিখালী, কটকা এসব এলাকায় নিরাপদ আশ্রয়ে এসেছে। মোরা’র প্রভাবে সাগর উত্তাল থাকায় তারা বাড়িতে ফিরতে পারেনি।

ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো

ভিয়েনায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘মোরা’র সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ১০ নম্বর মহা বিপৎসংকেত জারির পর ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশও দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব ইহসানুল করিম।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে অস্ট্রিয়ার ভিয়েনায় রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি রওনা হওয়ার পর ‘মোরা’র জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর।  সন্ধ্যা ৬টার দিকে ১০ নম্বর মহা বিপৎসংকেত জারি করা হয়। আজ মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করে।

বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছে তার সফরকালীন আবাসস্থল ইম্পিরিয়াল হোটেলে যাওয়ার পর ঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে দেশে কথা বলেন। প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, ‘ঝড়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবিলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন। দুই দিনের সফর শেষে বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার- দৈনিক নয়াদিগন্ত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া।

আজ সোমবার রমজানের দ্বিতীয় দিনে গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে কূটনীতিকদের সন্মানে দেয়া বিএনপি চেয়ারপারসনের এই ইফতারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাসির্য়া স্টিফেন্স ব্লুম বানির্কাট ও ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও অংশ নেন।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইফতার অনুষ্ঠানে প্রবেশ করে বেগম খালেদা জিয়া কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত হয়।

ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে একই টেবিলে বসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার ছাড়াও ইফতার করেন যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ভ্যাটিকেনের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরী, চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী- দৈনিক ইত্তেফাক

আজ ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন।

স্বাধীনতা যুদ্ধে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। রাষ্ট্রপতি জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলেছেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনা সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিনদিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকার শেরেবাংলা নগরে এনে দাফন করা হয়।

ইমরান সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের- দৈনিক যুগান্তর

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে শাহবাগ ও ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধামন্ত্রীকে ’কটূক্তির’ প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়েরের ঘোষণা দেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন ওই মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে দেয়া বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

গবাদি পশু নির্দেশিকা আমরা মানব না, কেন্দ্রকে কটাক্ষ মমতার- দৈনিক সংবাদ প্রতিদিন

কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার তীব্র বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অনৈতিক বলে আইনি পথে এর মোকাবিলা করার কথা জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। এই সিদ্ধান্ত মানব না। এই একতরফা সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতা খর্ব করছে। এর বিরুদ্ধে আইনি পথে মোকাবিলা করব।’ বস্তুত, গোমাংসে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব মমতা। এদিনও মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি কী খাব না খাব তা কেন্দ্র ঠিক করবে? গবাদি পশু নির্দেশিকা রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত হয়ে গেল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

কাশ্মীর নিয়ে রাওয়তের সুরেই সুর রাজনাথের- দৈনিক আনন্দবাজার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানালেন, কাশ্মীরে ‘স্থায়ী’ সমাধানের পথে এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। স্থায়ী সমাধান কী, তা অবশ্য স্পষ্ট করেননি রাজনাথ। কিন্তু সরকারি সূত্রের মতে, সেনাপ্রধানের কথাতেই সিলমোহর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীরা যতই আলোচনার দাবি করুন, আপাতত অশান্ত উপত্যকাকে সেনা অভিযান চালিয়েই ঠান্ডা করতে চাইছে কেন্দ্র। বিপিনকে সমর্থন করে মুখ খোলেন বেঙ্কাইয়া নায়ডুও।

সেনাপ্রধানের সুরেই আজ কাশ্মীরে ছায়াযুদ্ধের পিছনে পাকিস্তানকে দায়ী করে রাজনাথ বলেন, ‘‘কাশ্মীরের পাশাপাশি পাকিস্তান গোটা দেশে অশান্তি ছড়াতে তৎপর রয়েছে। কিন্তু সরকার স্থায়ী সমাধান নিয়ে আসার প্রশ্নে বদ্ধপরিকর।’’ সরকারি সূত্রের মতে, অশান্ত কাশ্মীরকে বাগে আনতে খতম লাইনই একমাত্র রাস্তা বলে মনে করছেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। সেনার এই অবস্থান নতুন নয়। ইউপিএ আমলেও সেনা এই নীতিতে বিশ্বাস করত। ইতিমধ্যেই হিজবুল মুজাহিদিনের দুই নেতাকে খতম করেছে বাহিনী।

বাবরিকাণ্ডে আজ আদালতে চার্জগঠন- দৈনিক আজকাল

লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে আজ হাজিরা লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশী এবং উমা ভারতীর। হাজিরা দেবেন বিজেপির মোট ১২ জন নেতা। বাবরি মসজিদকাণ্ডে তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জগঠন করা হবে। বিজেপি নেতা বিনয় কাটিয়ার, বিশ্ব হিন্দু পরিষদের বিষ্ণু হরি ডালমিয়া এবং সাধ্বী ঋতাম্বরাকেও আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এসকে যাদব। কোনওরকম অজুহাত দেখিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে বর্তমানে দু’‌টি মামলার শুনানি চলছে আদালতে। দ্বিতীয় মামলাটিতে মহন্ত নৃত্যগোপাল দাস, মহন্ত রামবিলাস বেদান্তি, বৈকুণ্ঠলাল শর্মা ওরফে প্রেম জি, চম্পত রাই বনশন, মহন্ত ধর্ম দাস এবং সতীশ প্রধানের বিরুদ্ধে চার্জগঠন করা হবে। গত ১৯ এপ্রিল মামলার শুনানিত আদবানি, জোশী, এবং উমা ভারতীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের  মামলা চালানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলাটিকে রায়বরেলি থেকে সরিয়ে লখনউয়ের বিশেষে সিবিআই আদালতে নিয়ে আসা হয়েছে। সেখানে ২ বছরের মধ্যে মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

দিল্লি বোর্ডের পরীক্ষায়ও পশ্চিমবঙ্গের জয়জয়কার- দৈনিক বর্তমান

আইসিএসই এবং আইএসসি’র পরীক্ষায় তাক লাগানো ফল করল রাজ্য। আইএসসি’তে যেমন প্রথম তিনটি স্থানে চারজন রয়েছেন কলকাতা থেকেই। তেমনই আইসিএসই’তে দেশে দ্বিতীয় স্থান পেয়েছে রাজ্যের ছাত্রী দেবশ্রী পাল। সে অবশ্য রাজ্যে প্রথম। দ্বাদশের পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের অনন্যা মাইতি। তিনি ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়েছেন। ৪০০’তে তাঁর প্রাপ্ত নম্বর ৩৯৮। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন সেন্ট জেভিয়ার্সের তিন ছাত্র। সোমবার কাউন্সিলের নয়ডার অফিসে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন সিইও জেরি অ্যারাথুন।

রবিবার সিবিএসই’র দ্বাদশের ফলাফলে কলা শাখার ছাত্রী ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়ে সেরা হয়েছিলেন। সেই একই শাখায় নজির গড়ে দেশে সেরা হলেন অনন্যা। সাইকোলজি, রাষ্ট্র বিজ্ঞান এবং ইলেক্টিভ ইংরেজি’তে ১০০তে ১০০ পেয়েছেন তিনি। সাইকোলজি নিয়েই আগামীদিনে পড়াশুনা করতে চান অনন্যা। তাঁর পাশাপাশি হেরিটেজ স্কুল থেকে আইসিএসই’তে রাজ্যে দ্বিতীয় স্থান পেয়েছে অরাত্রিকা পাল। সে ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০