ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ১৪:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • মাঘেই পানিশূন্য তিস্তা হুমকির মুখে সেচ প্রকল্প-দৈনিক নয়া দিগন্ত
  • বিএনপির ২ নেতাসহ শতাধিক কর্মী আটক-দৈনিক ইত্তেফাক
  • নৃশংসতার চর্চা বাস্তবে, ভার্চ্যুয়াল জগতে-দৈনিক প্রথম আলো
  • দলীয় স্বার্থে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে-রিজভী-দৈনিক মানবজমিন
  • স্বাধীনতাবিরোধীদের সুযোগ দিতেই বহুদলীয় গণতন্ত্র ফেরান জিয়া-দৈনিক যুগান্তর
  • যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম- খালেদা জিয়ার কথা সম্পূর্ণ অসত্য: আইনমন্ত্রী
  • প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার বাধ্যবাধকতা নেই -আইনমন্ত্রী-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • মোদী কেয়ারে ভরসা সেস, সব রাজ্য কি রাজি-দৈনিক আনন্দবাজার
  • সেনা ব্যারাকের ফুটপাত থেকে উদ্ধার প্রাক্তন অফিসারের দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গরুর আধারের জন্য ৫০ কোটি টাকা খরচ করছে মোদি সরকার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নিহত ছাত্র আদনান কবির

নৃশংসতার চর্চা বাস্তবে, ভার্চ্যুয়াল জগতে-দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম। মূল ঘটনাকে পয়েন্ট আকারে দেখলে চিত্রটি এমন-উত্তরায় সক্রিয় পাঁচটি গ্যাং। উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছিল ডিসকো বয়েজের ৩১ জন। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ৬ জানুয়ারি। আদনানের পরিবার এখন বাড়িছাড়া।  গ্রেপ্তার ২২ আসামির ১৫ জন জামিনে বেরিয়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অস্থির স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ছেলেকে হারানোর পর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কবীর হোসেন। ছেলে আদনান কবীর এক বছর আগে উত্তরায় সমবয়সী ও দু-এক ক্লাস ওপরে পড়া ছাত্রদের হাতে খুন হয়েছিল। খুনি চক্রের অব্যাহত হুমকির মুখে সপরিবারে কবীর হোসেন এখন উদ্বাস্তু। আদনানের অন্য দুই ভাইকে বাঁচাতে হলে মামলা তুলে নিতে হবে, আসামিরা আদনানদের বাসায় গিয়ে এই হুমকি দিলে এলাকা ছাড়েন কবীর হোসেন।আদনানের বাবা কবীর হোসেন ১৯৯২ সাল থেকে উত্তরার বাসিন্দা। জানা গেছে, শুধু আদনান কবীরের পরিবার নয়, এমন পরিস্থিতির শিকার হচ্ছে অন্যরাও।

স্বাধীনতাবিরোধীদের সুযোগ দিতেই বহুদলীয় গণতন্ত্র ফেরান জিয়া-শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণের শিরোনাম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাধীনতাবিরোধীদের সুযোগ করে দেয়ার জন্যই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক শিক্ষা সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র বলতে যদি যুদ্ধাপরাধী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয়, তা হলে আমার কিছু বলার নেই। শেখ হাসিনা বলেন, শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। আমরা তার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।

দলীয় স্বার্থে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে-রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সরকারের সমালোচনা করে পুলিশের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে পুলিশের চিন্তাভাবনা করা দরকার। জন-ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালে সুনাম নষ্টের পাশাপাশি প্রতিষ্ঠান ধসে যায়। তিনি বলেন, আপনাদের (পুলিশ) অনুরোধ করছি, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উপাসক হবেন না। আজ রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির ২ নেতাসহ শতাধিক কর্মী আটক-দৈনিক ইত্তেফাক

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির দুই নেতাসহ শতাধিক কর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা নেতাকর্মীদের আটক করতে হোটেলগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে এসব নেতাকর্মীদের আটক করা হয়। তবে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য দেয়া হয়নি।

এসএসসির দ্বিতীয় দিনেও প্রশ্নপত্র ফাঁস-প্রথম আলো

প্রশ্নপত্র ফাঁস

নানা উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। গতকাল শনিবারও এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মূল প্রশ্নের সঙ্গে মিলে যায়। যদিও পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফাঁসের বিষয়টি স্বীকার করেননি। তাঁরা বলছেন, বিষয়টির খোঁজ নিচ্ছেন। উচ্চপর্যায়ের কমিটি করার চিন্তাভাবনার কথা বলা হয়েছে এবং   জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কারের পরিকল্পনা নেয়া হয়েছে।

মাঘেই পানিশূন্য তিস্তা হুমকির মুখে সেচ প্রকল্প-দৈনিক নয়া দিগন্ত

তিস্তা পানি শূন্য

‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে’ এই লাইন দু’টি আমাদের দেশের ছোট ছোট নদীর েেত্র হলেও এখন খরস্রোতা তিস্তা নদীর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে বৈশাখ মাস নয়, তিস্তা এবার মাঘ মাসেই শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তাই হুমকির মুখে পড়েছে। বোরো চাষাবাদ এবং বিপাকে পড়েছে তিস্তা সেচপ্রকল্প কর্তৃপক্ষ।

প্রতি বছর বর্ষা মওসুমে তিস্তা নদী ফুলে ফেঁপে দু’কূল ভাসিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। তিস্তার করাল গ্রাসে ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা বিলীন হয়ে যায়। আবার শুষ্ক মওসুমে তিস্তা শুকিয়ে ধু ধু বালু চরে পরিণত হয়। আর তিস্তার এ অবস্থা প্রতি বছরেই হয়।

রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বয়ের চেষ্টা করব: প্রধান বিচারপতি-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগ—রাষ্ট্রের এ তিন অঙ্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে তিন অঙ্গের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হবে। তিন অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায়, সে জন্য আমি সব সময় চেষ্টা করব।’

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার বাধ্যবাধকতা নেই –আইনমন্ত্রী-দৈনিক ইনকিলাব

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লেকশোরে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে-এ কথায় আমার ঘোর আপত্তি রয়েছে। আপনারা বাংলাদেশের সংবিধান দেখলে বুঝতে পারবেন। সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। সেখানে কোথাও লেখা নেই যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার সিদ্ধান্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘নিম্নআদালত সরকারের কব্জায়’ বলে যে অভিযোগ করেছেন তাকে সম্পূর্ণ অসত্য বলে নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনের শাসন সূচকে বাংলাদেশের স্থান ১০২-দৈনিক যুগান্তর

২০১৮ সালের আইনের শাসন সূচকে বাংলাদেশ ১১৩

২০১৭-১৮ সালের আইনের শাসন সূচকে ১১৩ দেশের মধ্যে বাংলাদেশ ১০২তম স্থানে রয়েছে। সূচকে ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩।এবার এক ধাপ এগিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) এ সূচক প্রকাশ করেছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

মোদী কেয়ারে ভরসা সেস, সব রাজ্য কি রাজি-দৈনিক আনন্দবাজার

বাজেটে স্বাস্থ্যসেবায় মোদী কেয়ার

বাজেটে সাড়া জাগিয়ে ঘোষণার পরে স্বাস্থ্য বিমার খুঁটিনাটি শুক্রবার স্পষ্ট করল কেন্দ্র। জানাল, নিখরচায় চিকিৎসা মিলবে ‘মোদী কেয়ার’-এ। অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে যে ‘আয়ুষ্মান ভারত’ বা জাতীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের কথা ঘোষণা করেছেন, তাতে দেশের ১০ কোটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পুরো দায়ই নেবে সরকার। কেন্দ্র ৬০%। বাকি ৪০% দেওয়ার কথা রাজ্যগুলির।

নীতি আয়োগের কর্তাদের হিসেব, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার জন্য পরিবার প্রতি প্রিমিয়াম দাঁড়াবে ১,০০০-১,২০০ টাকা। বছরে মোট ১০-১২ হাজার কোটি। প্রকল্পটি কার্যকর করতে হবে রাজ্যগুলিকেই। আগামী সপ্তাহ থেকে রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করবে কেন্দ্র। তবে সব রাজ্যই এতে যোগ দেবে, এমন নিশ্চয়তা নেই। কারণ কেন্দ্রের অন্দরেই অনেকের মতে, যে সব রাজ্যে আগে থেকে স্বাস্থ্যবিমা চালু রয়েছে, তারা  বলতে পারে, তাদের প্রকল্প কেন্দ্রের থেকে ভাল।

কেন্দ্র এর টাকা জোগাবে কোথা থেকে? বাজেটে বরাদ্দ হয়েছে মাত্র ২ হাজার কোটি। নীতি আয়োগের সদস্য বিনোদ পাল বলেন, ‘‘শিক্ষা-স্বাস্থ্য সেস থেকে যে ১১ হাজার কোটি টাকা আয় হবে, সেই অর্থ কাজে লাগানো হবে।’’ তবে প্রথম বছরে মাত্র ৫-৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে মনে করছে কেন্দ্র। কারণ প্রকল্পটি চালু হতে এখনও কয়েক মাস দেরি।

গরুর আধারের জন্য ৫০ কোটি টাকা খরচ করছে মোদি সরকার-দৈনিক আজকাল

বাজেটে গরুর আধারের জন্য ৫০কোটি টাকা

বাজেট পেশে মধ্যবিত্তের হয়রানির কোনও সুরাহাই দিতে পারেনি মোদি সরকার, অথচ গরুর আধার কার্ড করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। খুব তাড়াতাড়িই পূর্ব ঘোষণা মত গরুর আধার কার্ড তৈরি করতে চলেছে মোদি সরকার। প্রথম পর্যায়ে ৪ কোটি গরুর আধার তৈরি করা হবে। তার নাম দেওয়া হয়েছে পশু সঞ্জীবনী।  এর জন্য খরচ হবে ৫০ কোটি টাকা।

গরুর এই আধারকার্ডে থাকবে প্রজাতি, বয়স, লিঙ্গ, উচ্চতা, শরীরের কোথাও কোনও চিহ্ন থাকলে তার উল্লেখ। প্রত্যেকটি কার্ড করতে খরচ হবে ৮ থেকে ১০ টাকা। এর ফলে দেশের ডেয়ারি শিল্প উন্নত হবে বলে মনে করেছেন তিনি।

সেনা ব্যারাকের ফুটপাত থেকে উদ্ধার প্রাক্তন অফিসারের দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা-দৈনিক সংবাদ প্রতিদিন

সাবেকের ক্যাপ্টেনকে হত্যা করল দুষ্কৃতিরা

সেনা ব্যারাকের ফুটপাত থেকে উদ্ধার হল প্রাক্তন ক্যাপ্টেনের দেহ। মৃতের নাম রবীন্দ্র বালি (৬৭)। অভিযোগ দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বেধড়ক মারধরে মৃ্ত্যু হয়েছে তাঁর। ঘটনাটি পুণের সেনা ক্যান্টনমেন্ট লাগোয়া এলাকার।

ঘটনাস্থল লাগোয়া এলাকায় রয়েছে সেনানিবাস ও সেনাকর্তাদের বাংলো। সেই বাংলোর এক প্রহরীই মারধরের ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি দেখেন, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাক্তন সেনাকর্তার সঙ্গে বচসা জুড়েছে। অল্প সময়ের মধ্যে বচসা হাতাহাতিতে বদলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরে পুলিশকে জানান তিনি। খবর পেয়ে পুলিশ আসায় ওই দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কখন ফের দুষ্কৃতীরা এল ও বৃদ্ধকে মারধর করল, তার কিছুই জানতেন না ওই প্রহরী। বৃহস্পতিবার বেশী রাতের দিকে হতশ্রী অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় বালিকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪