শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ- দৈনিক নয়াদিগন্ত
- জিনিসপত্রের দাম বৃদ্ধিতে এরশাদের অসন্তোষ- দৈনিক যুগান্তর
- পাহাড়ধসে সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঈদ- দৈনিক সমকাল
- যশোরে টেলিভিশন মাথায় পড়ে শিশুর মৃত্যু- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- হোয়াইট হাউসের ২০ বছরের ঈদ প্রথা ভাঙলেন ট্রাম্প- দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- সার্জিকাল স্ট্রাইকে ক্ষমতা টের পেয়েছে বিশ্ব: মোদি- দৈনিক বর্তমান
- রাম চরিত্রের ‘দূষণ’ মুছে নবরামায়ণ লিখবে সঙ্ঘ- দৈনিক আজকাল
- বিদ্যুৎহীন গ্রাম, ইদের আনন্দ মাটি, অবরোধ মহিলাদের- দৈনিক আনন্দবাজার
- সিকিম সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ- দৈনিক নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এ বছর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, প্রত্যেকে সচেতন হওয়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে তাদের আন্তরিক প্রচেষ্টা চালানোর কারণে এটি সম্ভব হয়েছে।
তিনি তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষ, দলীয় নেতা-কর্মী এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, এ বছর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের সকল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এক মাস রোজা শেষে ঈদ প্রতিটি পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে এনেছে।
জিনিসপত্রের দাম বৃদ্ধিতে এরশাদের অসন্তোষ- দৈনিক যুগান্তর

দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। তবে চূড়ান্ত বাজেট পাস হবার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদী বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ।
সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় দু’নেতা তাদের এসব মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে এরশাদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। এই ঈদ দেশের জনগণের জন্য উন্নতি, সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই কামনা করি। এসময় এরশাদ বলেন, একটি বিষয় হচ্ছে, ঈদে জিনিসপত্রের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে ঈদের পর থেকে কাজ শুরু হবে জানিয়ে এরশাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঈদের পর আমাদের দলীয় কর্মসূচি রয়েছে। আমরা জেলায় জেলায় যাব, বিভাগীয় শহরে যাব। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থিতা দেয়া। ঈদের পর নতুন উদ্যমে কাজ শুরু হবে।
পাহাড়ধসে সব হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঈদ- দৈনিক সমকাল

এবার অন্যরকম এক ঈদ করলেন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার পর বিভিন্ন কেন্দ্রে আশ্রিতরা। সোমবার প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এতে খুশি আশ্রিতরা।
সকালে রাঙামাটি সরকারি কলেজে আশ্রিতদের সঙ্গে ঈদের সুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা। তারা সেখানে আশ্রিত লোকজনদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন।
খাবার হিসেবে দেওয়া হয় মাংস পোলাও ও নানা ফলমূল। এর আগে রোববার আশ্রয় শিবিরে থাকা লোকজনকে নতুন জামা কাপড় দেওয়া হয়।
এছাড়া অন্যান্য আশ্রয় কেন্দ্রে সামরিক-বেসামরিক কর্মকর্তারা আশ্রিতদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।আশ্রয় কেন্দ্রের লোকজন জানান, ঈদের দিনে খাবার ও জামা কাপড় পেয়ে তাদের ভালো লাগছে। তবে নিজের বাড়িতে ঈদ করতে পারলে আরো ভাল লাগতো।
হোয়াইট হাউসের ২০ বছরের ঈদ প্রথা ভাঙলেন ট্রাম্প- দৈনিক যুগান্তর

ঈদ উপলক্ষে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন না করে প্রায় ২০ বছরের রীতি ভেঙেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সময় থেকে প্রতি বছরই এই ডিনারের আয়োজন করা হচ্ছিল।
এবারও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নৈশভোজে আয়োজনের সুপারিশ করে। তবে ট্রাম্পের সম্মতিতে তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।২৫ জুন যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
জানা যায়, ঈদ উপলক্ষে হোয়াইট হাউসে প্রথম নৈশভোজের আয়োজন করা হয় ১৮০৫ সালে। প্রেসিডেন্ট টমাস জেফারসনের সময়, একজন তিউনিসিয়ান রাষ্ট্রদূতের সম্মানে।পরে মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এই প্রথা পুনরুজ্জীবিত করেন ১৯৯৬ সালে। ১৯৯৯ সাল থেকে এটা হোয়াইট হাউসের নিয়মিত অনুষ্ঠানে পরিণত হয় - যাতে মার্কিন মুসলিম সমাজের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং আইনপ্রণেতারা যোগ দিতেন।
যশোরে টেলিভিশন মাথায় পড়ে শিশুর মৃত্যু- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

যশোর জেলা শহরের ওয়াপদা কারবালা এলাকায় টেলিভিশন মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির নাম নুসরাত খাতুন (৫)। সে ওয়াপদা কারবালা এলাকার আজিজুর রহমানের মেয়ে।
নুসরাতের মামা লিটন হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় নুসরাত ও তার বোন ইসরাত ঘরের ভেতর খেলা করছিল। একপর্যায়ে নুসরাত টেলিভিশনের ট্রলি ধরে টান দেয়। এতে ট্রলির ওপর রাখা টেলিভিশন নুসরাতের মাথার ওপর এসে পড়ে।
গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
সার্জিকাল স্ট্রাইকে ক্ষমতা টের পেয়েছে বিশ্ব: মোদি- দৈনিক বর্তমান

ধৈর্যের সীমা অতিক্রম করলে ভারত পালটা কী করতে পারে, তা সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমেই বিশ্বকে টের পাইয়ে দেওয়া গিয়েছে। ওয়াশিংটনের মাটিতে দাঁড়িয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার করার ক্ষমতা যে ভারতের রয়েছে এবং প্রয়োজনে দেশের সুরক্ষা নিশ্চিত করা যে সম্ভব, তা সার্জিকাল স্ট্রাইকই প্রমাণ করে দিয়েছে।
ভার্জিনিয়ার এক অনুষ্ঠানে ৫০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন এভাবেই দেশের সামরিক বাহিনীর ক্ষমতার বার্তা দিচ্ছেন, তখন প্রবল করতালি দিয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রমুগ্ধ অনাবাসী ভারতীয়রা। মার্কিন সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ভারতীয়দের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই সন্ত্রাসবাদের বিপদ নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসকে সমূলে উৎপাটিত করার প্রয়োজনীয়তা বিশ্বকে সফলভাবে বোঝাতে পেরেছে ভারত। সেই কারণেই পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের ক্যাম্প গুঁড়িয়ে দিতে যখন সার্জিকাল স্ট্রাইক করা হল, তখন একটি দেশও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেনি।
রাম চরিত্রের ‘দূষণ’ মুছে নবরামায়ণ লিখবে সঙ্ঘ- দৈনিক আজকাল

নতুন করে রামায়ণ রচনা করতে চাইছে আরএসএস। সেই উদ্দেশ্যে জুলাইয়ের শেষেই বিশ্বের তাবৎ রামায়ণ বিশেষজ্ঞকে নিয়ে এক সম্মেলনের আয়োজন করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সম্মেলন অনুষ্ঠিত হবে আদিত্যনাথের খাসতালুক গোরখপুরে। তবে সরকারি নিয়মকানুনের গেরোয় ওই সম্মেলনের আয়োজক হিসেবে তাঁর নাম থাকবে না। বদলে সম্মেলনের আয়োজক হিসেবে নাম থাকবে অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন যোজনা এক সংগঠনের। এটি সঙ্ঘ পরিবারের এক শাখা সংগঠন।
জানা গেছে ওই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা রামায়ণের কোন কোন অংশ মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ রামের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তা তুলে ধরবেন। তারপর সর্বজনগ্রাহ্য মতানুযায়ী নতুন করে লেখা হবে ওই সমস্ত অংশ। প্রকাশ করা হবে নতুন রামায়ণ। সেই সঙ্গে রামায়ণের সমস্ত প্রকাশকের কাছে অনুরোধ করা হবে বাজার থেকে ওই মহাকাব্যের পুরনো সমস্ত সংস্করণ তুলে নিয়ে, সঠিক তথ্য সংবলিত রামায়ণ প্রকাশ করতে।
বিদ্যুৎহীন গ্রাম, ইদের আনন্দ মাটি, অবরোধ মহিলাদের- দৈনিক আনন্দবাজার

গত চারদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। ফলে রথযাত্রা ও ইদের আনন্দ মাটি। বিদ্যুৎ না থাকার ফলে যেমন গরমে প্রাণ ওষ্ঠাগত, সন্ধে নামতেই চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে, তেমনি এই গরমে লাগাতার পানীয় জলের সংকট দেখা দিয়েছে। শেষমেষ আর সহ্য করতে না পেরে ইদের দিন সাত সকালেই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়লেন বাড়ির মহিলারা। একেবারে বর্ধমান-কাটোয়া রোডে বসে পড়ে পথ অবরোধ শুরু করলেন তাঁরা।
বর্ধমানের বিজয়রাম, মাঠপাড়া, হরিনারায়নপুর ও কুঁড়েপাড়ায় প্রায় সাত থেকে আটশো পরিবার গত চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। রবিবার রথযাত্রার অনুষ্ঠানে চরম বিদ্যুতের প্রভাব পড়েছে। বিদ্যুৎ না থাকায় যেমন গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থায় থাকতে হয়েছে, তেমনি জলেরও চরম অভাবে উৎসব অনেকটাই মলিন হয়ে গেছে। পাশপাশি একইভাবে গরমে নাজেহাল হয়ে তীব্র জল সংকটে অসুবিধার মধ্যে পড়েছেন মুসলিম পরিবারগুলিও। সোমবার ইদের দিনেও তাঁদের নিস্তার মিলল না। পরিস্থিতি দেখেতে আসা তিন বিদ্যুৎ কর্মী-সহ দফতরের গাড়ি আটকে দেন স্থানীয় মানুষজন।
সিকিম সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা- দৈনিক সংবাদ প্রতিদিন

ফের দেশের সীমান্তে অনুপ্রবেশ করার চেষ্টা চিনের। সিকিম সীমান্ত দিয়ে চিনা সেনার অনুপ্রবেশ ও ভারতীয় সেনার সঙ্গে তাদের রীতিমতো হাতাহাতির ছবি ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় সেনার দু’টি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। গত ১০ দিন ধরে সিকিমের দোকা লা জেনারেল অঞ্চলে মুখোমুখি সংঘর্ষ চলছে। পিটিআই জানাচ্ছে, গত সপ্তাহে নাথু লা পাসের মধ্যে দিয়ে তিব্বতের কৈলাশ মানস সরোবরের পথে যাওয়া ভারতীয় তীর্থযাত্রীদের ৪৭ জনের একটি দলকেও আটকায় চিনা সৈনিকরা। ১৯শে জুন এই তীর্থযাত্রীদের পৌঁছনোর কথা থাকলেও, তা সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার কারণেও আটকে থাকতে হয় তাঁদের।
ভারতীয় সীমানার এই দোকা লা জেনারেল অঞ্চলে যাতে চিনা জওয়ানরা কোনওভাবেই প্রবেশ করতে না পারে, তার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন দেশের জওয়ানরা। সিকিম, ভুটান ও তিব্বতের মধ্যবর্তী এই এলাকা। মূলত যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলে পরিচিত। সেখানে মানববন্ধন গড়ে রক্ষণের ব্যবস্থা করা হয়েছে ভারতের তরফে। সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭