অক্টোবর ১৭, ২০১৭ ১৩:১৬ Asia/Dhaka
  • খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রোহিঙ্গা ও তিস্তা ইস্যুতে কথা বলতে সুষমা স্বরাজ আসছেন রবিবার-দৈনিক ইত্তেফাক
  • সিইসিকে সরাতে ‘কাদেরীয়’ তত্ত্ব!-দৈনিক প্রথম আলো
  • ঢাকা ওয়াসা-বেতনের চার গুণ ওভারটাইম-দৈনিক প্রথম আলো
  • সুষ্ঠু নির্বাচনে প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী: রিজভী আহমেদ-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • সাংবিধানিক পদে বসে রাজনীতি চর্চা করবেন না -সিইসিকে তথ্যমন্ত্রী-দৈনিক ইনকিলাব
  • কিশোরের আত্মহত্যা, সন্দেহের তীর ব্লু হোয়েলের দিকে-বাংলাদেশ প্রতিদিন
  • ৮০০ কোটি টাকার প্রকল্প নিয়ে নানা প্রশ্ন-দৈনিক মানবজমিন
  • উত্তরাঞ্চলে আমনচাষিদের স্বপ্ন ঝলসে যাচ্ছে : পাশে নেই কৃষি বিভাগ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রধানমন্ত্রীর দপ্তরে আগুন, ছড়াল আতঙ্ক-দৈনিক আনন্দবাজার
  • হিংসায় অভিযুক্ত হানিপ্রীত ঘনিষ্ঠ গ্রেপ্তার -দৈনিক আজকাল
  • দেশের নামও বদলে দিতে পারে বিজেপি, আশঙ্কা মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সুষ্ঠু নির্বাচনে প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী: রিজভী আহমেদ-দৈনিক যুগান্তর

রুহুল কবির রিজভী

সুষ্ঠু নির্বাচনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি জারির প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারসহ ১১ প্রস্তাব চূড়ান্ত-দৈনিক যুগান্তর অনলাইন

আওয়ামী লীগ

নির্বাচন কমিশনের সংলাপে উপস্থাপনের জন্য ১১ দফা প্রস্তাব চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে কত সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে এবং কে কে প্রতিনিধি দলে থাকবেন তাও চূড়ান্ত করে ইসিতে পাঠানো হয়েছে। প্রতিনিধি দল হবে ২১ সদস্যের। আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রস্তাবে সংবিধানসম্মত পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে এটা থাকছে মূল দাবি। সেখানে স্পষ্ট বলা থাকবে, অন্তর্বর্তী সরকার তার রুটিন ওয়ার্ক করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের প্রশ্নে কোনো আপস করা হবে না। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনে সেনা মোতায়েন, আরপিও সংশোধনসহ নির্বাচন সংক্রান্ত ১১টি দফা থাকছে এতে। তবে, কয়েকটি দফায় উপ-দফাও রাখা হয়েছে। এছাড়া সংলাপে গিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যের জবাব এবং সিইসির ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন’ বক্তব্যের বিষয়েও নিজেদের বক্তব্য তুলে ধরবে ক্ষমতাসীন দল।

সূত্র জানায়, নির্বাচনে সেনা মোতায়েন প্রশ্নে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ইসি এবং প্রশাসনের ওপর ছেড়ে দেবে আওয়ামী লীগ। তবে সেনা মোতায়েন হলেও কোনো অবস্থায়ই তাদের বিচারিক ক্ষমতা না দেয়া এবং নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে না রাখতে জোর দাবি জানানো হবে প্রস্তাবে।

খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিনই এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যুক্তরাজ্য ছাড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। সম্প্রতি চার দিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সাংবিধানিক পদে বসে রাজনীতি চর্চা করবেন না -সিইসিকে তথ্যমন্ত্রী-দৈনিক ইনকিলাব

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রধান নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক পদে বসে ইতিহাস ও রাজনীতি চর্চা না করতে কে এম নুরুল হুদার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।মঙ্গলবার বেলা ১২টার দিকে সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নয়, সামরিকতন্ত্রের প্রবক্তা। সাংবিধানিক পদে বসে কোনো ব্যক্তি ইতিহাস ও রাজনীতি চর্চা করলে পদ বিতর্কিত হয় এবং ব্যক্তির নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সিইসির মতো সাংবিধানিক পদে বসে ইতিহাস ও রাজনীতি চর্চা না করার আহ্বান জানান।

এ বা রে র ব ন্যা-কেমন আছে তারা বন্যার পর?-প্রথম আলো

বাংলাদেশের বন্যা-বিশেষজ্ঞদের মতে, ২০১৭ সালের বন্যা ছিল বিরলতম বন্যা।শেষ মার্চে হাওর দিয়ে শুরু, হতবাক করে দেওয়া সে বন্যায় ‘নিদান’ শুরু হয় সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত। হাওরের এমন ফসলহানি ঘটেনি আগে কখনো। বন্যার অনেক আগেই ফসলহানির কোনো আভাস ছাড়াই জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান এফএও সরকারের খাদ্য বিভাগকে সঙ্গে নিয়ে এক যৌথ গবেষণায় সুনামগঞ্জকে মারাত্মক খাদ্যঘাটতির জেলা ঘোষণা করেছিল। বন্যা ছাড়া যে জেলা ছিল লাল রঙের বন্ধনীতে, বন্যার নিষ্ঠুরতায় তার অবস্থা এখন কী? কে রাখে সে হিসাব? হাওরের মানুষের হাঁসফাঁস অবস্থার আর কোনো হালনাগাদ নেই।বন্যার পর সরকার যেসব প্যাকেজ ঘোষণা করেছিল, তার গতি ও অবস্থানের কোনো চালচিত্র কারও কাছে আছে কি? একটা বেসরকারি সংস্থা তাদের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ত্রাণ দিতে গিয়ে প্রায় ৪০ শতাংশ মানুষকে আর খুঁজেই পায়নি। এটা গড় হিসাব, কোথাও কম, কোথাও বেশি। তাহলে তারা গেল কোথায়? কোন রাক্ষসের পেটে পাচার হলো তারা? হাওরে তো হাঙর নেই? ক্ষুধার হাঙর তাদের হাপিস করে দিয়েছে কি? এবারের বন্যা অনেক ভুগিয়েছে, ভোগান্তির এখনো অবসান হয়নি। আরেক ফসল না ওঠা পর্যন্ত এ ভোগান্তি থাকবে। তবে বাঁধ উপচে বন্যা হয়নি এবার, বাঁধ ভেঙে বন্যা হয়েছে। বাঁধ টিকল না কেন? যাদের জন্য বাঁধের এই বেহাল, তাদের বিচার কি ক্ষতিগ্রস্ত মানুষেরা দেখে যেতে পারবে? বন্যা ব্যবস্থাপনার এটাও একটা অংশ। ন্যায়বিচার, জবাবদিহি, আইনের শাসন ছাড়া ন্যায্য বন্যা ব্যবস্থাপনা সম্ভব কি?

সিইসিকে সরাতে ‘কাদেরীয়’ তত্ত্ব!-দৈনিক প্রথম আলো

গতকাল সোমবার কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান ‘বঙ্গবীর’ আবদুল কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টা কথা বলে বাইরে এসে সাংবাদিকদের জানালেন, তাঁরা সংলাপ বর্জন করেছেন। সংলাপ বর্জনের কথা বলতে আড়াই ঘণ্টা সময় লাগার কথা নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী সংলাপে অংশ নিয়ে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, ১৫ দিন আগে সেনা মোতায়েন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে পরপর দুবারের বেশি নির্বাচিত না হওয়ার কথা আছে। এর পক্ষে হয়তো যুক্তিও আছে। কিন্তু প্রার্থীর আয়কর রিটার্ন জমা না দেওয়া কিংবা ফৌজদারির মামলার বিবরণ না দেওয়ার দাবির পক্ষে কী যুক্তি থাকতে পারে? উচ্চ আদালতের রায়েই নির্বাচন কমিশন এই বিধান চালু করেছেন।

কাদের সিদ্দিকীর এসব দাবি দাওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়নি; নেওয়ার কথাও নয়। তাঁরা সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তে আসবেন। তাহলে কাদের সিদ্দিকী যে ঘোষণা দিলেন, তাঁরা সংলাপ বর্জন করেছেন, তার মাজেজা কী? একই সঙ্গে জনতা লীগ–প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন।

সীমান্তে রোহিঙ্গা স্রোত, ড্রোন ভিডিও প্রকাশ-বাংলাদেশ প্রতিদিন

মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর নৃশংসতা, হত্যাযজ্ঞ, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গারা। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি-ঘর। সহায়-সম্বলহীন রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমান্তে। এ পর্যন্ত ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সোমবার ইউএনএইচসিআরের ড্রোন ভিডিওতে তুলে ধরা হয়েছে রোহিঙ্গাদের স্রোতের মতো বাংলাদেশে প্রবেশের চিত্র।

নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব ও রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকার গঠিত কমিশনের প্রধান কফি আনান বাংলাদেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এখন পর্যন্ত সঙ্কট অব্যাহত থাকার প্রকৃত কারণ অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা ওয়াসা-বেতনের চার গুণ ওভারটাইম-দৈনিক প্রথম আলো

সেগুনবাগিচায় ওয়াসার পাম্প অপারেটর আজিজুল হকের মূল বেতন ১৭ হাজার ৯৬০ টাকা। গত আগস্টে তিনি আগের বছরের ডিসেম্বর মাসের ওভারটাইম (বাড়তি সময় দায়িত্ব পালন) বিল তুলেছেন ৬৯ হাজার ৩৫২ টাকা, যা তাঁর বেতনের প্রায় সাড়ে চার গুণ!

আজিজুল হক কোনো ব্যতিক্রম নন। ঢাকা ওয়াসার সাড়ে তিন হাজার কর্মীর প্রায় সবাই এ রকম অস্বাভাবিক ওভারটাইম তুলছেন প্রতি মাসে। বেশির ভাগেরই ওভারটাইম বিলের পরিমাণ তাঁদের মাসিক বেতনের চেয়ে বেশি। কারও কারও ক্ষেত্রে সেটা দুই থেকে চার গুণ পর্যন্ত।

আজিজুল হকের ওভারটাইমের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে, ডিসেম্বর মাসে তিনি ৩৩৫ ঘণ্টা ওভারটাইম করেছেন। অর্থাৎ প্রতিদিন তিনি ১১ ঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এতে তাঁর মোট কর্মঘণ্টা দাঁড়ানোর কথা ১৯ ঘণ্টা। দৈনিক ১৯ ঘণ্টা কাজ করা কীভাবে সম্ভব, জানতে চাইলে ঢাকা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রথম আলোকে বলেন, তিনি অতিরিক্ত যে কাজ করেছেন, ওভারটাইম সে অনুযায়ীই হয়েছে। এখানে ভুয়া কিছু নেই।

ডিসেম্বর মাসের ওভারটাইমের হিসাব ঘেঁটে দেখা যায়, পাম্প অপারেটর দেলোয়ার হোসেন ৬৬ হাজার ৩১ টাকা, জাকির হোসেন ৫৮ হাজার ৩৮৪ টাকা, আবদুল হাকিম ৫৬ হাজার টাকা, সিদ্দিকুর রহমান ৬৯ হাজার ৩৫২ এবং গোলাম মোস্তফা মিয়া ৫৮ হাজার ৩৮৪ টাকা ওভারটাইম বিল তুলেছেন। তাঁদের সবাই বলেছেন, তাঁদের বিলে কোনো ফাঁকি নেই, বাড়তি কাজ করে বিল নিয়েছেন।

দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসা আর্থিক সংকটে থাকলেও কর্মচারীদের ওভারটাইম দেওয়ার বিষয়ে কোনো কার্পণ্য দেখা যায়নি। এমনকি কোনো কর্মচারী যথেচ্ছ ওভারটাইম তৈরি করে দাখিল করেছেন কি না, তা যাচাই-বাছাই করার প্রমাণও পাওয়া যায় না।

৮০০ কোটি টাকার প্রকল্প নিয়ে নানা প্রশ্ন-দৈনিক মানবজমিন

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে ঢাকঢোল পিটিয়ে চালু হয় সৃজনশীল শিক্ষা পদ্ধতি। আট বছর পেরিয়ে  গেলেও অর্ধেকের বেশি শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এ পদ্ধতি এখনো অধরা। প্রায় ৬০ ভাগ শিক্ষার্থী এ পদ্ধতি বুঝে উঠতে পারেনি। বাধ্য হয়ে কোচিং ও গাইড বই অনুসরণ করছে। আর অর্ধেক শিক্ষক সৃজনশীল না বুঝেই শ্রেণিকক্ষে পাঠদান করাচ্ছেন। সরাসরি গাইড বই থেকে পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে। ৮ বছর আগে সৃজনশীল পাঠদানের মানোন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। তাতেও ফল মেলেনি। সম্প্রতি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিয়ানমারের অনুরোধে খবর গোপন করেছিল জাতিসংঘ-দৈনিক মানবজমিন

রাখাইনের কমপক্ষে আশি হাজার শিশু ভয়াবহ খাদ্য সঙ্কটে ভুগছে এমন তথ্য উঠে আসে গত জুলাইয়ে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)  এর একটি রিপোর্টে। কিন্তু পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুরোধে সেই রিপোর্ট প্রত্যাহার করে নেয় ডাব্লিউএফপি।  অনুসন্ধানে এমনটি জানতে পেরেছে বৃটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। অফিশিয়াল ওয়েবসাইট থেকে এ রিপোর্টটি প্রত্যাহার করে নেয়ার কারণ জানতে চাইলে ডাব্লিউএফপি জানায়, মিয়ানমার সরকারের অনুরোধে তারা এমনটি করেছে।

উত্তরাঞ্চলে আমনচাষিদের স্বপ্ন ঝলসে যাচ্ছে : পাশে নেই কৃষি বিভাগ-দৈনিক নয়া দিগন্ত

দুই দফা বন্যার ধকলই এখনো যায়নি রংপুর অঞ্চলের কৃষকদের। তার ওপর এখন বিস্তীর্ণ আমনের মাঠে পাতা মোড়ানো পোকা আর ব্যাকটেরিয়ার নির্দয় আক্রমণ। চোখের সামনে বাড়ন্ত সবুজ আমনের গাছ মরে যাওয়ার দৃশ্য দেখে হতাশ কৃষক। বিবর্ণ হয়ে যাচ্ছে সবুজ ধানের ডগা। ডগা পরিণত হচ্ছে বিদ্যুৎ পোড় খাওয়ার মতো ঝলসানো খড়ে। রোগ বালাইয়ের বেপরোয়া আক্রমণে চাষিদের আতঙ্ক বাড়ছেই। তারা উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে। কিন্তু তাদের পাশে নেই কৃষি বিভাগ।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

‘শুধু তাজ কেন? সংসদ, রাষ্ট্রপতি ভবন সবই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক’-দৈনিক আনন্দবাজার

এ বার সংসদ ভবনকে ‘দাসত্বের প্রতীক’ বললেন এক বিধায়ক। এমনকী রাষ্ট্রপতি ভবনকেও। আর তাই সেগুলিকে ভেঙে গুঁড়িয়েও দেওয়ার পরামর্শ দিলেন তিনি।

তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কালো দাগ’ বলে রবিবার বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা বিধায়ক সঙ্গীত সোম। বলেছিলেন, তাজমহল বানিয়েছিলেন এক ‘বিশ্বাসঘাতক’। এ বার সমাজবাদী পার্টি (সপা)-র বিধায়ক আজম খান আরও কয়েক ধাপ এগিয়ে মঙ্গলবার বলেছেন, ‘‘শুধুই তাজমহল কেন? কেন ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে না সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, লালকেল্লাও? এগুলির সবই তো গোলামির চিহ্ন বহন করে চলেছে। দাসত্বের প্রতীক। আরএসএস বলে এগুলি বিশ্বাসঘাতকদের বানানো। তা-ই যদি হয়, তা হলে সেগুলিকেও তো ভেঙে ফেলা উচিত।’’

ভারতীয়দের রক্ত আর ঘামেই তৈরি হয়েছে তাজমহল’‌-আজকাল

কে, কোন উদ্দেশ্যে তাজমহল বানালো তা বড় কথা নয়। ভারতীয় শ্রমিকদের রক্ত আর ঘামেই তৈরি হয়েছে এই সৌধ। মন্তব্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ২৬ অক্টোবর তিনি তাজমহল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন। সঙ্ঘ পরিবার বরাবরই তাজমহল ঘিরে বাড়াবাড়ি নিয়ে আপত্তির কথা জানিয়ে এসেছে। খোদ যোগী আদিত্যনাথ জুন মাসে বিহারে গিয়ে বলেছিলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে সোমবার বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের মন্তব্য। শ্রদ্ধানার কেন্দ্রের দু’‌বারের বিধায়ক সঙ্গীত বলেন, ‘‌তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। দাসত্বের প্রতীক এবং বিশ্বাসঘাতকরা এই সৌধ বানিয়েছে।’‌ তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়।

দেশের নামও বদলে দিতে পারে বিজেপি, আশঙ্কা মমতার-সংবাদ প্রতিদিন

তাজমহল বিতর্কে এবার নয়া মাত্রা যোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজমহল নিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোমের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বক্তব্য, বিজেপি যে কোনও দিন দেশের নামও পালটে দিতে পারে। সেদিন বোধহয় খুব বেশি দূরেও নেই।

সৌজন্যের রাজনীতি, অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর বাড়িতে মমতা- দৈনিক সংবাদ প্রতিদিন

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যেবেলায় অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। মিনিট দশেক সেখানে ছিলেন তিনি।

রাজ্যে পালাবদলের পর ছয় বছর কেটে গিয়েছে। তবে এখনও বুদ্ধদেব ভট্টাচার্য জমানায় সিঙ্গুরে জমিগ্রহণের প্রতিবাদে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন অনেকেই স্মৃতিতেই টাটকা। সিঙ্গুর কৃষক জমি ফেরতের দাবিতে ২৬ দিন অনশন করেছিলেন মমতা। এই আন্দোলনকে ঘিরে মুখ্যমন্ত্রী ও বিরোধী নেত্রীর তিক্ততা এমন জায়গায় পৌঁছেছিল, যে শেষপর্যন্ত শাসক ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আসরে নামতে হয়েছিল তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে। তবে সেসব এখন অতীত। রাজনীতি উর্ধ্বে উঠে সৌজন্যেরই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এলেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭