খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে দেশজুড়ে আতঙ্ক-উত্তেজনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিশৃঙ্খলার চেষ্টা জনগণ মেনে নেবে না: হানিফ-দৈনিক ইত্তেফাক
- বারকাতই ব্যাংকটি শেষ করে দিয়েছেন: অর্থমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- ‘সাত দিনে ১১’শ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে’-দৈনিক মানবজমিন
- সরকার রায় নির্ধারণ করে বিএনপির ওপর বুলডোজার চালাচ্ছে’-দৈনিক যুগান্তর
- দৈনিক যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীতে মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা
- দেশজুড়ে আতঙ্ক-উত্তেজনা-দৈনিক নয়া দিগন্ত
- অনুসন্ধানী সাংবাদিকতায় ৩২ ধারা বাধা নয়: আইনমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- ৮ তারিখের রায় হবে ক্রুশিয়াল : রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে চিঠি রাজ্যপালের, সংসদে সরব তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন
- সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরের শিরোনাম- পাশাপাশি জিএনএলএফ-মোর্চা, পাহাড়ের রাজনীতিতে নজিরবিহীন বার্তা মমতার
- এবার আধার কার্ড আপডেটেও লাগবে জিএসটি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পর্যটনশিল্পে একসঙ্গে কাজ করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক/দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন এমন একটি ক্ষেত্র যেখানে ইসলামী দেশগুলো বৃহত্তর সুযোগ ও সম্ভাবনা খুঁজতে একসঙ্গে কাজ করতে পারে। বিশ্বব্যাপী পর্যটন একটি দ্রুত বিকাশমান খাত যা বৈদেশিক মুদ্রা উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পর্যটন শিল্প অন্যতম ক্ষেত্র যেখানে একসঙ্গে কাজ করার বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে
খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীতে মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা-দৈনিক যুগান্তর
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীতে মিছিল বা জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনেরলাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে।
‘সরকার রায় নির্ধারণ করে বিএনপির ওপর বুলডোজার চালাচ্ছে’রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপি অভিযোগ করেছে, ৮ ফেব্রুয়ারি সরকারের ইচ্ছা পূরণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়া উন্মত্তায় বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়ছে। সরকার রায় নির্ধারণ করে রেখে অজানা আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের ওপর বুলডোজার চালাচ্ছে। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
আর দৈনিক মানবজমিনে লেখা হয়েছে- রিজভী আরো দাবি করেছেন , ৩০শে জানুয়ারি থেকে ১১’শ-এর অধিক বিএনপি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও করেন
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান নাই। যারা গণতন্ত্রের কথা বলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে সরকার। অন্যায়কারী সরকার ন্যায়কারীদের বরদাস্ত করতে পারে না। তিনি আরও বলেন, যারা কথা বলছেন তাদের ওপর গ্রেপ্তারের খড়গ নেমে আসছে।
বিশৃঙ্খলার চেষ্টা জনগণ মেনে নেবে না: হানিফ-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, ‘আদালত যে রায় দেবে সে রায় বেগম খালেদা জিয়াকে মেনে নিতে হবে। তিনি যদি আদালতের রায়ে সন্তষ্ট না হন তাহলে তিনি উচ্চ আদালতে যেতে পারেন।
হানিফ আরো বলেন, কিন্তু রায়কে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা মেনে নেয়া হবে না।
দেশজুড়ে আতঙ্ক-উত্তেজনা শিরোনামের খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে এক দিকে দেশজুড়ে আতঙ্ক; অপর দিকে রয়েছে উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বারকাতই ব্যাংকটি শেষ করে দিয়েছেন: অর্থমন্ত্রী-দৈনিক প্রথম আলো
এক গ্রাহককে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের বৃহত্তম কেলেঙ্কারির পাশাপাশি চাতুর্যের আশ্রয়ও নিয়েছে জনতা ব্যাংক। ঋণ কম দেখাতে ব্যাংক তাদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদনে এসব প্রতিষ্ঠানকে তিনটি পৃথক গ্রুপ বলে উল্লেখ করেছে। নিয়মনীতি ভেঙে এক গ্রাহককে বেশি ঋণ দেওয়ার তথ্য লুকাতেই এই চাতুরীর আশ্রয় নেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া প্রতিবেদনেও ৫ হাজার কোটি টাকার ঋণকে তিনটি পৃথক গ্রুপ হিসেবে দেখিয়েছে জনতা ব্যাংক। এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন তোলেনি খোদ কেন্দ্রীয় ব্যাংকও। ব্যাংকটির নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে এবং কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে প্রথম আলো।
তবে পাওনা বাড়তে থাকায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ এখন ২২ প্রতিষ্ঠানের ৫ হাজার কোটি টাকার বেশি ঋণকে একক গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করছে। এসব প্রতিষ্ঠানের নামে–বেনামে অনেকে থাকলেও প্রকৃত সুবিধাভোগী ইউনুস (বাদল) একাই। আর তাঁর গ্রুপের নাম এননটেক্স। আর এই ঋণ কেলেঙ্কারির শুরু ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সময়ে।গতকাল সোমবার প্রথম আলোয় ‘একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে আরও অনুসন্ধান শেষে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের নতুন এই কেলেঙ্কারির তথ্য পাওয়া যায়।
এ নিয়ে গতকাল কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, জনতা ব্যাংক একসময় সেরা ব্যাংক ছিল। কিন্তু আবুল বারকাতই ব্যাংকটি শেষ করে দিয়েছেন।
অনুসন্ধানী সাংবাদিকতায় ৩২ ধারা বাধা নয়: আইনমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় 'গুপ্তচরবৃত্তি'র মামলা হলে সেই সাংবাদিকের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক নিজেই আদালতে মামলা লড়বেন বলে নিশ্চয়তা দিয়েছেন। আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি। তাহলে কেন আপনারা এটাকে নিজেদের ঘাড়ে নিচ্ছেন? আজ থেকে যতদিন আমি বেঁচে থাকি ততদিনের মধ্যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা হলে বিনা ফি'তে তার পক্ষে আমি আদালতে দাঁড়াবো (মামলা পরিচালনা)।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে চিঠি রাজ্যপালের, সংসদে সরব তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন
রাজ্য ও রাজ্যপাল সংঘাত এবার পৌঁছল জাতীয় স্তরে। বিবাদ আগেও ছিল। রাজ্যের অশান্ত পরিবেশ নিয়ে রাজ্যপালের মন্তব্য ও ভূমিকার কঠোর সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে বিবাদ পৌঁছাল সংসদেও। রাজ্যপালের এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগে এদিন সংসদের দুই কক্ষেই নোটিস দিল তৃণমূল।
এবার আধার কার্ড আপডেটেও লাগবে জিএসটি-দৈনিক আজকাল
এখন থেকে আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে বেশি টাকা দিতে হবে। কারণ আধার প্রস্তুতকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই, তথ্য আপডেটিং–এর জন্য নতুন করে ১৮ শতাংশ জিএসটি বসাচ্ছে আধারে। নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ই–মেলের মতো তথ্য আধার কার্ডে আপডেট করতে হলে ২৫ টাকা করে দিতে হয়। বায়োমেট্রিক আপডেট করলেও এই টাকাই দিতে হয়। ১৮ শতাংশ জিএসটি বাড়ানোর পর প্রায় সাড়ে ৪ টাকা বেশি দিতে হবে। তবে এখনও শিশুদের আধার কার্ড তৈরি বা বায়োমেট্রিক আপডেট এখনও বিনামূল্যেই হবে বলে জানিয়েছে সরকার।
পাশাপাশি জিএনএলএফ-মোর্চা, পাহাড়ের রাজনীতিতে নজিরবিহীন বার্তা মমতার
এ যেন ইতিহাসের আশ্চর্য সমাপতন। যে জিএনএলএফ-কে সরিয়ে পাহাড়ের ক্ষমতা দখল করেছিল মোর্চা, আজ তাদেরই এক মঞ্চে পাশাপাশি দেখা গেল। মেলালেন যিনি তিনি আর কেউ নন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের রাজনীতিতে এ এক নজিরবিহীন বার্তাই বটে। ৮ মাস আগের পাহাড় আজ পুরোপুরি বদলে গিয়েছে। গত বছরের ৮ জুন পাহাড়ে অশান্তির আগুন জ্বালিয়েছিল গুরুংবাহিনী। সে ঝামেলা খানিকটা মিটিয়ে মমতা নেমে এসেছিলেন। তার পরেও বেশ কিছুদিন চলেছিল গুরুংদের জলুমবাজি। কার্যত বিপর্যস্ত হয়েছিল পাহাড়ের পর্যটন ও জনজীবন। পরিস্থিতি আজ ম্যাজিকের মতো বদলে গিয়েছে। ফের পাহাড়ের কোলে উন্নয়নের রোদ। আজ আট মাস পরে মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে পা রেখেছেন, তখন যেন জন্ম হয়েছে এক নতুন পাহাড়ে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬