জানুয়ারি ৩০, ২০১৮ ১৩:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • এমপিদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন: তোফায়েল-দৈনিক ইত্তেফাক
  • ‘মাইনাস ওয়ান' ষড়যন্ত্র করছে সরকার: মোশাররফ-দৈনিক যুগান্তর
  • খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন: আছাদুজ্জামান-দৈনিক প্রথম আলো
  • গুপ্তচরবৃত্তি অপরাধ, সাংবাদিকতার সঙ্গে এর সম্পৃক্ততা নেই’-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার সাজা হওয়ার ভয়ে বিএনপি গঠনতন্ত্র পরিবর্তন করেছে : ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
  • খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড চাইল দুদক-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নোটবন্দির মতো ‘বৈপ্লবিক' পদক্ষেপ দরকার নেই-সুব্রমণ্যান-দৈনিক আনন্দবাজার
  • শিখ-বিরোধী দাঙ্গায় মদত রাজীব গান্ধীর, বিস্ফোরক অভিযোগ অকালি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারতে আটমাসের শিশুকে ধর্ষণ, সমালোচনার ঝড়-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচনী প্রচারণা শুরু করতে পূন্যভুমি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি  ৩ ওলির মাজার জিয়ারত করেছেন। খবরটি দৈনিক যুগান্তরসহ প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে।

অবৈধভাবে অর্থ সংগ্রহ করেন খালেদা: দুদক আইনজীবী-দৈনিক প্রথম আলো

দুর্নীতি দমন কমিশন বা দুদক

প্রধানমন্ত্রীর পদ একটি প্রতিষ্ঠান। তাঁর কাজ নির্ধারিত থাকে। প্রধানমন্ত্রীর পদ গোপন করে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া নামসর্বস্ব জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। কিন্তু অবৈধভাবে অর্থ সংগ্রহ করে ট্রাস্টের কল্যাণে সরষে পরিমাণ কাজও করেননি।’জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতকে এসব কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। দুদক- খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড চেয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন

যুগান্তরের খবরে লেখা হয়েছে, সরকার মাইনাস ওয়ানের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।

দৈনিক ইনকিলাবের একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার সাজা হওয়ার ভয়ে বিএনপি গঠনতন্ত্র পরিবর্তন করেছে ।

খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন: আছাদুজ্জামান-দৈনিক প্রথম আলো

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ২০১৪-১৫ সালের সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।

মঙ্গলবার বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অমর একুশে বইমেলায় সাম্প্রদায়িক উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কোনো বইয়ের জন্য সংশ্লিষ্ট লেখক-প্রকাশকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমপিদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন: তোফায়েল-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

সংসদ সদস্যদের বিরুদ্ধে গণমাধ্যমে রিপোর্ট বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) গণমাধ্যমে যেভাবে বিভিন্ন সংসদ সদস্যের বিরুদ্ধে রিপোর্ট করেন, তাতে তাদের মান-ইজ্জত থাকে না। তাদের সম্মান ক্ষুণ্ন হয়। তারা তো জনপ্রতিনিধি। তাই এগুলো ঠেকাতেই এ আইন করা হয়েছে।’

পরে এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘গণমাধ্যমে সংসদ সদস্যদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতে এ আইন করা হলেও আমার বিশ্বাস আপনাদের (সাংবাদিক) ঠেকানো যাবে না।’

তিনি আরো বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ চিন্তা-ভাবনা করেই করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এ আইন করা হয়েছে। আগের আইসিটি অ্যাক্টটি বিএনপির সময়ে করা ছিল। যেখানে অনেক বিষয় অস্পষ্ট ছিল। নতুন আইনে বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে।’

 প্রসঙ্গত, যেকোনো অনিয়ম-অসদাচরণ তুলে ধরতে সাংবাদিকরা তথ্য-উপাত্ত সংগ্রহে বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে থাকেন। ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’তে সংযোজিত ৩২ ধারা সাংবদিকদের সেই জায়গা সংকুচিত করে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সাংবাদিক নেতা, অনলাইন অ্যাকটিভিস্ট, আইনজীবীরা। তারা বলছেন, রাষ্ট্রীয় কোনও অনিয়ম তুলে ধরার জন্য এই আইনের ৩২ ধারা ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনার সুযোগ আছে। সেটি সাংবাদিকের কাজের জায়গা সংকুচিত করে তুলবে।

গুপ্তচরবৃত্তি অপরাধ, সাংবাদিকতার সঙ্গে এর সম্পৃক্ততা নেই’-আইনমন্ত্রী-দৈনিক মানবজমিন

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন গুপ্তচর একটি অপরাধ। এর সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। আজ মঙ্গলবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিফ্রিংয়ের সময় সচিবালয়ে এমন কথাই জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারায় যে অপপ্রয়োগ হয়েছে তা নতুন আইনে দূর হবে। এ ধারা বিলুপ্ত হওয়ায় সাংবাদিকদের শঙ্কাও দূর হবে। ডিজিটাল আইনে বাক-স্বাধীনতা ক্ষুন্ন হবে কিনা এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ডিজিটাল আইনে সাংবাদিকদের বাক-স্বাধীনতা ক্ষুন্ন হবে না। আর রুহুল কবির রিজভী অভিযোগ- মানুষের স্বাধীনতাকে হরণ করতেই ডিজিটাল আইন করা হয়েছে।

বিদেশি যাত্রীর ব্যাগে ড্রোন-দৈনিক প্রথম আলো

মার্কিন নাগরিকের কাছ থেকে ড্রোন আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিককে একটি ড্রোনসহ আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কি (২১)।

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে তাঁকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জব্দ করা ড্রোনটি নিয়ে ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজে করে বাংলাদেশে আসেন। তবে ড্রোন আনার কোনো ঘোষণাই তিনি দেননি। চার দিন অবস্থান করে ড্রোনটি নিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা ছাড়ছিলেন। মার্ক রুমামের চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে চীনের গুয়াংজু হয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে রুমামের ড্রোনটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

মইনুল খান বলেন, মার্ক রুমামের ড্রোনটিতে নয়টি ক্যামেরা রয়েছে। এই ড্রোন উড়িয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও করেছেন তিনি। ড্রোন আমদানি–নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়। এই ড্রোনের মেমোরি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

ভারতে আটমাসের শিশুকে ধর্ষণ, সমালোচনার ঝড়-দৈনিক আজকাল

শিশুর শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ

ভারতে আটমাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার চাচাতো ভাইকে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির শাকুরবস্তি এলাকায়। নির্যাতিতা শিশুটি বর্তমানে স্থানীয় কলাবতী সারন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশু নির্যাতন

বিষয়টি নিয়ে আবারো সরগরম ভারতের রাজপথ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা, প্রতিক্রিয়া। দিল্লি কমিশনের নারী প্রধান সোয়াতি মালিওয়াল হাসপাতালে পরিদর্শন করেছেন। সোয়াতি তার মন্তব্যে এটিকে ভয়াবহ অবস্থা বলে মন্তব্য করেছেন।

শিখ-বিরোধী দাঙ্গায় মদত রাজীব গান্ধীর, বিস্ফোরক অভিযোগ অকালি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী

শিখ-বিরোধী দাঙ্গায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এমনটাই বিস্ফোরক অভিযোগ অকালি দলনেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবির সিং বাদলের।

সোমবার ১৯৮৪-র কলঙ্কিত অধ্যায় ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা করেন ওই অকালি নেতা। শিখ-বিরোধী দাঙ্গার অন্যতম অভিযুক্ত জগদীশ টাইটলারের একটি মন্তব্যের রেশ ধরে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, টাইটলার নিজে জানিয়েছিলেন যে ওই নারকীয় হত্যাকাণ্ডের সময় তাঁর সঙ্গেই দিল্লি চষে বেরিয়েছেন রাজীব। ফলে শিখদের হত্যা করায় উসকানি দিয়েছিলেন ইন্দিরাপুত্র তা স্পষ্ট। একই সঙ্গে এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিও জানান তিনি।

নোটবন্দির মতো ‘বৈপ্লবিক' পদক্ষেপ দরকার নেই-সুব্রমণ্যান-দৈনিক আনন্দবাজার

অরবিন্দ সুবমণ্যান

ভালই ছুটছিল অর্থনীতির গাড়ি। তার ইঞ্জিন খারাপ করে, ফের চালু করার কৃতিত্ব নিতে চাইল নরেন্দ্র মোদী সরকার! আজ ২০১৭-’১৮ সালের যে আর্থিক সমীক্ষা সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, তাতে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে, নোটবন্দির ফলেই অর্থনীতির ইঞ্জিন বিগড়ে গিয়েছিল। তার উপরে তড়িঘড়ি জিএসটি চালু হওয়ায় আরও অনিশ্চয়তা তৈরি হয়। নোট বাতিলের ফলেই যে বৃদ্ধির হার কমেছে, সে ব্যাপারে কোনও রাখঢাক না করেই প্রধানমন্ত্রীর প্রতি মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণ্যান ‘উপদেশ’, নোটবন্দির মতো ‘বৈপ্লবিক’ পদক্ষেপ দরকার নেই। যে সব সংস্কারের কাজ শুরু হয়েছে, তা শেষ করাই যথেষ্ট।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০